খবর:
বিশ্বখ্যাত স্বাস্থ্যবিষয়ক বিজ্ঞান সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত এক নতুন গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বর্তমান বিশ্বে সবচেয়ে বিস্তৃত রোগ আর ইবোলা বা করোনা নয়, বরং নানা ধরনের মানসিক সমস্যা। গবেষণা বলছে, বর্তমানে বিশ্বের ১২০ কোটিরও বেশি মানুষ কোনো না কোনো মানসিক রোগে ভুগছেন। (https://www.ittefaq.com.bd/790578/বিশ্বজুড়ে-১২০-কোটি-মানুষ-মানসিক-সমস্যায়-আক্রান্ত)
মন্তব্য:
আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বজুড়ে ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণ-তরুণীদের একাংশ বর্তমানে গভীর মানসিক শূন্যতা, বিষণ্নতা এবং দিশেহারা ভাব অনুভব করছে, যেখানে জীবনের প্রকৃত অর্থ খুঁজে না পাওয়াই তাদের মানসিক চাপের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। ঢাকার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে নিউ ইয়র্ক বা লন্ডনে আজ তরুণদের একটি মৌলিক প্রশ্ন তাড়া করে ফিরছে — জীবন বলতে কি কেবল ক্ষণস্থায়ী বেঁচে থাকা আর প্রবৃত্তি পূরণ, নাকি এর নেপথ্যে রয়েছে কোনো চিরন্তন উদ্দেশ্য ও পরম গন্তব্য?
এই মানসিক শূন্যতা ও অস্থিরতার মূল উৎস বিশ্লেষণ করলে দেখা যায় যে এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং আমাদের জীবনদর্শন ও চিন্তাধারার এক গভীর অধপতনের রূপ। বস্তুবাদ ও তাৎক্ষণিক ভোগবাদের চটকদার ছায়াতলে পুজিবাদি ধর্মনিরপেক্ষ শিক্ষাব্যবস্থা ও সংস্কৃতি মানুষকে শেখাচ্ছে কেবল অর্থ উপার্জন করা, সুযোগসন্ধানী হওয়া এবং ক্ষণস্থায়ী ইচ্ছা পূরণ করা। ফলস্বরূপ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মৃত্যুর প্রধান কারণগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে আত্মহত্যা। এর পাশাপাশি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা যায়, প্রায় ৫৮% তরুণ অনুধাবন করে যে তাদের জীবনে কোনো স্পষ্ট লক্ষ্য নেই। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা ডিজিটাল মাধ্যমে কাটানোর ফলে তথ্যের সমুদ্রে নিমজ্জিত হয়েও তরুণরা সত্য ও বিভ্রান্তির মধ্যে পার্থক্য করার মতো গভীর বুদ্ধিবৃত্তিক হাতিয়ার হারিয়ে ফেলছে।
এই সংকটের মূল কারণ নিহিত রয়েছে জীবনকে তার মৌলিক প্রশ্নগুলো থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলার মধ্যে। ধর্মনিরপেক্ষ ও পুঁজিবাদী দৃষ্টিভঙ্গি স্রষ্টাকে একটি ব্যক্তিগত ধারণায় সীমাবদ্ধ রেখে বাস্তব সমাজ পরিচালনা ও ব্যক্তিজীবন থেকে তাঁর সুনির্দিষ্ট দিকনির্দেশনাকে দূরে ঠেলে দিয়েছে। মানুষ, জীবন এবং বিশ্বজগতের অতীত ও ভবিষ্যৎ নিয়ে যে মৌলিক সত্যের উদ্ভাসন ঘটা প্রয়োজন ছিল, তাকে উপেক্ষা করে মানুষকে কেবল বাহ্যিক চাকচিক্য ও অন্ধ অনুকরণের প্রতিযোগিতায় নামানো হয়েছে। কিন্তু যে সত্তা নিজে সীমাবদ্ধ, দুর্বল এবং অন্যের ওপর নির্ভরশীল, তা কখনোই অনাদি কিংবা স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। এই সহজ সত্য অনুধাবন করতে ব্যর্থ হওয়ার ফলেই আত্মিক ও বুদ্ধিবৃত্তিক তৃপ্তির জায়গায় স্থান করে নিয়েছে গভীর একাকীত্ব ও বিষণ্নতা।
মানুষের প্রতিটা কাজ ও আচরণ পরিচালিত হয় তার ধারণার উপর ভিত্তি করে; তাই মৌলিক ধারণার পরিবর্তন ছাড়া কোনো জাতির স্থায়ী পরিবর্তন অসম্ভব। অন্ধ অনুকরণ বা আবেগের বশবর্তী হওয়া নয়, বরং নিজের যৌক্তিক মন ও বুদ্ধিকে ব্যবহার করে সৃষ্টিকর্তার অস্তিত্ব অনুধাবন করাই বুদ্ধিভিত্তিক সততার ভিত্তি। বিশ্বজগতের সুসংগঠিত প্রকৃতি — বৃষ্টির চক্র, পৃথিবীর আবর্তন, জীবনের নিখুঁত বিকাশ — এ সবই নির্দেশ করে এক পরম অসীম, স্বাধীন ও অনাদি স্রষ্টার সুনির্দিষ্ট নকশাকে। বুদ্ধিবৃত্তির এমন সঠিক প্রয়োগ ও সত্যের অন্বেষণই কেবল তরুণ মনকে উপহার দিতে পারে অটুট আত্মিক প্রশান্তি ও জীবনের প্রকৃত দিকনির্দেশনা।
- তানজিল আহমেদ
