সম্প্রতি একটা পত্রিকার খবরের শিরোনাম ছিল এই যে, ‘Dhaka’s audience is captivated by Abu Bakar’। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নাজাত’-এর এই চরিত্রটি ঘিরে ঢাকার দর্শকদের মধ্যে ব্যাপক মুগ্ধতার সৃষ্টি হয়েছে। অভিনেতা শেহেরিয়ার মুনাওয়ার নিজেই সেই শিরোনাম শেয়ার করেছেন। এক দর্শক বলেছেন, “ধৈর্যই সেই জিনিস, যা আমাদের দেশে পুরুষদের মধ্যে অনুপস্থিত।” আরেকজন বলেছেন, “আমি এই ধরনের পুরুষ খুব কম দেখি। এটি একটি ইউটোপিয়া, এবং আমরা ইউটোপিয়ায় বাঁচতে ভালোবাসি।”
এই একটি শিরোনামই যথেষ্ট। কারণ এতে দুটি সত্য একসঙ্গে উচ্চারিত হয়েছে। প্রথমত, আমরা একটি কাল্পনিক চরিত্রকে ভালোবাসছি। দ্বিতীয়ত, আমরা স্বীকার করে নিচ্ছি, তেমন মানুষ বাস্তবে নেই। ‘আবু বকর’ জনপ্রিয়, কারণ সে মন দিয়ে শোনে, ছোট ছোট বিষয় মনে রাখে, মতভেদকে যুদ্ধে পরিণত করে না, রাগের মুখে কাউকে ছোট করে না। স্বাভাবিক এই গুণগুলো বর্তমান সময়ে এতটাই বিরল হয়ে উঠেছে যে দর্শক নিজেই একে ‘ইউটোপিয়া’ বলে চিহ্নিত করছেন। মানুষ আজ ঠিক এই ‘কেয়ারিং’ চরিত্রগুলোকেই মিস করছে।
কিন্তু এখানেই মূল প্রশ্নটি উঠে আসে যে চরিত্র কি বিচ্ছিন্নভাবে জন্ম নেয়?
উত্তর হলো, না। চরিত্র কখনোই শূন্যে জন্মায় না, আকস্মিকও নয়। মানুষ তার চারপাশের প্রতিষ্ঠান, প্রণোদনা-কাঠামো, আইন, শিক্ষা, মিডিয়া ও অর্থনীতির ভেতরে বেড়ে ওঠে। আমরা যা করি, তার বড় অংশ নির্ধারিত হয় সমাজ কী পুরস্কৃত করে এবং কী শাস্তি দেয় তার দ্বারা। যে সমাজে ধৈর্যকে দুর্বলতা ভাবা হয়, সেখানে ধৈর্যশীল মানুষ বিরল। যে সমাজে দায়িত্ব নেওয়া মানে আর্থিক ও মানসিক ক্ষতি, সেখানে দায়িত্ব এড়ানোই যুক্তিসঙ্গত আচরণ হয়ে দাঁড়ায়। তাই প্রশ্নটি এটা না যে “কেন মানুষ এত স্বার্থপর?”, প্রশ্নটি হলো, কোন ব্যবস্থা কী ধরনের মানুষ উৎপাদন করে?
এই প্রশ্নের উত্তরই ধর্মনিরপেক্ষ পুঁজিবাদের ব্যর্থতাকে উন্মোচিত করে। পুঁজিবাদ কেয়ারিং মানুষ উৎপাদন করতে পারে না, কারণ তার পুরো যুক্তিটাই ভিন্ন। পুঁজিবাদ আল্লাহ্কে সরাসরি অস্বীকার করে না, সে আরও সূক্ষ্মভাবে তাকে জীবনের কেন্দ্র থেকে সরিয়ে দেয়। সমাজতত্ত্বে এটিকে বলা হয় ধর্মের privatisation যেখানে ধর্মীয় উপাদানকে জনজীবনের কেন্দ্র থেকে সরিয়ে ব্যক্তিগত পরিধিতে সীমাবদ্ধ করা হয়। এরপর পুঁজিবাদ মানুষকে পুনর্গঠিত করে ‘হোমো ইকোনমিকাস’ হিসেবে, যে সত্তা প্রথমে হিসাব করে লাভ কত, ঝুঁকি কত, সুবিধা কত। আল্লাহ্’র হুকুম কী, হালাল-হারাম কী, আখিরাতের জবাবদিহি কী, এসব প্রশ্ন তার সিদ্ধান্ত প্রক্রিয়ার বাইরে চলে যায়। জীবনের কেন্দ্রে বসানো হয় প্রবৃত্তির তৃপ্তির সর্বোচ্চকরণ, মুনাফার সর্বোচ্চকরণ, ভোগের সর্বোচ্চকরণ, সুখের সর্বোচ্চকরণ। পুঁজিবাদি বিজ্ঞাপন বলে যে, “নিজের জন্য বাঁচো, নিজেকে ভালোবাসো, ভোগ করো।” ব্যাংক বলে, “সুদে ঋণ নাও, ভবিষ্যতের সুখ আজ ভোগ করো”। শ্রমবাজার বলে যে, “সময়কে টাকায় রূপান্তর করো, পরিবারের জন্য সময় মানে উৎপাদনশীলতা হারানো”।
এই প্রণোদনা কাঠামোর ভেতরে যে মানুষ গড়ে ওঠে, সে দায়িত্বকে ‘বোঝা’ হিসেবে দেখে, সন্তানকে ‘খরচ’ হিসেবে দেখে, বিবাহকে ‘চুক্তি’ হিসেবে দেখে। সে খারাপ মানুষ বলে নয়, বরং তাকে ভালো হওয়াটা অলাভজনক করে দেখানো হয়েছে। যে ব্যবস্থা আল্লাহ্’কে জীবনের কেন্দ্র থেকে সরিয়ে দেয়, সে ব্যবস্থা কেয়ারিং মানুষ জন্ম দিতে পারে না। কারণ ‘কেয়ারিং’ মানে দায়িত্ব নেওয়া, নিঃস্বার্থভাবে, হিসাব ছাড়া শুধুমাত্র আল্লাহ্’র (ﷻ) জন্যে। আর পুঁজিবাদি ব্যবস্থা, যেখানে প্রতিটি সম্পর্কের হিসাব টাকার অংকে নির্ধারিত হয়, সেখানে নিঃস্বার্থতা অকার্যকর, দায়িত্ব অলাভজনক, ত্যাগ অযৌক্তিক।
এখানেই উপযোগবাদ (Utilitarianism) নিয়ে আলোচনা করা প্রয়োজন। কারণ পুঁজিবাদের দর্শন হল উপযোগবাদী, যার মানে হল “সর্বোচ্চ সংখ্যক মানুষের সর্বোচ্চ সুখ” (greatest happiness of the greatest number)। এই নীতির ভেতরে প্রতিটি কাজের মূল্যায়ন হয় তার ফলাফলের ভিত্তিতে, এবং ফলাফল পরিমাপ হয় সুখ-বেদনার হিসাবে। এই দর্শনের গভীর সমস্যা হলো, এটি মানুষের সম্পর্ককে এবং নৈতিকতাকে একটি হিসাবের খাতায় পরিণত করে। যদি কোনো কাজ আমার সুখ সর্বোচ্চ করে এবং অন্যদের ক্ষতি কম করে, তবে উপযোগবাদ অনুযায়ী তা নৈতিক। কিন্তু এই যুক্তি দিয়েই তো একজন ব্যক্তি তার বৃদ্ধ বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে নিজের সুখ সর্বোচ্চ করতে পারে—কারণ তাদের দেখাশোনা তার সময়, টাকা ও মানসিক শক্তি নষ্ট করে। উপযোগবাদ এই সিদ্ধান্তকে নৈতিকভাবে ন্যায্যতা দিতে পারে, কারণ এখানে তথাকথিত “সর্বোচ্চ মোট সুখ” হিসাব করা হচ্ছে। কিন্তু ইসলাম বলে, বাবা-মায়ের যত্ন নেওয়া আল্লাহ্’র হুকুম, তা আপনার তথাকথিত “সুখ” বাড়ুক বা কমুক এটা দেখার বিষয় নয়। এটাই মৌলিক পার্থক্য।
উপযোগবাদের সবচেয়ে বড় ত্রুটি হলো, এটি নিঃস্বার্থ ভালোবাসার কোনো স্থান রাখে না। কারণ নিঃস্বার্থ ভালোবাসা মানে হিসাব ছাড়া দেওয়া। যার কোনো “utility” নেই। ‘আবু বকর’ যদি তার স্ত্রীর প্রতি ভালোবাসা দেখায় এই হিসাবে যে, এতে তার নিজের “সুখ” বাড়বে, তবে সেটা আর ‘কেয়ারিং’ নয়, সেটা লেনদেন। উপযোগবাদ কেয়ারিংকে অসম্ভব করে তোলে, কারণ সে প্রতিটি ত্যাগকে হিসাবে ফেলে দেয়। ইসলামে করুণার মূল ভিত্তি হলো, আমি আল্লাহ্’র সন্তুষ্টির জন্য করছি, আমার লাভ-ক্ষতির হিসাব এর মধ্যে নেই। এই জায়গাটাই উপযোগবাদ দিতে পারে না। পুঁজিবাদ Caring Husband তৈরি করতে পারে না কারণ তার হিসাবের খাতায় Caring Husband লাভজনক নয়।
উপযোগবাদের আরেকটি ভয়াবহ পরিণতি হলো, এটি সংখ্যালঘু ও দুর্বলের অধিকারকে সংখ্যাগরিষ্ঠের সুখের কাছে বলি দিতে পারে। যদি কোনো সিদ্ধান্তে ৯০ জনের সামান্য সুবিধা হয় এবং ১০ জনের চরম ক্ষতি হয়, তবে উপযোগবাদ সেই সিদ্ধান্তকে নৈতিক বলে গণ্য করতে পারে, কারণ মোট “সুখ” বেশি। ইসলাম এখানে স্পষ্ট, জুলুম কখনো ন্যায্য নয়, তা যত সংখ্যক মানুষই করুক না কেন। আল্লাহ্’র হুকুম ও ন্যায়বিচার সংখ্যাগরিষ্ঠের “সুখের” হিসাবে নির্ধারিত হয় না। তাই উপযোগবাদ ইসলামি কেয়ারের সঙ্গে মৌলিকভাবে অসঙ্গত।
তাহলে প্রশ্ন: লেখক ও পরিচালকরা কেন ‘আবু বকর’-এর মতো চরিত্র নাটকে আনছেন?
কারণ চাহিদাটা জনগণের, এবং সেই চাহিদাটা গভীর। মুসলিম উম্মাহ্ চায় ইসলাম তাদের জীবনে ফিরে আসুক, কেবল মসজিদে নয়, পরিবারে, বাজারে, রাষ্ট্রে। তারা চায় না ইসলামকে সেকুলারিজমের মতো জীবনের বাইরে relegating করা হোক, কেবল ব্যক্তিগত ইবাদত ও উৎসবের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হোক। তাই ‘আবু বকর’-এর জনপ্রিয়তা বিচ্ছিন্ন কিছু নয়, বরং উম্মাহ্’র ইসলামি আবেগের বহিঃপ্রকাশ। লেখক-পরিচালকরা এই চাহিদা ধরতে পেরেছেন।
কিন্তু নাটক চাহিদা মেটায় না, চাহিদার ক্ষুধা বাড়ায়। পুঁজিবাদী ব্যবস্থায় এই চরিত্র কেবল ‘নাটকীয় আদর্শ’ হয়েই থেকে যায়। আমরা পর্দায় ‘আবু বকর’ দেখে কাঁদি, পুঁজিবাদি ব্যবস্থা বাস্তবে সেই ‘আবু বকর’দের কোনো প্রাতিষ্ঠানিক সমর্থন দেয় না বরং দায়িত্বহীনতাকে উস্কে দেয়, Utilitarianism-কে নিজের চিন্তার ভিত্তি বানাতে বলে।
এখানেই আসে ইসলামি সমাধানের মূল কথা। শুধু নৈতিক উপদেশে কেয়ারিং মানুষ তৈরি হয় না। দরকার একটি সঠিক, সংহত ও কার্যকর মূল্যবোধ-ব্যবস্থা যা ইসলামই প্রদান করে, এবং যা বাস্তবায়িত হতে হয় একটি ইসলামি রাষ্ট্রকাঠামোর মাধ্যমে। ইসলামের ‘কেয়ারিং’ কেবল পারিবারিক স্নেহ নয়; তা তিন স্তরে বিস্তৃত।
প্রথমত, পারিবারিক কেয়ার। আল্লাহ্ (ﷻ) বলেন: “তাদের সঙ্গে সদাচরণে জীবনযাপন করো; যদি তাদের অপছন্দ করো, হতে পারে তোমরা একটি জিনিস অপছন্দ করছ, অথচ আল্লাহ্ তাতে অনেক কল্যাণ রেখেছেন” [নিসা ৪:১৯]। স্বামীর দায়িত্ব নিরাপত্তা ও ভরণপোষণ নিশ্চিত করা। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, “তোমাদের মধ্যে সর্বোত্তম সে, যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম” [তিরমিজি]।
দ্বিতীয়ত, সমগ্র মানবতার প্রতি কেয়ার। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, “মুমিনরা এক দেহের মতো; যদি চোখে ব্যথা হয়, সমস্ত শরীর কষ্ট পায়, আর যদি মাথায় ব্যথা হয়, সমস্ত শরীর কষ্ট পায়” [মুসলিম]। ইসলামি কেয়ার কেবল নিজের ঘর পর্যন্ত সীমাবদ্ধ নয়, প্রতিবেশী, এতিম, দরিদ্র, অসহায়, নিপীড়িত, সবার প্রতি দায়িত্ব পর্যন্ত বিস্তৃত।
তৃতীয়ত, সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার। এটি ইসলামি কেয়ারের সর্বোচ্চ রূপ। যে মানুষ শুধু নিজের পরিবার সামলায়, তার কেয়ার অসম্পূর্ণ; যে সমাজে জুলুম দেখে চুপ থাকে, সে পূর্ণ মু‘মিন হতে পারে না। ইসলামি রাষ্ট্রকাঠামো এই দায়িত্বকে ব্যক্তিগত ইচ্ছার উপর ছেড়ে দেয় না বরং তাকে প্রাতিষ্ঠানিক দায়িত্ব বানায়।
আর ঠিক এখানেই ইসলামি রাষ্ট্রকাঠামোর অপরিহার্যতা স্পষ্ট হয়। কারণ কেয়ারিং মানুষ জন্ম দিতে হলে, তাকে গড়ে তোলার কাঠামো বদলাতে হবে। অর্থনীতিতে সুদ (রিবা), ঘারার (অনিশ্চয়তা) এবং মাইসির (জুয়া বা ফটকাবাজি) নিষিদ্ধ করতে হবে এবং সম্পদের পুনর্বণ্টন নিশ্চিত করতে হবে। তাহলেই দায়িত্ব নেওয়া অর্থনৈতিকভাবে সম্ভব হবে। শিক্ষা ও মিডিয়ায় বিবাহ, পরিবার ও পারস্পরিক দায়িত্বকে ইতিবাচকভাবে উপস্থাপন করতে হবে। ভোগবাদ ও হেডোনিজমকে ‘আধুনিকতা’ বলে চালানোর বাজার ভাঙতে হবে। রাষ্ট্রে ইসলামের ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে যাতে সৎ মানুষ শাস্তি না পায়, জালিম পুরস্কৃত না হয়। তরুণদের চাকরি, আবাসন ও পরিবার গঠনের সহায়তা রাষ্ট্রের দায়িত্ব হতে হবে, কেবল “বিয়ে করো” বলে দিলে হবে না।
তাহলেই সেই মানুষ তৈরি হবে, যে নাটকের ‘আবু বকর’-এর চেয়েও উন্নত। সে কেবল Caring Husband-ই হবে না; সে নিজের স্ত্রীর ইসলামি শালীনতা ও নিরাপত্তা নিশ্চিত করবে, আবার একই সঙ্গে নিপীড়িত মা-বোন ও অসহায় মানুষের উপর অত্যাচারকারী জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সে সৎকাজের আদেশ দেবে এবং অসৎকাজে বাধা দেবে, কারণ তার কেয়ার কেবল নিজের ঘরের চার দেয়ালে আবদ্ধ নয়, তা মানবতার সর্বত্র বিস্তৃত।
ইসলাম, আল্লাহ্ সুবহানাহু ওয়া তাআ'লা-কে জীবনের কেন্দ্রে ফিরিয়ে আনে, দায়িত্বকে পুরস্কৃত করে, আর রাষ্ট্রকাঠামোর মাধ্যমে সেই দায়িত্বকে সবার উপর প্রতিষ্ঠিত করে। কেয়ারিং মানুষ আকাশ থেকে পড়ে না বরং তাকে গড়ে তোলে একটি কেয়ারিং ব্যবস্থা। আর সেই ব্যবস্থার নাম ইসলামী খিলাফত।
- ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম
