গাজার তাঁবুতে বন্যা, মুসলিম শাসকদের কোষাগারে নীরবতা: সম্পদ আছে, সামর্থ্য আছে, নেই কেবল সদিচ্ছা

শুক্রবার রাত; গাজায় নেমে এল প্রচন্ড বৃষ্টি। পৃথিবীর অন্য কোনো শহরে এটা হয়তো একটি সাধারণ আবহাওয়ার খবর হতো। গাজায় এর অর্থ দাঁড়াল ৭০ হাজার তাঁবু পানির নিচে, কয়েক ডজন দেয়াল ধস আর ভেজা তোশক-কাপড় নিয়ে ঠান্ডায় কাঁপতে থাকা পরিবার। ফিলিস্তিনি নাগরিক সুরক্ষা দপ্তর দেড় হাজারের বেশি জরুরি সহায়তার ফোন পেয়েছে। আল জাজিরার প্রতিবেদকের ভাষ্য অনুযায়ী, প্রায় চার লাখ বাস্তুচ্যুত মানুষ এমন জায়গায় আশ্রয় নিয়েছেন, যেখানে আরও বড় বন্যার ঝুঁকি আছে। দুই হাজারের বেশি ভবন ধসে পড়ার অপেক্ষায়। দেইর আল-বালাহর বন্যাকবলিত আশ্রয়কেন্দ্রের মানুষ শনিবার সকাল থেকে কোনো খাদ্যসহায়তাই পাননি। গাজার জনসংযোগ দপ্তর ক্ষতির পরিমাণ ধরেছে আনুমানিক ৩০ লাখ ডলার। (বন্যায় গাজার ৭০ হাজার তাঁবু প্লাবিত, বিপাকে লাখো মানুষ) ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া গণহত্যায় নিহতের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে। ২০২৫ সালের অক্টোবরের তথাকথিত যুদ্ধবিরতির পরও ইসরায়েল অন্তত ১ হাজার ৬১০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। যুদ্ধবিরতির পরেও এখানে মৃত্যু থামেনি।

বৃষ্টির মত প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ্‌’র পক্ষ থেকে আসে, এতে সন্দেহ নেই। কিন্তু বৃষ্টির পানি নিষ্কাশনের নালা, পোক্ত ছাদ, উঁচু আশ্রয়কেন্দ্র আর জরুরি উদ্ধারব্যবস্থা আল্লাহ্‌ মানুষের হাতে গড়ার জন্য রেখেছেন। একই ঝড় বা বৃষ্টি সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়া বা বাংলাদেশের কোনো শহরে আঘাত করলে এত বিপর্যয় ঘটে না। কারণ সেখানে অবকাঠামো আছে। গাজায় নেই। তাই প্রশ্নটা প্রাকৃতিক দুর্যোগের নয়, প্রশ্নটা ব্যবস্থাপনার আর রাজনৈতিক সদিচ্ছার। উদাহরনস্বরুপ, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্বব্যাংকের যৌথ মূল্যায়ন বলছে, গাজার পুনর্গঠনে আগামী ১০ বছরে মোট ৭১ দশমিক ৪ বিলিয়ন ডলার লাগবে, যার মধ্যে প্রথম ১৮ মাসেই দরকার ২৬ দশমিক ৩ বিলিয়ন। সংখ্যাটি বিশাল, তবে অসম্ভব নয়। এবার অন্য একটি সংখ্যা দেখুন। কাতার ২০২২ সালের বিশ্বকাপের প্রস্তুতিতে আনুমানিক ২২০ বিলিয়ন ডলার ব্যয় করেছে। অর্থাৎ একটি টুর্নামেন্টের পেছনে খরচ হয়েছে গাজা পুনর্গঠনের মোট হিসাবের প্রায় তিন গুণ। সেই ব্যয়ের বড় অংশ গেছে স্টেডিয়ামের বাইরে অন্য অবকাঠামোয়, কারণ নতুন স্টেডিয়ামগুলোর খরচ ছিল মাত্র ৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের মতো। প্রশ্ন হচ্ছে, যে উম্মাহ এক মাসের ফুটবল উৎসবে ২২০ বিলিয়ন ঢালতে পারে, সে কি গাজার তাঁবুর জন্য কয়েক লাখ ডলার জোগাড় করতে পারে না? তেলের খনি, গ্যাসের ভান্ডার, হরমুজ ও সুয়েজের মতো কৌশলগত জলপথ, সবই তো মুসলিম ভূখণ্ডে। বাস্তবতা হচ্ছে মুসলিম বিশ্ব আদতে গরিব নয়, এখানে মুল সমস্যা শাসকদের ইচ্ছাশক্তির অভাব। 

কেউ কেউ বলতে পারেন, সমস্যা তো কেবল অর্থের নয়, দখলদারিত্বেরও বটে। বাস্তবতাও একই কথা বলে। এখানে মূল সমস্যা দখলদারিত্ব। স্বাভাবিকভাবেই আরেকটি প্রশ্ন জাগে, এই দখলদারিত্ব থেকে মুক্তি লাভের জন্য কি মুসলিম বিশ্বের সামরিক সক্ষমতা নেই? আছে, এবং তা প্রমাণিত। এ বছরের ৭ আগস্ট মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির মূল কথা, তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে তা তিনটির ওপরই আক্রমণ বলে গণ্য হবে। এই জোটে আছে এমনসব শক্তি, যাদের মধ্যে তেলসমৃদ্ধ সৌদি আরব, পারমাণবিক শক্তিধর পাকিস্তান এবং ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর অধিকারী তুরস্ক রয়েছে। অর্থ, অস্ত্র ও প্রযুক্তির এমন সমাবেশ ইতিহাসে বিরল। তাহলে প্রশ্নটা স্পষ্ট। নিজেদের সীমান্ত রক্ষায় যারা এত দ্রুত জোট বাঁধতে পারে, গাজার নিরীহ মানুষের জীবন রক্ষায় তারা কেন একটি বৃহত্তর মুসলিম জোট গড়তে পারে না? এর উত্তর খুব সহজ। এই সেক্যুলার শাসকেরা নিজেদেরকে কেউ পাকিস্তানের শাসক, কেউ তুরস্কের শাসক আর কেউ সৌদির শাসক মনে করছে। নিজেদেরকে কেউ উম্মাহ্‌’র শাসক আর উম্মাহ্‌’র অভিভাবক মনে করছে না। 

মুসলিম বিশ্বের কি রাজনৈতিক সক্ষমতার অভাব আছে? না। বাংলাদেশ জাতিসংঘের মতো মঞ্চে নেতৃত্বের আসনে বসতে পারে। পাকিস্তান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় যেতে পারে। বিশ্বরাজনীতির কেন্দ্রবিন্দুতে মুসলিম বিশ্বের অবস্থান সুস্পষ্ট। বিশ্বরাজনীতি আজ ঘুরপাক খাচ্ছে মুসলিম বিশ্বকে কেন্দ্র করে। মধ্যপ্রাচ্য এখন বৈশ্বিক রাজনীতির হটবেড। অপরদিকে বাংলাদেশও এখন চীন-যুক্তরাষ্ট্রের প্রতিযোগীতার কেন্দ্রে পরিণত হয়েছে। এত রাজনৈতিক প্রভাব নিয়ে এই মুসলিম দেশগুলো যদি একযোগে বলে, গাজায় অবরোধ ও আগ্রাসন বন্ধ করতে হবে, তবে সেই আওয়াজ উপেক্ষা করার সাধ্য কার আছে? সমস্যা হলো, এই রাজনৈতিক প্রভাব গাজার পক্ষে ব্যবহৃত হচ্ছে না।

গাজাবাসীর দুর্দশার মূল কারণ তাই সম্পদের অভাব নয়, সামর্থ্যের অভাবও নয়। মূল কারণ মুসলিম বিশ্বের শাসকদের রাজনৈতিক সদিচ্ছার অভাব। কেউ নিজেকে বাংলাদেশের শাসক ভাবেন, কেউ পাকিস্তানের, কেউ তুরস্ক, জর্ডান বা সৌদি আরবের। উম্মাহর শাসক ভাবেন, এমন কেউ প্রায় নেই। জাতীয়তাবাদী রাষ্ট্রকাঠামোর সীমারেখা তাদের কাছে ঈমানের বন্ধনের চেয়ে বড়। ক্ষমতায় টিকে থাকা, আরাম-আয়েশ আর রাজনৈতিক হিসাব-নিকাশই তাদের প্রধান চিন্তা। উম্মাহ্‌’র বৃহত্তর স্বার্থে নিজের ক্ষমতা ব্যবহারের ঝুঁকি তারা নিতে নারাজ।

কিন্তু, ইতিহাস আমাদের ভিন্ন কথা শোনায়। ক্রুসেডারদের হাতে ফিলিস্তিন অবরুদ্ধ হলে সালাহউদ্দিন আইয়ুবী বিচ্ছিন্ন মুসলিম ভূখণ্ডগুলোকে এক করেছিলেন, সম্পদ ও সামরিক শক্তি একত্র করে বায়তুল মাকদিস মুক্ত করেছিলেন। তার সাফল্যের গোপন সূত্র ছিল ইসলামি আকিদার ভিত্তিতে ঐক্য, নেতৃত্ব আর লক্ষ্যের স্পষ্টতা। আজও তেমন একটি রাষ্ট্রব্যবস্থার প্রয়োজন, যার বাহিনী আকিদার কারণে গাজার মুসলিমদের দখলদারের হাত থেকে রক্ষা করবে, যে ব্যবস্থা মুসলিম বিশ্বের সম্পদ সঠিক খাতে ব্যবহার করবে, আর রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগাবে সাধারণ নিপীড়িত মানুষের কল্যাণে। একমাত্র ইসলামি রাষ্ট্রব্যবস্থা অর্থাৎ খিলাফত ব্যবস্থাই পারে জাতীয় স্বার্থের সংকীর্ণ গণ্ডি ভেঙে উম্মাহ্‌’র স্বার্থকে সামনে আনতে। রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেন, “পারস্পরিক ভালোবাসা, দয়া ও সহানুভূতির ক্ষেত্রে মুমিনদের উদাহরণ একটি দেহের মতো। যখন দেহের কোনো একটি অঙ্গ অসুস্থ হয়ে পড়ে, তখন তার পুরো শরীর অনিদ্রা ও জ্বরে আক্রান্ত হয়।” (সহীহ্‌ বুখারী; সহীহ্‌ মুসলিম)।

আল্লাহ্‌ (ﷻ) বলেন, “আর তোমাদের কী হলো যে তোমরা আল্লাহ্‌’র পথে লড়াই করছ না, অথচ দুর্বল পুরুষ, নারী ও শিশুরা বলছে, 'হে আমাদের রব, এই জনপদ থেকে আমাদের বের করে নিন, যার অধিবাসীরা জালিম, এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করে দিন” (সূরা নিসা : ৭৫)

গাজার তাঁবুতে ভেজা শিশুরা আজ সেই ডাকই দিচ্ছে। প্রশ্ন একটাই, মুসলিম বিশ্ব কি সেই ডাকে সাড়া দেব, নাকি ইতিহাসের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেদের সম্পদ, সামরিক ও রাজনৈতিক সক্ষমতার হিসাব দিবে?

    -    মোঃ হাফিজুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবি ও কলামিস্ট

Previous Post Next Post