খবর:
ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF) বৈঠকের ফাঁকে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও কূটনৈতিক সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি তিনি স্পষ্ট করেন যে, সর্বাগ্রে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালিত হবে। বৈঠককালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান এবং তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান (https://shorturl.at/wu5X5)
মন্তব্য:
সম্প্রতি ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF) বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় আলোচনায় ব্যক্ত করেন যে, সর্বাগ্রে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে “বাংলাদেশ ফার্স্ট” বা “সবার আগে বাংলাদেশ” নীতিতেই বৈদেশিক সম্পর্ক পরিচালিত হবে। এটি মূলত বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের একটি প্রতিশ্রুতি, যা দেখতে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট মনে হলেও বাস্তবে পতিত হাসিনা সরকারের “সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়” নামক নতজানু পররাষ্ট্রনীতিরই একটি নতুন রূপ। কেননা হাসিনার নতজানু পররাষ্ট্র নীতির মতই “বাংলাদেশ ফার্স্ট” নীতিতে কাকে জাতীয় স্বার্থের হুমকি আর কাকে জাতীয় স্বার্থের সহযোগী হিসেবে গণ্য করা হবে, তার কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই। তাই আমরা প্রত্যক্ষ করছি, জুলাই অভ্যুত্থানের সময় “দিল্লি না ঢাকা”র মতো সার্বভৌমত্ব রক্ষার মিথ্যা স্লোগাণ দিয়ে আসা রাজনৈতিক শক্তিগুলো বাস্তবে আমেরিকার স্বার্থে দেশের সার্বভৌমত্ব জলাঞ্জলী দেয়ার নীতি অনুসরণ করছে। যেমন, আমেরিকার সাথে বাণিজ্য ও নিরাপত্তা চুক্তি ART-র ফলে, আমেরিকা যাকে বৈশ্বিক অঙ্গনে নিজের শত্রু মনে করে, বাংলাদেশকেও তাকে শত্রু হিসেবে গণ্য করতে বাধ্য থাকতে হবে, যার ফলে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথে বাংলাদেশের বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মক ঝুঁকিতে পড়ছে। রাশিয়ার মতো দেশ থেকে কম দামে জ্বালানী তেল কিংবা খাদ্যদ্রব্য কেনার ক্ষেত্রেও স্বাধীন সিদ্ধান্ত না নিয়ে আমেরিকার হুকুমের জন্য অপেক্ষা করতে হচ্ছে। অন্যদিকে, এই চুক্তির কারণে বাংলাদেশ আধুনিক সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে মার্কিন সামরিক কাঠামোর নির্ধারিত সীমারেখায় আবদ্ধ, যার ফলে, আমাদের সামরিক সক্ষমতাও চরম হুমকির মধ্যে পড়েছে। একইভাবে, চুক্তিগত বাধ্যবাধকতার কারণে সরকার আমেরিকার অন্যতম প্রধান আঞ্চলিক মিত্র ভারতের প্রতিও কোনো ধরনের শক্ত অবস্থান গ্রহণ করতে ব্যর্থ হচ্ছে। যে কারণে সীমান্তে প্রতিনিয়ত বিএসএফ কর্তৃক নিরীহ বাংলাদেশী নাগরিকদের গুলি করে হত্যা করা কিংবা জোরপূর্বক পুশ-ইনের মতো ঘটনার ক্ষেত্রে সরকার নীরবতা পালন করছে। তাছাড়া, মিয়ানমারের সন্ত্রাসী গোষ্টী আরাকান আর্মি বাংলাদেশের ভূখণ্ড ও সীমান্তের প্রতি প্রত্যক্ষ হুমকি সৃষ্টি করলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ার মতো নতজানু নীতি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, সরকার চীন সফরে কোনো কূটনৈতিক স্বার্থ অর্জন করতে পারেনি, বরং চীন তার উচ্চাভিলাষী প্রকল্প “বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ” (BRI)-এর আওতায় চট্টগ্রাম বন্দর হয়ে বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর “বিসিএমইসি” (BCMEC) এর প্রস্তাব চাপিয়ে দিয়েছে। ফলে, একদিকে আমেরিকার বাণিজ্য ও সামরিক শর্ত মেনে চলা, আর অন্যদিকে চীনের অর্থনৈতিক আধিপত্য বিস্তারকারী প্রকল্পে যুক্ত হওয়া — এই দুই বৈশ্বিক শক্তির মুখোমুখি যুদ্ধে বাংলাদেশকে এক ভূরাজনৈতিক জ্বালানী হিসেবে ব্যবহৃত হওয়ার ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে।
প্রকৃতপক্ষে, সাম্রাজ্যবাদীদের চাপিয়ে দেয়া ধর্মনিরপেক্ষ বিশ্বাস থেকে উদ্ভূত পররাষ্ট্রনীতি তা যে নামেই সংস্কার করা হোক না কেন, তা আমাদের স্বার্থ রক্ষা এবং নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। কারণ কৃত্রিম সীমানাভিত্তিক এই সেক্যুলার পররাষ্ট্রনীতি আমাদেরকে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর সামনে দুর্বল করে রেখেছে। আমাদের পররাষ্ট্রনীতি হতে হবে আমাদের মৌলিক বিশ্বাস ইসলাম-এর ভিত্তিতে। ইসলামে বৈদেশিক সম্পর্কের মূল ভিত্তি হলো বুদ্ধিবৃত্তিকভাবে ইসলামী জীবনাদর্শকে তুলে ধরা, এবং ইসলামের ন্যায়ের শাসনকে বিশ্বের দরবারে তুলে ধরতে কূটনৈতিক ও সামরিক প্রচেষ্টা চালানো — যার মাধ্যমেই প্রকৃতপক্ষে উম্মাহ্’র নিরাপত্তা নিশ্চিত হবে। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, “নিশ্চয়ই ইমাম বা খলিফা হচ্ছে ঢালস্বরূপ, যার পেছনে থেকে তোমরা যুদ্ধ করো এবং নিজেদের রক্ষা করো” (মুসলিম)। ইসলামের পররাষ্ট্র নীতির অধীনে তৎকালীন খিলাফত রাষ্ট্র ছিলো এক অপ্রতিরোধ্য রাষ্ট্র, যার উজ্জ্বল দৃষ্টান্ত পাওয়া যায় উসমানীয় খিলাফতের সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের শাসনামলে। খিলাফতের দুর্বল সময়েও যখন পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি বিপুল অর্থনৈতিক প্রলোভন ও ঋণ মওকুফের বিনিময়ে ফিলিস্তিনে ইহুদীদের জন্য বসতি স্থাপনের প্রস্তাব নিয়ে এসেছিল, তখন তিনি দৃঢ়তার সাথে তা প্রত্যাখ্যান করে বলেছিলেন, “আমি ফিলিস্তিনের এক ইঞ্চি জমিও বিক্রি করতে পারি না; কারণ এটি আমার ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি মুসলিম উম্মাহ্’র আমানত। আমার শরীর টুকরো টুকরো করে কেটে ফেলা হলেও আমি বেঁচে থাকতে ফিলিস্তিনকে ব্যবচ্ছেদ করতে দেব না।” এটিই ছিল ইসলামী খিলাফতের আপসহীন পররাষ্ট্রনীতি, যা মুসলিম উম্মাহ্’র সুরক্ষায় কোনো ভূরাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করেনি।
- মোঃ জাফর আহমেদ
