সম্পত্তি হস্তান্তরের নতুন আইন এবং সেকুলার জীবন দর্শনের এক অন্ধকার দিক


ভূমিকা: ধরা যাক একজন পিতা কিংবা মাতা তার জীবদ্দশায় সন্তানকে সম্পত্তি দিয়ে দিলেন, কিন্তু সম্পত্তি হস্তান্তরের পরও বাবা-মা জীবনের শেষদিন পর্যন্ত সেই সম্পত্তি ব্যবহার ও ভোগ করতে পারবেন—বাংলাদেশের সাম্প্রতিক আইনি ব্যবস্থায় এমনই একটি বিধান যুক্ত হয়েছে। জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন, ২০২৬ পাস হয়েছে, যা সম্পত্তি হস্তান্তর আইন, 1882-তে নতুন 122A ও 122B ধারা যুক্ত করেছে। 122A(1) ধারা অনুযায়ী একজন দাতা সম্পত্তি দান করেও জীবদ্দশায় তা ব্যবহার ও ভোগের অধিকার নিজের কাছে রাখতে পারবেন; 122A(2) ধারায় এই ব্যবস্থার আওতা—বাবা-মা ও সন্তান, দাদা-দাদি/নানা-নানি ও নাতি-নাতনি এবং স্বামী-স্ত্রী সম্পর্ক পর্যন্ত সীমিত রাখা হয়েছে; আর 122A(৪) ধারায় স্পষ্ট করা হয়েছে যে, এটি সম্পত্তি হস্তান্তরের একটি স্বতন্ত্র পদ্ধতি, প্রচলিত গিফট বা হেবার বিকল্প নয়।

কোন প্রেক্ষাপটকে যুক্তি হিসেবে দেখানো হচ্ছে?

আপাতদৃষ্টিতে আইনের ব্যাপারটি শুনতে ভালোই লাগে। কারণ বিদ্যমান সেকুলার সমাজের বাস্তবতা নির্মম। অনেক বাবা-মা জীবনের সকল সঞ্চয় সন্তানদের দিয়ে দেওয়ার পর বয়সের ভারে যখন অসহায় হয়ে পড়েন, তখন সেই সন্তানদের কাছেই তারা হয়ে উঠেন এক বোঝা। ফলে সেকুলার জীবন দর্শনের এই সমস্যা সমাধানে সদ্য প্রণীত এই সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন, ২০২৬-কে অনেকেই রক্ষাকবচ হিসেবে দেখছে।

আইন পাশ হওয়ার পর এটিকে ঘিরে নানা রকম প্রশ্ন?

এই ধরনের হস্তান্তর কি হেবা নাকি হেবা থেকে স্বতন্ত্র একটি সম্পত্তি হস্তান্তর ব্যবস্থা? একজন মুসলিম এই হস্তান্তর পদ্ধতি অবলম্বন করলে এর সঙ্গে ইসলামী হেবা ও ফারায়েজের সম্পর্ক কী হবে? প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠে যখন আমরা দেখি, নতুন ব্যবস্থাটি প্রচলিত গিফট বা হেবা-র বিকল্প হিসেবে এগুলো বাতিল করছে না; বরং নির্দিষ্ট পারিবারিক সম্পর্কের মধ্যে সম্পত্তি হস্তান্তরের একটি পৃথক আইনি কাঠামো তৈরি করছে।

বাংলাদেশের প্রচলিত আইনে গিফট হলো বিনা প্রতিদানে স্বেচ্ছায় কোনো বিদ্যমান সম্পত্তি অন্যের কাছে হস্তান্তর এবং গ্রহীতার তা গ্রহণ। স্থাবর সম্পত্তির গিফট-এর ক্ষেত্রে নিবন্ধিত দলিলের বিধান রয়েছে। একই সঙ্গে ইসলামি আইনের হেবাকেও গিফট-এর আইনি কাঠামোর সঙ্গে স্বীকৃতি দেয়া হয়েছে। কিন্তু ইসলামী ফিকহে হেবার বিষয়টি কেবল একটি নিবন্ধিত দলিলে সীমাবদ্ধ নয়। হেবা হলো জীবদ্দশায় বিনা প্রতিদানে সম্পত্তির মালিকানা হস্তান্তর। এর মৌলিক উপাদান হিসেবে সাধারণভাবে ইজাব বা ঘোষণা, কবুল বা গ্রহণ এবং কবয বা দখল গ্রহণ গুরুত্বপূর্ণ। ফলে শুধু নিবন্ধিত হেবা দলিল থাকলেই ফিকহি অর্থে হেবা সম্পূর্ণ হয়েছে—এমন সরলীকরণ করা যায় না। বিশেষ করে হানাফি ফিকহে কবয হেবার একটি গুরুত্বপূর্ণ শর্ত। অর্থাৎ দাতা হস্তান্তরের ঘোষণা করলেন এবং গ্রহীতা গ্রহণ করলেন—এতেই সবসময় হেবা পূর্ণ হয় না; সম্পত্তির দখল বাস্তবে বা আইনসম্মত উপায়ে গ্রহীতার কাছে হস্তান্তরের প্রশ্নও আসে। যতক্ষণ কবয সম্পন্ন না হয়, ততক্ষণ হানাফি মতে দাতা এই হেবা প্রত্যাহার করার অধিকারও রাখেন। যেহেতু, নতুন আইনের অধীনে মালিকানা হস্তান্তর করা হলেও দাতা জীবনের শেষ পর্যন্ত সম্পত্তির ব্যবহার ও ভোগের অধিকার সংরক্ষণ করেন, তাহলে প্রশ্ন জাগে ফিকহি অর্থে কবয কখন এবং কীভাবে সম্পন্ন হলো?

কিন্তু এই আইন করতে হলো কেন?

একটি অস্বস্তিকর প্রশ্ন এখানে এড়ানো যায় না—সম্পত্তি দেওয়ার পরও বাবা-মায়ের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কেন আইন করতে হচ্ছে? বাংলাদেশে Parents' Maintenance Act, 2013 ইতিমধ্যে সন্তানের উপর বাবা-মায়ের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান ও সঙ্গ দেওয়ার দায়িত্ব আরোপ করেছে এবং ব্যর্থতার জন্য শাস্তিও রয়েছে। কিন্তু আইন হয়তো সন্তানকে বাবা-মায়ের খরচ দিতে, অধিকার দিতে বাধ্য করাতে পারে, কিন্তু ভালাবাসা, শ্রদ্ধা কিংবা কৃতজ্ঞতা কী জন্ম দিতে পারে? এখানেই আইনের সীমাবদ্ধতা।

সমস্যাটি কি শুধু অর্থনৈতিক কিংবা পারিবারিক?

সমস্যাটি কোন অর্থনৈতিক কিংবা পারিবারিক নয়, বরং এটি একটি জীবনদর্শন সংক্রান্ত সমস্যা। যখন সাফল্যের মাপকাঠি হয়ে উঠে অর্থ, ক্যারিয়ার, ভোগ ও ব্যক্তিস্বাধীনতা, তখন বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা অনেকের কাছে ভালোবাসার দায়িত্ব না হয়ে সময়-অর্থ-স্বাধীনতার উপর বাড়তি চাপ মনে হয়। এবং এটি ব্যক্তি মানুষের ব্যর্থতা নয়, বরং আমাদের সমাজ যেই জীবনদর্শনের ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে। যেখানে সিদ্ধান্তের কেন্দ্র যদি হয় শুধু পার্থিব লাভ-ক্ষতি, তাহলে "আমি কী পাব?" প্রশ্নটি ধীরে ধীরে "আমার দায়িত্ব কী?" প্রশ্নকে ছাপিয়ে যায়।

ইসলামের সমাধান সম্পত্তিতে নয়, জবাবদিহিতায়

ইসলাম পিতা-মাতার অধিকারকে সম্পত্তিতে সীমাবদ্ধ রাখেনি। কুর‘আন আল্লাহ্‌’র ইবাদতের নির্দেশের পরপরই পিতা-মাতার সদাচরণের নির্দেশ দিয়েছে—তাদের প্রতি বিরক্ত হয়ে 'উফ' পর্যন্ত বলতে নিষেধ করেছে: “তোমার রব নির্দেশ দিয়েছেন যে, তাঁকে ছাড়া তোমরা অন্য কারও ইবাদত করবে না এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করবে। তাদের একজন অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে (বিরক্তিসূচক শব্দ) 'উহ্' পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমক দিও না; বরং তাদের সাথে সম্মানসূচক ও নরমভাবে কথা বলো।” 

“অনুকম্পায় তাদের প্রতি বিনয়াবনত থেকো এবং বলো, 'হে আমার রব! তাদের উভয়ের প্রতি দয়া করো, যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছেন'।” [সূরা আল-ইসরা : ২৩–২৪]। অর্থাৎ, ইসলামে বাবা-মায়ের সেবা সামাজিক অনুগ্রহ নয়, শারী‘আহ্‌ সম্মত দায়িত্ব।

পার্থক্যটি মৌলিক: রাষ্ট্রীয় আইন বাহ্যিক দায়িত্ব আরোপ করে, যার প্রয়োগ নির্ভর করে প্রাতিষ্ঠানিক ক্ষমতার উপর। ইসলাম একই দায়িত্বকে ঈমান ও পরকালীন জবাবদিহির সঙ্গে যুক্ত করে সমাজের মধ্যে দায়িত্ব পালনের উদ্ভুদ্ধ করে এবং আইনি কাঠামোর মাধ্যমে তা ঠিকমত পালন হচ্ছে কিনা তা রক্ষা করে। যে সন্তান বিশ্বাস করে বাবা-মায়ের সেবা রবের সন্তুষ্টির পথ এবং তাদের কষ্ট দেওয়া গুনাহ্‌—তার কাছে বাবা-মায়ের নিরাপত্তা নিছক দলিলের বিষয় নয়; ঈমান ও জবাবদিহির বিষয়।

শেষ কথা

যখন একটি সমাজে বাবা-মাকে নিরাপদ রাখতে সম্পত্তির উপর বিশেষ অধিকার লিখে দিতে হয়, তখন আর বুঝতে বাকি থাকে না যে,  সমস্যাটি শুধু আইনী নয়, বরং বর্তমান সমাজ ব্যবস্থা কোন ধরণের দায়িত্বহীন সন্তানদের তৈরি করছে। তাই, নতুন আইনটিকে নিছক "সম্পত্তি হস্তান্তরের নতুন পদ্ধতি" হিসেবে দেখলে আলোচনা অসম্পূর্ণ থেকে যায়। আর এর সঙ্গে জড়িয়ে আছে একটি গভীর প্রশ্ন: বাবা-মাকে নিরাপত্তা পেতে কি শেষ পর্যন্ত সম্পত্তির দলিলের আশ্রয়ই নিতে হবে, নাকি এমন একটি সমাজ গড়া সম্ভব যেখানে বাবা-মায়ের সেবা হবে বিনিময় নয়, বরং আল্লাহ্‌’র সন্তুষ্টির জন্য পালনীয় দায়িত্ব?

    -    মো: হাফিজুর রহমান, আইনজীবি ও কলামিস্ট

Previous Post Next Post