তথাকথিত নাগরিক-সমাজের দ্বিচারিতা এবং সমাজে বিদ্যমান চিন্তাধারা ও আবেগের সাথে বাস্তবায়িত ব্যবস্থার অসামঞ্জস্যতা

রাজধানীর খিলক্ষেতে একটি বাড়িতে সাম্প্রতিক গভীর রাতে অভিযান চালায় ডিবি। আটক হন ২৬ নারীসহ ৮৫ জন। তাদের মধ্যে পুরুষদের ৩০ দিন ও নারীদের ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের ভাষ্য, বাড়িতে প্রায় ২২টি গাড়ি ছিল, উচ্চ শব্দে গান বাজছিল এবং শিসার ধোঁয়ায় পরিবেশ আচ্ছন্ন ছিল। অংশগ্রহণকারীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্যাংকারও ছিলেন। প্রতিবেশীদের অভিযোগ, মাসে ২০-২২ দিনই সেখানে ‘ডিজে পার্টি’ চলতো এবং তারা অতিষ্ঠ ছিলেন। পুলিশের দাবী, মদ, ইয়াবা, গাঁজাসহ নানা মাদক উদ্ধার হয়েছে। 

এই ঘটনায় ১০১ জন ‘নাগরিক’ বিবৃতি দিয়ে একে ‘মোরাল পুলিশিং’ আখ্যা দিয়েছেন। তাদের বক্তব্য, গান শোনা, নাচ বা নারী-পুরুষের একসঙ্গে আড্ডা অপরাধ নয়। তারা ঐ বাড়িতে যা হচ্ছিল সেটাকে ‘ব্যক্তি স্বাধীনতা’র ভিত্তিতে অপরাধ নয়, বরং অধিকার হিসেবে চিহ্নিত করেছে। অপরদিকে, পুলিশের অভিযান, গ্রেফতার এবং শাস্তি দেয়াকে অপরাধ হিসেবে গণ্য করেছে এবং এই অভিযানের পিছনে জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি করেছে।

এদেশের বেশিরভাগ মানুষ এবং অভিভাবকেরা প্রতিনিয়ত আশঙ্কায় থাকেন, সন্তান মাদকের হাতে পড়ছে কি না, অবাধ মেলামেশা ও বিজাতীয় সংস্কৃতিতে আক্রান্ত হচ্ছে কিনা। মাদকাসক্ত ও অবাধ, অনিয়ন্ত্রিত মেলামেশা যুব সমাজে বিস্তারের ফলে বিভিন্ন অপরাধ যেমন বাড়ছে তেমনি পরিবারগুলোতে অশান্তি ছড়িয়ে যাচ্ছে ও পরিবারগুলো ভেঙ্গে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে এমনকি শিশুদের মধ্যে এর ব্যপক বিস্তার ছড়িয়ে পড়েছে। অনেক শিশু হারিয়ে যাচ্ছে, মেয়ে শিশুরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। এই অক্টোবরেই কুমিল্লার চার প্রাথমিক স্কুলছাত্রী ‘স্বাধীনভাবে বাঁচতে’ এবং নতুন জীবন শুরু করার স্বপ্ন নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়, যাদের পরবর্তীতে হবিগঞ্জের চুনারুঘাট থেকে উদ্ধার করে পুলিশ। এদিকে খিলক্ষেতের বাড়িটিতে অনেক বড় পরিসরে টিকেট বিক্রি করে ব্যবসায়িকভাবে ডিজে গান, নাচ, মাদক, ইয়াবা ইত্যাদি সেবন হচ্ছিল। প্রতিবেশীরা মাসের পর মাস যে উৎপাতে অতিষ্ঠ ছিল। ফলে পুলিশের এই কাজকে বন্ধ করার উদ্যোগকে এলাকাবাসী এবং প্রায় সকল দেশবাসী স্বাভাবিকভাবেই স্বাগত জানিয়েছে। 

এই ১০১ জন তথাকথিত ‘নাগরিক সমাজ’ ও তাদের এজেন্ডার সাথে যুক্ত কিছু মিডিয়া ছাড়া অন্য বড় কোন অংশ থেকে এর বিপরীত কোন দৃষ্টিভঙ্গি আসেনি। আবার যেহেতু পুলিশের কাজ শুধু চোর-ডাকাত ধরা নয়, বরং সমাজিক অধঃপতন, মূল্যবোধের বিপরীত বিষয়কে ঠেকানো, মানুষের আবেগ ও অনুভুতির সুরক্ষা নিশ্চিত করাও তাদের স্বাভাবিক দায়িত্ব। তথা পুলিশ এই ক্ষেত্রে যে ব্যবস্থা নিয়েছে তা সাধারণ মানুষের চিন্তা ও আবেগের সাথে মিলে যাওয়ায় তাদের এই কাজটি প্রশংসনীয় হয়েছে।

অথচ তথাকথিত নাগরিক সমাজ ‘ব্যক্তিস্বাধীনতা’র দোহাই দিয়ে উল্টো সুর তুলেছে। তাদের কথার সারমর্ম, এ ধরনের পার্টি ও মাদক গ্রহণের আয়োজন পুলিশের বাধা ছাড়াই চলতে দেওয়া উচিত। এখানেই স্পষ্ট হয়ে যায়, এই ক্ষুদ্র গোষ্ঠীর চিন্তা ও আবেগের সঙ্গে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর চিন্তা ও আবেগের ফারাক কত গভীর।

বলাবাহুল্য এই গোষ্ঠীর অবস্থান শুধু বিচ্ছিন্ন নয়, অসংগতিপূর্ণও। ব্যক্তিস্বাধীনতার এসব ধ্বজাধারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজে মেয়েদের মধ্যে হিজাব ও নিকাব পরার প্রবনতা বৃদ্ধিকে ভালো চোখে দেখে না। সাম্প্রতিক ‘ব্যক্তি স্বাধীনতার চিন্তাধারী এক শিক্ষিকা এক শিক্ষার্থীকে নিকাব পরার কারণে প্রশ্নের মুখে ফেলেছেন। তিনি বলেছেন, ‘চোখ দেখতে না পাওয়ায় স্বস্তি পাচ্ছিলাম না’। বলাবাহুল্য উনারা নিজ নিজ কর্মক্ষেত্রে যাদের সাথে থাকেন, কাজ করেন তাদের পোশাক, আচার-আচরণ, দৃষ্টিভংগি ইত্যাদিতে শৃঙ্খলা ও নিয়ম রক্ষার বিষয়ে নিশ্চয়ই  তাদেরকে ব্যক্তি স্বাধীনতা বা ইচ্ছার উপর ছেড়ে দেন না। ‘যা ইচ্ছা তা-ই করতে দেওয়া’র বদলে একটি সুশৃংখল পরিবার, কর্মক্ষেত্র, সমাজ গড়ে তুলতে চান। এই নাগরিক সমাজের অনেকেই আইন তৈরি, নিয়ম তৈরি ইত্যাদিতে বিশেষজ্ঞ, অথচ ব্যক্তি স্বাধীনতা কথা বলেন। বাস্তবিক অর্থে ‘ব্যক্তি স্বাধীনতা’ যে একটি অবাস্তব ধারণা তা উনারা ভালোভাবেই বুঝেন।  অথচ উনারাই আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে সমাজের শৃংখলা রক্ষা, পরিবার, মানুষের মান-মর্যাদা, জান-মালের সুরক্ষাজনিত অনেক উদ্যোগকে ‘মোরাল পুলিশিং’ বলে আটকে দিতে চেষ্টা করেন!

অথচ, একজন স্বাভাবিক জ্ঞানসম্পন্ন চিন্তাশীল মানুষের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে, একটি শক্তিশালী সমাজ গঠিত হয় চারটি উপাদানের সমন্বয়ে- ব্যক্তি, ব্যক্তিগুলোর মধ্যকার সামষ্টিক চিন্তা, সামষ্টিক আবেগ এবং ব্যবস্থা। এই চারটি যখন একই সুরে বাঁধা থাকে এবং মানুষের স্বাভাবিক প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তখনই সমাজ হয়ে উঠে সুশৃঙ্খল, সুষম, শান্তিপূর্ণ ও প্রগতিশীল। ব্যক্তিস্বাধীনতার চরম ধারণা এই সমন্বয়ের পথে অন্তরায়, কারণ প্রথমত এটি ব্যক্তিকে সমাজের সাধারণ চিন্তা ও আবেগ থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং দ্বিতীয়ত এটি মানুষের স্বাভাবিক প্রকৃতির সাথেও সামঞ্জস্যপূর্ণ নয়। 

বিষয়টিকে আরেকটু পরিষ্কার করার জন্য উদাহরণ হিসেবে বলা যায়, একটি ফুটবল ম্যাচ দেখার জন্য একটি স্টেডিয়ামে ১ লক্ষ মানুষ জড়ো হলেও সেখানে সেই অর্থে একটি সমাজ গঠিত হয় না। অন্যদিকে একটি বিচ্ছিন্ন দ্বীপে তিন বা চার জন মানুষ যদি বিভিন্ন জায়গা থেকে এসে পৌঁছে- তারা একসাথে তাদের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে গিয়ে নিজেদের মধ্যকার কিছু সাধারণ চিন্তা ও আবেগের ভিত্তিতে ঐক্যমত হতে হয়। আবার বিভিন্ন বাস্তবতায় কেউ যদি সেসব ঐক্যমত্যের বিপরীতে কাজ করে তখন শৃংখলা রক্ষার স্বার্থে কিছু নিয়ম-কানুন বা আইন-বিচার ইত্যাদি গড়ে উঠে। অর্থাৎ এভাবে সেই দ্বীপে একটি ব্যবস্থা গড়ে উঠে। আমাদের প্রতিটি সমাজও এভাবে কিছু ব্যক্তি, ব্যক্তিদের সাধারণ বা সামষ্টিক চিন্তা, সাধারণ আবেগ ও ব্যবস্থা এই চারের সমন্বয়ে গড়ে উঠে।  

আমাদের সমাজের মানুষগুলোর সাধারণ চিন্তা ও আবেগ অনেকাংশেই ইসলাম থেকে এসেছে। এখানকার বেশিরভাগ মনে করে পশ্চিমা ব্যক্তিস্বাধীনতার ধারণা ইসলামের সাথে সাংঘর্ষিক, ফলে তারা এতে বিশ্বাস করে না। তারা নারী-পুরুষের অবাধ মেলামেশা, সমকামিতা ও এলজিবিটি ধারণাকে গ্রহণ করে না। তারা মনে করে মাদক অনৈসলামিক এবং ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর এটি অপরাধ ও বিশৃঙ্খলার উৎস। আবার আমাদের রাষ্ট্র ব্যবস্থা থেকে অনেক আগেই ইসলাম সরে গেলেও পারিবারিক, সামাজিক ব্যবস্থায় ইসলামী চিন্তা ও আবেগের ব্যাপক প্রভাব বিদ্যমান। একারণেই এখানকার মানুষ উপরের উল্লেখিত আচরনসমূহ যেমন অবাধ মেলামেশা, মাদক ইত্যাদিকে অপছন্দ করে।

কিন্তু সমস্যা হলো, আমাদের আইন-কানুন ও রাষ্ট্রব্যবস্থা এই সাধারণ চিন্তা ও আবেগের সঙ্গে সাংঘর্ষিক। ব্যবস্থাটি গড়ে উঠেছে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে, আর ‘ব্যক্তি স্বাধীনতা’ সেই ব্যবস্থার একটি অন্যতম স্তম্ভ। আর এই ‘ব্যক্তি স্বাধীনতা’কে সাংবিধানিক সুরক্ষা দেয়া হয়েছে। সাম্প্রতিককালে আইনমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এটি পরিষ্কার করেছেন যে, দেশের সংবিধান অনুযায়ী খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি মৌলিক চাহিদা জনগণের মৌলিক অধিকার নয়, বরং ‘ব্যাক্তি স্বাধীনতা’ মৌলিক অধিকার। অর্থাৎ স্পষ্টত সমাজের মানুষের সাধারণ বা সামষ্টিক চিন্তা ও আবেগ রাষ্ট্রীয় ব্যবস্থার বিপরীত। এখানে যদি ব্যবস্থাগতভাবে ইসলাম বাস্তবায়িত হতো তাহলে স্পষ্টত একটি প্রকৃত শক্তিশালী, শান্তিপূর্ণ ও অগ্রগামী সমাজ তৈরি হতো।

এই প্রেক্ষাপটে তথাকথিত এই ‘নাগরিক সমাজ’ আইনের অজুহাত দিয়েই পুলিশের এই উদ্যোগের সমালোচনা করেছে এবং এসব পুলিশের শাস্তি চেয়েছে! অথচ এখানে পুলিশ তাদের নিজেদের ও সাধারণ মানুষের চিন্তা ও আবেগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাজ করেছে। তাদের বুঝা উচিত, এদেশের বেশীরভাগ পুলিশ ও প্রশাসনের অন্যান্য লোকদের চিন্তা ও আবেগও ব্যক্তিস্বাধীনতার বিপরীত, বরং ইসলামি। ইসলামি ব্যবস্থা বাস্তবায়িত হলে তাদের কাজ ও বিশ্বাস-আবেগ সঠিকভাবে মিলিত হতো এবং তারা জনগণকে আরও সুন্দরভাবে সেবা দিতে পারতেন। অর্থাৎ এই ঘটনা আমাদের সমাজ-রাষ্ট্রের একটি কঠিন সংকট সামনে নিয়ে এসেছে। এই রাষ্ট্র বা ব্যবস্থায় পুলিশ, প্রশাসনসহ রাষ্ট্রের ধারকবাহকদেরকেও নিজেদের চিন্তা ও আবেগের বিপরীতে কাজ করতে হয় এবং তা জনগণের উপর চাপিয়ে দিতে হয়। এখানে মানুষের চিন্তা ও আবেগ তথা ইসলাম অনুযায়ী অবশ্যই করণীয় অনেক বিষয় আইনিগতভাবে অবৈধ হয়ে পড়ে। আবার আইনগতভাবে বাধ্য অনেক বিষয় যা মানুষের চিন্তা ও আবেগের বিপরীত, তা সেই অর্থে বাস্তবায়ন হয় না। একারণে সংবিধানের মূলনীতি অনুযায়ী তথাকথিত মৌলিক অধিকার ‘ব্যক্তি স্বাধীনতা’ হতে উদ্ভূত সমকামিতা এই সমাজ মনে-প্রাণে ঘৃণা করে ও প্রতিহত করে। সমাজের চিন্তা ও আবেগের সাথে বাস্তবায়িত আইন বা ব্যবস্থার এর বৈপরিত্য একটি কার্যকর সমাজ-রাষ্ট্র গঠনের অন্তরায়। তাই, যতদিন পর্যন্ত দেশের মানুষের সাধারণ চিন্তা ও আবেগের সাথে সামঞ্জস্য রেখে ইসলামি ব্যবস্থা বাস্তবায়িত না হবে ততদিন এই সংকট থেকে যাবে।

ইসলামি আকিদা ‘ব্যক্তি স্বাধীনতা’র বিপরীত। এখানে প্রতিটি মানুষ দায়িত্বশীল। রাসূলুল্লাহ্‌ (সাঃ) বলেন, "তোমাদের প্রত্যেকেই একেকজন রাখাল (দায়িত্বশীল) এবং তোমাদের প্রত্যেককেই তার অধীনস্থদের (রক্ষণাবেক্ষণ) সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।" [সহীহ্‌ বুখারী] কিন্তু ইসলামী রাষ্ট্রকে মানুষের উপর নজরদারি এবং তাদের মানহানির অনুমতি দেয় না। অবাধ মেলামেশা ও মাদকের বিস্তার রোধ করা এক জিনিস, আর ব্যক্তিকে বিনা কারণে নজরদারি করা এবং ব্যক্তির মর্যাদাহানী করা অন্য জিনিস। প্রথমটি সমাজ রক্ষা, দ্বিতীয়টি সম্মান রক্ষার পরিপন্থী।

    -    মোঃ তালহা হোসেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ার

Previous Post Next Post