গিগ ইকোনমি: পুঁজিবাদের নব্য ডিজিটাল শোষণ এবং ইসলামের উৎপাদনভিত্তিক অর্থনীতির রূপরেখা

১. ভূমিকা

দেশে পর্যাপ্ত ও শোভনীয় কর্মসংস্থানের তীব্র সংকট এবং কাঠামোগত বেকারত্বের দীর্ঘমেয়াদি বাস্তবতায় তরুণেরা অনানুষ্ঠানিক শ্রমবাজারের দিকে ধাবিত হচ্ছে। বণিক বার্তার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকে শ্রমবাজারে প্রবেশ করা ১ কোটি ৪০ লাখ তরুণের মধ্যে কর্মসংস্থান হয়েছে ৮৭ লাখের, যা পুঁজিবাদী সামষ্টিক অর্থনীতির (Macroeconomy) কাঠামোর গভীর সঙ্কটকে নির্দেশ করে। বিপুল সংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠীর এই কর্মসংস্থানহীনতার পটভূমিতে “গিগ ইকোনমি” বা প্ল্যাটফর্মভিত্তিক অর্থনীতি তরুণদের জন্য কেবল সাময়িক আয়ের বিকল্প মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে। এটি আয়ের আপাত সুযোগ তৈরি করলেও, শ্রমের সামাজিক সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক অধিকারহীন এই ডিজিটাল প্রিক্যারিয়েট (Precariat) নির্ভর ব্যবস্থা বেকারত্ব ও কর্মসংস্থান সংকটের কোনো স্থায়ী বা টেকসই সমাধান নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা (বিস্তারিত জানতে পড়ুন: বণিক বার্তা, ৩০ অক্টোবর, ২০২৬,  দেশে চাকরির বাজার সংকুচিত, তরুণরা ঝুঁকছেন ‘গিগ’ জবে)। 

২. গিগ ইকোনমির স্বরূপ ও বাস্তবতা

ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্য দিয়ে পরিচালিত স্বল্পমেয়াদি ও খণ্ডকালীন কাজ যেমন রাইড-শেয়ারিং, ফুড ডেলিভারি, অনলাইন ফ্রিল্যান্সিং এবং মাইক্রো-টাস্ক বা ক্লিক-ওয়ার্কের সমন্বয়ে মূলত গিগ অর্থনীতির মূল কাঠামো গড়ে উঠেছে। কর্পোরেট স্বার্থে এই খাতের শ্রমিকদের “স্বাধীন ঠিকাদার” (Independent Contractor) হিসেবে অভিহিত করা হলেও, আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর গবেষণায় উঠে এসেছে যে, এর আড়ালে শ্রমিকদের ন্যূনতম মজুরি, স্বাস্থ্যবীমা, বার্ষিক ছুটি এবং পেনশনভিত্তিক সামাজিক সুরক্ষা থেকে সুপরিকল্পিতভাবে বঞ্চিত রাখা হয়। এই ডিজিটাল কাঠামোর অন্যতম প্রধান শোষণযন্ত্র হলো অদৃশ্য অ্যালগরিদমিক ব্যবস্থাপনা, যেখানে স্বেচ্ছাচারী রেটিং সিস্টেম, হুট করে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন এবং প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের একতরফা কমিশন হার নির্ধারণের মাধ্যমে শ্রমিকদের  উপর  একপেশে নিয়ন্ত্রণ বজায় রাখা হয় (Source: ILO, 2021: “World Employment and Social Outlook 2021: The role of digital labour platforms in transforming the world of work”)। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর তথ্য অনুযায়ী, দেশের কেবল রাইড-হেইলিং ও ডেলিভারি খাতেই প্রায় ৬ লাখ মানুষ যুক্ত রয়েছে এবং সামগ্রিকভাবে গিগ অর্থনীতিতে শ্রমজীবীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। উচ্চ লজিস্টিক খরচ, দীর্ঘ কর্মঘণ্টা ও তীব্র শারীরিক ঝুঁকি সত্ত্বেও কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শ্রম অধিকার বা আইনি নিরাপত্তা না থাকায় এই বিশাল কর্মীবাহিনী এক আধুনিক ডিজিটাল প্রিক্যারিয়েটে পরিণত হয়েছে (CPD, 22 September, 2026)।

৩. পুঁজিবাদী অর্থনীতির সংকট ও 'গিগ ইকোনমি'র উদ্ভব

পুঁজিবাদী অর্থনীতির সম্পদের অবাধ পুঞ্জীভূতকরণ এবং মুনাফাকেন্দ্রিক প্রাতিষ্ঠানিক নীতির কারণে সামষ্টিকভাবে জিডিপি প্রবৃদ্ধি বাড়লেও তার অনুপাতে স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি না হওয়ার যে তথাকথিত “কর্মহীন প্রবৃদ্ধি” (Jobless Growth) তৈরি হয়েছে, তা মূলত গিগ ইকোনমির মতো অনানুষ্ঠানিক ও অস্থায়ী শ্রমবাজার বিস্তারের প্রধান কারণ। পুঁজিবাদী অর্থনীতির মূল ফোকাস গুটিকয়েক পুঁজিবাদী অভিজাত শ্রেণীর স্বার্থ রক্ষায় নিয়োজিত হওয়ায় দেশীয় উৎপাদনশীল খাত যেমন কৃষি, জ্বালানী, মেশিনারিজ, প্রযুক্তি নির্ভর শিল্প কাঠামো গড়ে উঠেনি। ফলে অর্থনীতির মূল উৎপাদনশীল ভিত্তিগুলো দুর্বল হয়ে পড়েছে এবং দীর্ঘমেয়াদে পুঁজিবাদী ব্যবস্থা জনগণের জন্য স্থায়ী, নিরাপদ ও শোভনীয় কর্মসংস্থান সৃষ্টিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। বাংলাদেশে শ্রমশক্তির ৮৪ শতাংশ বা আনুমানিক ৫ কোটি ৮০ লাখ মানুষ অনানুষ্ঠানিক খাতে কর্মরত। এমনকি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রীধারীদের প্রায় ৪৪ শতাংশই অনানুষ্ঠানিক কাজে যুক্ত (সময় সংবাদ লাইভ রিপোর্ট, ৩ নভেম্বর, ২০২৬, “প্রাতিষ্ঠানিক চাকরি নেই ৪৪ শতাংশ স্নাতক ডিগ্রিধারীর”)। কাঠামোগত ব্যর্থতার নির্মম বাস্তবতার কারণে বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জনকারী অতি উচ্চশিক্ষিত তরুণদের একটি বিশাল অংশ বাধ্য হয়ে রাইড-শেয়ারিং ও ফুড ডেলিভারির মতো অনুৎপাদনশীল গিগ সেক্টরে ঝুঁকছে, যা মূলত পুঁজিবাদী ব্যবস্থার সৃষ্ট শিক্ষিত বেকারত্ব ও অর্ধবেকারত্বের (Underemployment) এক নতুন ডিজিটাল রূপ। 

৪. গিগ ইকোনমি শ্রমিক শোষণের একটি নব্য ডিজিটাল কাঠামো

গিগ ইকোনমি বা প্ল্যাটফর্মভিত্তিক অর্থনীতিতে পুঁজিবাদী কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর মানবীয় ব্যবস্থাপনার (Human Management) প্রথাগত ধারণার পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অ্যালগরিদমকে শ্রমিকের কর্মঘণ্টা, দৈনিক আয় ও আচরণ নিয়ন্ত্রণের “অদৃশ্য বস” বা অ্যালগরিদমিক ব্যবস্থাপনা (Algorithmic Management) হিসেবে ব্যবহার করে কৌশলে শ্রমিক শোষণ করে। ফেয়ারওয়ার্ক বাংলাদেশ-এর গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে যে, রাইডশেয়ারিং, ফুড ডেলিভারি এবং গৃহস্থালী সেবাদাতা ডিজিটাল প্ল্যাটফর্মগুলো কর্মীদের প্রাতিষ্ঠানিক ‘শ্রমিক’ বা ‘কর্মচারী’ (Employee) হিসেবে স্বীকৃতি না দিয়ে ‘স্বাধীন ঠিকাদার’ (Independent Contractor) হিসেবে চিহ্নিত করে। এর ফলে, দেশের প্রচলিত শ্রম আইনের (Bangladesh Labour Act) আওতায় থাকা মৌলিক অধিকারগুলো থেকে শ্রমিকরা বঞ্চিত হয়। এই কাঠামোর সবচেয়ে নির্মম দিক হলো পুঁজি ও ঝুঁকির একতরফা স্থানান্তর, যেখানে রাইড-শেয়ারিং কিংবা ফুড ডেলিভারির মতো ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহৃত বাহন যেমন মোটরসাইকেল, নিজস্ব স্মার্টফোন, ইন্টারনেট ডাটা প্যাক কেনা থেকে শুরু করে আকস্মিক সড়ক দুর্ঘটনা, দীর্ঘমেয়াদি শারীরিক আঘাত এবং যান্ত্রিক ত্রুটির সমস্ত আর্থিক ক্ষতি ও ঝুঁকি সম্পূর্ণভাবে বহন করতে হয় শ্রমিকদেরকে। দেশের গিগ অর্থনীতিতে কর্মরত লাখ লাখ শ্রমিক দৈনিক ১২ থেকে ১৪ ঘণ্টা হাড়ভাঙা পরিশ্রম করেও কোনো ধরনের ন্যূনতম মজুরি কাঠামো, প্রভিডেন্ট ফান্ড, পেনশন, স্বাস্থ্যবীমা, কর্মকালীন দুর্ঘটনা ক্ষতিপূরণ সুবিধা পায় না। পাশাপাশি, একতরফা কমিশন হার বৃদ্ধি, স্বেচ্ছাচারী রেটিং সিস্টেমের ভিত্তিতে হুট করে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন বা ব্লক করে দেওয়া এবং শ্রমিকদের যৌথ দরকষাকষির (Collective Bargaining) মতো মৌলিক আইনি অধিকার হরণের মাধ্যমে প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ গিগ শ্রমিকদের জীবনকে এক “ডিজিটাল দাসত্ব”-এর শৃঙ্খলে বন্দী করে। 

৫. ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার বিকল্প রূপরেখা

ইসলামী অর্থনীতির অন্যতম মৌলিক নীতি হলো সমাজের প্রতিটি নাগরিকের ন্যূনতম মৌলিক চাহিদা এবং সম্মানজনক কর্মসংস্থানের সুনির্দিষ্ট অধিকার নিশ্চিত করা। পুঁজিবাদী ব্যবস্থায় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো “স্বাধীন ঠিকাদার” (Independent Contractor) তকমার আড়ালে সমস্ত আইনি ও আর্থিক দায় এড়ায় এবং দুর্ঘটনার যাবতীয় ঝুঁকি শ্রমিকের  উপর  চাপিয়ে দেয়। অথচ, ইসলামী অর্থনীতির অন্যতম নীতি হলো “লাভ তারই প্রাপ্য, যে লোকসানের ঝুঁকি বহন করে”। অর্থাৎ, যিনি মূলধন বিনিয়োগ করবেন এবং ব্যবসার নিয়ন্ত্রণ নেবেন, ব্যবসায়িক ক্ষতি বা শ্রমিকের কর্মকালীন ঝুঁকির দায়ভারও তাকেই বহন করতে হবে; অথচ পুঁজিবাদী গিগ প্ল্যাটফর্মগুলো কোনো দৃশ্যমান ঝুঁকি না নিয়েও অ্যালগরিদমের মাধ্যমে শ্রমিকের উপর একপেশে নিয়ন্ত্রণ চালায়। তাছাড়া, ইসলাম ‘ইজারাতুল আজির’ বা পারস্পরিক সম্মতির ভিত্তিতে সুনির্দিষ্ট ও স্বচ্ছ শ্রম চুক্তির নির্দেশ দিয়েছে, যেখানে কর্মঘণ্টা, মজুরি ও কাজের প্রকৃতি উভয় পক্ষের কাছে পরিষ্কার থাকবে। আল্লাহ্‌ (ﷻ) বলেন, “হে মুমিনগণ, তোমরা চুক্তিগুলো পূর্ণ করো” (সূরা আল-মায়িদা : ১)। অধিকন্তু, ইসলামী অর্থনীতি চুক্তির অস্পষ্টতা, বেনামি কর্পোরেট শোষণ ও একতরফা কমিশন পরিবর্তনের অপকৌশল রোধ করে। এই ব্যাপারে রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেছেন, “যে ব্যক্তি কোনো শ্রমিক নিয়োগ করে, সে যেন অবশ্যই তার মজুরি স্পষ্ট করে দেয়” (মুসনাদে আহমাদ : ২১২৯৪)। সুতরাং, পুঁজিবাদী ডিজিটাল দাসত্ব ও বৈষম্যের চূড়ান্ত অবসান ঘটিয়ে সমাজে প্রকৃত অর্থনৈতিক ইনসাফ প্রতিষ্ঠার মূল নীতি ও দৃষ্টিভঙ্গি নিহিত রয়েছে ইসলামের উৎপাদনমুখী ও কল্যাণময় অর্থনৈতিক ব্যবস্থার রূপরেখায়।

৬. গিগ অর্থনীতির বিপরীতে খিলাফত রাষ্ট্রের উৎপাদনভিত্তিক শিল্পনীতির রূপরেখা 

গিগ অর্থনীতির পরিবর্তে খিলাফত রাষ্ট্রের উৎপাদনভিত্তিক শিল্পনীতি এক স্বনির্ভর এবং বাস্তবভিত্তিক অর্থনৈতিক রূপরেখা প্রদান করে। আমাদের অর্থনীতি এবং শিল্পের বিকাশ রুখতে নব্য উপনিবেশবাদী প্রতিষ্ঠান আইএমএফ, বিশ্বব্যাংক ও ডব্লিউটিও (WTO)-এর চাপিয়ে দেওয়া শর্তগুলো খিলাফত রাষ্ট্র সম্পূর্ণভাবে বাতিল করবে এবং পুঁজিবাদী বহুজাতিক কর্পোরেশনগুলোকে দেশ থেকে বিতাড়িত করবে। আল্লাহ্‌ (ﷻ) বলেন, “...এবং কিছুতেই আল্লাহ্‌ মু‘মিনদের উপর কাফিরদের আধিপত্যকে মেনে নেন না” (সূরা আন-নিসা : ১৪১)। কুর‘আন-সুন্নাহ্‌’র ভিত্তিতে হিযবুত তাহ্‌রীর কর্তৃক প্রণীত খিলাফত রাষ্ট্রের খসড়া সংবিধানের ৭৪ নং অনুচ্ছেদ অনুযায়ী, “শিল্প বিভাগ (The Department of Industry) শিল্প-সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের দায়িত্বে নিয়োজিত। এর আওতায় ইঞ্জিন, যন্ত্রপাতি, যানবাহন, বিভিন্ন উপকরণ এবং বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদনের মতো ভারী শিল্পের পাশাপাশি হালকা শিল্পও অন্তর্ভুক্ত। একইভাবে, কারখানাগুলো সরকারি মালিকানাধীন হোক কিংবা বেসরকারি মালিকানাধীন হোক এবং সেগুলোর সঙ্গে সামরিক শিল্পের সম্পর্ক থাকুক বা না থাকুক, সব ধরনের কারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে সামরিক নীতির ভিত্তি অনুসরণ করতে হবে।” এই নীতির আলোকে খিলাফত রাষ্ট্র প্রতিরক্ষাভিত্তিক ভারী শিল্প কাঠামো গড়ে তুলবে। ফলশ্রুতিতে, রাষ্ট্রে ভারী শিল্প ও বাস্তব উৎপাদন খাতের ব্যাপক বিস্তারের মাধ্যমে বিপুল কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে, যা প্রাতিষ্ঠানিক চাকুরির সংকটে ভোগা অতি উচ্চশিক্ষিত তরুণ সমাজকে গিগ ইকোনমির অলীক স্বাধীনতার শৃঙ্খল থেকে সম্পূর্ণ মুক্ত করে স্থায়ী, উৎপাদনশীল ও মর্যাদাপূর্ণ কাজে সম্পৃক্ত করবে।

৭। প্রযুক্তি, অনলাইন কাজ ও হোম অফিস: ইসলামের অবস্থান

ইসলাম প্রযুক্তি, রিমোট ওয়ার্ক কিংবা অনলাইন কাজের বিরোধী নয়, বরং ইসলাম যেকোনো আধুনিক প্রযুক্তির আবিষ্কার এবং এর কল্যাণমূলক ব্যবহারের পূর্ণ স্বীকৃতি দেয়। পুঁজিবাদী গিগ অর্থনীতির বিরুদ্ধে ইসলামের মূল আপত্তি প্রযুক্তি বা ইন্টারনেটের ব্যবহার নিয়ে নয়, বরং বাস্তবভিত্তিক কর্মসংস্থান ও ভারী শিল্পায়ন সম্প্রসারণ না করে মুষ্টিমেয় কর্পোরেট পুঁজিপতির একচেটিয়া আধিপত্য (Monopoly) ও মুনাফা অর্জনের উদ্দেশ্যে ডিজিটাল মাধ্যমকে শ্রম শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহারের বিরুদ্ধে। ইসলামী ব্যবস্থা প্রযুক্তি ও অনলাইনভিত্তিক কাজকে কোনো অদৃশ্য অ্যালগরিদমের শৃঙ্খলে বন্দী করার বা “স্বাধীন ঠিকাদার” (Independent Contractor) তকমার আড়ালে শ্রমিকদেরকে শোষণের সুযোগ দেয় না; বরং খিলাফত রাষ্ট্রের অর্থনীতি এবং শিল্পনীতির অধীনে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে শ্রমিকদের কাজের উৎকর্ষতা বৃদ্ধি এবং প্রকৃত জনকল্যাণের সাথে যুক্ত করা হয়। আল্লাহ্‌ (ﷻ) বলেন, “...ইনসাফ করো, এটাই তাকওয়ার অধিক নিকটবর্তী” (সূরা আল-মায়িদা : ৮)।

৮. উপসংহার 

পুঁজিবাদী শোষণমূলক অর্থনৈতিক ব্যবস্থা মানবজাতিকে কেবল চরম দারিদ্র্য, বৈষম্য ও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। মানবরচিত এই ত্রুটিপূর্ণ ব্যবস্থার শোষণ থেকে মুক্তি পাওয়ার একমাত্র বিকল্প হলো ইসলামের ন্যায় এবং ইনসাফভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার বাস্তবায়ন। খিলাফত রাষ্ট্রের ভারী শিল্পায়ন এবং উৎপাদনভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল একটি শোষণমুক্ত ও মর্যাদাশীল সমাজ বিনির্মাণ সম্ভব। আল্লাহ (ﷻ) বলেছেন, “আর যদি সে জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে আমি অবশ্যই তাদের  উপর  আসমান ও জমিনের বরকতসমূহ উন্মুক্ত করে দিতাম” (সূরা আল-আরাফ, আয়াত: ৯৬)।

    -    মোঃ জাফর আহমেদ, অর্থনীতি ও রাজনীতি বিশ্লেষক

Previous Post Next Post