অলিগার্কিদের জুলুমের বিশ্বব্যবস্থা থেকে রূপান্তর কোন পথে?

গত ১৭ বছর দেশে যে কর্তৃত্ববাদী রাষ্ট্রকাঠামো গড়ে উঠেছিল, তার অন্যতম প্রধান নিয়ামক ছিল অলিগার্ক-কেন্দ্রিক শাসনব্যবস্থা এবং রাষ্ট্রীয় পর্যায়ে তাদের অবাধ তোষণ। অর্থনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক এবং জনতুষ্টিবাদী (পপুলিস্ট) রাজনৈতিক নেতাদের মতে, রাজনীতি ও অর্থনীতিতে অলিগার্কদের এই অবৈধ প্রভাবই দেশের সামগ্রিক অর্থনীতি ও রাজনৈতিক সংস্কৃতিকে তলানিতে নিয়ে গেছে। তাই, কর্তৃত্ববাদী রাজনৈতিক শক্তির পুনরুত্থান ঠেকাতে অলিগার্কদের এই অবৈধ কর্তৃত্ব থেকে রাষ্ট্র ও অর্থনীতিকে মুক্ত করাকেই তারা অন্যতম প্রধান এজেন্ডা হিসেবে চিহ্নিত করেছিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ২০২৪ সালের রক্তাক্ত গণঅভ্যুত্থানের পরবর্তী সময়েও রাষ্ট্রকাঠামোতে অলিগার্ক-তোষণের সেই পুরোনো নীতিই অনেকটা বলবৎ রয়েছে। বিস্ময়করভাবে, একসময় সোচ্চার থাকা পপুলিস্ট রাজনৈতিক নেতা ও বিশ্লেষকরাও এ বিষয়ে এখন রহস্যজনকভাবে নীরব। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, অলিগার্কদের রাজনৈতিক প্রভাবকে তারাও মেনে নিয়েছেন।

এমন এক বাস্তবতায়, গত সপ্তাহে দেশের একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকে প্রকাশিত একটি লেখায় অলিগার্কদের ক্রমবর্ধমান আধিপত্যকে অনেকটা অবশ্যম্ভাবী বাস্তবতা হিসেবে মেনে নিয়ে ‘তাদের হাতে গড়ে ওঠা বিশ্বটি শেষ পর্যন্ত কেমন হবে’—এমন প্রশ্ন রেখে কলামটি শেষ করা হয় (সূত্র: অলিগার্কিদের বিশ্ব আর কতদিন টিকবে?, প্রথম আলো, ০৭ নভেম্বর ২০২৬)। লেখার এমন ভঙ্গি দেখে মনে হওয়া স্বাভাবিক যে, গণমাধ্যমটি পরোক্ষভাবে অলিগার্কদের রাজনৈতিক আধিপত্যকে ন্যায্যতা (justify) দেওয়ার চেষ্টা করছে।

সত্যিই কি অলিগার্কদের এই অন্যায্য রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য থেকে মুক্তির কোনো পথ নেই? এই মৌলিক প্রশ্নটির উত্তর খোঁজাই বর্তমান প্রবন্ধটির মূল উদ্দেশ্য। এখানে বিশ্লেষণ করার চেষ্টা করা হবে—ঠিক কোন কাঠামোগত কারণে অলিগার্ক শ্রেণির উদ্ভব ঘটছে এবং অলিগার্কদের এই সর্বগ্রাসী প্রভাব থেকে রাজনীতি ও অর্থনীতিকে মুক্ত করার কার্যকর উপায়গুলো কী কী? 

সমস্যা কি প্রতিষ্ঠানে, নাকি বিদ্যমান পুঁজিবাদী ব্যবস্থায়?

সমাজ ও অর্থনীতির উপর  অলিগার্কদের এই বিরূপ প্রভাব অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকদের নতুন করে ভাবতে বাধ্য করছে। এ বিষয়ে মূলত দুটি প্রধান দৃষ্টিভঙ্গি বা ধারা লক্ষ্য করা যায়:

প্রথম গ্রুপটি মনে করে, রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যথেষ্ট শক্তিশালী না হওয়ার কারণেই মূলত অলিগার্করা সমাজে সহজেই প্রভাব বিস্তার করতে পারছে। তবে এই যুক্তির বিপরীতে জোরালো প্রশ্ন উঠেছে—যেসব দেশে শক্তিশালী গণতান্ত্রিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান রয়েছে, তারা কি আদতে অলিগার্কদের দৌরাত্ম্য থেকে মুক্ত থাকতে পারছে? উদাহরণস্বরূপ, পশ্চিমা উদার গণতন্ত্র এবং বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থার প্রধান অভিভাবক মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও অলিগার্ক ও ধনকুবেরদের আধিপত্য এখন আর কোনো গোপন বিষয় নয় (বিস্তারিত জানতে দেখুন: Is the U.S. becoming an oligarchy?, Oxfam America, January 18, 2026)।

এর বিপরীতে দ্বিতীয় গ্রুপটি মনে করে, সমস্যাটি কেবল প্রাতিষ্ঠানিক দুর্বলতার নয়, বরং পুঁজিবাদী ব্যবস্থার কাঠামোগত ডিএনএ-তেই অলিগার্কির জন্ম ও বিস্তারের কারণ নিহিত। রাষ্ট্রবিজ্ঞানী জেফ্রি উইন্টার্স (Jeffrey Winters) তাঁর সাম্প্রতিক বই The Blind Spot: How Oligarchs Dominate Our Democracy (2026)-এর উপসংহারে তিনি অত্যন্ত জোরালোভাবে উল্লেখ করেছেন: “The inability of modern democracy to address wealth inequality is not a flaw. The failure is by design.” অর্থাৎ, গণতন্ত্রিক ব্যবস্থায় সম্পদ বৈষম্য দূর করতে না পারার ব্যর্থতা কোনো আকস্মিক ত্রুটি নয়, বরং এই ব্যবস্থাটি এমনভাবেই ডিজাইন করা হয়েছে যাতে ধনিক শ্রেণীর স্বার্থ সংরক্ষিত হয়।

পুঁজিবাদ যেভাবে অলিগার্কি তৈরি করে: দুটি কাঠামোগত দুর্বলতা

পুঁজিবাদী ব্যবস্থার অভ্যন্তরীণ নকশায় এমন দুটি মৌলিক ও কাঠামোগত দুর্বলতা রয়েছে, যা সরাসরি সমাজে অলিগার্ক শ্রেণীর জন্ম দেয় এবং রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে তুলে দেয়ঃ

১. প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ব্যয়বহুল নির্বাচনী কাঠামো ও রাজনৈতিক বিনিয়োগ: পুঁজিবাদী ও উদার গণতান্ত্রিক ব্যবস্থায় তাত্ত্বিকভাবে সার্বভৌমত্বের মালিক জনগণ—অর্থাৎ মানুষই সিদ্ধান্ত নেয় কোনটি সঠিক এবং কোনটি ভুল। কিন্তু বাস্তবিকভাবে কোটি কোটি মানুষের প্রত্যক্ষ মতামত নিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। তাই, প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থায় জনগণের মধ্য থেকে কিছু ব্যক্তিকে নির্বাচিত করা হয়, যারা সবার পক্ষ থেকে আইন প্রণয়নের সার্বভৌম ক্ষমতা ভোগ করেন এবং নির্ধারণ করেন কোনটি বৈধ আর কোনটি অবৈধ। আধুনিক গণতন্ত্রে এই বিশাল জনগোষ্ঠীর জনমতকে প্রভাবিত করা, প্রচারণা চালানো এবং নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রয়োজন বিপুল আর্থিক আয়োজন ও বিনিয়োগ। পুঁজিবাদী ব্যবস্থার এই কাঠামোগত দুর্বলতাই অলিগার্কদের রাজনীতিতে প্রবেশের প্রধান দরজা খুলে দেয়।

মার্কিন গবেষণা প্রতিষ্ঠান 'ওপেন সিক্রেটস' (OpenSecrets)-এর তথ্যমতে, শুধুমাত্র ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট ও কংগ্রেস নির্বাচনে শতকোটিপতি ও কর্পোরেট 'সুপার প্যাক' (Super PAC)-গুলোর রাজনৈতিক ব্যায় অতীতের সব রেকর্ড ভেঙে বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। অলিগার্করা এই নির্বাচনী প্রক্রিয়াকে কোনো দান হিসেবে দেখে না, বরং এটি তাদের কাছে একটি লাভজনক 'বিনিয়োগ'। নির্বাচন শেষে তারা নির্বাচিত শাসকদের মাধ্যমে রাষ্ট্রীয় নীতি, মেগা প্রকল্পের কাজ এবং একচেটিয়া ব্যবসায়িক সুবিধা কুক্ষিগত করে সেই বিনিয়োগের অর্থ বহুগুণ মুনাফাসহ উসুল করে নেয়। তাই পুঁজিবাদী গণতন্ত্রে সাধারণ নাগরিকদের মতামতের চেয়ে অর্থনৈতিক অভিজাত বা অলিগার্কদের স্বার্থই সরকারি নীতি নির্ধারণে চূড়ান্ত প্রভাব ফেলে।

২. ‘সীমিত সম্পদ ও অধিক দক্ষতার’ ত্রুটিপূর্ণ অর্থনৈতিক তত্ত্ব: পুঁজিবাদী অর্থনীতির মূল ভিত্তি দাঁড়িয়ে আছে একটি বিশেষ তাত্ত্বিক ধারণার উপর —“সমাজে সম্পদ সীমিত, কিন্তু মানুষের চাহিদা অসীম; তাই রাষ্ট্রের কাজ হলো প্রাপ্য সম্পদ এমন ব্যক্তি বা গোষ্ঠীর হাতে তুলে দেওয়া, যারা এই সম্পদ ব্যবহারে অধিক দক্ষ।” এই আপাত-যৌক্তিক তত্ত্বের আড়ালে পুঁজিবাদ মূলত সম্পদের সুষম বণ্টনের পরিবর্তে 'উৎপাদন দক্ষতা' ও 'মুনাফা সর্বোচ্চকরণকে' (Profit Maximization) একমাত্র মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করে।

পুঁজিবাদী ব্যবস্থার এই ত্রুটিপূর্ণ ধারণা শাসকদের অলিগার্ক-তোষণের নীতি গ্রহণকে বৈধতা দেয়। রাষ্ট্র তখন মনে করে, ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের পরিবর্তে বৃহৎ কর্পোরেট বা ধনকুবেরদের হাতে সম্পদ, ব্যাংক ঋণ, জমি এবং প্রাকৃতিক সম্পদ তুলে দিলে অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুত হবে। এই নীতির কারণেই বিশ্বজুড়ে বেসরকারিকরণের নামে রাষ্ট্রীয় সম্পদ পানির দরে অলিগার্কদের হাতে তুলে দেওয়া হয় এবং সংকটের সময় 'টু বিগ টু ফেইল' (Too Big to Fail) অজুহাতে জনগণের করের টাকায় বড় কর্পোরেশনগুলোকে বেইলআউট বা প্রণোদনা দেওয়া হয়। বাংলাদেশের প্রেক্ষাপটেও এই একই তত্ত্বের অপপ্রয়োগে 'দক্ষ উদ্যোক্তা তৈরি' ও 'দ্রুত প্রবৃদ্ধির' নামে মুষ্টিমেয় ব্যবসায়ী গোষ্ঠীর হাতে ব্যাংক খাত, জ্বালানি এবং রাষ্ট্রীয় ঋণের সিংহভাগ তুলে দেওয়া হয়েছে, যা শেষ পর্যন্ত ভয়াবহ খেলাপি ঋণ ও অর্থনৈতিক লুটপাটের জন্ম দিয়েছে।

ইসলাম যেভাবে অলিগার্কি তৈরির পথ বন্ধ করে

পুঁজিবাদী ব্যবস্থায় অলিগার্করা যেভাবে রাষ্ট্রের নীতিনির্ধারণী প্রক্রিয়া ও সম্পদ কুক্ষিগত করে, ইসলামি রাষ্ট্রদর্শন ও অর্থনীতি তার মূলে আঘাত হানে। ইসলাম যেভাবে অলিগার্কি তৈরির পথ সম্পূর্ণ বন্ধ করে দেয়, তার মূল ভিত্তিগুলো নিচে আলোচনা করা হলো:

১. সার্বভৌমত্ব আল্লাহ্‌’র এবং শাসন কর্তৃত্ব জনগণের

ইসলামি রাষ্ট্রদর্শনের মূল ভিত্তি হলো—সর্বময় সার্বভৌমত্ব কেবল আল্লাহ্‌’র। খলিফা (রাষ্ট্রপ্রধান) হলেন উম্মাহ্‌’র পক্ষ থেকে শারি‘আহ্‌ বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি। আল্লাহ্‌’র বিধান বা শারি‘আহ্‌ বহির্ভূত কোনো আইন প্রণয়ন বা বাস্তবায়ন করার এখতিয়ার খলিফার নেই।

ফলে পুঁজিবাদী ব্যবস্থার মতো এখানে শাসকের সাথে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে কোনো সুবিধা বা লাইসেন্স পাওয়ার সুযোগ থাকে না। যদি কোনো ব্যত্যয় ঘটে, তবে খলিফাকে জনগণের নিকট অনতিবিলম্বে জবাবদিহির মুখোমুখি হতে হয়। সুতরাং, খিলাফত ব্যবস্থায় পুঁজিবাদী ব্যবস্থার মতো অলিগার্কদের রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ নাই। 

২. সম্পদের সুষম বণ্টন ও আবর্তন নিশ্চিতকরণ

ইসলামের অন্যতম প্রধান অর্থনৈতিক লক্ষ্য হলো সমাজে সম্পদের অবাধ ও সুষম প্রবাহ নিশ্চিত করা, “যাতে সম্পদ কেবল তোমাদের ধনীদের মধ্যেই আবর্তিত না হয়” (সুরা আল-হাশর : ৭)। জনগণের পক্ষ থেকে খলিফার মূল দায়িত্ব হলো শারি‘আহ্‌’র নীতি বাস্তবায়নের মাধ্যমে এই লক্ষ্য পূরণ করা, যার সুনির্দিষ্ট রূপরেখা নিচে দেওয়া হলো:

ক) সম্পদের  উপর  কতিপয় পুঁজিপতির অন্যায্য কর্তৃত্ব হতে মুক্তি: পুঁজিবাদী ব্যবস্থায় মালিকানার অবাধ স্বাধীনতার সুযোগ নিয়ে অলিগার্করা জনগুরুত্বপূর্ণ ও মৌলিক সম্পদ—যেমন খনিজ সম্পদ উত্তোলন, জ্বালানি এবং চলাচলের মহাসড়কের মতো কৌশলগত খাতগুলোতে একচ্ছত্র মালিকানা প্রতিষ্ঠা করে। এই সম্পদগুলো ব্যবহার করেই তারা পরবর্তীতে অর্থনৈতিক টাইকুনে পরিণত হয়। পক্ষান্তরে, ইসলাম সম্পদের প্রকারভেদে মালিকানাকে সুনির্দিষ্টভাবে পরিচালনা করে। সুনান আবু দাউদ ও ইবনে মাজাহ্‌’র বর্ণনায় রাসূলুল্লাহ্‌ (ﷺ) ইরশাদ করেছেন: “মানুষ তিনটি জিনিসে অংশীদার—পানি, তৃণভূমি এবং আগুন।” খিলাফত ব্যবস্থা এই গণমালিকানাধীন সম্পদগুলোকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিচালনা করবে, যাতে এর সুফল থেকে সমাজের সব মানুষ উপকৃত হতে পারে এবং সুষম উন্নয়ন ত্বরান্বিত হয়।

খ) সম্পদের ব্যবহার ও যাকাতের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়া: বিশ্বব্যাংক বা আন্তর্জাতিক বিভিন্ন অর্থনৈতিক সংস্থার তথ্য অনুযায়ী, পুঁজিবাদী ব্যবস্থায় সম্পদ নিচের স্তর থেকে  উপরের স্তরে পুঁঞ্জীভূত হতে থাকে, যেখানে ধনী আরও ধনী হয়। কিন্তু যাকাত ব্যবস্থা এই ত্রুটি দূর করে সম্পদকে অলস বা কুক্ষিগত থাকতে দেয় না; বরং তা বাধ্যতামূলকভাবে বাজারে আবর্তিত করে, যাতে গরিব ও প্রান্তিক মানুষ সচ্ছলতা অর্জনের সুযোগ পায়।

গ) ফটকাবাজারি নিষিদ্ধকরণ ও উৎপাদনমুখী অর্থনীতি: আধুনিক অলিগার্কদের আয়ের অন্যতম প্রধান উৎস হলো অনুৎপাদনশীল ফটকাবাজারি, যেমন—শেয়ারবাজারের কৃত্রিম কারসাজি, জুয়া ও সুদের কারবার (রিবা)। ইসলামে এধরনের সব কৃত্রিম ও জুয়াভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড কঠোরভাবে নিষিদ্ধ। ফলে প্রকৃত উৎপাদন বা সেবা সৃষ্টি ব্যতিরেকে কেবল কৃত্রিম সংকট তৈরি করে রাতারাতি অর্থবিত্ত গড়ার কোনো সুযোগ ইসলামি অর্থব্যবস্থায় থাকে না।

খিলাফতের ১৩০০ বছরের ইতিহাসে অর্থনৈতিক সমৃদ্ধি থাকলেও অলিগার্কিদের দৌরাত্ম ছিল না, কারণ খিলাফতের কাঠামোই সম্পদের বন্টনকে কেন্দ্র করে আবর্তিত হয়। উদাহরণস্বরূপ, খলিফা উমর ইবনে আবদুল আজিজ (রহ.)-এর শাসনামলে (৭০১৭–৭২০ খ্রিষ্টাব্দ) রাষ্ট্রে এতটাই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছিল যে যাকাত নেয়ার মত যোগ্য ব্যক্তি খিলাফতে ছিল না। আসন্ন খিলাফত রাষ্ট্র অলিগার্কিদের স্বর্থে পরিচালিত বিশ্বব্যবস্থার পতন ঘটিয়ে জনগণের জন্য সুষম অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করবে। ইনশা’আল্লাহ্‌। 

“আর যদি সেই জনপদের অধিবাসীরা ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করতো, তাহলে আমি তাদের জন্য  আসমান ও জমীনের যাবতীয় বরকতের দুয়ার খুলে দিতাম” (সুরা আল আরাফ: ৯৬)

    -    মো: সিরাজুল ইসলাম

Previous Post Next Post