সম্প্রতি ঢাকার খিলক্ষেতে যৌতুকের দাবি ও কথিত পরকীয়ার অজুহাতে মুক্তা ইসলাম মাওয়া নামের এক গৃহবধূকে তার স্বামী কর্তৃক শিকল দিয়ে বেঁধে নির্মম নির্যাতনের পর তার মৃত্যুর ঘটনা আমাদের সামাজিক ব্যবস্থার চরম ভঙ্গুর অবস্থাকে আবারও সামনে নিয়ে এসেছে। এই ধরণের জঘন্য ঘটনা কোনো বিচ্ছিন্ন চিত্র নয়, বরং এটি সর্বত্রই মা-বোনদের নিরাপত্তাহীনতার একটি উদাহরণ মাত্র।
বর্তমান ধর্মনিরপেক্ষ শাসনব্যবস্থা নারীদের সুরক্ষায় কঠোর আইন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল এবং জরুরি হেল্পলাইন (যেমন: বাংলাদেশে ৯৯৯) প্রতিষ্ঠার মাধ্যমে একটি তথাকথিত প্রাতিষ্ঠানিক ভিত্তি দাঁড় করালেও বাস্তব ক্ষেত্রে এই ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট। আধুনিক পুঁজিবাদী সমাজের বস্তুবাদী ও ভোক্তাবাদী মানসিকতা মানুষকে পারিবারিক সম্পর্কের চেয়ে অর্থ-সম্পদকে (যেমন: যৌতুকের লোভ) বেশি গুরুত্ব দিতে শেখায়। সেই সাথে ব্যক্তিকেন্দ্রিকতার প্রসারের কারণে যৌথ পারিবারিক কাঠামো ভেঙে পড়ছে এবং প্রতিবেশীদের পারস্পরিক সম্পৃক্ততা কমে যাচ্ছে, যা নির্যাতিত নারীকে সমাজের বুকে আরও একাকী, অভিভাবকহীন ও অসহায় করে তুলছে।
যদিও অনেকে মনে করেন অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং ধর্মনিরপেক্ষ বর্তমান আইনই নারী সুরক্ষার একমাত্র চাবিকাঠি। তবে পশ্চিমা দেশগুলোর (যেমন: যুক্তরাষ্ট্র ও ইউরোপ) পরিসংখ্যান এই ধারণাকে মারাত্মক চ্যালেঞ্জের মুখে ফেলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ইউরোপ ও আমেরিকার মতো উন্নত অঞ্চলেও প্রতি ৩ জন নারীর মধ্যে ১ জন (প্রায় ৩৩%) তাদের জীবনসঙ্গী বা পরিবারের সদস্যদের দ্বারা কোনো না কোনোভাবে শারীরিক, মানসিক বা যৌন সহিংসতার শিকার হন। কড়া পুলিশি ব্যবস্থা এবং পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র (Shelter Homes) থাকা সত্ত্বেও পশ্চিমা সমাজে মাদকাসক্তি, তীব্র মানসিক অবসাদ এবং মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণমূলক আচরণের (Coercive Control) কারণে পারিবারিক সহিংসতা একটি মহামারি আকারে রূপ নিয়েছে। মূলত পশ্চিমা ধর্মনিরপেক্ষতাবাদ থেকে উৎসারিত বর্তমান ব্যবস্থা নারীর প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি অনুধাবন করতে ব্যার্থ হয়েছে, তাদের নিকট নারী শুধুমাত্র এমন এক দুর্বল বস্তু, যাকে শুধু ব্যবহার ও ভোগই করা যায়।
বিপরীতপক্ষে, ইসলাম নারী নিরাপত্তা নিশ্চিতকরণে একটি আদর্শ রূপরেখা প্রদর্শন করেছে, যা যৌক্তিকতার বিচারে ও বাস্তবিকভাবে প্রমাণিত। ইসলামী দৃষ্টিভঙ্গি অনুযায়ী, নারীকে পুরুষের অধীনে কোনো সম্পত্তি হিসেবে নয়, বরং একটি পবিত্র "আমানত ও সম্মান" হিসেবে বিবেচনা করা হয়। ইসলামী শারী‘আহ্ এবং খিলাফতের সোনালী ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে ইসলাম মূলত তিনটি স্তরে কাজ করে:
১. তাকওয়া ও সৃষ্টিকর্তার প্রতি জবাবদিহিতার দৃষ্টিভঙ্গি:
ইসলামী সমাধানের মূল ভিত্তি হলো মানুষের অন্তরে আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা’র ভয় বা 'তাকওয়া' জাগ্রত করা। এখানে প্রতিটি পুরুষকে এই শিক্ষা দেয়া হয় যে, স্ত্রীর উপর করা সামান্যতম জুলুমের জন্যও পরকালে আল্লাহ্’র কাঠগড়ায় দাঁড়াতে হবে। রাসুলুল্লাহ (সা.)-এর স্পষ্ট ঘোষণা, "তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম, যে তার স্ত্রীর নিকট সর্বোত্তম।"
২. যৌতুক প্রথার মূলোৎপাটন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা:
ইসলাম সমাজে নারীর উপর নির্যাতনের অন্যতম প্রধান উৎস 'যৌতুক প্রথা'কে সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ করেছে। এর বিপরীতে বিয়ের অপরিহার্য শর্ত হিসেবে পুরুষকে বাধ্যতামূলকভাবে কনেকে 'মোহরানা' প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে কুর‘আন-এর বিধান অনুযায়ী বাবার সম্পত্তি এবং স্বামীর সম্পত্তি—উভয় ক্ষেত্রে নারীর সুনির্দিষ্ট উত্তরাধিকার নিশ্চিত করা হয়েছে। এর ফলে নারী অর্থনৈতিকভাবে কারো করুণার পাত্রী বা অবহেলার শিকার হন না। ইসলামের ইতিহাসে নারীদের অর্থনৈতিক অধিকার এতটাই সুরক্ষিত ছিল যে, উসমানীয় খিলাফতের আদালতের নথিপত্র (Sharia Court Records) ঘেঁটে দেখা যায়, হাজার হাজার সাধারণ নারী তাদের পাওনা মোহরানা, ব্যবসা ও উত্তরাধিকারের সম্পদ বুঝে পাওয়ার জন্য স্বামীদের বিরুদ্ধে মামলা করে জয়ী হতেন এবং রাষ্ট্র তাদের সম্পূর্ণ সম্পদ বুঝিয়ে দিত।
৩. কঠোর আইনি প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তি:
ইসলামী রাষ্ট্রে অপরাধীর সামাজিক বা রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দ্রুত ও কঠোর বিচার নিশ্চিত করা হয়। কোনো স্বামী যদি স্ত্রীর উপর শারীরিক নির্যাতন বা আঘাত করে, তবে ইসলামী আইন বা 'তাজির'-এর অধীনে কাজি (বিচারক) তাকে চাবুক মারা, কারাদণ্ড বা কঠোর আর্থিক জরিমানার মতো দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেন। উমাইয়া খিলাফতের সময় মদিনার গভর্নর ও প্রখ্যাত তাবেয়ী ওমর ইবনে আব্দুল আজিজ (র.)-এর কাছে একবার এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আসে যে, সে তার স্ত্রীকে পিটিয়েছে। তিনি তাৎক্ষণিকভাবে সেই স্বামীকে ডেকে পাঠান এবং সবার সামনে তাকে চাবুক মারার নির্দেশ দেন, যাতে পুরো সমাজের পুরুষদের জন্য এটি একটি কঠোর বার্তা হিসেবে কাজ করে।
তাই নারী নির্যাতনের এই ভয়াবহ বৈশ্বিক সংকট থেকে মানবজাতিকে মুক্ত করতে হলে মানবরচিত ধর্মনিরপেক্ষতাবাদের ভিত্তিতে তথাকথিত আধুনিক আইনের পরিবর্তে প্রয়োজন ইসলামের একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত সমাধান ব্যবস্থা, যা একমাত্র ইসলামী রাষ্ট্রব্যবস্থা বা খিলাফত ব্যবস্থার অধীনেই সম্ভব।
- ইঞ্জিনিয়ার মো: হাফিজুর রহমান
