আব্রাহাম চুক্তির সম্প্রসারণ — একটি আব্রাহামিক ফেডারেশনের পথে এক ধাপ



২০২৬ সালের ২৫ মে, সোমবার, সিএনএন জানায় যে, ইরানের সঙ্গে যুদ্ধের অবসানসংক্রান্ত কোনো চুক্তি সম্পন্ন হওয়ার পর মধ্যপ্রাচ্য ও অন্যান্য রাষ্ট্রের জন্য আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করাকে ট্রাম্প বাধ্যতামূলক শর্ত হিসেবে উপস্থাপন করেছে। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেয়া একটি দীর্ঘ পোস্টে ট্রাম্প বলে, “I am mandatorily requesting that all Countries immediately sign the Abraham Accords, and that, if Iran signs its Agreement with me, as President of the United States of America, it would be an Honor to have them also be part of this unparalleled World Coalition.” সে আরও জানায়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিসর ও বাহরাইনের নেতাদের সঙ্গে টেলিফোনে সে এ বিষয়ে আলোচনা করেছে। তার বক্তব্য অনুযায়ী, আব্রাহাম চুক্তিতে যোগদান একটি মৌলিক পূর্বশর্ত হওয়া উচিত। এসব বক্তব্য থেকে বোঝা যায় যে, ট্রাম্প প্রশাসন আব্রাহাম চুক্তির সম্প্রসারণকে তার যুদ্ধনীতি ও পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে বিবেচনা করছে। 

এই চুক্তিগুলোর প্রকৃতি কী এবং এগুলো সম্প্রসারণের পেছনে প্রকৃত উদ্দেশ্যই বা কী? 

আব্রাহাম চুক্তি স্বাক্ষরের বহু বছর আগে থেকেই পশ্চিমা বিশ্বের সঙ্গে ঘনিষ্ঠ রাজনৈতিক ও একাডেমিক মহলে “আব্রাহামিক ধর্ম” (Abrahamic Religion) ধারণাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছিল এবং এখনো চলছে। এই ধারণা ইসলাম, খ্রিস্টধর্ম ও ইহুদিধর্ম—এই তিন আব্রাহামিক ধর্মের পাশাপাশি দ্রুজ, নুসাইরি ও ইসমাইলিদের মতো বিভিন্ন শাখাকে একত্র করে একটি নতুন ধর্মে পরিণত করার কথা বলে। এমনকি বৌদ্ধধর্মের মতো হযরত ইবরাহিম (আ.)-এর সঙ্গে সম্পর্কহীন ধর্মকেও এই কাঠামোর অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে।

২০২০ সালের ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটন ডিসিতে স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ড হলো ইসরায়েল ও বেশ কয়েকটি আরব/মুসলিম-প্রধান দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের একটি সিরিজ চুক্তি, যা শুরু হয় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনকে দিয়ে — এই দুই দেশ ১৯৯৪ সালে জর্ডানের পর প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়, এরপর ২০২০ সালের ডিসেম্বরে মরক্কো যোগ দেয়, আর ২০২১ সালের জানুয়ারিতে সুদান সম্মত হলেও অভ্যন্তরীণ ও রাজনৈতিক অস্থিরতার কারণে সেই চুক্তি এখনও অনুমোদিত হয়নি। আর সাম্প্রতিক অগ্রগতি হিসেবে ২০২৫ সালের নভেম্বরে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম সম্প্রসারণ হিসেবে কাজাখস্তানের যোগদান ঘোষণা করে, এবং এখন সিরিয়া ও সৌদি আরবকেও যুক্ত করার আলোচনা চলছে।

বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠান ও ব্যক্তিত্বরা ইসলামী আকীদার সঙ্গে এই “আব্রাহামিক ধর্ম” ধারণার সুস্পষ্ট সাংঘর্ষিক অবস্থানের কারণে এই ধারণাকে দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছেন। এটি প্রমাণিত যে, “আব্রাহামিক ধর্ম” হচ্ছে মুলত ইসলামের বিরুদ্ধে পরিকল্পিত একটি প্রকল্প। এর প্রবক্তারা প্রথমে আন্তঃধর্মীয় নৈকট্য (Interfaith Rapprochement), এরপর ঐক্য (Religious Unification), এবং শেষ পর্যন্ত বিভিন্ন ধর্মকে একীভূত করে একটি বৈশ্বিক ধর্ম গঠনের কথা বলে। এর একটি প্রকাশ্য উদাহরণ হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রতিষ্ঠিত আব্রাহামিক ফ্যামিলি হাউস কমপ্লেক্স (Abrahamic Family House Complex), যেখানে একই স্থানে তিনটি ধর্মের উপাসনালয় স্থাপন করা হয়েছে। এর পরবর্তী পর্যায়ে কুরআন, তাওরাত ও বাইবেলকে একই মলাটে প্রকাশ করা হয় এবং ইহুদি, খ্রিস্টান ও মুসলিমদের একত্র করে “আব্রাহামিক প্রার্থনা” (Abrahamic Prayer) বা “ইবরাহিমের সন্তানদের প্রার্থনা” (Prayer of the Children of Abraham) নামে যৌথ প্রার্থনার আয়োজনের মতো উদ্যোগ দেখা যায়। এসব যৌথ কর্মকাণ্ডের উদ্দেশ্য হচ্ছে মুসলিম জনগোষ্ঠীদের মধ্যে পবিত্র ভূমি দখলকারী ইহুদিদের সাথে বন্ধুত্বের প্রতিবন্ধকতা দূর করা।

নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, আব্রাহামবাদ (Abrahamism) শব্দটি কেবল ধর্মীয় কোনো ধারণাকে নির্দেশ করে না, বরং এর একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মাত্রাও রয়েছে। এটি মূলত মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে গড়ে উঠা একটি বৃহত্তর রাজনৈতিক প্রকল্পের পূর্বধাপ হিসেবে কাজ করছে, যা বিভিন্ন নামে পরিচিত—যেমন আব্রাহামিক ফেডারেশন (Abrahamic Federation), ইউনাইটেড স্টেটস অব আব্রাহাম (The United States of Abraham) কিংবা নিউ মিডল ইস্ট (New Middle East)। এ ধরনের রাজনৈতিক প্রকল্পকে বৈধতা দেয়া এবং দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখার জন্য একটি নতুন সাংস্কৃতিক ও সভ্যতাগত বয়ানের প্রয়োজন হয়। এ কারণেই আব্রাহামিক প্রতীককে (Abrahamic Symbol) একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। 

আব্রাহামিক প্রকল্প নিয়ে আলোচনা গত পাঁচ বছরে শুরু হয়নি, কিংবা ২০২০ সালে স্বাক্ষরিত ‘আব্রাহাম চুক্তি’ নামে পরিচিত সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তিগুলো থেকেও এর উৎপত্তি নয়। বরং এসব ধারণা ও প্রকল্পের আলোচনা তারও বহু বছর আগে থেকে চলে আসছে। তাই নিচে এসব পরিভাষার উৎপত্তি এবং যে যে প্রেক্ষাপটে এগুলো ব্যবহৃত হয়েছে, তার একটি সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরা হলো:

(১) Abrahamic Federalism or the United States of Abraham:

আরব বিশ্বের সমসাময়িক আলোচনায় “আব্রাহামিক ফেডারেলিজম” বলতে সাধারণত কোনো ধর্মীয় ধারণাকে বোঝানো হয় না। এই দৃষ্টিভঙ্গি একটি “অভিন্ন আব্রাহামিক ঐতিহ্য” (Shared Abrahamic Heritage) ধারণার উপর প্রতিষ্ঠিত। এর কল্পিত নেতৃত্ব কাঠামোর কেন্দ্রে থাকবে ইহুদি রাষ্ট্র ও তুরস্ক; এবং পুরো কাঠামোটি থাকবে মার্কিন নিয়ন্ত্রণে যেখানে আরব ও ইরানের অংশগ্রহণও থাকবে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯০-এর দশকে এসব রাজনৈতিক প্রকল্প নিয়ে আলোচনা শুরু হয়। সে সময় মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ “নতুন মধ্যপ্রাচ্য” শব্দযুগলটিকে জনপ্রিয় করে তোলে। ১৯৯৩ সালে অসলো চুক্তি স্বাক্ষরের পর শিমন পেরেজ (Shimon Peres) এই “নতুন মধ্যপ্রাচ্য” ধারণাকে জোরালোভাবে সমর্থন করে এবং The New Middle East নামে একটি বইও লেখে। এটি সর্বজনবিদিত যে, এই শিমন পেরেজ দীর্ঘ সময় ধরে অবৈধ ইহুদি রাষ্ট্রটির পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং পরবর্তীতে রাষ্ট্রপতির মতো বিভিন্ন উচ্চপদে দায়িত্ব পালন করেছে।

পরবর্তীতে মার্কিন থিংক ট্যাংকগুলো থেকে এ বিষয়ে কৌশলগত গবেষণা প্রকাশিত হতে শুরু করে। যদিও ফ্রান্সিস ফুকুইয়ামা তার The End of History and the Last Man গ্রন্থে আমেরিকান মডেলের শ্রেষ্ঠত্বের ধারণা তুলে ধরে, পরবর্তীতে ২০১০ সালে তিনি তার অবস্থান সংশোধন করে বলে যে, ধর্মসমূহের একীভূতকরণের মাধ্যমেই এ ধরনের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৩ সালের একটি ভাষণে “বৈশ্বিক ধর্ম” (global religion) শব্দটি ব্যবহার করে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েও আব্রাহামবাদ, আব্রাহামিক উদ্যোগ এবং এর রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে বিভিন্ন একাডেমিক সেমিনার ও আলোচনা অনুষ্ঠিত হয়—যা আব্রাহাম চুক্তি স্বাক্ষরের বহু বছর আগের ঘটনা।

ডোনাল্ড ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পর “ডিল অব দ্য সেঞ্চুরি” নামে পরিচিত বৃহত্তর কাঠামোর ব্যবহারিক ও কার্যকর ভিত্তি স্থাপনের কাজ শুরু করে। ট্রাম্পের উপদেষ্টা ও মধ্যপ্রাচ্যবিষয়ক দূত জ্যারেড কুশনার বলেন, ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি স্কাই নিউজ আরাবিয়াকে দেয়া এক ব্যক্তিগত সাক্ষাৎকারে বলে, এই পরিকল্পনার লক্ষ্য হলো “ইসরায়েলি জনগণকে” বৃহত্তর অঞ্চলের সঙ্গে যথাযথভাবে একীভূত করা। সে রাজনৈতিক সীমান্ত পরিবর্তনের সম্ভাবনার কথাও উল্লেখ করে এবং বলে যে, এ পরিকল্পনার অর্থনৈতিক প্রভাব পুরো অঞ্চলের উপর পড়তে পারে”।

তুরস্কের বিভিন্ন সরকারী কর্মকর্তার অবস্থান ও বক্তব্যও এই “Abrahamic Federation” প্রজেক্টকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। কারণ তুরস্ক সরকার মূলত এমন এক সরকার যা যুক্তরাষ্ট্রের পলিসির সাথে সামঞ্জস্য রেখেই চলছে এবং এমনভাবে তাদের পলিসি বাস্তবায়ন করছে যাতে যুক্তরাষ্ট্রের স্বার্থ অক্ষুন্ন থাকে এবং অবৈধ ইহুদি রাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের সঙ্গে একীভূত করার পথ তৈরি হয়। এর একটি সাম্প্রতিক উদাহরণ হলো তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের ২০২৬ সালের ৩১ মে জাপানি সংবাদপত্র Nikkei Asia-কে দেওয়া সাক্ষাৎকারে আলোচিত রাজনৈতিক উদ্যোগ (Political Initiative)। সে পাকিস্তান থেকে আরব উপসাগর পর্যন্ত বিস্তৃত একটি নতুন ও সমন্বিত আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনের ধারণা তুলে ধরে যেখানে ‘ইসরায়েল’ও এই কাঠামোর অংশ হতে পারে, যদি তারা ভবিষ্যতে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। সে এই উদ্যোগকে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর জন্য পারস্পরিক স্বীকৃতি, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার ভিত্তিতে সহযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলার একটি “সোনালি সুযোগ” হিসেবে বর্ণনা করেন। সে ব্যাখ্যা করে যে, প্রাথমিক পর্যায়ে এই নিরাপত্তা কাঠামোয় তুরস্ক, পাকিস্তান, মিসর, সৌদি আরব এবং উপসাগরীয় অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রকে অন্তর্ভুক্ত করা হবে। আঞ্চলিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে ইরানও এতে যোগ দিতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। তিনি আরও বলেন, ফিলিস্তিন ইস্যুর সমাধান হলে আঞ্চলিক রাষ্ট্রগুলো ইহুদি রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

(২) The Abraham Path

The Abraham Path একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক ও পর্যটন প্রকল্প, যা ২০০৭ সালে চালু হয়। এর উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে দীর্ঘ দূরত্বের হাঁটার পথের একটি নেটওয়ার্ক তৈরি করা, যা প্রতীকীভাবে এবং আনুমানিক ঐতিহাসিক ধারাবাহিকতার ভিত্তিতে হযরত ইবরাহিম (আ.)-এর ভ্রমণপথ অনুসরণ করবে। অর্থাৎ ইব্রাহিম (আ.) তার জীবদ্দশায় যেসকল স্থানে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করতে ভ্রমন করেছেন সেসকল স্থানকে চিহ্নিত করে একটি ট্রেইল তৈরী করা এবং একে অনুসরণ করে হাঁটার নেটওয়ার্ক তৈরি করা। তবে এই প্রকল্পকে শুধু একটি পর্যটন উদ্যোগ হিসেবে সীমাবদ্ধ রাখা হয়নি। বরং এর সঙ্গে সাংস্কৃতিক ও রাজনৈতিক লক্ষ্যও যুক্ত আছে যার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা, মানসিক প্রতিবন্ধকতা দূর করা এবং Common Ground খুঁজে বের করা। আর এর মাধ্যমে মূলত “আব্রাহামিক ধর্ম” ও “আব্রাহামিক ফেডারেশন” ধারণার পথ সুগম করার দ্বার উন্মোচন হবে।

(৩) আব্রাহাম চুক্তি (The Abraham Accords)

The Abraham Accords (আব্রাহাম চুক্তি) একটি রাজনৈতিক শব্দ, এটি কোন ধর্মীয় শব্দ নয়। এই চুক্তি মূলত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অবৈধ ইহুদি রাষ্ট্র এবং কয়েকটি আরব রাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য সম্পাদিত একাধিক চুক্তিকে বোঝায়। এই প্রক্রিয়া ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনকে নিয়ে ‘Gulf-Jewish Agreement’ এর মাধ্যমে শুরু হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রচলিত রাজনৈতিক চুক্তির মতো এসব চুক্তির নাম কোনো পৃষ্ঠপোষক রাষ্ট্র বা চুক্তি স্বাক্ষরের স্থানের নামে রাখা হয়নি। যুক্তরাষ্ট্র এই চুক্তিগুলোর পরিধি সম্প্রসারণে কাজ করেছে এবং এখনো করছে। পরবর্তীতে সুদান ও মরক্কো এতে যুক্ত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বর্তমানে সৌদি আরব, সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রকেও এতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে। এই সম্প্রসারণ মূলত “আব্রাহামিক ফেডারেশন” প্রতিষ্ঠার চূড়ান্ত লক্ষ্যের দিকে একটি বড় পদক্ষেপ।

(৪) আব্রাহামিক আন্দোলন (The Abrahamic Movement)

সম্প্রতি “আব্রাহামিক আন্দোলন” শব্দটি এমন বিভিন্ন আন্দোলন, উদ্যোগ (initiatives) ও ধারণাকে বোঝাতে ব্যবহৃত হচ্ছে, যেগুলো মধ্যপ্রাচ্য অঞ্চলের রাষ্ট্র ও জনগণের মধ্যে পারস্পরিক নৈকট্য, সংলাপ, শান্তিপূর্ণ সহাবস্থান এবং রাজনৈতিক সমন্বয়কে উৎসাহিত করে। এই আন্দোলনে ইসলাম, খ্রিস্টধর্ম ও ইহুদিধর্মের অনুসারীদের মধ্যে সহযোগিতার কথাও বলা হয় এবং যুক্তি হিসেবে তুলে ধরা হয় যে হযরত ইবরাহিম (আ.) হচ্ছেন এই তিন ধর্মেরই অভিন্ন ব্যক্তিত্ব। যেহেতু এই ধর্মের অনুসারীরা একই পূর্বসূরীকে অনুসরণ করে সেহেতু তাদের মধ্যে বোঝাপড়া থাকা স্বাভাবিক বিষয়।

টম ওয়েগনারকে এসব আন্দোলনের একজন অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়। সে একজন ইহুদি রাজনীতিক ও কৌশলগত পরামর্শক। সে পূর্বে সাবেক “ইসরায়েলি” প্রধানমন্ত্রী এহুদ বারাকের মুখপাত্র হিসেবে কাজ করেছে এবং ‘Peres Center for Peace’ এর পরামর্শক ও জনসংযোগ পরিচালক ছিল। ২০২৫ সালে সে ‘The Abrahamic Revolution: A Middle East Peace Formula’ নামে একটি বই লেখে। বইটিকে “পলিটিক্যাল আব্রাহামিজম” ধারণার প্রতিষ্ঠাকালীন ঘোষণাপত্র হিসেবে উপস্থাপন করা হয় এবং এটি আব্রাহামিক আন্দোলনের বুদ্ধিবৃত্তিক ভিত্তি হিসেবে বিবেচিত। ওয়েগনারকে “আব্রাহামিক ফেডারেলিজম” ধারণার অন্যতম প্রধান তাত্ত্বিক হিসেবেও উপস্থাপন করা হয়। এসব আব্রাহামিক আন্দোলনের লক্ষ্য শুধু সাংস্কৃতিক পর্যায়ে শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠা নয়; বরং রাজনৈতিক নৈকট্য বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্র ও জনগণের মধ্যে একটি অভিন্ন আঞ্চলিক পরিচয় নির্মাণও এর অন্তর্ভুক্ত।

দখলদার ইহুদি রাষ্ট্রের ভেতরেও “আব্রাহামিক আন্দোলন” নামে প্রকাশ্য একটি আন্দোলনের উপস্থিতি রয়েছে, যার অন্যতম লক্ষ্য হিসেবে আঞ্চলিক সংঘাত সমাধানের একটি উপায় হিসেবে “আব্রাহামিক ফেডারেলিজম” প্রকল্পকে সমর্থনের কথা উল্লেখ করা হয়েছে।

কিছু আরব দেশেও এ আন্দোলনের উপস্থিতি দেখতে পাওয়া যায়। যেমন, ইরাকে এ আন্দোলন পরিচালিত হয় একটি সক্রিয় ফেসবুক পেজ এর মাধ্যমে। সেখানে টম ওয়েগনারকে আন্দোলনের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একজন পরামর্শক ও কৌশলগত বিশেষজ্ঞ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলটির ভবিষ্যৎ নিয়ে “ইউনাইটেড স্টেটস অব আব্রাহাম” ধারণা ব্যবহার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সিরিয়াতেও আব্রাহামিক আন্দোলনের একটি শাখা প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে বিভিন্ন আরব দেশ ও তুরস্কে ভিন্ন ভিন্ন নামে আন্তঃধর্মীয় সংলাপ কেন্দ্র, আব্রাহামিক ঐতিহ্য গবেষণা কেন্দ্র এবং সংযুক্ত আরব আমিরাতের আব্রাহামিক ফ্যামিলি হাউসের মতো বিভিন্ন কেন্দ্র ও উদ্যোগ পরিচালিত হচ্ছে। এসব বাস্তবতায় বুঝা যাচ্ছে যে, আব্রাহামবাদ একটি একক, কেন্দ্রীয় নেতৃত্বাধীন বা নির্দিষ্ট বৈশ্বিক সাংগঠনিক কাঠামোর আন্দোলন নয়; বরং বিভিন্ন নাম ও কাঠামোর অধীনে পরিচালিত নানা উদ্যোগের সমষ্টি হিসেবে উপস্থাপিত হয়েছে।

“আব্রাহামবাদ” শব্দটি প্রধানত এসব রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও আঞ্চলিক প্রেক্ষাপটে ব্যবহৃত হয়। তাই পশ্চিমা শক্তি এবং তাদের সহযোগীরা যখন আব্রাহামবাদ নিয়ে আলোচনা করে, তখন এর দীর্ঘমেয়াদি রাজনৈতিক লক্ষ্যগুলো সম্পর্কে সচেতন থাকা এবং সেই লক্ষ্য বাস্তবায়নের পথ তৈরি করে এমন কর্মকাণ্ডকে বিশ্লেষণ করা প্রয়োজন। শুধু “আব্রাহামিক ধর্ম” ধারণাটি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এবং ইসলামী আকীদার বিরোধী—এ কথা বলাই যথেষ্ট নয়। আন্তঃধর্মীয় সংলাপের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের কেবল বিমূর্ত বুদ্ধিবৃত্তিক মতামতধারী ব্যক্তি হিসেবেও দেখার সুযোগ নেই; বরং এগুলোকে বৃহত্তর রাজনৈতিক প্রকল্পের অংশ হিসেবে বিবেচনা করতে হবে। এগুলোকে যুক্তরাষ্ট্র ও ইহুদি রাষ্ট্রের রাজনৈতিক স্বার্থ বাস্তবায়নের উপকরণ হিসেবে বিবেচনা করতে হবে। যেহেতু এসব কর্মকাণ্ডের একটি রাজনৈতিক মাত্রা রয়েছে, তাই এগুলোর মোকাবিলাও কার্যকর রাজনৈতিক প্রতিক্রিয়ার মাধ্যমে করতে হবে।

    -    মূল লেখা: আইমান সালাহ (ফিলিস্তিন)

           সংকলন ও অনুবাদ করেছেন: মোঃ হাফিজুর রহমান

Previous Post Next Post