মেগাপ্রকল্পে 'সফট লোন'-এর ছদ্মাবরণে জাইকার বাণিজ্যিক এবং কৌশলগত স্থার্থ হাসিল: ইসলামের মেগাপ্রকল্প অর্থয়ানের মডেল


বাংলাদেশের নীতি নির্ধারকদের নিকট স্বল্প সুদ এবং দীর্ঘ মেয়াদের কারণে জাপনি ঋণ প্রকল্প অর্থায়নের একটি কাঙ্খিত উৎস। কিন্তু, সাম্প্রতিক সময় মেট্রোরেল প্রকল্পগুলোর উচ্চ ব্যায়, জাপানি প্রযুক্তি এবং জাপানি ঠিকাদার নিয়োগের বাধ্যবাধকতা নিয়ে বিস্তারিত তথ্য সামনে আসার পরে জনগন জাপানি ঋণের সাথে শোষণমূলক অনান্য বিদেশী ঋণের কোন পার্থক্য করতে পারছে না। (বিস্তারিত জানতে দেখুন: মেট্রোরেলের ফাঁদে ঢাকা, চাপ বাড়ছে ঋণের আমাদেরসময়.কম, ১৯ সেপ্টেম্বর ২০২৬)। জাইকা স্পষ্টত বাংলাদেশকে পেয়ে বসেছে বলে চিহ্নিত করে বিশেষজ্ঞরা জাইকার ঋণ চুক্তি থেকে বেরিয়ে আসার তাগিদ দিচ্ছে। (বিস্তারিত জানতে দেখুন: মেট্রোরেল: অতিমূল্যায়িত প্রকল্পের ফাঁদ থেকে কি মুক্তি নেই, প্রথম আলো, ১০ সেপ্টেম্বর ২০২৬)।

জাইকার ঋণ কি আসলেই সুবিধাজনক? 

জাপানি ঋণের কাঠামো আপাতদৃষ্টিতে সহযোগিতামূলক মনে হলেও, অনেক ক্ষেত্রে তা ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানের মতোই শোষণমূলক। ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো দরিদ্র মানুষের দুর্দশায় আবেগ তাড়িত হয়ে জামানতবিহীন উচ্চ সুদের ঋণ দিয়ে তাদের বিশাল উপকার করছে বলে দাবি করে। কিন্তু বাস্তবে জামানতবিহীন এই ঋণ পরিশোধ করতে গিয়ে ঋণগ্রহীতারা আরও বেশি দরিদ্র হয়ে পড়ে; এমনকি অনেকে ঋণের চাপ সামলাতে না পেরে আত্মহত্যার পথও বেছে নেয়। জাপানি ঋণও এই ধরনের সহায়তার ছদ্মাবরণে মূলত কৌশলগত ও বাণিজ্যিক স্বার্থনির্ভর। উদাহরণস্বরূপ, জাপানি অর্থায়নে নির্মিত মেট্রোরেল বা বিদ্যুৎ উৎপাদন প্রকল্পগুলোর মূল লক্ষ্য হলো জাপানি প্রযুক্তি চড়া দামে বিক্রি করা এবং তাদের নিজস্ব ঠিকাদার ও বিশেষজ্ঞদের কাজের ব্যবস্থা করা। জাইকার ঋণের শর্তানুসারেই দরপত্রের নিয়মাবলী নির্ধারিত হয়, যার ফলে জাপান ছাড়া অন্য কোনো দেশের ঠিকাদার ও পরামর্শকদের কাজ পাওয়ার সুযোগ থাকে না বললেই চলে। এসব প্রকল্পে জাপানি প্রতিষ্ঠানই সম্ভাব্যতা যাচাই সমীক্ষা চালায় এবং তারাই এর নকশা প্রস্তুত করে (বিস্তারিত দেখতে পারেন: “উচ্চ ব্যয় ও ঋণে মেট্রোরেল নিয়ে সতর্কবার্তা”, সমকাল, ১৯ সেপ্টেম্বর ২০২৬)। ফলে, বাহ্যিকভাবে সুদের হার কম মনে হলেও, জাইকা বা জাপানের অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর চূড়ান্ত বাস্তবায়ন ব্যয় অত্যন্ত বেশি হয়—যা দিনশেষে দেশের জনগণের ঘাড়ে এক অন্যায্য অর্থনৈতিক বোঝা হিসেবে চেপে বসে।

জাইকার ঋণের বিকল্প কি? 

বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবির মতো বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠানগুলো অর্থনৈতিক কাঠামোগত সংস্কারের নামে উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে বৈদেশিক বহুজাতিক কোম্পানি এবং নব্য-উপনিবেশবাদী শক্তির আধিপত্য বিস্তারের ঝুঁকি তৈরি করে। অন্যদিকে, জাইকার মতো দ্বিপাক্ষিক ঋণদাতা সংস্থাগুলো এসব বহুপাক্ষিক প্রতিষ্ঠানের মতো সরাসরি আগ্রাসী না হলেও, তারা মূলত নিজেদের দেশের আর্থিক ও কৌশলগত স্বার্থ রক্ষায় কাজ করে। তাই, জাইকার অর্থায়নের বিকল্প হিসেবে চীনা অর্থায়নও কোনো টেকসই সমাধান নয় (বিস্তারিত দেখতে পারেন: “চীনা ঋণের ফাঁদে ১৬৫ দেশ, আছে বাংলাদেশও”, চ্যানেল ২৪, ৩১ জানুয়ারি ২০২৪)।

অতএব, বৈদেশিক কোনো রাষ্ট্রের নিকট থেকে ঋণ নেয়া আদতে কোনো সমাধান নয়; বরং একটি সমস্যার সমাধান করতে গিয়ে নতুন সমস্যার সৃষ্টি করা এবং তাদের আধিপত্যের শৃঙ্খলে নিজেদের আবদ্ধ করা। তদুপরি, মুসলিমদের জন্য কোনো উপনিবেশবাদী বা অমুসলিম শক্তির অর্থনৈতিক ও কৌশলগত আধিপত্যের শৃঙ্খলে আবদ্ধ হওয়া ইসলামে স্পষ্ট নিষিদ্ধ। এ প্রসঙ্গে পবিত্র কুর‘আন-এ এরশাদ হয়েছে: “...এবং কিছুতেই আল্লাহ্‌ মু‘মিনদের উপর কাফিরদের কর্তৃত্ব বা আধিপত্যের কোন পথকে মেনে নিবেন না” (সূরা আন-নিসা : ১৪১)।

কীভাবে আমরা বিদেশী ঋণের দুষ্টচক্রে আটকালাম?

ব্রিটিশ উপনিবেশিক শাসন, লুণ্ঠন ও শোষণের মাধ্যমে বিশ্বের অন্যতম সমৃদ্ধ জনপদ বাংলাকে এক দুর্ভিক্ষ পীড়িত ও দরিদ্র ভূখণ্ডে পরিণত করেছিল; অথচ মুসলিম শাসনামলে এই বাংলা বিশ্ব উৎপাদনের প্রায় ২৫% সরবরাহ করত। পরবর্তীতে, ১৯৮৬ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) 'স্ট্রাকচারাল এডজাস্টমেন্ট ফ্যাসিলিটি' (SAF)-এর অধীনে আনুষ্ঠানিকভাবে 'স্ট্রাকচারাল এডজাস্টমেন্ট প্রোগ্রাম' (SAP) নীতি বাস্তবায়ন করা হয়। গণহারে বেসরকারীকরণ ও বাণিজ্য উদারীকরণের মাধ্যমে অর্থনীতিকে পুরোপুরি বেসরকারি খাতনির্ভর করে ফেলা হয়, যার ফলে জনগণের উপর কর আরোপ ছাড়া সরকারের আয়ের আর কোনো বড় উৎস অবশিষ্ট থাকে না।

তবে অর্জিত রাজস্ব আয় সরকারের দৈনন্দিন ও পরিচালনা ব্যয় পূরণের জন্যই যথেষ্ট নয়। এর ফলে সরকারের প্রায় সকল উন্নয়ন প্রকল্পই হয়ে পড়ে পুরোপুরি ঋণনির্ভর। আর এসব ঋণনির্ভর প্রকল্পের আসল ও সুদ পরিশোধ করতে গিয়ে দিন দিন সরকারের পরিচালনা ব্যয় আশঙ্কাজনকভাবে বাড়ছে এবং তৈরি হচ্ছে বিশাল বাজেট ঘাটতি। এভাবে সরকার বর্তমানে 'মেগা উন্নয়ন প্রকল্প ➔ বৈদেশিক ঋণ ➔ সুদ পরিশোধ ➔ বাড়তি পরিচালনা ব্যয় ➔ উচ্চ কর ➔ বাজেট সহায়তার ঋণ'—এর এক মারাত্মক দুষ্টচক্রে আটকে পড়েছে।

জনগুরুত্বপূর্ণ মেগা প্রকল্প অর্থায়নে খিলাফত রাষ্ট্রের মডেল :

ঋণনির্ভর ও শোষণমূলক পুঁজিবাদী অর্থায়ন কাঠামোর বিপরীতে ইসলামের রয়েছে নিজস্ব, স্বাধীন ও অত্যন্ত কার্যকর বিকল্প অর্থায়ন মডেল। জনগণের জীবনযাত্রা সহজ, নিরাপদ ও উন্নত করা ইসলামী রাষ্ট্রের (খিলাফতের) অন্যতম মৌলিক অগ্রাধিকার। আবদুল্লাহ্‌ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ্‌ (সাঃ) এরশাদ করেছেন: “...অতএব ইমাম (রাষ্ট্রপ্রধান/খলিফা), যিনি জনগণের দায়িত্বশীল, তিনি তার অধীনস্থদের (কল্যাণ ও সুরক্ষা) সম্পর্কে জিজ্ঞাসিত হবেন...” (সহীহ্‌ বুখারী : ৮৯৩, সহীহ্‌ মুসলিম: ১৮২৯)। রাষ্ট্র জনগণের প্রতিনিধি হিসেবে তাদের জীবনযাত্রার মানোন্নয়নে অবকাঠামোগত প্রকল্প গ্রহণে দায়বদ্ধ। এই সামাজিক ও নাগরিক দায়িত্ব পালনে ইসলামী অর্থনীতিতে বৈদেশিক বা সুদভিত্তিক ঋণের পরিবর্তে বিকল্প অর্থায়নের চারটি প্রধান স্তম্ভ রয়েছে:

১. সাধারণ রাষ্ট্রীয় রাজস্ব :

রাষ্ট্র তার বায়তুল মালে সংরক্ষিত নিয়মিত ও সাধারণ আয়ের (যেমন: যাকাত, খারাজ, জিজিয়া, উশর ইত্যাদি) অতিরিক্ত অংশ ব্যবহার করে জনগণের জনকল্যাণমূলক প্রকল্পসমূহ বাস্তবায়ন করবে।

২. গণমালিকানাধীন সম্পদের আয় : 

ইসলামী নীতিতে সকল নাগরিকের জন্য যৌথ মালিকানাধীন কিছু মৌলিক সম্পদ নির্দিষ্ট রয়েছে। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন: “মুসলিমরা তিনটি বিষয়ে পরস্পরের অংশীদার: পানি, চারণভূমি ও আগুন (জ্বালানি/শক্তি)” (সুনানে আবূ দাউদ : ৩৪৭৭)। রাষ্ট্র জনগণের প্রতিনিধি হিসেবে এসব গণমালিকানাধীন প্রাকৃতিক সম্পদের (যেমন: গ্যাস, খনিজ তেল, খনিজ পদার্থ, কয়লা, পানি ইত্যাদি) উত্তোলন, ব্যবস্থাপনা ও বণ্টনের দায়িত্ব পালন করবে। এই প্রাকৃতিক সম্পদের আয় কোনো ব্যক্তি বা বিদেশী বহুজাতিক কোম্পানির পকেটে না গিয়ে সরাসরি রাষ্ট্রীয় তহবিলে জমা হবে। পরবর্তীতে এই আয় দিয়ে মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে বা মহাসড়কের মতো বিশাল মেগা প্রকল্পগুলোর শতভাগ খরচ মেটানো হবে, যার সুফল সকল নাগরিক সমানভাবে ভোগ করবে।

৩. ওয়াকফ ও ধনীদের স্বেচ্ছাসেবী অংশগ্রহণ: 

যদি সাধারণ রাজস্ব বা গণমালিকানাধীন সম্পদের ফান্ডে সাময়িক অর্থসংকট থাকে, তবে রাষ্ট্র সমাজের সামর্থ্যবান ও ধনী ব্যক্তিদের জনগুরুত্বপূর্ণ অবকাঠামোয় অর্থায়নে উৎসাহিত করবে। মদীনায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিলে রাসূলুল্লাহ্‌ (সাঃ) সাহাবীদের নিকট মদীনার 'বীর-ই-রুমা' (Beer-e-Ruma) নামক কুপটি ক্রয় করে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার আহ্বান জানান। এই আহ্বানে সাড়া দিয়ে হযরত উসমান (রা.) তাঁর ব্যক্তিগত অর্থ দিয়ে এক ইহুদির কাছ থেকে ওই সুপেয় পানির কূপটি চড়া মূল্যে কিনে নেন এবং তা সার্বজনীন ওয়াকফ (Public Commons) হিসেবে ঘোষণা করেন।

৪. জরুরি বা বিশেষ কর আরোপ:

অত্যন্ত জরুরি ও জনগুরুত্বপূর্ণ মেগা প্রকল্পের ক্ষেত্রে রাষ্ট্রীয় ফান্ডে অর্থ না থাকলে খলিফা বিশেষ পরিস্থিতিতে 'নওয়াইব' (Nawa'ib) বা বিশেষ কর আরোপ করতে পারেন। তবে এই কর আরোপের ক্ষেত্রে তিনটি শারী‘আহ্‌ শর্ত কঠোরভাবে পালন করা বাধ্যতামূলক: 

সার্বজনীন প্রয়োজন: প্রকল্পটির প্রয়োজন বাধ্যতামূলক ও সার্বজনীন হতে হবে (অর্থাৎ এর অভাব পুরো সমাজের উপর সংকট তৈরি করে)। 

অস্থায়ী: এই করকে কখনোই স্থায়ী কর হিসেবে রূপান্তর করা যাবে না। প্রকল্পের প্রয়োজনীয় অর্থ সংস্থান হওয়া মাত্রই করটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

কেবল উদ্বৃত্ত সম্পদে ধ্যার্য: এই কর সাধারণ জনগণের উপর নয়; বরং শুধুমাত্র সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের উদ্বৃত্ত সম্পদের উপর ধার্য করা হবে।

ঐতিহাসিক বাস্তবতা: ঋণমুক্ত মেগা প্রকল্পের উদাহরণ (দোলাইখাল)

ইসলামি খিলাফত ও মুসলিম শাসনের ইতিহাসে কোনো বহিরাগত বা বিদেশী ঋণ গ্রহণ না করেই অগণিত মেগা প্রকল্প বাস্তবায়নের সমৃদ্ধ উদাহরণ রয়েছে। ১৭ শতকের ঢাকা শহরের 'দোলাইখাল' এর একটি উৎকৃষ্ট দৃষ্টান্ত:

১৬১০ খ্রিষ্টাব্দে মুঘল সুবাদার ইসলাম খান যখন ঢাকাকে বাংলার রাজধানী হিসেবে গড়ে তোলেন, তখন কারিগরি সক্ষমতা এবং নগর অবকাঠামোর স্কেল বিবেচনা করলে 'দোলাইখাল' খনন ছিল তৎকালীন সময়ের একটি যুগান্তকারী 'মেগা প্রকল্প'। বুড়িগঙ্গা নদী থেকে শুরু করে বালু নদী পর্যন্ত খালটির প্রধান প্রবাহের দৈর্ঘ্য ছিল প্রায় ৬ থেকে ৮ কিলোমিটার (শাখা খালগুলো ব্যতিরেকে)।

এই প্রকল্পের প্রধান দুটি কৌশলগত উদ্দেশ্য ছিল:

বর্ষাকালে ঢাকা শহরের অতিরিক্ত বৃষ্টিপাত ও প্লাবনের পানি দ্রুত নিষ্কাশন করে নদীগুলোতে ফেলে প্রাকৃতিক জলাবদ্ধতা নিরসন করা।

ঢাকার অভ্যন্তরীণ পাইকারি বাজারগুলোর (যেমন: চকমিলান, সুত্রাপুর, ইসলামপুর) সাথে প্রধান নদীগুলোর সরাসরি সংযোগ স্থাপন করে স্বল্পব্যয়ে পণ্য পরিবহনের জলপথ তৈরি করা।

এই বিশাল অবকাঠামো বাস্তবায়ন করতে গিয়ে মুসলিম শাসকরা কোনো বিদেশী শক্তি বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছ থেকে চড়া সুদে ঋণ নেননি। বরং রাষ্ট্রীয় কোষাগারের অর্থ ব্যবহারের পাশাপাশি তৎকালীন বিত্তবানদের নিজ নিজ সাধ্যানুযায়ী এই জনকল্যাণমূলক কাজে অংশ নিতে উৎসাহিত করেছিলেন। এর ফলে কোনো প্রকার সুদের বোঝা বা ঋণের দায় ছাড়াই ঢাকা একটি কৌশলগত স্থায়ী সম্পদ অর্জন করেছিল, যা সাড়ে তিনশত বছর ধরে ঢাকাবাসীকে বহুমুখী নাগরিক সুবিধা প্রদান করে এসেছে।

সুতরাং, বিদেশী ঋণ নির্ভর নব্য-উপনিবেশবাদী অর্থায়নের মডেলের বিকল্প ইসলামি অর্থনৈতিক এবং শাসন ব্যবস্থা (খিলাফত) বাস্তবায়নের পথ অনুসন্ধান করা নিষ্ঠাবান মুসলিমদের অন্যতম শারী‘আহ্‌ দায়িত্ব। “যদি জনপদের লোকেরা ঈমান আনত এবং তাকওয়া (আল্লাহ্‌ভীতি) অবলম্বন করত, তবে আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকতসমূহ উন্মুক্ত করে দিতাম। কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে; ফলে তাদের কৃতকর্মের কারণে আমি তাদের পাকড়াও করেছি” (সূরা আল-আরাফ : ৯৬)।

    -    মো: সিরাজুল ইসলাম, রাজনীতি ও অর্থনীতি বিশ্লেষক

Previous Post Next Post