১. ভূমিকা:
ডেঙ্গু পরিস্থিতি ও সংকটের মূল কারণ অনুসন্ধানঃ বাংলাদেশে ডেঙ্গু আর কেবল কোনো মৌসুমী রোগের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি প্রতিবছর জনজীবনের জন্য এক আতঙ্কজনক মহামারীতে রূপ নিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য সেবা অধিদপ্তরের (DGHS) তথ্যানুযায়ী, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২১ হাজার অতিক্রম করে এবং মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১,৭০৫ জনে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড এবং ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক প্রেস বিজ্ঞপ্তি ও পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অন্তত ৬৫,৪৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃতের সংখ্যা বেড়ে ১৯৫ জনে পৌঁছেছে (DGHS, 2026)। এই বেদনাদায়ক মৃত্যুমিছিল কেবল স্থানীয় মশক নিধন কর্মকর্তাদের গাফিলতি বা প্রশাসনিক সমন্বয়হীনতার ফল নয়; বরং এর গভীরে রয়েছে পুঁজিবাদী ব্যবস্থার মুনাফাকেন্দ্রিক স্বাস্থ্যসেবা নীতি, যেখানে নাগরিকের স্বাস্থ্যকে সেবা না ভেবে ব্যবসায়িক পণ্য হিসেবে দেখা হয়। ফলে, মহামারী তৈরি হলে তার মূল উপশম বা স্থায়ী পরিবেশগত প্রতিরোধের চেয়ে প্রাইভেট হাসপাতাল, এনএস১ (NS1) ও প্লাটিলেট টেস্ট কিট এবং ওষুধ খাতের বাণিজ্যিক মুনাফা অর্জনই এই ব্যবস্থার মূখ্য বিষয় হয়ে হয়ে দাঁড়ায়।
২. পুঁজিবাদের মুনাফানির্ভর স্বাস্থ্যব্যবস্থা ও ডেঙ্গু মহামারী
ক. স্বাস্থ্যসেবার পণ্যকরণ (Commodification of Healthcare): পুঁজিবাদী স্বাস্থ্যখাত যেকোনো রোগ সৃষ্টি কিংবা ছড়িয়ে পড়াকে ব্যবসায়িক মুনাফা অর্জনের নতুন সুযোগ হিসেবে দেখে। ডেঙ্গুর মতো সংক্রামক প্রাদুর্ভাব ঘটলে চিকিৎসা সেবা, ডায়াগনস্টিক পরীক্ষা এবং জরুরি জীবনরক্ষাকারী উপকরণের ব্যাপক বাণিজ্য শুরু হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (BIDS)-এর গবেষণা অনুসারে, দেশে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে একজন ডেঙ্গু রোগীর গড়ে প্রায় ৪৭,২৩০ টাকা ব্যয় হয়, যেখানে সরকারি হাসপাতালে এই খরচ প্রায় ২২,৩৭৯ টাকা (BIDS, 2021)। বেসরকারি হাসপাতালে আইসিইউ ও হাই ডিপেন্ডেন্সি ইউনিটের শয্যা সংকটকে কাজে লাগিয়ে প্রতিটি শয্যার জন্য বিপুল অঙ্কের টাকা আদায় করা হয়। এছাড়া, স্বাস্থ্য অধিদপ্তরের (DGHS) নির্ধারিত ফি স্বত্বেও ডেঙ্গু মৌসুমে এনএস১ (NS1) অ্যান্টিজেন টেস্ট, প্লাটিলেট কিট এবং রক্তের উপাদানের কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার প্রবণতা দেখা যায় (The Daily Star, 2023)। ফলে, রোগ প্রতিরোধ করার চেয়ে রোগভিত্তিক চিকিৎসা খাত থেকে মুনাফা তুলে নেওয়াকেই এই ব্যবস্থায় প্রাধান্য দেওয়া হয় ।
খ. প্রতিরোধমূলক ব্যবস্থার অবহেলা: পুঁজিবাদী স্বাস্থ্যখাত স্থায়ী রোগ প্রতিরোধের উদ্দেশ্যে বিনিয়োগ অলাভজনক মনে করে, কারণ এই খাত রাষ্ট্রকে প্রত্যক্ষ কোনো মুনাফা এনে দেয় না। পরিবেশগত নিরাপত্তা, স্থায়ী স্যানিটেশন, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং সার্বিক ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নের মতো “অ-মুনাফাভিত্তিক” ক্ষেত্রগুলো বরাবরই সরকারি বাজেটে উপেক্ষিত থাকে। বিশ্বস্বাস্থ্য সংস্থার (WHO) মতে, এডিস মশার বংশবৃদ্ধি সম্পূর্ণ রোধ করতে নগর ব্যবস্থাপনার স্থায়ী রূপান্তর ও সুনির্দিষ্ট নিষ্কাশন ব্যবস্থার কোনো বিকল্প নেই (WHO, 2023)। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (TIB)-এর বিভিন্ন পর্যালোচনায় স্পষ্ট যে, স্থানীয় সিটি কর্পোরেশন ও কর্তৃপক্ষগুলো স্থায়ী পরিচ্ছন্নতা ও বিজ্ঞানসম্মত ড্রেনেজ সংস্কার না করে কেবল লোকদেখানো অকার্যকর “কীটনাশক ফগিং” ও ওষুধ কেনার বাণিজ্যিক প্রক্রিয়াতেই প্রতিবছর কোটি কোটি টাকা ব্যয় করে (TIB, 2023)। এ ধরনের সাময়িক ও অকার্যকর পদক্ষেপ কেবল কীটনাশক ব্যবসায়ীদের লাভবান করে, যা ডেঙ্গু পরিস্থিতিকে বছরের পর বছর স্থায়ী রূপ দিচ্ছে।
গ. গবেষণার বাণিজ্যিকীকরণ: বিশ্বব্যাপী চিকিৎসা গবেষণা ও ভ্যাকসিন আবিষ্কারের পুরো নিয়ন্ত্রণ গুটিকয়েক বহুজাতিক ফার্মা কোম্পানিগুলোর একচেটিয়া আধিপত্যের (Pharma Monopoly) অধীনে বন্দী। আন্তর্জাতিক জনস্বাস্থ্য গবেষণায় “১০/৯০ বৈষম্য” (10/90 Gap) একটি প্রতিষ্ঠিত সত্য, যেখানে বৈশ্বিক স্বাস্থ্য গবেষণার ৯০ ভাগ অর্থ ব্যয় করা হয় উন্নত বিশ্বের মাত্র ১০ ভাগ ধনী জনগোষ্ঠীর জন্য লাভজনক রোগের পেছনে (Global Forum for Health Research, 2002)। অন্যদিকে, এশিয়া ও আফ্রিকার দরিদ্র অঞ্চলের লাখ লাখ মানুষকে সুনির্দিষ্টভাবে আক্রান্ত করা ডেঙ্গুর মতো ক্রান্তীয় সংক্রামক রোগগুলো (Tropical Diseases) ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলোর গবেষণার অগ্রাধিকার তালিকায় বেশ উপেক্ষিত থাকে। বহুজাতিক ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো দরিদ্র দেশের ক্রয়ক্ষমতাহীন জনগণের জন্য প্রতিষেধক আবিষ্কারে বিনিয়োগ করতে আগ্রহী হয় না, কারণ সেখানে বিশাল মুনাফা অর্জনের সুযোগ কম থাকে। উদাহরণস্বরূপ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্যানুযায়ী ডেঙ্গু বিশ্বজুড়ে ১০০টিরও বেশি দেশে বিস্তৃত থাকা সত্ত্বেও বৈশ্বিক ফার্মা কোম্পানিগুলোর দীর্ঘ অবহেলার কারণে এর ভ্যাকসিন তৈরি বাঁধাগ্রস্ত হচ্ছে; পরবর্তীতে ফরাসি বহুজাতিক সানোফি (Sanofi) যখন বিশ্বের প্রথম ডেঙ্গু ভ্যাকসিন বাজারে আনে, তখন বাণিজ্যকেন্দ্রিক মুনাফার স্বার্থে বিভিন্ন দেশে তা স্থগিত করা হয় (WHO, 2023)। একইসাথে, বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) বাণিজ্য সম্পর্কিত মেধা-স্বত্ব অধিকার (TRIPS Agreement)-এর কঠিন পেটেন্ট ব্যবস্থার কারণে সাশ্রয়ী মূল্যে স্থানীয়ভাবে ওষুধ ও ভ্যাকসিন তৈরি মারাত্মক বাধাগ্রস্ত হচ্ছে (WTO, 2020)। ফলে, আমাদের স্বাস্থ্যখাতের সক্ষমতা থাকলেও পেটেন্ট আইনের বিধিনিষেধের কারণে জেনেরিক ওষুধ তৈরি করতে পারে না এবং বহুজাতিক ফার্মা জায়ান্টগুলোর চড়া দামের ওপরই নির্ভর করতে বাধ্য হয়।
ঘ. আস্থার সংকট ও সিস্টেমের ধস: করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সময় বৈশ্বিক পুঁজিবাদী স্বাস্থ্য ব্যবস্থার যে ভঙ্গুরতা প্রকাশ্যে এসেছিল, প্রতিবছর ডেঙ্গু মৌসুমেও একই ধস প্রত্যক্ষ করা যায়। স্বাস্থ্য সেবা অধিদপ্তরের (DGHS) তথ্য অনুযায়ী, দেশের অর্ধেকেরও বেশি জেলায় আজ পর্যন্ত আইসিইউ (ICU) বা বিশেষায়িত চিকিৎসা সুবিধা অপর্যাপ্ত (The Daily Star, 2023)। এর ফলে, সাধারণ রোগীদের বাধ্য হয়ে জেলা শহর থেকে রাজধানীমুখী ব্যয়বহুল প্রাইভেট হাসপালে আসতে হয়। BIDS-এর তথ্যমতে, ডেঙ্গু আক্রান্ত অতিদরিদ্র পরিবারগুলোকে চিকিৎসার ব্যয় মেটাতে তাদের বাৎসরিক আয়ের প্রায় ১৩৯ শতাংশ পর্যন্ত খরচ করতে হয় । এর ফলে অসচ্ছল পরিবারগুলো জমিজমা বিক্রি, সর্বস্বান্ত হওয়া কিংবা চড়া সুদে ঋণ নেওয়ার মাধ্যমে গভীর সামাজিক ও আর্থিক ঝুঁকিতে নিপতিত হয়। পুঁজিবাদী এই স্বাস্থ্য নীতি সাধারণ করদাতার অর্থ শোষণ করে বেসরকারি খাতকে ধনী করে এবং প্রান্তিক জনগণকে সার্বিক স্বাস্থ্য ও আর্থিক নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দেয়।
৩. পশ্চিমের পুঁজিবাদী মডেল রাষ্ট্রগুলোর “বিনামূল্যে স্বাস্থ্যসেবা”র মিথ:
পুঁজিবাদী ব্যবস্থার সাফল্য প্রমাণের জন্য অনেকেই যুক্তরাজ্যের এনএইচএস (NHS) কিংবা ইউরোপীয় তথাকথিত কল্যাণমূলক রাষ্ট্রগুলোর “বিনামূল্যে সর্বজনীন স্বাস্থ্যসেবা” মডেলকে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করে। কিন্ত প্রকৃত বাস্তবতা হচ্ছে, পশ্চিমা রাষ্ট্রগুলোর “বিনামূল্যের স্বাস্থ্যসেবা” পুঁজিবাদী ব্যবস্থার ব্যর্থতা আড়াল করতে এবং এই ব্যবস্থার বিরুদ্ধে জগণের বিদ্রোহ ঠেকানোর দৃষ্টিকোণ থেকেই প্রতিষ্ঠা করা হয়েছে, চিকিৎসা জনগণের অধিকার এই দৃষ্টিকোণ থেকে নয়। পুঁজিবাদী ব্যবস্থা সমগ্র বিশ্বেই চিকিৎসাকে বানিজ্যিক পন্য হিসেবে দেখে। জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যেহেতু রাষ্ট্রের জন্য লাভজনক নয়, তাই স্বাস্থ্য খাতে উদাসীনতা এবং অব্যবস্থাপনা ঐসকল রাষ্ট্রগুলোতেও বিদ্যমান। পশ্চিমা পুঁজিবাদী রাষ্ট্রগুলো স্বাস্থ্যসেবার চেয়ে মুনাফাকেন্দ্রিক খাতগুলোকে গুরুত্ব দেওয়ার অসঙ্গতি করোনা মহামারীর সময় তীব্রভাবে ফুটে ওঠে। উদাহরণস্বরূপ, স্পেনের বায়োলজিক্যাল রিসার্চ সোসাইটির মুখপাত্র রাজুয়ো মার্তিনেজ স্প্যানিশ বায়োমেডিকেল গবেষকদের বাজেট ছাঁটাই ও নিম্ন বেতনের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “'আপনারা একজন ফুটবলারকে মাসে ১০ লাখ ইউরো দেন আর একজন বায়োলজিক্যাল গবেষককে দেন মাসে মাত্র ১,৮০০ ইউরো, অথচ এখন আপনারা করোনাভাইরাসের চিকিৎসা খুঁজছেন! ক্রিশ্চিয়ানো রোনালদো বা মেসির কাছে যান, তারাই আপনাদের চিকিৎসার ব্যবস্থা করে দেবে। তাছাড়া, জনগণের ওপর ভারী আয়কর চাপিয়ে রাষ্ট্রীয় অর্থায়নে গড়ে তোলা এই তথাকথিত বিনামূল্যে সেবার আড়ালে রয়েছে, সেবার দীর্ঘ অপেক্ষমাণ তালিকা ও অব্যবস্থাপনা। যুক্তরাজ্যের হাউস অব কমন্স লাইব্রেরির ২০২৬ সালের মে মাসের ডাটা এবং ইউকে পার্লামেন্টের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের এনএইচএসে চিকিৎসাসেবা নেওয়ার জন্য সাধারণ মানুষের অপেক্ষমাণ তালিকা (Waiting List) অতীতের সব রেকর্ড ছাড়িয়ে বর্তমানে প্রায় ৭২.৮ লাখ বা ৭.২৮ মিলিয়নে দাঁড়িয়েছে (UK Parliament, 2026)। এমনকি এনএইচএসের নিজস্ব নির্ধারিত ১৮ সপ্তাহের মধ্যে চিকিৎসা শুরুর নিয়মটি ২০১৬ সালের পর আর বাস্তবায়িত হয়নি এবং জরুরি বিভাগে (A&E) আসা রোগীদের এক-তৃতীয়াংশেরও বেশি মানুষকে চার ঘণ্টারও বেশি সময় লাইনে বসে অপেক্ষা করতে হয় (NHS England, 2026)। উচ্চ আয়কর দেওয়া সত্ত্বেও বাজেটের সংকট দেখিয়ে এসব রাষ্ট্রে প্রতিনিয়ত সরকারি স্বাস্থ্যখাতের ব্যয় সংকুচিত করা হচ্ছে এবং সেবাকে ধাপে ধাপে বেসরকারীকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যা স্পষ্ট প্রমাণ করে যে লাভকেন্দ্রিক পুঁজিবাদী রাষ্ট্রকাঠামোতে বিপুল কর আদায়ের পরও সর্বজনীন মানসম্মত সেবা দেওয়া কেবলই একটি অলীক মিথ।
৪. ইসলামের স্বাস্থ্যনীতি এবং স্বাস্থ্য সুরক্ষায় খিলাফত রাষ্ট্রের বাস্তব পদক্ষেপসমূহ
৪.১ জনস্বাস্থের ব্যাপারে ইসলামের দৃষ্টভঙ্গি: ইসলাম মানুষের জীবনের নিরাপত্তা এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। আল্লাহ্ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, “যে কেউ কাউকে হত্যা করল, সে যেন গোটা মানবজাতিকেই হত্যা করল; আর যে কেউ কারো প্রাণ রক্ষা করল, সে যেন গোটা মানবজাতিকেই জীবন দান করল” (সূরা আল-মায়েদা : ৩২)। পাশাপাশি, সুস্বাস্থ্যকে আল্লাহ্’র অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত হিসেবে অভিহিত করে রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন, “দুটি নেয়ামত এমন রয়েছে, যেগুলোতে বহু মানুষ ক্ষতিগ্রস্ত — স্বাস্থ্য এবং অবসর” (সহীহ বুখারী: ৬৪১২)। অন্য বর্ণনায় রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন, “যে ব্যক্তি তার পরিবারে নিরাপদে সকাল করল, শরীরে সুস্থতা লাভ করল এবং তার কাছে সারা দিনের খাবার রয়েছে, তাকে যেন পুরো দুনিয়াটাই দিয়ে দেওয়া হলো” (সুনান আত-তিরমিযীঃ ২৩৪৬)। অপরদিকে, ইসলামের বিশ্বাস অনুযায়ী, রোগ নিরাময় সম্পূর্ণ আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলার হাতে, তিনি বলেন, “আর যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আমাকে আরোগ্য দান করেন” (সূরা আশ শুআরা : ৮০)। কিন্তু, অসুস্থ হলেও ইসলাম নিষ্ক্রিয় বসে থাকাকে অনুমোদন করেনি, বরং রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন, “হে আল্লাহ্‘র বান্দারা! তোমরা চিকিৎসা গ্রহণ কর, কেননা আল্লাহ্ বার্ধক্য ছাড়া এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার প্রতিষেধক বা ওষুধ তিনি রাখেননি” (সুনান আবু দাউদ : ৩৮৫৫) । অধিকন্তু, আল্লাহ্ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন; তাই ইবাদতের পূর্বশর্ত হিসেবে স্বাস্থ্য সুরক্ষায় তিনি যেমন ব্যক্তিকে নির্দেশ দিয়েছেন, তেমনি শাসককেও দায়িত্ব অর্পণ করেছেন। ব্যক্তির জন্য চিকিৎসা গ্রহণ অনুমোদিত হলেও (মানদুব), জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসার সার্বিক ব্যবস্থা নিশ্চিত করা শাসকের জন্য একটি অবশ্য পালনীয় দায়িত্ব (ওয়াজিব)।
৪.২ জনগণের সার্বিক স্বাস্থ্যসেবা ও ডেঙ্গু মহামারী মোকাবিলায় ইসলামী খিলাফত রাষ্ট্রের বাস্তব পদক্ষেপসমূহ
ক. কেন্দ্রীভূত জনস্বাস্থ্য নীতি ও পরিবেশগত প্রতিরোধ: রাসূলুল্লাহ্ (সা.) পানির উৎসে এবং চলাচলের রাস্তায় ময়লা-আবর্জনা বা মলমূত্র ত্যাগ করতে কঠোরভাবে নিষেধ করেছেন, তিনি (সা.) বলেছেন, “সাবধান হও তিন প্রকার অভিশপ্ত কাজ থেকে: পানির উৎসে, যাতায়াতের রাস্তায় এবং ছায়াযুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করা” (আল-মুসাদরাক আলা আল-সহিহাইনঃ ১৩৮১)। এই নীতির আলোকে ডেঙ্গুর মূল বাহক এডিস মশার প্রাদুর্ভাব ও বিস্তার রোধ এবং জনগণের সার্বিক স্বাস্থ্য সুরক্ষায় খিলাফত রাষ্ট্র পরিবেশগত সর্বোচ্চ মান নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করবে। মশক নিধনের নামে লোকদেখানো কাজের পরিবর্তে খিলাফত রাষ্ট্র স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা, আধুনিক স্যানিটেশন এবং বিজ্ঞানভিত্তিক ড্রেনেজ নেটওয়ার্ক গড়ে তুলবে, যার সুনির্দিষ্ট ঐতিহাসিক দৃষ্টান্ত উমাইয়া ও আব্বাসীয় খিলাফতের নগর ব্যবস্থাপনায় লক্ষ্য করা যায়; যেমন, উমাইয়া খিলাফতের আমলে খলিফা আবদুল মালিক ও খলিফা আল-ওয়ালিদের শাসনামলে দামেস্কসহ বিভিন্ন শহরে সুবিন্যস্ত পানি সরবরাহ লাইন, সুপেয় পানির কৃত্রিম জলাধার এবং উন্নত বর্জ্য ও ভূগর্ভস্থ ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হয়েছিল, আর আব্বাসীয় খিলাফতের আমলে খলিফা আল-মনসুরের প্রতিষ্ঠিত বাগদাদ নগরীতে পরিচ্ছন্ন পানি সরবরাহ ও বর্জ্য নিষ্কাশনের জন্য উন্নত প্রকৌশল বিদ্যাসমৃদ্ধ স্যানিটেশন নেটওয়ার্ক স্থাপন করা হয়েছিল, যা জনগণের জনস্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছিল। পাশাপাশি, কৃত্রিম সংকট তৈরি করে ডেঙ্গু টেস্ট কিট, প্লাটিলেট বা ওষুধের দাম বৃদ্ধি, ভেজাল ওষুধ বিক্রি কিংবা চিকিৎসায় অবহেলা রোধে খিলাফত রাষ্ট্রের “হিসবাহ” আদালতের বিচারক ও পরিদর্শকরা তাৎক্ষণিক আইনি পদক্ষেপ গ্রহণ করেন। একদা রাসূলুল্লাহ্ (সা.) বাজারে ভেজাল শস্য দেখে ঘোষণা করেছিলেন, “যে ব্যক্তি প্রতারণা করে, সে আমার দলভুক্ত নয়” (সহীহ মুসলিম: ১০২) । এই নীতির আলোকে হিসবাহ প্রশাসন ওষুধ ও চিকিৎসা সামগ্রীর বাজারে যেকোনো ধরনের সিন্ডিকেট কঠোরহস্তে দমন করবে।
খ. স্বতন্ত্র চিকিৎসা গবেষণা ও ব্লাড/প্লাজমা ব্যাংক পরিচালনা: পুঁজিবাদী ব্যবস্থার মতো ডেঙ্গুর ওষুধ বা ভ্যাকসিনের ওপর বহুজাতিক কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক পেটেন্ট বা মনোপলাইজেশন খিলাফত রাষ্ট্রে সম্পূর্ণ নিষিদ্ধ। খিলাফত রাষ্ট্র নিজস্ব অর্থায়নে ও গবেষকদের মাধ্যমে ডেঙ্গুর স্থায়ী প্রতিষেধক ও ভ্যাকসিন আবিষ্কারে সর্বোচ্চ বাজেট বরাদ্দ নিশ্চিত করবে; তৎকালীন খিলাফতের আমলে বাগদাদ ও দামেস্কের বিখ্যাত “বিমারিস্তান” বা হাসপাতালসমূহে চিকিৎসা বিজ্ঞান ও গবেষণায় রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়ার ঐতিহাসিক দৃষ্টান্ত থেকেই এর প্রমাণ মেলে। এছাড়া, ডেঙ্গু রোগীর চিকিৎসায় রক্তের প্লাটিলেট ও রক্তের চরম সংকট নিরসনে খিলাফত রাষ্ট্র সার্বক্ষণিক কার্যকর ব্লাড ব্যাংক এবং আধুনিক ডিজিটাল ডাটাবেজ পরিচালনা করবে। যুদ্ধক্ষেত্রের মতো জরুরি পরিস্থিতিতে রাসূলুল্লাহ্ (সাঃ)-এর শাসনের অধীনে (যেমন উহুদ বা খন্দকের যুদ্ধে সাহাবি উম্মে আতিয়্যাহ ও রুফাইদাহ আল-আসলামিয়্যা রা.-এর পরিচালিত ফিল্ড হাসপাতাল বা তাঁবুর চিকিৎসা সেবা) আহতদের সুচিকিৎসা ও জীবন রক্ষার্থে যেভাবে রক্ত ও চিকিৎসা সামগ্রীর সুব্যবস্থা নিশ্চিত করা হতো, সেই আলোকে আসন্ন খিলাফত রাষ্ট্রেও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় প্রতিটি প্রদেশে রক্ত ও প্লাজমা সরবরাহ নিশ্চিত করা হবে।
গ. বাইতুল মালের অর্থায়নে শতভাগ বিনামূল্যে চিকিৎসা: খিলাফত রাষ্ট্রের মূল দায়িত্ব হলো জনগণের সার্বিক বিষয়সমূহ সঠিকভাবে দেখভাল করা। ডেঙ্গু রোগীসহ সকল নাগরিকের সার্বিক ও মৌলিক চিকিৎসাসেবার ব্যয়ভার রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদান করা হবে। জনগণের শারীরিক সুস্থতা ও জীবন রক্ষা রাষ্ট্রের প্রাথমিক দায়িত্বগুলোর অন্তর্ভুক্ত, কারণ রাসূলুল্লাহ্ (সা.) বলেছেন, “ঈমাম বা খলিফা হচ্ছে অভিভাবক এবং সে তাঁর জনগণের দেখাশোনার জন্য দায়িত্বশীল” (সহীহ মুসলিম : ১৮২৯)। এই মূলনীতির ভিত্তিতে খিলাফত রাষ্ট্র ডেঙ্গু আক্রান্ত প্রতিটি নাগরিকের ডায়াগনস্টিক টেস্ট, আইসিইউ (ICU) সাপোর্ট এবং জীবনরক্ষাকারী ওষুধ বাইতুল মালের অর্থে শতভাগ ফ্রিতে সরবরাহ করবে। স্বয়ং রাসূলুল্লাহ্ এর জীবনী থেকে এর স্বপক্ষে প্রমাণ পাওয়া যায়, তিনি (সা.) উবাই ইবনে কা'ব (রা.)-এর চিকিৎসার্থে চিকিৎসক পাঠিয়েছিলেন (সহীহ মুসলিম, হাদিস: ২২০৭), এবং আল-মুসাদরাক আলা আল-সহিহাইনে বর্ণিত রয়েছে যে খলিফা উমর ইবনুল খাত্তাব (রা.) অসুস্থ আসলামের সুচিকিৎসার জন্য চিকিৎসক নিয়োগ করেছিলেন, যার সমস্ত ব্যয় রাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমেই নির্বাহ হতো (আল-মুসাদরাক আলা আল-সহিহাইন : ৬৩৮২) । পরবর্তী সময়ে, আব্বাসীয় খিলাফত ও উসমানীয় খিলাফতের আমলে প্রতিষ্ঠিত বিমারিস্তানগুলোতে রোগীদের থাকা, খাওয়া, ওষুধ এবং চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হতো এবং সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় রোগীদের নতুন কাপড় ও আর্থিক সচ্ছলতাও দেওয়া হতো, যা খিলাফত রাষ্ট্রের বাইতুল মালের সার্বজনীন কল্যাণমূলক ব্যয় নীতিরই বাস্তব রূপ ছিল।
৫. উপসংহার:
অতএব, মানুষের জীবন রক্ষা ও জনকল্যাণমুখী ইসলামী জনস্বাস্থ্য কাঠামোর বাস্তবায়নই ডেঙ্গুসহ সকল স্বাস্থ্য সংকটের একমাত্র স্থায়ী সমাধান। পুঁজিবাদী মুনাফানির্ভর স্বাস্থ্যব্যবস্থার বিলুপ্তি এবং খিলাফতের সার্বজনীন ন্যায়ভিত্তিক স্বাস্থ্য নীতিই কেবল সুস্থ ও নিরাপদ জীবনের নিশ্চয়তা দেয়। আল্লাহ্ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, “আর যদি জনপদের লোকেরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের ওপর আসমান ও জমিনের বরকতসমূহ উন্মুক্ত করে দিতাম” (সূরা আল-আ‘রাফ : ৯৬)।
- মোঃ জাফর আহমেদ; অর্থনীতি ও রাজনীতি বিশ্লেষক
