প্রতিদিন সকালে যে চকচকে চালের ভাত, টাটকা মাছ, আর উজ্জ্বল রঙের ফলমূল আমরা পরম তৃপ্তিতে পরিবারের মুখে তুলে দিচ্ছি, তার ভেতরে লুকিয়ে আছে এক একটি মরণবাণ। বাংলাদেশ আজ এক ভয়াবহ জনস্বাস্থ্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এটি মানুষের তৈরি এমন এক কৃত্রিম সংকট যা আমাদের প্রতিদিনের রান্নাঘর ও খাবারের পাতকে নিঃশব্দে গ্রাস করে নিচ্ছে। বাংলাদেশে খাদ্যে ভেজালের বর্তমান বাস্তবতা শুধু একটি বিচ্ছিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নয়, এটি আসলে একটি কাঠামোগত ‘নীরব গণহত্যা’। কিন্তু এই মহাসংকটের মূলে ঠিক কী রয়েছে? এটি কি শুধুই কয়েকজন অসাধু ব্যবসায়ীর ব্যক্তিগত লোভ, নাকি এর পেছনে দায়ী আমাদের বর্তমান পুঁজিতান্ত্রিক বৈশ্বিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামো?
বর্তমানে দেশের এমন কোনো নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য নেই যা দূষণ ও ভেজালের বাইরে রয়েছে। চালের উজ্জ্বলতা বাড়াতে ক্যাডমিয়াম ও ইউরিয়া, ফল দ্রুত পাকাতে এবং আকর্ষণীয় করতে ক্যালসিয়াম কার্বাইড, মাছ ও শুঁটকি দীর্ঘদিন তাজা রাখতে বিষাক্ত ফরমালিন ও লিথাল কীটনাশক, এমনকি শিশুদের প্রধান খাদ্য তরল দুধে কাপড়ের ডিটারজেন্ট ও হাইড্রোজেন পারক্সাইড মেশানোর মতো লোমহর্ষক ঘটনাও এখন প্রাত্যহিক বাস্তবতায় পরিণত হয়েছে। গুঁড়া মসলায় ইটের গুঁড়া আর টেক্সটাইল ডাই মেশানো যেন একটি সাধারণ নিয়মে পরিণত হয়েছে।
এগুলোর সরাসরি প্রভাব পড়ছে জনস্বাস্থ্যের উপর। দেশের হাসপাতালগুলোতে প্রতিদিন ভিড় বাড়ছে কিডনি বিকল হওয়া রোগী, লিভার সিরোসিস এবং পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত মানুষদের। চিকিৎসকদের মতে, বাংলাদেশে গত এক দশকে ক্যান্সারের যে জ্যামিতিক বৃদ্ধি, তার অন্যতম প্রধান কারণ এই বিষাক্ত ও কেমিক্যালযুক্ত খাবার। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম—শিশুরা। শৈশব থেকেই এই ভেজাল খাবার গ্রহণের ফলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যাচ্ছে এবং শারীরিক ও মানসিক বিকাশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এই ভয়াবহ সংকটকে কেবল দুর্নীতি আর কতিপয় অসৎ ব্যবসায়ীর কারসাজি- এমন সাদামাটা ভাবে আমরা বহুদিন দেখেছি কিন্তু কোন সমাধান হয়নি, তাই আমাদের সমাজ ও ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করতে এই সংকটটির গভীর বিশ্লেষণ এখন সময়ের দাবী। এই সংকটের পেছনে নিশ্চিতভাবেই দায়ী বর্তমান স্রষ্টাবিবর্জিত সেক্যুলার পুঁজিবাদী জীবনব্যবস্থা। পুঁজিবাদ যেহেতু স্রষ্টার সাথে সম্পর্কহীন বা উচ্চতর নৈতিকতাহীন ধর্মনিরপেক্ষ (Secular) কাঠামোর উপর ভর করে চলে, সেহেতু বর্তমান সমাজের মূল চালিকাশক্তি হয়ে দাঁড়িয়েছে কেবল একটি উপাদান—'ব্যক্তিগত মুনাফার সর্বোচ্চকরণ' (Profit Maximization)।
পুঁজিবাদী দর্শনের জনক অ্যাডাম স্মিথ তার ‘অদৃশ্য হাত’ (Invisible Hand) তত্ত্বে বলেছিলেন, মানুষের নিজের স্বার্থ বা মুনাফা খোঁজার প্রবণতাই সমাজকে সেরা পণ্য দিতে বাধ্য করবে। কিন্তু বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে, যখন নৈতিকতার চেয়ে মুনাফাকে বড় করে দেখা হয়, তখন ব্যবসায়ীরা ক্রেতার কল্যাণের চেয়ে নিজের পকেট ভারী করার অন্ধ প্রতিযোগিতায় মেতে উঠে। এছাড়া বর্তমান করপোরেট ও ভোগ্যপণ্যবাদী (Consumerism) সংস্কৃতি মানুষকে শেখায়—যেভাবেই হোক ধনী হতে হবে, কারণ টাকা ও সামাজিক প্রদর্শনই মানুষের একমাত্র মর্যাদার মাপকাঠি। ফলে, গোপনে মাছ বা দুধে বিষ মিশিয়ে হলেও উৎপাদন খরচ কমানো এবং বাজারে টিকে থাকার এক নোংরা সংস্কৃতি তৈরি হয়েছে।
পুঁজিবাদী অর্থনীতিবিদদের মতে, এখানে আরেকটি বড় সমস্যা হলো ‘তথ্যের অসমতা’ (Information Asymmetry)। বিক্রেতা বা কর্পোরেট প্রতিষ্ঠানগুলো খুব ভালো করেই জানে সে খাবারে কী বিষ মেশাচ্ছে, কিন্তু ক্রেতা সম্পূর্ণ অন্ধকারে থেকে চকচকে বিজ্ঞাপন দেখে সেই পণ্য কিনছে। এটি পুঁজিবাদের এমন এক সিস্টেমিক ফ্ল বা কাঠামোগত অবক্ষয়, যা সাধারণ মানুষকে ‘নীরব গণহত্যাকারী’ এসকল বিভিন্ন বিক্রেতাদের সিন্ডিকেটের হাতে জিম্মি করে ফেলে।
এখানে একটি বড় প্রশ্ন জাগে: মানুষ কি সচেতন নয়? আইন কেন এই গোপন অপরাধ ধরতে পারছে না? পুঁজিবাদী মনীষীরা (যেমন মিল্টন ফ্রিডম্যান) দাবি করেন, সরকার যদি কঠোর 'রেফারি'র ভূমিকা পালন করে জালিয়াতি বন্ধ করতে পারে, তবেই পুঁজিবাদ সফল হবে। কিন্তু আমাদের দেশসহ সব পুঁজিবাদী দেশগুলোতে দেখা যায়, বৃহৎ পুঁজির মালিক ও ব্যবসায়ী সিন্ডিকেটগুলো অনেক সময় প্রশাসন ও তদারকি সংস্থাকেই প্রভাবিত বা করায়ত্ত (Regulatory Capture) করে ফেলে।
তাছাড়া, সমাজের সব মানুষের সচেতনতা বা শিক্ষার লেভেল কখনো সমান হয় না। আধুনিক পুঁজিবাদী দীক্ষায় দীক্ষিত একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার বা কর্পোরেট ব্যবসায়ী অত্যন্ত সচেতন হয়েও তার মেধাকে কাজে লাগিয়ে এমন সূক্ষ্মভাবে ভেজাল মেশান যা সাধারণ ল্যাবে ধরাও কঠিন। অন্যদিকে, একজন দরিদ্র কৃষক বা ক্ষুদ্র বিক্রেতা রাসায়নিকের সুদূরপ্রসারী বৈজ্ঞানিক ক্ষতি না বুঝেই কেবল দু-পয়সা বাড়তি লাভের আশায় ক্ষতিকর উপাদান মেশায়। ফলে, কেবল রাষ্ট্রীয় আইন বা মাঝে মাঝে মোবাইল কোর্টের জরিমানা দিয়ে এই মনস্তাত্ত্বিক ও কাঠামোগত অপরাধের স্থায়ী সমাধান করা সম্ভব হচ্ছে না।
বর্তমান পুঁজিবাদী ও ধর্মনিরপেক্ষ ব্যবস্থার এই ব্যর্থতার বিপরীতে যদি আমরা ইতিহাসের পাতায় চোখ ফেরাই, তবে ইসলামী শাসনব্যবস্থায় (খিলাফত) এর একটি চমৎকার ও বাস্তবমুখী সমাধান দেখতে পাই। খিলাফত ব্যবস্থায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভেজাল রোধে প্রধানত দুটি শক্তির সমন্বয় ঘটানো হতো—একটি হলো মানুষের ভেতরের ‘আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা’র নিকট জবাবদিহিতা’ জাগ্রত করা, এবং অন্যটি হলো ‘আল-হিসবাহ’ নামক অত্যন্ত শক্তিশালী রাষ্ট্রীয় ও প্রশাসনিক কাঠামো।
ইসলামী খিলাফতে ব্যবসাকে কেবল টাকা বানানোর যন্ত্র মনে করা হয় না, বরং এটি একটি ইবাদত এবং সামাজিক দায়িত্ব। রাসূলুল্লাহ্ (সা.)-এর সেই বিখ্যাত ঘোষণা—"যে ব্যক্তি প্রতারণা বা ধোঁকা দেয়, সে আমাদের দলভুক্ত নয়"—প্রতিটি মুসলিম ব্যবসায়ীর বিশ্বাসের মূল ভিত্তি। খিলাফত রাষ্ট্রে প্রতিটি নাগরিকের মনে এই সহজ কিন্তু অমোঘ সত্যটি ঢুকিয়ে দেয়া হয় যে, দুনিয়ার আইনের চোখ ফাঁকি দিলেও পরকালে স্রষ্টার কাছে প্রতিটি গোপন কাজের হিসাব দিতে হবে।
যেহেতু সব মানুষের সচেতনতার লেভেল সমান হয় না, তাই খিলাফত রাষ্ট্রব্যবস্থা মূলত চারটি সুনির্দিষ্ট পদ্ধতিতে সমাজের সর্বস্তরের মানুষের দৃষ্টিভঙ্গিকে জাগ্রত ও নিয়ন্ত্রণ করত:
শিক্ষা ও আধ্যাত্মিক কন্ডিশনিং (Spiritual Conditioning): খিলাফতে শিক্ষার মূল উদ্দেশ্যগুলোর একটি ছিল মানুষের চরিত্র গঠন। এর সবচেয়ে বড় উদাহরণ খলিফা উমর (রা.)-এর আমলের সেই বিখ্যাত ঘটনা। গভীর রাতে মদীনার এক কুটিরে মা যখন মেয়েকে দুধে পানি (ভেজাল) মেশাতে বলছিলেন, তখন মেয়েটি উত্তর দিয়েছিল—"খলিফা উমর না দেখলেও উমরের রব (আল্লাহ্) তো দেখছেন!" এই সাধারণ দুধ বিক্রেতা মেয়েটির সচেতনতার স্তর কোনো আধুনিক বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির কারণে তৈরি হয়নি, এটি হয়েছিল খিলাফতের দেওয়া সর্বজনীন ‘আল্লাহ্’র (সুবহানাহু ওয়া তা’য়ালা) নিকট জবাবদিহিতা’র মূল্যবোধের কারণে।
শিশুদের প্রাথমিক বিদ্যালয়, যাকে 'কুততাব' (Kuttab) বলা হতো, সামাজিক লেনদেন বা ‘মুয়ামালাত’-এর প্রাথমিক নিয়মগুলো পড়ানো হতো।
বাধ্যতামূলক ব্যবসায়িক শিক্ষা: খিলাফতে যে কেউ চাইলেই বাজারে দোকান খুলতে পারত না। খলিফা উমর (রা.) মদীনার বাজারে ঘোষণা করেছিলেন, "আমাদের বাজারে যেন সেই ব্যক্তি ছাড়া আর কেউ ব্যবসা না করে, যে দ্বীনের জ্ঞান (ব্যবসার হালাল-হারাম আইন) অর্জন করেছে।" অর্থাৎ, ব্যবসা শুরুর আগেই রাষ্ট্র তাদের সচেতনতার স্তরকে একটি ন্যূনতম মানে উন্নীত করে দিত, যাতে কেউ অজ্ঞতার অজুহাত দিতে না পারে।
‘আল-হিসবাহ’ ও দৃশ্যমান দৃষ্টান্ত: মনস্তাত্ত্বিক সচেতনতা যাদের ক্ষেত্রে কাজ করত না, তাদের জন্য ছিল 'মুহতাসিব' (বাজার পরিদর্শক) এবং তাঁর দলের নিয়মিত ছদ্মবেশী তদারকি। বাজারে কোনো ভেজাল বা জালিয়াতি ধরা পড়লে কোনো দীর্ঘ মামলার জট ছাড়াই অনস্পট পণ্য ধ্বংস করা হতো এবং অপরাধীকে জনসম্মুখে কঠোর শাস্তি দেওয়া হতো। এই "দৃশ্যমান ভয়" বাকিদের ভেতরের অসচেতনতা ও লোভকে নিমেষেই দূর করে দিত। এই হিসবাহ এর কাজ শুধু অপরাধীকে শাস্তি দেওয়া ছিল না, বরং ব্যবসায়ীদের সচেতন করাও ছিল তাদের দায়িত্ব। মুহতাসিব (বাজার পরিদর্শক) এবং তার সহকারীরা প্রতিদিন বাজারে ঘোরার সময় সৎ ব্যবসার নিয়মাবলি শেখাতেন। তারা দাঁড়িপাল্লা পরীক্ষা করার পাশাপাশি বিক্রেতাদের ডেকে জড়ো করতেন এবং কোন ধরনের রাসায়নিক বা মিশ্রণ ধোঁকা বা ভেজালের আওতায় পড়ে, তা হাতে-কলমে বুঝিয়ে দিতেন।
আব্বাসীয় খিলাফতের আমলে বাগদাদের বাজারে মুহতাসিবের সাথে একজন করে ফিকহ বা আইন বিশেষজ্ঞ থাকতেন। কোনো বিক্রেতা পণ্যের কোনো ত্রুটি কীভাবে ক্রেতার সামনে প্রকাশ করবে তা বুঝতে না পারলে, এই ভ্রাম্যমাণ দল তাকে তাৎক্ষণিক সমাধান ও আইনি শিক্ষা দিত। একে বলা হতো "অন-স্পট গাইডেন্স"।
‘হালাকা’ বা উন্মুক্ত জ্ঞানচর্চা কেন্দ্র: মসজিদগুলো খিলাফতে শুধু নামাজের স্থান ছিল না, বরং তা ছিল সার্বক্ষণিক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। জুমার খুতবা ছাড়াও প্রতিদিন আছর বা মাগরিবের পর মসজিদে জ্ঞানচর্চার আসর বা 'হালাকা' (Halakha) বসত। ইমাম আবু হানিফা (রহ.), যিনি নিজে একজন কাপড়ের বড় ব্যবসায়ী ছিলেন, কুফার মসজিদে তাঁর হালাকায় ব্যবসায়ীদের জন্য বিশেষ সেশন নিতেন। তিনি শেখাতেন কীভাবে কাপড়ের সুতোর ত্রুটিও ক্রেতাকে বলে দিতে হয়। এই উন্মুক্ত হালাকাগুলোর কারণে সাধারণ বাজারের কুলি থেকে শুরু করে বড় আমদানিকারক—সবার সচেতনতার স্তর সবসময় সজাগ থাকত।
পরিশেষে, খাদ্যে ভেজালের এই ভয়াবহ বাস্তবতা থেকে মুক্তি পেতে হলে আমাদের বুঝতে হবে যে, এটি কেবল একটি আইনি সমস্যা নয়, এটি একটি আদর্শিক ও সিস্টেমেটিক সংকট। পুঁজিবাদী মুনাফা-সর্বস্ব সংস্কৃতি যেখানে মানুষকে ব্যক্তিকেন্দ্রিক ও লোভী বানাচ্ছে, সেখানে শুধুমাত্র ল্যাবরেটরি স্থাপন বা কিছু জরিমানা করে এই নীরব গণহত্যা বন্ধ করা যাবে না। এর জন্য প্রয়োজন এমন একটি শাসন ও সমাজব্যবস্থা (খিলাফত), যা একদিকে যেমন কঠোর ও আপসহীন প্রশাসনিক নজরদারি (হিসবাহ ব্যবস্থা) নিশ্চিত করবে, অন্যদিকে সমাজের প্রতিটি মানুষের মনে স্রষ্টার প্রতি জবাবদিহিতা ও সততার বীজ বুনে দেবে। তবেই আমাদের খাবারের পাত আবার নিরাপদ হবে, আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ফিরে পাবে এক সুস্থ ও সুন্দর পৃথিবীর নিশ্চয়তা।
- ইঞ্জিনিয়ার মোহাম্মদ জহিরুল ইসলাম
