জিন্নাহ-মুজিব বিতর্ক ও ধর্মনিরপেক্ষতার ধোঁকা


সাম্প্রতিক সময়ে ডাকসুর সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি টানানো এবং পরবর্তীতে জনৈক শিক্ষার্থী কর্তৃক সেই ছবি ছিঁড়ে ফেলা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়,  বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পাকিস্তানের প্রতিষ্ঠাতার ছবিকে প্রাধান্য দেয়াকে কেউ কেউ কোন একটা বিশেষ রাজনৈতিক মতাদর্শের প্রতিফলন হিসেবে দেখছেন। ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে তারা বলছেন যে, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের অন্যতম নায়ক শেখ মুজিবর রহমানের বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ভূমিকা সংক্রান্ত কোন ছবি সংগ্রহশালায় রাখা হয়নি।  

এই আলোচনা সমালোচনায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি রাজনৈতিক সংগঠনকেই মূলতঃ মুখোমুখি দেখতে পাই। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, কিছু শিক্ষক মহল এবং কয়েকটি ছাত্র রাজনৈতিক সংগঠনও নিজের মতামত ব্যক্ত করে। পুরো বিষয়টি পর্যবেক্ষণ করলে আমরা বুঝতে পারি আলোচনাটা আসলে পুরোনো, যা আমরা পতিত হাসিনা আমলে দেখতাম। “জিন্নাহ্‌ বনাম শেখ মুজিব” বিতর্কের পেছনে মুলতঃ রয়েছে দুটি ভিন্ন আবেগ, কারণ একটি গোষ্ঠী জিন্নাহ্‌’র মধ্যে ইসলামের আবেগ খুঁজে পায় যেহেতু সে মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র বানিয়েছিল, এবং অন্যদিকে আরেকটি গোষ্ঠী সবকিছুতেই ইসলামের আতঙ্কে ভোগে। 

কিন্তু, আমাদের মনে রাখা দরকার জিন্নাহ্‌’র সাথে যেমন ইসলামের কল্যাণ সাধনের কোন সম্পর্ক নাই, ঠিক তেমনি শেখ মুজিবের সাথেও সাম্রাজ্যবাদী আধিপত্যমুক্ত বাংলাদেশ তৈরির কোন সম্পর্ক নাই। তারা উভয়েই ছিলেন বৃটিশদের প্রতিনিধি। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে উপনিবেশবাদি ব্রিটিশদের পক্ষে ভারতীয় উপমহাদেশে উপনিবেশ চালিয়ে যাওয়ার খরচ সামলানো কঠিন ছিল এবং পাশাপাশি এই অঞ্চলে বৃটিশ বিরোধী আন্দোলন প্রবলতর হচ্ছিল, এমন বাস্তবতায় তারা নব্য-উপনিবেশবাদি ফরম্যাটে ঢুকে গেল। অর্থাৎ, জনগণকে ধোকা দিয়ে আপাতত স্বাধীনতা দেখালেও তাদের আজ্ঞাবহ প্রতিনিধিদের দিয়ে আধিপত্য ধরে রাখলো। তারই অংশ হিসেবে বৃটিশরা রেখে গেল তাদের দুই ব্রিটিশ ব্যারিস্টার জওহরলাল নেহরু এবং মুহাম্মদ আলী জিন্নাহ, যারা দেখতে ভারতীয় কিন্তু তাদের চিন্তাধারা ও আবেগ ছিল ব্রিটিশদের সাথে সামঞ্জস্যপূর্ণ। জিন্নাহ্‌ নামে মুসলিম রাষ্ট্রের কথা বললেও রাষ্ট্রের মূল ভিত্তি যে ইসলাম হবে না, তা পাকিস্তানের প্রথম গণপরিষদেই পরিষ্কার করে দেয়। “You may belong to any religion or caste or creed — that has nothing to do with the business of the State.” আর পশ্চিমাদের জীবনব্যবস্থা সেক্যুলারিজমের সংজ্ঞাও তাই- রাষ্ট্র থেকে ধর্ম পৃথকীকরণ। তাই বোঝাই যায়, জিন্নাহ্‌ আসলে একজন ধর্মনিরপেক্ষ ব্রিটিশ ‘প্রতিনিধি’ ছিলেন। একই ঘটনা আমরা বলতে পারি শেখ মুজিবর রহমানের ব্যাপারেও। যিনি পাকিস্তান থেকে মুক্তি পেয়ে স্বাধীন বাংলাদেশে না এসে চলে যান লন্ডনে। লন্ডন থেকে যাত্রাপথে তার সঙ্গী হয় ভারতীয় কূটনীতিক শশাঙ্ক এস ব্যানার্জি। ব্যানার্জির নিজের স্মৃতিচারণ অনুযায়ী, তাকে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পক্ষ থেকে একটি নির্দিষ্ট brief দেওয়া হয়েছিল। বিমানে তিনি শেখ মুজিবকে প্রস্তাব করেন যে নতুন বাংলাদেশে Westminster-style parliamentary system গ্রহণ করা হোক। তার ভাষ্য অনুযায়ী, মুজিব এতে দ্রুত সম্মতি দেন এবং জানতে চান এর পেছনের যুক্তি কী। তখন ব্যানার্জি ব্যাখ্যা করেন যে ইন্দিরা গান্ধী বাংলাদেশের জন্য একটি “secular democracy, with a parliamentary system of government” দেখতে চেয়েছিলেন। অর্থাৎ জিন্নাহ্‌’র মত মুজিবও একজন ধর্মনিরপেক্ষ ব্রিটিশ “প্রতিনিধি” ছিলেন, যার রিপোর্টিং বস ছিল ভারত। তাহলে সহজেই বোঝা যাচ্ছে যে জিন্নাহ্‌ আর মুজিব দুজনই ধর্মনিরপেক্ষ সাম্রাজ্যবাদিদের দোসর। 

তাই যে সকল বুদ্ধিজীবি এবং রাজনৈতিক মহল এই মুখোশ উন্মোচিত হয়ে যাওয়া ব্যক্তিবর্গকে আবারো মুখোশ পরিয়ে সামনে আনতে চান, তারা আসলে একটা আতঙ্ক থেকে এই কাজটা করেন। তারা একদিকে দেখেন সাধারণ মানুষের নিকট এই ধর্মনিরপেক্ষতার অগ্রহণযোগ্যতা, আর অন্যদিকে দেখেন দেশের স্বনামধন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ তরুণ সমাজের মধ্যে ইসলামের প্রতি প্রচন্ড আবেগ। আন্তর্জাতিক (Pew Research 2025) ও জাতীয় (প্রথম আলো জরিপ) জরিপে বারবার বাংলাদেশের সাধারণ মানুষের ইসলামকে শাসনব্যবস্থা হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ, এমনকি এ বিষয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডকেও উদ্বিগ্ন মন্তব্য করতে দেখা যায়। তাই তারা জনগণকে একটা ধোঁকার মধ্যে রাখতে চায়। একদল ইসলামের মোড়কে ধর্মনিরপেক্ষতা আনতে চায়, অন্যদল পুরনো ছাঁচের ধর্মনিরপেক্ষতা আনতে চায়। 

এই পঁচে যাওয়া ধর্মনিরপেক্ষতাকে ছুঁড়ে ফেলে, আমাদের প্রয়োজন এমন এক ব্যক্তিকে নেতা হিসেবে মেনে নেয়া যিনি সকল প্রশ্নের উর্ধ্বে। তিনি আর কেউ নন- হযরত মুহাম্মদ (সাঃ)। বাংলাদেশের সিংহভাগ মানুষ মুসলিম। তাদের চাওয়া তাদের নবী মুহাম্মদ (সাঃ) এর দেখানো পথ অর্থাৎ পরিপূর্ণ ইসলামই হবে তাদের জীবনব্যবস্থা। আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা‘আলা পবিত্র কুরআন-এ বিশ্ববাসীর জন্য তাঁকে রহমত হিসেবে পাঠানোর ঘোষণা দিয়ে বলেন, "আর আমি তো আপনাকে বিশ্ববাসীর জন্য কেবল রহমত হিসেবেই প্রেরণ করেছি" [সূরা আল-আম্বিয়া : ১০৭]; এবং আরও বলেন, "অবশ্যই তোমাদের কাছে আল্লাহ্‌’র পক্ষ থেকে নূর ও স্পষ্ট কিতাব এসেছে। এর মাধ্যমে আল্লাহ্‌... অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন" [সূরা আল-মায়িদাহ : ১৫-১৬]।

    -    জাবির জোহান, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও কলামিস্ট

Previous Post Next Post