১. ভূমিকা: বর্তমান বৈশ্বিক ও জাতীয় অর্থনৈতিক প্রেক্ষাপটে ব্যাংকিং খাতের অন্যতম প্রধান ব্যাধি হলো “খেলাপি ঋণ” (Non-Performing Loan - NPL)। বাংলাদেশে এটি বর্তমানে একটি মারাত্মক সিস্টেমিক সংকটে রূপ নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে রেকর্ড ৬ লাখ ৬ হাজার কোটি টাকায়, যা মোট বিতরণকৃত ঋণের ৩২.৭৮ শতাংশ। গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জাতীয় সংসদে এস আলম গ্রুপের প্রতিষ্ঠানগুলোকে নতুন করে ঋণ দেওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “কোম্পানি বন্ধ করে দিয়ে কোনো দেশের অর্থনীতি চলতে পারে না: সংসদে অর্থমন্ত্রী” (০৬ সেপ্টেম্বর ২০২৬)। পুঁজিবাদী আইনের দৃষ্টিতে এই বক্তব্যটি সঠিক হলেও এটিই মূলত ঋণ খেলাপীর মূল কারণ।
২. পুঁজিবাদের কাঠামোগত অসংগতি ও খেলাপি ঋণের মূল কারণসমূহ
ক) কৃত্রিম ব্যক্তিসত্তা (Artificial Legal Entity/Corporate Personhood): পুঁজিবাদী কোম্পানি আইনি ব্যবস্থার অন্যতম মূল স্তম্ভ হলো “কৃত্রিম ব্যক্তিসত্তা” বা (Corporate Personhood)। এই ধারণার অধীনে একটি নিবন্ধিত কোম্পানিকে আইনগতভাবে রক্ত-মাংসের মানুষের মতো স্বাধীন ও পৃথক একটি “আইনি ব্যক্তি” (Legal Person) হিসেবে স্বীকৃতি দেয়া হয়। ফলে আর্থিক লেনদেনে মূল চুক্তিটি সম্পাদিত হয় কৃত্রিম আইনি সত্তা তথা প্রতিষ্ঠানের সাথে, প্রকৃত মালিকের সাথে নয়। ঋণ পরিশোধে ব্যর্থতা দেখা দিলে আর্থিক প্রতিষ্ঠানগুলো মামলা করে কাল্পনিক ও কৃত্রিম সত্তা “কোম্পানি”র বিরুদ্ধে; কিন্তু পর্দার আড়ালে থাকা বাস্তব মানুষ বা উদ্যোক্তাগণ ব্যক্তিগতভাবে আইনের উর্ধ্বে থাকেন। ব্যাংকিং খাতে এই আইনি ব্যবস্থার কারণেই বহুল আলোচিত এস আলম গ্রুপ, বেক্সিমকো বা অ্যাননটেক্সের মালিকদের মতো প্রভাবশালী ব্যক্তিবর্গ ভুয়া কোম্পানি খুলে ব্যাংক ঋণের নামে হাজার হাজার কোটি টাকা লূট করে দেশীয় আর্থিক খাতকে দুর্বল করে দিয়েছে। এই আইনি কাঠামো প্রমাণ করে যে, পুঁজিবাদের কৃত্রিম সত্তা নীতি কীভাবে মূল অপরাধী ব্যক্তিকে আইনি সুরক্ষা দেয় এবং ব্যাংকিং ব্যবস্থায় হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপির সুযোগ তৈরি করে।
খ) সীমিত দায় ধারণা (Concept of Limited Liability): পুঁজিবাদী অর্থনীতিতে “সীমিত দায়” (Limited Liability) ধারণা অনুযায়ী, একজন ব্যক্তির আর্থিক দায়ভার কেবল প্রতিষ্ঠানে তার বিনিয়োগকৃত শেয়ারমূল্য বা অনুমোদিত মূলধন পর্যন্তই সীমিত; ব্যবসায়ের শত শত কোটি টাকার খেলাপির দায় তার ব্যক্তিগত সম্পদের উপর বর্তায় না। কোনো কোম্পানি ব্যাংক থেকে বিপুল ঋণ নিয়ে শোধ না করে নিজেকে দেউলিয়া (Bankruptcy) ঘোষণা করলে পুঁজিবাদী আইনি কাঠামোর অধীনে ব্যক্তি নিজ সম্পত্তি অক্ষত রেখে সব দায় থেকে রেহাই পান। বাংলাদেশ ব্যাংকের জুন ২০২৬-এর তথ্য অনুযায়ী, শীর্ষ ১০ ব্যাংকেই প্রায় ৪ লাখ ৩৯ হাজার কোটি টাকার খেলাপি ঋণ কেন্দ্রীভূত রয়েছে, যার বড় অংশই সীমিত দায়ের সুবিধাভোগী কর্পোরেট গোষ্ঠীর কাগুজে প্রতিষ্ঠানের নামে নেওয়া (দ্য ডেইলি স্টার, ২০২৬)। পুঁজিপতিরা ভালো করেই জানে, ব্যবসা সফল হলে মুনাফা সম্পূর্ণ তাদের, আর ঋণ খেলাপি বা দেউলিয়া হলে লোকসানের সম্পূর্ণ বোঝা বইবে ব্যাংক ও সাধারণ আমানতকারী। এই আইনি সুরক্ষাই ভুয়া ও বেনামি কোম্পানি খুলে ঋণের অর্থ ব্যক্তিগত খাতে সরিয়ে নেওয়া এবং পরবর্তীতে প্রতিষ্ঠানকে দেউলিয়া বা খেলাপি ঘোষণার সংস্কৃতিকে উৎসাহিত করে।
গ) সুদী অর্থনীতি (Interest-based System): পুঁজিবাদী অর্থব্যবস্থার মূলকেন্দ্র হলো সুদের কাঠামো, যা চক্রবৃদ্ধি সুদের (Compound Interest) চক্রে ফেলে ঋণকে ক্রমাগত বৃদ্ধি করে এবং খেলাপি ঋণ সৃষ্টিকে আরও তরান্বিত করে। সুদী ব্যাংকিং ব্যবস্থায় ঋণ বিতরণের প্রধান ভিত্তি থাকে জামানত ও উচ্চ সুদের হার; প্রকল্পের বাস্তব উৎপাদনশীলতা বা সম্ভাব্যতা নয়। ফলে ব্যাংকগুলো বাস্তব উৎপাদনমুখী খাতে অর্থ বিনিয়োগ করার চেয়ে কেবল কাগজ-কলমে সুদের মাধ্যমে ঋণ সৃষ্টি করে অর্থ উপার্জনের কৃত্রিম চেষ্টা করে। চক্রবৃদ্ধি সুদের চাপে একটি ব্যবসা সাময়িক মন্দায় পড়লেও মূল ঋণের চেয়ে সুদের অঙ্ক কয়েকগুণ বেড়ে ঋণের পাহাড় গড়ে ওঠে, যা শেষ পর্যন্ত অনেক সৎ ব্যক্তিকেও ঋণ খেলাপি হতে বাধ্য করে।
৩. পুঁজিবাদী ব্যংকিং নীতি যেভাবে জনগণের আর্থিক নিরাপত্তা ধ্বংস করে
খেলাপি ঋণের প্রত্যক্ষ ও মারাত্মক প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা ও আর্থিক নিরাপত্তার উপর। পুঁজিবাদের কাঠামোগত দুর্বলতা যখন ব্যাংকিং খাতকে খেলাপি ঋণের ভারে জর্জরিত করে, তখন তা সমগ্র অর্থনীতিতে একটি চেইন রিয়্যাকশন বা সামাজিক বিপর্যয় সৃষ্টি করে।
ক) তীব্র তারল্য সংকট (Credit Crunch): ব্যাংকিং ব্যবস্থার মূল ভিত্তি হলো সাধারণ আমানতকারীদের জমা রাখা টাকা। কিন্তু যখন বড় বড় কর্পোরেট গোষ্ঠী ও প্রভাবশালী পুঁজিপতিরা হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়ে খেলাপি হয়ে যায়, তখন ব্যাংকে রাখা আমানতকারীর কষ্টার্জিত সঞ্চয় চরম অনিরাপদ হয়ে পড়ে। আমানতকারীরা ব্যাংকে নিজেদের গচ্ছিত অর্থ তুলতে গিয়ে যখন দেখেন ব্যাংক টাকা দিতে পারছে না, তখন বাজারজুড়ে তীব্র তারল্য সংকট বা “ক্রেডিট ক্রাঞ্চ” দেখা দেয়। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত কয়েকটি দুর্বল ব্যাংক যেমন, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকে সাধারণ আমানতকারীরা তাদের নিজস্ব জমানো টাকা তুলতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এবং দৈনিক নির্দিষ্ট অঙ্কের বেশি টাকা তুলতে ব্যর্থ হচ্ছেন।
খ) সিস্টেমিক ক্রাইসিস (Systemic Risk): ঋণ বিপর্যয় কেবল ব্যাংকেই সীমাবদ্ধ থাকে না, তা পুরো অর্থনৈতিক ব্যবস্থায় এক ধরনের ‘সিস্টেমিক ক্রাইসিস’ তৈরি করে। খেলাপিতে ডুবে যাওয়া ব্যাংকগুলোকে তাৎক্ষণিকভাবে টিকিয়ে রাখতে এবং আমানতকারীদের ক্ষোভ সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংক যখন কমার্শিয়াল পেপার বা বিশেষ তারল্য সহায়তার নামে নতুন করে অতিরিক্ত কাগুজে মুদ্রা ছাড়ে (টাকা প্রিন্ট করে), তা মূলধারার অর্থনীতিতে অবমূল্যায়ন ঘটায়। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, পূর্বে এককভাবে কেবল ইসলামী ব্যাংককেই প্রায় ৩০,০০০ কোটি টাকা ছাপিয়ে সরবরাহ করা হয়েছিল এবং পরবর্তী সময়ে ২০২৪ সালের নভেম্বরে সংকটগ্রস্ত ৬টি দুর্বল ব্যাংককে সামাল দিতে একযোগেই ২২,৫০০ কোটি টাকার নতুন মুদ্রা ছাপিয়ে তারল্য সহায়তা দিতে বাধ্য হয় কেন্দ্রীয় ব্যাংক (বণিক বার্তা, ২০২৪)। কোনোরূপ বাস্তব পণ্য বা সেবা উৎপাদন ছাড়া কেবল খেলাপির বিশাল ঘাটতি পূরণ করতে বাজারে অতিরিক্ত টাকা ছাড়ে (High-Powered Money) বলে মুদ্রা অবমূল্যায়িত হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)-র তথ্যমতে, এই কৃত্রিম মুদ্রা সরবরাহের ফলে দেশে এখন মূল্যস্ফীতি ১০ শতাংশের উপরে; অর্থাৎ খেলাপিকৃত ঋণের সরাসরি খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে নিত্যপণ্যের বাড়তি দাম পরিশোধের মাধ্যমে।
গ) জনগণের ঘাড়ে দায়ের বোঝা: পুঁজিবাদী কাঠামোর সবচেয়ে বড় বৈষম্য হলো, ব্যবসার মুনাফা যখন হয়, তা ভোগ করে গুটিকয়েক কর্পোরেট মালিক; কিন্তু খেলাপি ঋণের কারণে ব্যাংক ধসে পড়ার উপক্রম হলে তার দায়ভার চাপিয়ে দেয়া হয় দেশের কোটি কোটি সাধারণ জনগণের ঘাড়ে। যেমন, সংকটাপন্ন ব্যাংকগুলোর মূলধন পুনর্গঠন ও তারল্য সুরক্ষায় জাতীয় বাজেট থেকে প্রায় ৪০,০০০ কোটি টাকা বরাদ্দের মতো বিশাল পদক্ষেপ নেয়া হয়েছে (The Daily Star, 2026)। সরকারি তহবিলের এই বিপুল অর্থ প্রকৃতপক্ষে সাধারণ মানুষের দেয়া প্রত্যক্ষ ও পরোক্ষ করের (VAT & Taxes) সঞ্চয়। জাতীয় শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে যা ব্যয় হওয়ার কথা ছিল, তা ডাইভার্ট করে যখন করদাতার টাকায় ব্যাংক লুটেরাদের তৈরি করা খেলাপী ঋণের ফলে সৃষ্ট প্রভিশন ঘাটতি মেটানো হয়, তখন তা সাধারণ জনগণের সার্বিক আর্থিক নিরাপত্তাকে বিপন্ন করে তোলে।
৪. খেলাপি ঋণ বৈশ্বিক পুঁজিবাদী সঙ্কট; বাংলাদেশ কোনো ব্যতিক্রম নয়
অনেকেই মনে করেন খেলাপি ঋণ কেবল বাংলাদেশের দুর্নীতি, রাজনৈতিক প্রশ্রয় ও দুর্বল তদারকির ফল; কিন্তু আন্তর্জাতিক পরিসংখ্যান ও ইতিহাস প্রমাণ করে এটি মূলত পুঁজিবাদী আর্থিক ব্যবস্থার অন্তর্নিহিত ও কাঠামোগত সঙ্কট। যদি এটি কেবল স্থানীয় দুর্নীতি হতো, তবে উন্নত আইনি ও কঠোর নিয়মনীতি বজায় রাখা পুঁজিবাদী দেশগুলোতে একই ধরনের বিপর্যয় ঘটত না। বৈশ্বিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে তা প্রমাণিত হয় যে, দুর্নীতি কিংবা দুর্বল তদারকি নয় বরং পুঁজিবাদী নীতিই ঋণ খেলাপির জন্য দায়ী; দুর্নীতি কিংবা দুর্বল তদারকি হচ্ছে এই পুঁজিবাদী নীতিরই উপসর্গ (symptom)।
২০০৮ সালের ১৫ সেপ্টেম্বর মার্কিন বিনিয়োগ ব্যাংক “লেম্যান ব্রাদার্স” যখন দেউলিয়া হওয়ার আবেদন করে, তখন তার ঘোষিত সম্পদের পরিমাণ ছিল ৬৩৯ বিলিয়ন ডলার এবং মোট দায় ছিল ৬১৩ বিলিয়ন ডলার, যা মার্কিন অর্থনৈতিক ইতিহাসে এযাবৎকালের সর্ববৃহৎ দেউলিয়া মামলা। ব্যাংকটি ধসের পর মার্কিন সরকার দেউলিয়া ব্যাংকগুলোকে উদ্ধার করতে Troubled Asset Relief Program (TARP)-এর আওতায় ৭০০ বিলিয়ন ডলার অনুমোদন দেয়, যার মাধ্যমে অবশেষে ৪৪৪ বিলিয়ন ডলার বিতরণ করা হয় হয় এবং যার চূড়ান্ত সরকারি ভর্তুকি ব্যয় দাঁড়ায় ৩১ বিলিয়ন ডলার (Congressional Budget Office, 2024)।
২০১০ সালে, আয়ারল্যান্ডের ইউরোপীয় ব্যাংকিং সংকট দেখা দিলে ব্যক্তিখাতের ব্যাংকগুলোর খেলাপি ঋণের দায় সরাসরি জনগণের ঘাড়ে চাপিয়ে দেয়া হয়। দেশটির অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, আইরিশ ব্যাংকগুলোর খেলাপি সম্পদ সামাল দিতে ও ব্যাংকগুলোকে দেউলিয়া হওয়া থেকে বাঁচাতে সরকারি কোষাগার তথা করদাতাদের অর্থ থেকে মোট ৬৪.১ বিলিয়ন ইউরো বিতরণ করা হয়, যার নিট ক্ষতি দীর্ঘ ১৭ বছর পর ২০২৫ সালে এসে দাঁড়ায় প্রায় ৩২ বিলিয়ন ইউরোতে (RTÉ, 2025)। এর মধ্যে কেবল একটি বেপরোয়া বেসরকারি প্রতিষ্ঠান, অ্যাংলো আইরিশ ব্যাংকের খেলাপিকৃত আবাসন ঋণের দায় মেটাতে ও পুনর্মূলধনীকরণ করতেই সরকারি কোষাগার থেকে ব্যয় করতে হয়েছে ৪২.৩ বিলিয়ন ইউরো (Irish Judicial Studies Journal, 2023)।
চীনের প্রপার্টি জায়ান্ট “এভারগ্র্যান্ড” (Evergrande Group)-এর পতন প্রমাণ করে যে, বাংলাদেশের সাথে চীনের রাজনৈতিক বা সামাজিক ব্যবস্থা ভিন্ন হলেও পুঁজিবাদী নীতির প্রভাব সব দেশেই অভিন্ন। কোম্পানিটি তাদের ঝুলন্ত ২৩ বিলিয়ন ডলারের বিদেশি ঋণের কোনো বাস্তবসম্মত পুনর্গঠন (Restructuring) প্রস্তাব দিতে ব্যর্থ হলে, ২০২৪ সালের ২৯ জানুয়ারি হংকং হাইকোর্ট আনুষ্ঠানিকভাবে এভারগ্র্যান্ডকে অবসায়ন (Liquidation)-এর নির্দেশ দেয় (Financial Times, 2024)। কিন্তু এই রায়ের পর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জানান, অবসায়নের এই আদেশ কেবল হংকংয়ে নিবন্ধিত ও তালিকাভুক্ত ইউনিটটির ওপর প্রযোজ্য হবে, আর চীনের মূল ভূখণ্ডের (Mainland China) দেশি ও অন্যান্য বিদেশি ইউনিটগুলো পৃথক ও ‘স্বতন্ত্র আইনি সত্তা’ হিসেবে স্বাধীনভাবে কাজ চালিয়ে যাবে (Reuters, 2024)।
সুতরাং এটি স্পষ্ট যে, খেলাপি ঋণ কোনো একক দেশের দুর্নীতি বা দুর্বল তদারকির ফলাফল নয়, বরং এটি বৈশ্বিক পুঁজিবাদী ব্যবস্থার একটি অন্তর্নিহিত ও কাঠামোগত সংকট। দেশ ভিন্ন হলেও পুঁজিবাদী অর্থনৈতিক কাঠামোর কারণে এটি একটি বৈশ্বিক আর্থিক বিপর্যয় সৃষ্ট করেছে।
৫. ঋণ খেলাপি প্রতিরোধে ইসলামী অর্থনীতির রূপরেখা
ক) ইসলামে ব্যবসায়ের ধারণা ও সত্তার প্রকৃতি (Concept of Enterprise & Entity): ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় ব্যবসায়ের ধারণা হচ্ছে এটি বাস্তব মানুষের মধ্যকার পারস্পরিক চুক্তি, আমানতদারিতা এবং পারলৌকিক জবাবদিহিতার উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি দায়িত্বশীল প্রক্রিয়া। ইসলামী অর্থনৈতিক নীতি অনুযায়ী, প্রতিটি চুক্তি ও লেনদেন কাল্পনিক কোনো প্রাতিষ্ঠানিক সত্তার সাথে নয়, বরং বাস্তব মানুষের ব্যক্তিসত্তার সাথেই সম্পাদিত হয়। ফলে, প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে তা শোধ না করে কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করলেও, প্রকৃত মালিক তার ব্যক্তিগত সম্পত্তি ও দায় থেকে রেহাই পেতে পারেন না। পবিত্র কুর‘আন-এ চুক্তি ও আমানত রক্ষার স্পষ্ট নির্দেশ প্রদান করে আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা বলেন, “হে মুমিনগণ! তোমরা চুক্তিগুলো পূর্ণ করো” [সূরা আল-মায়িদা : ১] । তদুপরি, ইসলামে গৃহীত ঋণ ও আর্থিক দেনা-পাওনাকে “বান্দার হক” হিসেবে গণ্য করা হয়, যা ব্যক্তির সম্পূর্ণ ও অসীম দায়বদ্ধতার (Unlimited/Personal Liability) আওতাভুক্ত। কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলেও তার রেখে যাওয়া মিরাস বা উত্তরাধিকার সম্পত্তি থেকে যেকোনো কিছুর আগে সর্বপ্রথম ঋণ পরিশোধ করা শরীয়ত অনুযায়ী বাধ্যতামূলক। ঋণ পরিশোধের দায়বদ্ধতা সম্পর্কে সতর্ক করে রাসূলুল্লাহ্ (সা.) বলেন, “মুমিনের আত্মা ঝুলন্ত অবস্থায় থাকে তার ঋণের কারণে, যতক্ষণ না তার পক্ষ থেকে তা পরিশোধ করা হয়” (আত-তিরমিযী) । সুতরাং ইসলামে ব্যবসায়িক চুক্তির ধারণা অনুযায়ী, ব্যবসায়ের সত্তাকে বাস্তব মানুষের অসীম দায়বদ্ধতার সাথে সংযুক্ত রাখা হয় বলে কোনো ব্যক্তিই ঋণ পরিশোধ না করার দায়মুক্তি লাভ করতে পারে না। এই ধারণা একদিকে যেমন খেলাপি ঋণের পথ চিরতরে রুদ্ধ করে, অন্যদিকে আমানতকারীদের সম্পদ ও সামষ্টিক আর্থিক নিরাপত্তা শতভাগ সুনিশ্চিত করে।
খ) ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় ঋণের ধারণা: ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় ঋণ কোনো বাণিজ্যিক মুনাফা অর্জনের পণ্য নয়; বরং ব্যবসায়িক উদ্দেশ্যে অর্থ উপার্জনের ক্ষেত্রে সুদী ঋণের পরিবর্তে লাভ-ক্ষতির অংশীদারিত্ব এবং সম্পদ-সংযুক্ত অর্থায়ন পদ্ধতি ব্যবহৃত হয়। ইসলামে সুদের বিনিময়ে বাণিজ্যিক ঋণ দেওয়া-নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, এবং সাধারণ ঋণ কেবল জনকল্যাণমুখী “করজে হাসানা” হিসেবে অনুমোদিত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেছেন, “আল্লাহ্ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন” [সূরা আল-বাকারা : ২৭৫]। ঋণ বাণিজ্যিক পণ্য না হওয়ায় এবং সুদের পথ রুদ্ধ থাকায় এতে অর্থনীতি সংকুচিত হয় না, বরং আরও প্রসারিত হয়। কারণ, নিশ্চিত সুদের আশায় মানুষ ব্যাংকে অলস অর্থ ফেলে রাখে না, বরং প্রকৃত উৎপাদনশীল খাতে বিনিয়োগ করতে উৎসাহিত হয়, যা বাস্তব অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটায়। ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্রে ইসলামী অর্থব্যবস্থা “মুদারাবা” (শ্রম ও মূলধনের অংশীদারিত্ব) এবং “মুশারাকা” (যৌথ মূলধনের অংশীদারিত্ব)-র মতো ইক্যুইটি-ভিত্তিক (Equity-based Financing) কাঠামোর উপর জোর দেয়, যেখানে ব্যাংক ও উদ্যোক্তা উভয়ই ন্যায়সঙ্গতভাবে লাভ ও ক্ষতির ঝুঁকি ভাগ করে নেয়। এ ছাড়া, অর্থের কাগুজে লেনদেনের পরিবর্তে “মুরাবাহা” (পণ্য ক্রয়-বিক্রয়) কিংবা “ইজারা” (সম্পদ ভাড়া)-র মতো সম্পদ-সংযুক্ত (Asset-backed Financing) ব্যবস্থার মাধ্যমে সরাসরি বাস্তব পণ্য বা সেবার বিপরীতে অর্থায়ন করা হয়। ফলে কাল্পনিক মানি-সৃষ্টি বা ভুয়া কাগজের বিপরীতে ঋণ নেওয়ার সুযোগ থাকে না, যা খেলাপি ঋণের পথ রুদ্ধ করে জনগণের সার্বিক আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করে।
গ) খেলাপি ঋণ প্রতিরোধে ইসলামী খিলাফত ব্যবস্থার পদক্ষেপসমূহ
খেলাপি ঋণ প্রতিরোধে ইসলামী খিলাফত ব্যবস্থা একটি সুসংহত ও তাকওয়াভিত্তিক কাঠামোর মাধ্যমে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে। প্রথমত, এটি সমাজে আমানত রক্ষার বোধ ও আল্লাহ্ভীতি (তাকওয়া) জাগ্রত করে, যার ফলে নাগরিকরা পরকালের জবাবদিহির ভয়ে স্বেচ্ছায় ও নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধে সচেষ্ট হয়। দ্বিতীয়ত, কোনো ব্যক্তি অসচ্ছলতা বা বাস্তব সংকটের কারণে ঋণ পরিশোধে অক্ষম হলে খিলাফত রাষ্ট্র তাকে দেউলিয়া না বানিয়ে বায়তুল মালের (State Treasury) মাধ্যমে তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে। কুর‘আন-সুন্নাহ্ এর ভিত্তিতে হিযবুত তাহ্রীর কর্তৃক প্রণীত খিলাফত রাষ্ট্রের খসড়া সংবিধানের ১৫২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বায়তুল মালের রাষ্ট্রীয় ব্যয়কে ছয়টি খাতে ভাগ করা হয়েছে; যার 'ক' অনুচ্ছেদ অনুযায়ী যাকাতের আটটি নির্ধারিত খাতের মধ্যে ঋণগ্রস্ত ব্যক্তিদের (আল-গারেমিন) স্থান দেয়া হয়েছে এবং 'খ' অনুচ্ছেদ অনুযায়ী যাকাত খাতে পর্যাপ্ত অর্থ না থাকলে বায়তুল মালের স্থায়ী আয়ের উৎস থেকে ঋণগ্রস্তদের ঋণ পরিশোধে অর্থ সহায়তা দেওয়ার বিধান রাখা হয়েছে”। তৃতীয়ত, খিলাফত রাষ্ট্রের ট্রেজারি সরাসরি ব্যবসায়িক অর্থায়ন ও ঋণের সঠিক ব্যবহার নিবিড়ভাবে তদারকি করে, যা নিশ্চিত করে যে ঋণের অর্থ অপব্যবহার বা জুয়া/ফাটকাবাজিতে খাটার কোনো সুযোগ থাকে না এবং উৎপাদনশীল ক্ষেত্র থেকে যথাসময়ে অর্থ বায়তুল মালে ফেরত আসে (The Economic System in Islam, “Bait ul-Mal” অধ্যায়)। খলিফা হযরত উমর ফারূক (রা.)-এর শাসনকালে বায়তুল মালের অর্থায়নে এই কঠোর প্রশাসনিক তদারকি ও স্বচ্ছতার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়। যেমন, তাঁর শাসনের অধীনে বাসরা থেকে তাঁর দুই পুত্র (আব্দুল্লাহ ও উবায়দুল্লাহ) বায়তুল মালের অর্থ নিয়ে ব্যবসা করে লভ্যাংশ লাভ করলে তিনি স্বজনপ্রীতি ও অপব্যবহারের পথ বন্ধ করতে তা সাধারণ ঋণ না ধরে “মুদারাবা” (অংশীদারিত্ব) হিসেবে গণ্য করে মুনাফার অর্ধেক বায়তুল মালে জমা নেওয়ার আদেশ দেন (মুয়াত্তা ইমাম মালিক, হাদীস: ১৩৯৬), এবং হিন্দ বিনতে উতবা (রা.) ব্যবসায়িক উদ্দেশ্যে ৪,০০০ দিরহাম ঋণ নিলে রাষ্ট্রীয়ভাবে সেটির সঠিক বিনিয়োগ ও মূলধন ফেরত নিশ্চিত করা হয় (ইবনে আসাকীর) । খিলাফত ব্যবস্থার এই কার্যকর তদারকির ফলে ঋণের অর্থ ফাটকাবাজি বা অনিয়মে অপচয় হওয়ার সুযোগ থাকে না, যার ফলে মূলধন সুরক্ষিত থাকে এবং খেলাপির ঝুঁকি তৈরি হয় না।
সর্বশেষে, খিলাফত রাষ্ট্র যেকোনো ধরনের সুদ (Riba) ও কৃত্রিম সুদের চক্রবৃদ্ধি বোঝা সম্পূর্ণ নিষিদ্ধ করে প্রকৃত মুনাফা-ক্ষতির অংশীদারিত্ব প্রতিষ্ঠা করে, যা পুঁজিবাদী সুদি অর্থব্যবস্থার অভিশাপ হিসেবে খ্যাত খেলাপি ঋণের বৈশ্বিক মহামারিকে চিরতরে দূর করে সমাজকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তোলে। কারণ, ইসলাম একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ জীবনব্যবস্থা, যার মধ্যে সামাজিক ও অর্থনৈতিক সকল সমস্যার স্থায়ী সমাধান বিদ্যমান। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা পবিত্র কুরআন-এ ইরশাদ করেন: "আমি তোমার প্রতি এ কিতাব অবতীর্ণ করেছি, যা প্রতিটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা, পথনির্দেশ, রহমত এবং আত্মসমর্পণকারীদের (মুসলিমদের) জন্য সুসংবাদ স্বরূপ" (সূরা আন-নাহল, ১৬:৮৯)
- মো: জাফর আহমেদ, অর্থনীতি ও রাজনীতি বিশ্লেষক
