গত ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হলো ব্রিকসের অষ্টাদশ শীর্ষ সম্মেলন। সি চিন পিং, পুতিন, পেজেশকিয়ান, রামাফোসা, প্রাবোও সুবিয়ান্তো, আনোয়ার ইব্রাহিম, তোকায়েভসহ প্রায় সব সদস্যরাষ্ট্রের শীর্ষ নেতারা হাজির ছিলেন; ব্রাজিল স্থানীয় নির্বাচনের কারণে প্রেসিডেন্টের বদলে পররাষ্ট্রমন্ত্রী পাঠিয়েছে। সম্মেলন শেষে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে ৪৫ পৃষ্ঠার "নয়াদিল্লি ঘোষণা ২০২৬"—যেখানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাঠামোগত সংস্কার, স্থানীয় মুদ্রায় বাণিজ্য, একতরফা নিষেধাজ্ঞা ও ঢালাও শুল্কের নিন্দা, এবং মধ্যপ্রাচ্যে সংযম বজায় রাখার আহ্বান স্থান পেয়েছে।
কিন্তু লক্ষণীয় বিষয় হলো, কী নেই এই ঘোষণায়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো উল্লেখ নেই—আগের ঘোষণাগুলোর তুলনায় যা একটি স্পষ্ট ব্যতিক্রম। ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়েও কোনো পক্ষ নির্ধারণ করা হয়নি—কেবল "সর্বোচ্চ সংযম" ও বেসামরিক অবকাঠামোয় হামলার নিন্দা করা হয়েছে, কাউকে দায়ী না করেই। যুক্তরাষ্ট্রের নামও কোথাও সরাসরি নেয়া হয়নি। এমনকি সম্মেলনের কয়েক মাস আগে, মে মাসে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইরান যুদ্ধ নিয়ে ঐকমত্যেই পৌঁছানো যায়নি—ইরান চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সরাসরি নিন্দা, আর ইউএই তাতে রাজি হয়নি। এই একটি ঘটনাই ব্রিকসের প্রকৃত চরিত্র প্রকাশ করে দেয়।
ব্রিকস আসলে কী—ইতিহাস ও লক্ষ্য
২০০১ সালে গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষক জিম ও'নিল বিনিয়োগ-সম্ভাবনাময় অর্থনীতি চিহ্নিত করতে গিয়ে "ব্রিক" শব্দটি তৈরি করেন—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন। ২০০৯ সালে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের পর রাশিয়ার উদ্যোগে প্রথম শীর্ষ সম্মেলন হয়, আর ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যুক্ত হয়ে নাম হয় ব্রিকস। ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ও কন্টিনজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট—বিশ্বব্যাংক ও আইএমএফের বিকল্প হিসেবে। ২০২৩ সালে মিসর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও ইউএইকে আমন্ত্রণ জানানো হয়, ২০২৪ সালে তা কার্যকর হয়, আর ২০২৫ সালে ইন্দোনেশিয়া পূর্ণ সদস্য হয়। এখন দশটিরও বেশি দেশ "পার্টনার কান্ট্রি" হিসেবে যুক্ত। সব মিলিয়ে বিশ্বের প্রায় ৪০ শতাংশ জনসংখ্যা ও ৬০ শতাংশ তেল মজুদ ব্রিকসভুক্ত দেশগুলোর হাতে।
আদর্শিক শূন্যতাই ব্রিকসের মূল দুর্বলতা
জি-৭ যতই সমালোচিত হোক, তার একটি ঘোষিত ভিত্তি আছে—উদারনৈতিক গণতন্ত্র, মুক্তবাজার, "অভিন্ন মূল্যবোধ"। এই ভিত্তির কারণেই ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর জি-৭ কয়েক দিনের মধ্যে সমন্বিত নিষেধাজ্ঞা, সম্পদ জব্দকরণ ও সোয়িফট-বহিষ্কারের মতো কঠোর পদক্ষেপে একমত হতে পেরেছিল। ব্রিকসের ইতিহাসে এমন কোনো নজির নেই—কারণ তার এমন কোনো অভিন্ন আদর্শিক কাঠামোই নেই, যা সদস্যদের একটি অভিন্ন সিদ্ধান্তে বাধ্য করতে পারে। ব্রিকস কেবল পশ্চিমের প্রতি অনাস্থার ভিত্তিতে একত্র হয়েছে—আর সেই অনাস্থাতেও তারা একমত নয়। এই দুর্বলতা বিমূর্ত নয়; বাস্তব ঘটনায় বারবার প্রকাশ পেয়েছে।
ভারতের দ্বৈত আনুগত্য: নয়াদিল্লি একদিকে ব্রিকসে বসে চীন-রাশিয়ার সঙ্গে, আবার একই সপ্তাহে কোয়াডে বসে যুক্তরাষ্ট্র-জাপান-অস্ট্রেলিয়ার সঙ্গে। এটি জোটবদ্ধতা নয়, এটি লেনদেনভিত্তিক ভারসাম্য রক্ষা, পশ্চিমবিরোধিতা নয়।
ইরান-ইউএই দ্বন্দ্ব: দুটিই ব্রিকস সদস্য, অথচ মধ্যপ্রাচ্যের যুদ্ধে তারা পরস্পরবিরোধী অবস্থানে। যুদ্ধ চলাকালে ইরান ইউ.এ.ই-কে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলাও চালিয়েছে। একই জোটের দুই সদস্যের মধ্যে এমন সরাসরি শত্রুতা কোনো প্রকৃত মিত্রজোটে কল্পনাতীত।
চীন-ভারত অবিশ্বাস: ২০২০ সালের সীমান্ত সংঘর্ষের ক্ষত এখনো টাটকা। সি চিন পিং সাত বছর পর দিল্লি সফরে এসেও মোদির নৈশভোজ এড়িয়ে গেছেন, ২৪ ঘণ্টার কমে শহর ছেড়েছেন—এমনকি করমর্দনে সেই পরিচিত আলিঙ্গনও ছিল না।
ইউক্রেন প্রশ্নে বিভক্তি: ২০২২ সালে জাতিসংঘে ব্রাজিল রাশিয়ার নিন্দা করে ভোট দিয়েছিল, বাকি সদস্যরা নীরব থেকেছে। একই জোটের ভেতরে এমন বিপরীতমুখী অবস্থান জি-৭ ধরনের জোটে অকল্পনীয়।
ডলার-মুক্তির ব্যর্থতা: দুই দশক ধরে "ডি-ডলারাইজেশন" আলোচিত হলেও ইউয়ান নিজেই মুক্ত মুদ্রা নয়—চীন নিজের অর্থনৈতিক মডেল রক্ষায় তাতে কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখে, এমনকি অস্ট্রেলীয় বা কানাডীয় ডলারের চেয়েও কম ব্যবহৃত হয় আন্তর্জাতিক লেনদেনে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণও বড় অংশে এখনো মার্কিন ডলারেই।
কাঠামোগত শূন্যতা: ব্রিকসের কোনো সদর দপ্তর নেই, কোনো সদস্যপদ-নীতি নেই, কোনো লিখিত নিয়মকানুন নেই—কেবল সর্বসম্মত সমর্থন পেলেই সদস্য হওয়া যায়, যা প্রতিষ্ঠানটিকে কাঠামোগতভাবেই আলগা রাখে।
এই প্রতিটি উদাহরণ একই সত্যের দিকে নির্দেশ করে—ব্রিকস যখন কেবল অভিযোগ তোলে (শুল্কের বিরুদ্ধে, নিষেধাজ্ঞার বিরুদ্ধে), তখন সবাই একমত হতে পারে; কিন্তু যখনই বাস্তব মূল্য দিতে হয়—কাউকে দায়ী করতে হয়, কারো পক্ষ নিতে হয়—জোট নীরব হয়ে যায়। স্বার্থ মানুষকে সাময়িকভাবে এক টেবিলে বসাতে পারে, কিন্তু সংকটের মুহূর্তে তাদের একসঙ্গে দাঁড় করাতে পারে না। এ কারণেই ব্রিকস মার্কিন আধিপত্যকে প্রতিস্থাপন করার মতো কোনো "নতুন আদর্শ" দিতে পারছে না—তারা বিদ্যমান ব্যবস্থার মধ্যে নিজেদের দরকষাকষির শক্তি বাড়াতে চায় মাত্র, ব্যবস্থাটিকে মৌলিকভাবে বদলাতে নয়।
আদর্শিক নেতৃত্বের ভবিষ্যৎ ইসলামের কাধেই নিহিত
BRICS-এর সীমাবদ্ধতা বুঝতে হলে একটি মৌলিক প্রশ্নের উত্তর দিতে হবে—একটি শক্তিকে কখন সত্যিকার অর্থে বিদ্যমান বিশ্বব্যবস্থার বিকল্প বলা যায়? শুধু অর্থনৈতিক শক্তি, সামরিক সক্ষমতা কিংবা কয়েকটি রাষ্ট্রের সমন্বয়ে একটি জোট গড়ে উঠলেই কোনো নতুন বিশ্বব্যবস্থা তৈরি হয় না। একটি কার্যকর বিকল্পের প্রয়োজন হয় একটি সুসংহত বৈশ্বিক দৃষ্টিভঙ্গী, একটি স্বতন্ত্র শাসনব্যবস্থা এবং একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক কাঠামো—যার ভিত্তিতে রাষ্ট্রগুলো শুধু অভিন্ন স্বার্থে নয়, অভিন্ন নীতির অধীনেও পরিচালিত হতে পারে। এই জায়গাতেই BRICS-এর সঙ্গে ইসলামি ব্যবস্থার মৌলিক পার্থক্য।
BRICS মূলত বিভিন্ন জাতিরাষ্ট্রের স্বার্থ, ভূরাজনৈতিক অবস্থান ও অর্থনৈতিক প্রয়োজনের সমন্বয়। তাদের লক্ষ্য বর্তমান একমেরু ব্যবস্থার ভারসাম্য পরিবর্তন করা; কিন্তু তার পরিবর্তে কী ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে—সে বিষয়ে তাদের কোনো অভিন্ন আদর্শ নেই। ফলে BRICS যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারলেও তার জায়গায় একটি সুসংহত বিশ্বব্যবস্থার নকশা হাজির করতে পারে না।
ইসলাম এখানে ভিন্ন একটি ভিত্তি প্রদান করে। ইসলাম কেবল কোনো বিদ্যমান শক্তির বিরোধিতা করার রাজনৈতিক অবস্থান নয়; এটি মানুষ, রাষ্ট্র, অর্থনীতি, সম্পদ, আইন ও আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে একটি স্বতন্ত্র বৈশ্বিক দৃষ্টিভঙ্গী প্রদান করে। আর খিলাফত সেই আদর্শকে রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে বাস্তবায়নের একটি শাসনব্যবস্থা। ফলে এর সংহতির ভিত্তি কোনো সাময়িক ভূরাজনৈতিক স্বার্থ নয়; বরং একটি অভিন্ন আকিদা ও সেই আকিদা থেকে উৎসারিত বিধান।
প্রথমত, অভিন্ন আদর্শের ভিত্তি
খিলাফতের ভিত্তি হলো ইসলামি আকিদা এবং কুরআন-সুন্নাহ্ থেকে উৎসারিত শারী‘আহ্। এখানে রাষ্ট্রের নীতি কোনো জাতি, ভূখণ্ড বা জনগোষ্ঠীর পৃথক জাতীয় স্বার্থের উপর নির্ভর করে পরিবর্তিত হয় না। একজন আরব, অনারব, ফারসি, আফ্রিকান কিংবা এশীয়—পরিচয়ের ভিন্নতা সত্ত্বেও একই আকিদা ও একই রাষ্ট্রীয় বিধানের অধীনে এক রাজনৈতিক সত্তায় যুক্ত হতে পারে। ইতিহাসেও আমরা দেখেছি ইন্দোনেশিয়া থেকে মরক্কো পর্যন্ত ভিন্ন ভিন্ন ভাষভাষি ও জাতিসত্তার মুসলিমরা একই ইসলামি শাসনব্যবস্থার অধীনে বসবাস করেছে নিজেদের এক স্বতন্ত্র জাতি হিসেবে চিহ্নিত করে।
দ্বিতীয়ত, সুস্পষ্ট শাসনব্যবস্থা
BRICS কোনো রাষ্ট্রব্যবস্থা নয়; এটি রাষ্ট্রগুলোর একটি সহযোগিতামূলক মঞ্চ। এর সদস্যরা নিজেদের পৃথক সংবিধান, আইন ও জাতীয় স্বার্থ অনুযায়ী পরিচালিত হয়। বিপরীতে, খিলাফতের ধারণা একটি একক রাষ্ট্রীয় কাঠামোর কথা বলে, যেখানে শাসন, বিচার, প্রশাসন ও পররাষ্ট্রনীতি একটি অভিন্ন রাজনৈতিক কর্তৃত্বের অধীনে পরিচালিত হবে। ফলে এর লক্ষ্য শুধু আন্তর্জাতিক সহযোগিতা নয়; বরং একটি স্বতন্ত্র রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা যার রয়েছে একটি সুনির্দিষ্ট বৈদেশিক নীতি।
তৃতীয়ত, স্বতন্ত্র অর্থনৈতিক কাঠামো
BRICS ডলার-নির্ভরতা কমানোর কথা বললেও তার বিকল্প মূলত বিদ্যমান বৈশ্বিক আর্থিক ব্যবস্থার মধ্যেই খোঁজা হচ্ছে। অর্থাৎ মুদ্রা, ঋণ, ব্যাংকিং ও বিনিয়োগের মৌলিক কাঠামোকে তারা অপরিবর্তিত রেখেই ক্ষমতার ভারসাম্য বদলাতে চায়। এবং বিশেষ করে কাগুজে মুদ্রার ব্যবহার। অপরদিকে, ইসলাম অন্য জায়গায় আঘাত করে—রিবা নিষিদ্ধ করে, যাকাতকে বাধ্যতামূলক করে এবং সম্পদ ও রাষ্ট্রীয় সম্পদের মালিকানা সম্পর্কে স্বতন্ত্র বিধান নির্ধারণ করে। এর পাশাপাশি মুদ্রা হিসেবে স্বর্ণ ও রৌপ্য ভিত্তিক মুদ্রা ব্যবস্থার প্রণয়ন করবে যা শুধুমাত্র খিলাফত রাষ্ট্রের অর্থনীতিকেই ভারসাম্যপূর্ণ করবে না, বরং বৈশ্বিক মুদ্রা হিসেবেও তা সহজেই গ্রহণযোগ্য হবে। ফলে খিলাফত রাষ্ট্র কেবল ডলারের বিকল্প খোঁজে না; বরং অর্থনৈতিক সম্পর্কের ভিত্তি নিয়েও ভিন্ন নীতি উপস্থাপন করে।
চতুর্থত, জাতিরাষ্ট্রের ঊর্ধ্বে রাজনৈতিক সংহতি
BRICS-এর প্রতিটি রাষ্ট্র শেষ পর্যন্ত নিজের জাতীয় স্বার্থের প্রতিনিধিত্ব করে। তাই দুই সদস্যের স্বার্থ যখন পরস্পরের সঙ্গে সংঘর্ষে যায়, তখন জোটের অভিন্ন অবস্থান দুর্বল হয়ে পড়ে। খিলাফত রাষ্ট্রের ধারণায় রাজনৈতিক সংহতির ভিত্তি জাতীয়তা নয়; একই রাষ্ট্রীয় কর্তৃত্ব ও একই শরিয়াহভিত্তিক বিধান। ফলে সংহতিটি স্বার্থের সাময়িক মিলের উপর নয়, একটি অভিন্ন আদর্শ ও রাজনৈতিক কাঠামোর উপর প্রতিষ্ঠিত।
ইসলামের ঐতিহাসিক অভিজ্ঞতাতেও এই সংহতির নজির পাওয়া যায়। মদিনার রাষ্ট্রে সালমান আল-ফারিসি, সুহাইব আর-রুমি ও বিলাল (রা.)-এর মতো ভিন্ন জাতি ও ভূখণ্ডের মানুষ একই উম্মাহ্’র অংশে পরিণত হয়েছিলেন। পরবর্তী সময়ে ইসলামি রাষ্ট্র আরব উপদ্বীপ ছাড়িয়ে পারস্য, শাম, মিসর ও উত্তর আফ্রিকায় বিস্তৃত হলেও তার রাজনৈতিক ও আইনগত ভিত্তি একটি অভিন্ন ইসলামী আদর্শের উপরই ছিল।
অতএব, কে বেশি শক্তিশালী পার্থক্যটি কেবল এটিই নয়, বরং আসল পার্থক্য হলো কে একটি বিকল্প ব্যবস্থা দিতে পারে। BRICS বিদ্যমান বিশ্বব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের চেষ্টা করছে; ইসলাম সেই ব্যবস্থার পরিবর্তে একটি স্বতন্ত্র আদর্শ, শাসনব্যবস্থা ও অর্থনৈতিক কাঠামোর দাবি করে। এ কারণেই বর্তমান বিশ্বে তৈরি হওয়া আদর্শিক শূন্যতার প্রশ্নে BRICS যতটা দুর্বল বিকল্প খিলাফত রাষ্ট্র ততোধিক শক্তিশালী বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছে।
রোম-পারস্য থেকে বর্তমান বিশ্বব্যবস্থা
ইসলামের আবির্ভাবকালে পৃথিবীর ক্ষমতা-কাঠামো ছিল মূলত দুই সাম্রাজ্যের—বাইজেন্টাইন রোম ও সাসানীয় পারস্য। ষষ্ঠ-সপ্তম শতকের দীর্ঘ রোম-পারস্য যুদ্ধ উভয় সাম্রাজ্যকে অর্থনৈতিক ও সামরিকভাবে নিঃশেষ করে দিয়েছিল। ঠিক সেই মুহূর্তে, যখন পৃথিবী একটি আদর্শিক শূন্যতার মধ্যে ছিল, মদিনায় প্রতিষ্ঠিত ইসলামি রাষ্ট্র এক প্রজন্মের মধ্যেই সেই শূন্যতা পূরণ করে দেয়—পারস্য সাম্রাজ্য সম্পূর্ণ বিলুপ্ত হয়, রোমের বিশাল ভূখণ্ড হাতছাড়া হয়।
আজকের বিশ্বেও একই কাঠামোগত মিল লক্ষণীয়। পশ্চিমা-নেতৃত্বাধীন ব্যবস্থাকে রোমের সাথে তুলনা করা যায়—আধিপত্য বজায় রাখতে গিয়ে ক্রমাগত যুদ্ধ, শুল্কযুদ্ধ ও নিষেধাজ্ঞার বোঝায় ক্লান্ত। আর চীন-রাশিয়া-নেতৃত্বাধীন গ্লোবাল সাউথ জোটকে পারস্যের সাথে—যারা পশ্চিমের প্রতিদ্বন্দ্বী, কিন্তু মৌলিকভাবে ভিন্ন কোনো মূল্যবোধ দেয় না, বরং একই ধরনের আধিপত্যের আসনে বসতে চায়। ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, শুল্কযুদ্ধ—এই দুই পক্ষই পরস্পরকে ও নিজেদের ক্রমাগত ক্ষয় করে চলেছে, ঠিক যেমন সপ্তম শতকে রোম-পারস্য একে অপরকে নিঃশেষ করেছিল। এই ক্ষয়ের ভেতর থেকেই তৈরি হচ্ছে একই ধরনের আদর্শিক শূন্যতা—যেখানে জোট নয়, বরং একটি সুসংহত আদর্শিক বিকল্পের জায়গা তৈরি হয়। এবং এই আদর্শিক শূন্যতা পূরণে খিলাফত প্রতিষ্ঠার জন্য মুসলিম উম্মাহ্’র একটি দল নিরলস পরিশ্রম করে যাচ্ছে এবং উম্মাহ্‘কে নিয়ে তারা দ্বিতীয় খিলাফতে রাশিদাহ্ প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে অবস্থান করছে।
মুসনদে আহমাদে হুযাইফা ইবনুল ইয়ামান (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন: “তোমাদের মধ্যে নবুয়ত থাকবে, যতদিন আল্লাহ্ চান তা থাকবে। অতঃপর আল্লাহ্ যখন তা উঠিয়ে নেওয়ার ইচ্ছা করবেন, তখন তা উঠিয়ে নেবেন। এরপর প্রতিষ্ঠিত হবে নবুয়তের আদলে খিলাফত; তা ততদিন থাকবে যতদিন আল্লাহ্ চান। অতঃপর আল্লাহ্ যখন তা উঠিয়ে নেওয়ার ইচ্ছা করবেন, তখন তা উঠিয়ে নেবেন। এরপর আসবে কামড়ে ধরা রাজতন্ত্র (مُلْكًا عَاضًّا); তা ততদিন থাকবে যতদিন আল্লাহ্ চান। অতঃপর আল্লাহ যখন তা উঠিয়ে নেওয়ার ইচ্ছা করবেন, তখন তা উঠিয়ে নেবেন। এরপর আসবে জবরদস্তিমূলক/স্বৈরাচারী রাজতন্ত্র (مُلْكًا جَبْرِيَّةً); তা ততদিন থাকবে যতদিন আল্লাহ্ চান। অতঃপর আল্লাহ্ যখন তা উঠিয়ে নেওয়ার ইচ্ছা করবেন, তখন তা উঠিয়ে নেবেন। এরপর আবার প্রতিষ্ঠিত হবে নবুয়তের আদলে খিলাফত (خِلَافَةً عَلَى مِنْهَاجِ نُبُوَّةٍ)।”
- মো: হাফিজুর রহমান, আইনজীবি ও কলামিস্ট
