অপ্রতিমরা কেন ‘সিগমা মেইল’ হতে চায়?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার একমাত্র সন্তান অপ্রতিম হত্যার ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম, নিউজ পোর্টাল, ইউটিউব চ্যানেল সব জায়গায় যেন এই নিয়েই আলোচনা। তের বছরের বাচ্চার হত্যার ঘটনায় সবাই হতচকিত হলেও সবাই যেন এর চেয়েও হতচকিত হয়েছে অপ্রতিমের টিকটক ভিডিওর কালেকশন দেখে। এক সময়ে বিশ ঊর্ধ্ব যুবকের আচরণে যা দেখা যেত তা এখন কেন  মাত্র তের বছরের একটি বাচ্চার মধ্যে বহিঃপ্রকাশ হচ্ছে? কেন বাচ্চা বয়সেই একজনের মধ্যে আলফা বা সিগমা পুরুষ হওয়ার প্রবল আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে? এই আকাঙ্ক্ষাকেই সামাজিক যোগাযোগ  মাধ্যমে নানাভাবে নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে। বাবা-মা কে দোষারোপ করা হচ্ছে। কিন্তু, কেন এবং কীভাবে আমাদের সমাজে এই ধরণের আচরণ প্রবেশ করছে তা নিয়ে কোন আলোচনা দেখা যাচ্ছে না, অথচ, এটাই হওয়া উচিত ছিল মুল আলোচনা, কারণ এর সঙ্গে আমাদের কোমলমতি সন্তানদের ভবিষ্যত জড়িত। 

এটা তো অস্বীকার করার উপায় নেই যে অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে কমবেশি সবারই অপরিণত বয়সে পরিপক্ব বা এডাল্ট আচরণ করার তীব্র আকাঙ্ক্ষা কাজ করছে। নির্দিষ্ট অঙ্গভঙ্গি, নির্দিষ্ট কথা বলার ধরন, নির্দিষ্ট পোষাক আশাক, নির্দিষ্ট চুলের কাটিং ইত্যাদি সবকিছুর মধ্যেই এক ধরনের নন শ্যালান্ট, ডোন্ট কেয়ার মনোবৃত্তি লক্ষ্য করা যায়। ১৩ থেকে ১৯ যে বয়সটাকে ‘টিন এইজ’ বলা হয়, সেই বয়সটার বৈশিষ্ট্যই হচ্ছে কোন রোল মডেলকে অনুসরণ করা, অনুকরণ করা। তাহলে প্রশ্ন চলে আসে যে আমাদের বাচ্চারা ঠিক কাদেরকে অনুসরণ করছে? তাদের রোল মডেল এখন বাবা, শিক্ষক কিংবা সমাজের প্রতিষ্ঠিত কোনো ব্যক্তিত্ব নন। 

স্মার্টফোনের পর্দা দিয়ে প্রতিদিন তাদের সামনে হাজির হচ্ছে সিনেমা-সিরিজের অ্যান্টি-হিরো, ‘আলফা’ ও ‘সিগমা মেইল’ সংস্কৃতি, টিকটকের ‘অ্যাটিটিউড’ কনটেন্ট, গ্যাংস্টার নান্দনিকতা এবং এমন অসংখ্য ইনফ্লুয়েন্সার, যাদের কাছে শক্তি মানে আধিপত্য, সাহস মানে গুরুজনকে ভয় না পাওয়া, আর ব্যক্তিত্ব মানে ‘আমি কাউকে পরোয়া করি না’ মনোভাব। এর সঙ্গে যখন নিজের বন্ধু মহল বা এলাকার প্রভাবশালী বড় ভাইদের অনুকরণ যুক্ত হয়, তখন একজন কিশোরের কাছে ‘বড় হওয়া’ আর দায়িত্বশীল হওয়া একই অর্থ বহন করে না; বরং বড় হওয়ার অর্থ দাঁড়ায় বেপরোয়া এবং ভয়হীন দেখানোর চেষ্টা। সবার চাইতে নিজেকে আলাদা প্রমাণের চেষ্টা তা আপাতদৃষ্টিতে সমাজের কাছে যতই অগ্রহণযোগ্য মনে হোক না কেন! অনেকটা ব্রিটিশ ড্রামা সিরিজ পিকি ব্লাইন্ডারের থমাস শেলবির মত যে একজন প্রশ্নবিদ্ধ গ্যাংস্টার ও অপরাধী হওয়া সত্ত্বেও বর্তমান অনলাইন দুনিয়ায় তরুণদের কাছে সবচেয়ে বেশি অনুকরণীয় ‘আইকন’ বা ‘সিগমা মেইল’-এ পরিণত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ ট্রমা, খুন, বেটিং, চোরাচালান এবং চরম ধ্বংসাত্মক জীবনযাপনের মধ্য দিয়ে চলা এই চরিত্রটির অপরাধ জগৎকে সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম ও মোটিভেশনাল পেজগুলো সুকৌশলে আড়ালে রেখে তার থ্রি-পিস স্যুট, মুখে সিগারেট, ধীরস্থির হাঁটার ভঙ্গি এবং ‘কাউকে পরোয়া না করার’ বেপরোয়া মনোভাবকে গ্ল্যামারাস করে তুলেছে।

এই জায়গায় অনেকেই পুরো দোষটা স্মার্টফোনকে দিয়ে দিতে চায়। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না স্মার্টফোনের আগের প্রজন্মও কিশোর বয়সে একই ধরনের বিপজ্জনক অনুকরণের মধ্য দিয়ে গেছে। তখন সামাজিক যোগাযোগমাধ্যম ছিল না, কিন্তু সিনেমার ‘মাস্তান’ চরিত্র, এলাকার প্রভাবশালী বড় ভাই, বখাটে যুবক কিংবা তথাকথিত দাপুটে ব্যক্তিত্ব অনেক কিশোরের কাছে আকর্ষণীয় রোল মডেল হয়ে উঠত। সিগারেট হাতে ছবি তোলা, রাস্তার মোড়ে দল বেঁধে দাঁড়ানো, অশালীন ভাষাকে ‘স্মার্টনেস’ মনে করা, স্কুল ফাঁকি দেওয়া, মেয়েদের উত্ত্যক্ত করাকে পৌরুষের প্রকাশ ভাবা, মারামারি করে এলাকায় পরিচিতি তৈরি করা কিংবা মোটরসাইকেল নিয়ে বেপরোয়া আচরণ—এসবও একসময় কিশোরদের একটি অংশের কাছে ‘বড় হয়ে যাওয়ার’ প্রতীক ছিল। অর্থাৎ অপরিণত বয়সে পরিণত, ভয়ংকর কিংবা দাপুটে দেখানোর আকাঙ্ক্ষা নতুন কিছু নয়। নতুন হলো এর প্রচারের পরিধি। আগে একটি কিশোরের নেতিবাচক অনুকরণ হয়তো তার পাড়া, স্কুল বা বন্ধুমহলের মধ্যেই সীমাবদ্ধ থাকত; এখন একই আচরণ ক্যামেরাবন্দী হয়ে হাজার হাজার মানুষের সামনে হাজির হচ্ছে এবং লাইক, শেয়ার ও কমেন্টের মাধ্যমে সেই আচরণ আরও উৎসাহও পাচ্ছে। আগে এই বখাটেপনার বয়স হয়তো এসএসসি পাস করার পর ছিল, এখন তা আরেকটু এগিয়ে এসে ক্লাস ফাইভ সিক্সে এসে দানা বেঁধেছে। 

তাহলে দোষটা অপ্রতিমদের না, স্মার্টফোনেরও না। স্মার্টফোন বরং আগে থেকেই সমাজে থাকা একটি দৃষ্টিভঙ্গির গতি ও বিস্তার বাড়িয়ে দিয়েছে। কোন সেই দৃষ্টিভঙ্গি যা আমাদের এবং আমাদের সন্তানদের এরকম ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে??

পশ্চিমা আধুনিক লিবারেল চিন্তার অন্যতম কেন্দ্রীয় ধারণা হলো ব্যক্তিস্বাধীনতা—ব্যক্তি নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেবে, নিজের পছন্দ অনুযায়ী জীবনযাপন করবে এবং রাষ্ট্র বা সমাজ অপ্রয়োজনে তার ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করবে না। ‘আমার জীবন, আমার সিদ্ধান্ত’, ‘আমি কী পরব সেটা আমার ব্যাপার’, ‘কে কী বলল তাতে আমার কিছু যায় আসে না’, ‘নিজের মতো হও’—এই কথা ও চিন্তাগুলো আজকের পশ্চিমা সমাজকে বেপরোয়া জীবনযাপনের দিকে ধাবিত করেছে। তাদের চলচ্চিত্র, গান, টিভি সিরিজ, উপন্যাস সবকিছুতে ঘুরিয়ে ফিরিয়ে শুধু ফ্রিডম ফ্রিডম আর ফ্রিডম। ফলে পশ্চিমা সমাজের এই ফ্রিডম নামক ল্যাব থেকে বেপরোয়া প্রজন্মের সাথে সাথে বাই প্রোডাক্ট হিসেবে আসছে সমকামিতা, লিঙ্গ পরিবর্তন ইত্যাদি। সেই একই পশ্চিমা লিবারেল চিন্তা আমাদেরকেও একই দিকে নিয়ে যাচ্ছে। অপ্রতিমদের বেপরোয়া লাইফস্টাইল আর করুণ মৃত্যু একটা শুরু মাত্র। তাই পশ্চিমা লিবারেল চিন্তার এই মূল তত্ত্ব এই “স্বাধীনতা” কে আমাদের গভীরভাবে প্রশ্ন করা উচিৎ।

পশ্চিমা লিবারেল সমাজ যে MY LIFE MY RULE এর নিয়মে একটা নিয়মহীন সমাজে চলতে চায় তারা কি আসলে তা চলতে পারে? পারে না। পশ্চিমে চাইলেই কেউ ১৮ এর আগে বিয়ে করতে পারে না, মদ খেতে পারে না কিংবা জুয়া খেলতে পারে না। কোভিডের সময় পশ্চিমে ব্যক্তিস্বাধীনতা লঙ্ঘন করে লকডাউন চাপিয়ে দেয়া হয়েছিল। তাহলে যে স্বাধীনতা তারা নিজেরাই পুরোপুরি উপভোগ করতে পারে না, সেটা তারা কেন এত নগ্নভাবে সিনেমা, গান, নাটক, উপন্যাস ইত্যাদি মাধ্যমে ঢালাওভাবে প্রচার করে!!! 

ষোড়শ শতকে তারা চার্চের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য পাদ্রিদের বিরুদ্ধে যেতে গিয়ে পরিশেষে স্রষ্টার বিরুদ্ধে অবস্থান নেয়। রাষ্ট্র থেকে স্রষ্টার ভূমিকা ছিন্ন করে ফেলে। মানুষকে শেখায় সেই শব্দ “স্বাধীনতা”। মানুষ স্বাধীন হয়। কার থেকে? স্রষ্টার। মানুষকে আর স্রষ্টার বিধিনিষেধ মেনে চলতে হবে না। সে নিজেই বিধিনিষেধ বানাবে। নিজেই হয়ে ওঠে নিজের স্রষ্টা। এতে করে তার জীবনে “পরকাল” এবং “স্রষ্টার প্রতি জবাবদিহিতা” বলে কিছু থাকে না। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জীবনকে উপভোগ করাই হয়ে ওঠে তার জীবনের লক্ষ্য। কিন্তু জীবন উপভোগ করতে অর্থ সম্পদ লাগে। তাই তারা “স্বাধীনতা”কে উপভোগ করার জন্য “স্বাধীনতা”কেই একটা প্রোডাক্ট বানায়। স্বাধীনতার নামে মানুষকে ভোগবাদি প্রাণীতে পরিণত করে। এতে করে অপ্রতিমের মত ছোট ছোট বাচ্চারাও অনেক লাইক, ভিউ, শেয়ার আর সাবস্ক্রিপশনের আশায় বাইক স্টান্ট, বেপরোয়া লাইফ স্টাইল কন্টেন্ট বানিয়ে প্রাসঙ্গিক থাকতে চায়। তাই সমাজে বড়রা যখন প্রথা ভাঙ্গা বা নিয়ম ভাঙ্গাকে প্রগতিশীলতার নাম দেয়, তখন ছোটরা নিয়ম ভাঙলে তাকে বা তার পরিবারকে কেন জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে? তারা ঠিক কোন অন্যায়টা করেছে?

আজকে আমাদের সমাজের যে অবস্থা একটা মুসলিম সমাজ কিন্তু কখনোই এরকম ছিল না। আমরা ১৪০০ বছর আল্লাহ (ﷻ) প্রদত্ত শাসনব্যবস্থা অনুযায়ী চলেছি। তখন আমাদের শিশু থেকে শুরু করে খলিফা পর্যন্ত আল্লাহ (ﷻ) এর কাছে জবাবদিহিতার আশংকায় দিনাতিপাত করত। এতে করে শিশুরা বয়োসন্ধিকাল পৌছানো মাত্রই দায়িত্বশীল আচরণ করত। কারণ তাদের শিক্ষায় হাতে খড়িই হত আল্লাহ (ﷻ) এর অস্তিত্বকে অনুধাবনের মাধ্যমে। পরবর্তীতে বয়োসন্ধির কালটিকে জৈবিক পরিবর্তনের পাশাপাশি ‘আইনি ও সামাজিক দায়িত্ব অর্জিত হওয়ার বয়স’ (Age of Legal Responsibility) হিসেবে গণ্য করা হতো। সেদিন থেকে একজন কিশোর শারীআহ বিধান অনুযায়ী ‘বালিগ’ বা প্রাপ্তবয়স্ক বলে বিবেচিত হতো, সেদিন থেকেই সমাজ ও পরিবার তাকে আর ‘শিশু’ হিসেবে ছাড় দিত না। তাকে পারিবারিক উপার্জনে অংশ নেওয়া, সামাজিক চুক্তি রক্ষা করা, কিংবা সম্প্রদায়ের সুরক্ষা ও বিচারিক কার্যক্রমে বয়োজ্যেষ্ঠদের পাশাপাশি সম্পৃক্ত করা হতো। পুরো সমাজের মানদণ্ডই এমন ছিল যে, বয়োসন্ধি পার হওয়ার পর স্বেচ্ছাচারিতাকে সমাজ কোনভাবেই গ্রহণ করত না। বিখ্যাত সমাজবিজ্ঞানী ও ইতিহাসবিদ আইরা এম. লাপিডাস (Ira M. Lapidus) তার ‘Muslim Cities in the Later Middle Ages’ এবং ‘A History of Islamic Societies’ গ্রন্থে উল্লেখ করেন যে মধ্যযুগীয় মুসলিম সমাজগুলোতে প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক ব্যবস্থা এমনভাবে বিন্যস্ত ছিল যেখানে কিশোর-তরুণরা নির্দিষ্ট বয়সে পৌঁছানোর সাথে সাথেই পারিবারিক পেশা, শিক্ষানবিসি (Apprenticeship) এবং নগরজীবনের মূল অর্থনৈতিক ও সামাজিক স্রোতের সাথে যুক্ত হয়ে যেত। এভাবেই মাত্র ১৬-১৭ বছর বয়সে চিকিৎসাশাস্ত্রে অনন্য পারদর্শিতা অর্জন করে রাজবৈদ্যে পরিণত হওয়া ইবনে সিনা, মাত্র ১৭ বছর বয়সে বিশাল ভূখণ্ডের সামরিক সেনাপতি ও প্রশাসক হওয়া মুহাম্মদ বিন কাসিম, এবং কৈশোর পেরোতেই ইসলামি আইন ও বিচারব্যবস্থায় উচ্চতর ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করেন ইমাম শাফিঈ।

আমরা যদি আমাদের সন্তানদের ও আমাদের নিজেদের সেই সোনালী যুগে ফিরিয়ে নিতে চাই, তাহলে ফ্রিডমের নামে স্বেচ্ছাচারিতাকে ছেড়ে আল্লাহ (ﷻ) এর দিকনির্দেশনাকে অনতিবিলম্বে গ্রহণ করতে হবে। 

"আর এটিই আমার সরল পথ; সুতরাং এ পথেরই অনুসরণ করো এবং অন্যান্য পথের অনুসরণ করো না, তাহলে তা তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এগুলোই তিনি তোমাদের নির্দেশ দিয়েছেন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো" (সূরা আল-আনআম : ১৫৩)

    -    জাবির জোহান, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

Previous Post Next Post