স্ক্রিনটা জ্বলে উঠতেই ভেসে ওঠে নীল কাঁচের মাদক সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি ওয়াল্টার হোয়াইটের শীতল চাহনি আর সেই বুক কেঁপে ওঠা ঘোষণা—"I am the one who knocks!" আবার অন্য স্ক্রিনে ক্যাফের টেবিলে দেখা যায় নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক ক্যাফেতে বসা ‘ফ্রেন্ডস’ (Friends)-এর চরিত্রগুলো, যারা জীবনের দায়বদ্ধতাকে বুড়ো আঙুল দেখিয়ে কেবল নিজেদের অবাধ ব্যক্তিস্বাধীনতার জয়গান গায়।
এক নজরে দেখলে এগুলো নিছকই হলিউডি বিনোদন কিংবা নেটফ্লিক্সের গ্ল্যামারাস সিরিজ। কিন্তু একটু গভীরে চোখ রাখলেই প্রশ্ন জাগে যে, পশ্চিমা মিডিয়া সাম্রাজ্য কেন সুকৌশলে ব্রেকিং ব্যাড ও ফ্রেন্ডস-এর মতো সিরিজগুলোকে বিশ্ববাসীর আলোচনার টেবিলে সবসময় সগৌরবে টিকিয়ে রাখতে চেয়েছে?
এর উত্তর লুকিয়ে আছে এক গভীর আদর্শিক ও ভূ-রাজনৈতিক খেলায়। পশ্চিমী নীতিনির্ধারক ও সাংস্কৃতিক কারিগররা খুব ভালো করেই জানত যে মুসলিম সমাজে সরাসরি Freedom-এর সবক দিলে মুসলিম তরুণ সমাজ তা প্রত্যাখ্যান করবে। তাই তারা বেছে নিয়েছিল পপ-কালচারকে। সুকৌশলে এন্টারটেইনমেন্টের মোড়কে তরুণদের অবচেতন মনে ঢুকিয়ে দেয়া হয়েছে এমন সব চরিত্র ও দর্শন যা একদিকে আল্লাহ্’র নিকট জবাবদিহিতার কথা সম্পূর্ণ ভুলিয়ে দেয়, অন্যদিকে ব্যক্তিস্বার্থ উদ্ধারের জন্য যেকোনো বিধিনিষেধ ভাঙাকে বানিয়ে তোলে চরম ‘কুল’ বা স্ট্যাটাস সিম্বল। আর এই নিখুঁত সাংস্কৃতিক এজেন্ডার বিষাক্ত ফল আজ আমরা দেখতে পাচ্ছি মুসলিম সমাজে।
পর্দার অ্যান্টি-হিরো ও ভোগবাদ বনাম রক্তে ভেজা বাস্তবতা
পশ্চিমা মিডিয়া সাম্রাজ্য মুসলিম যুবসমাজের সামনে দুটি সমান্তরাল ফাঁদ পেতে দেয়:
⦁ ব্রেকিং ব্যাডের অপরাধ ও ক্ষমতার মোহ: ওয়াল্টার হোয়াইট বা ব্রিটিশ ড্রামা ‘পিকি ব্লাইন্ডার্স’ (Peaky Blinders)-এর থমাস শেলবিদের মূল বার্তা একটাই: "সমাজ বা আইনের তোয়াক্কা করো না; নিজের শক্তিতে আধিপত্য বিস্তার করো।" পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার শোষণ মানুষকে কোণঠাসা করে ফেলে, আর পপ-কালচার তাদের সামনে অপরাধকে একটি গ্ল্যামারাস শর্টকাট সমাধান হিসেবে তুলে ধরে। সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম যখন এই গ্যাংস্টার কালচারকে গ্ল্যামারাইজ করে, তখন তার ভয়ংকর আঘাত এসে পড়ে বাস্তব সমাজে। আজকের ঢাকা শহরের অলিতে-গলিতে গড়ে ওঠা রক্তপিপাসু ‘কিশোর গ্যাং’ কালচার কিংবা যুক্তরাজ্যের ‘নাইফ ক্রাইম’ মহামারি—সবকিছুর পেছনেই রয়েছে এই পপ-কালচারের প্রত্যক্ষ প্রভাব। গবেষণা বলছে, উচ্চ ও মধ্যবিত্ত পরিবারের প্রায় ৪০% থেকে ৪৫% কিশোর সোশ্যাল মিডিয়ায় 'পাওয়ার' ও 'সিগমা স্ট্যাটাস' দেখানোর লোভে অপরাধ জগতে পা বাড়াচ্ছে।
⦁ ফ্রেন্ডসের অবাধ ভোগবাদ ও আত্মকেন্দ্রিকতা: অন্যদিকে, ফ্রেন্ডস বা এই জাতীয় সিটকমগুলোর মাধ্যমে তরুণদের মস্তিস্কে সুকৌশলে ঢুকিয়ে দেয়া হয় এক চরম স্রষ্টাহীন, ভোগবাদী এবং আত্মকেন্দ্রিক জীবনদর্শন। এই সিরিজগুলো শেখায় যে, পরিবার কিংবা ধর্মের কোনো শৃঙ্খল না মেনে কেবল নিজেদের তাৎক্ষণিক সুখ (Instant Gratification) এবং অবাধ স্বাধীনতা উপভোগ করাই হলো আধুনিকতার চাবিকাঠি। "My Life, My Rules" স্লোগাণের আড়ালে তরুণদের মনে স্থায়ীভাবে গেঁথে দেয়া হয় এক দায়িত্বহীনতার সংস্কৃতি, যার ফলে পারিবারিক বন্ধন আজ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে।
ইসলামী সমাধান: তাকওয়া ও সুশৃঙ্খল জীবনব্যবস্থা
এই সর্বনাশা নৈতিক অবক্ষয় এবং পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে মানবজাতির জন্য একমাত্র টেকসই সমাধান নিশ্চিত করে পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা ইসলাম। ইসলাম মানুষকে কোনো উদ্দেশ্যহীন বা অনিয়ন্ত্রিত প্রাণী হিসেবে দেখে না, বরং মহান আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা'র বান্দা হিসেবে সম্মানিত করে, যার প্রতিটি কাজের পেছনে রয়েছে সুনির্দিষ্ট জবাবদিহিতা। পবিত্র কুরআন-এ ইরশাদ হয়েছে:
"আর এটিই আমার সরল পথ; সুতরাং এ পথেরই অনুসরণ করো এবং অন্যান্য পথের অনুসরণ করো না, তাহলে তা তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এগুলোই তিনি তোমাদের নির্দেশ দিয়েছেন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো" (সূরা আল-আনআম : ১৫৩)
কেন ইসলামই একমাত্র সমাধান?
⦁ তাকওয়া ও ইসলামী শাসনব্যবস্থা: সেকুলার সমাজে নৈতিকতার ভিত্তি পরিবর্তনশীল ও সুবিধাভিত্তিক হলেও ইসলামের শাসনব্যবস্থা মানুষকে নিয়ন্ত্রণ করে তার ভেতরের ‘তাকওয়া’ (God-Consciousness) জাগ্রত করার মাধ্যমে। যখন একজন কিশোর বিশ্বাস করে যে তার প্রতিটি ডিজিটাল ও বাস্তব কর্মকাণ্ডের হিসাব একদিন আল্লাহ্’র দরবারে দিতে হবে, তখন সে হেইজেনবার্গের মতো অহংকার করে বলতে পারে না যে সে নিজেই আইন।
⦁ নিরাপত্তা ও সম্পদ বণ্টন: পুঁজিবাদ দরিদ্রকে অপরাধী বানায়, আর ইসলাম অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে, যাতে কাউকেও অস্তিত্ব রক্ষার জন্য অপরাধের পথ বেছে নিতে না হয়।
⦁ দায়িত্বশীলতা ও চরিত্র গঠন: যেখানে পশ্চিমা সমাজ তরুণদের অবাধ ভোগবাদ ও দায়িত্বহীনতার লাইসেন্স দেয়, সেখানে ইসলামের শাসনব্যবস্থা বয়োসন্ধির পর থেকেই তরুণদের সমাজে ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল ভূমিকা পালনের শিক্ষা দেয় —
যেমনটি আমরা দেখতে পাই খিলাফতের ইতিহাসে তরুণ নায়কদের মাঝে।
উপসংহার
হেইজেনবার্গের কাল্পনিক অন্ধকার জগত, ক্যাফে কালচারের সেকুলার ভোগবাদ এবং পশ্চিমা পপ-কালচারের এই সর্বনাশা মোহ দীর্ঘকাল ধরে সোশাল মিডিয়া ফিডে জিইয়ে রাখা হয়েছে মুসলিম তরুণ সমাজকে তার আক্বীদাহ্ থেকে শেকড়বিচ্ছিন্ন করার এক সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে। এই অন্ধকার মোহ কাটিয়ে যুবসমাজকে রক্ষা করতে হলে আমাদের বর্জন করতে হবে অন্ধ অনুকরণ। ফিরে যেতে হবে ইসলামের আকীদা ও রাষ্ট্রব্যবস্থায়, যা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং সমাজকে ফিরিয়ে দেয় সত্যিকারের শান্তি ও ইসলামিক মূল্যবোধের চিরন্তন আলো।
- তানজিল আহমেদ, ইংরেজী মাধ্যম স্কুলের শিক্ষক
