এয়ারবাস-বোয়িংয়ের ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব: খিলাফতেরে স্বনির্ভর উড়োজাহাজ শিল্পের রূপরেখা


বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তিটি প্রকাশ্যে আসার পর, গত ৬ সেপ্টেম্বর বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলার ইউরোপীয় বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এয়ারবাস’-এর জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগের দাবি জানায়। এ পরিস্থিতিতে প্রশ্ন উঠছে—বাংলাদেশ কি তবে যুক্তরাষ্ট্রের ‘বোয়িং’ এবং ইউরোপীয় ইউনিয়নের ‘এয়ারবাস’-এর বৈশ্বিক প্রতিযোগিতার নতুন ক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে?

উড়োজাহাজ ক্রয় চুক্তি: বাণিজ্যিক লেনদেন নাকি ভূ-রাজনৈতিক কৌশল?

উড়োজাহাজ ক্রয় চুক্তি কেবল সাধারণ বাণিজ্যিক কেনাবেচা নয়, বরং রাষ্ট্রসমূহের পররাষ্ট্রনীতি ও ক্ষমতার ভারসাম্যের সাথে জড়িত একটি অন্যতম শক্তিশালী ভূ-রাজনৈতিক হাতিয়ার (Geopolitical Instrument)। বোয়িং থেকে বিমান ক্রয়ের অর্থ মার্কিন বলয়ে প্রবেশ করা এবং এয়ারবাসকে বেছে নেয়া ইউরোপীয় ব্লকের সাথে কৌশলগত সম্পর্ক জোরদার করার স্পষ্ট কূটনৈতিক বার্তা বহন করা। উড়োজাহাজ ক্রয় চুক্তি আর্ন্তজাতিক সম্পর্ক ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ টুলস। উদাহরণস্বরূপ ২০২২ সালে ওয়াশিংটনের সাথে ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে চীনের প্রধান ৪টি রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স মার্কিন বোয়িংকে পুরোপুরি বাদ দিয়ে ইউরোপের এয়ারবাস থেকে ৩৭ বিলিয়ন ডলারের ২৯২টি উড়োজাহাজ কেনার চুক্তি করে। এটি মূলত মার্কিন বাণিজ্য নীতির বিরুদ্ধে চীনের একটি কৌশলগত রাজনৈতিক পদক্ষেপ ছিল। 

উড়োজাহাজ ক্রয়: বাণিজ্যিক চুক্তি নাকি ভূ-রাজনৈতিক জিম্মিদশা?

উড়োজাহাজ কেবল একটি ইলেকট্রো-মেকানিক্যাল পণ্য নয়; এর ফ্লাইট কন্ট্রোল, নেভিগেশন ও যোগাযোগব্যবস্থা অতিমাত্রায় তথ্যপ্রযুক্তি-নির্ভর। ফলে বিমান নির্মাতা প্রতিষ্ঠানের হাতে যাত্রীদের ব্যক্তিগত তথ্যের পাশাপাশি রাষ্ট্রের বহু সংবেদনশীল ডাটা পৌঁছে যাওয়ার ঝুঁকি থাকে। এছাড়া যন্ত্রাংশ সরবরাহ, সফটওয়্যার আপডেট এবং প্রযুক্তিগত সহায়তার জন্য প্রস্তুতকারক দেশের উপর এই দীর্ঘমেয়াদী নির্ভরতা যুদ্ধ বা রাজনৈতিক সংকটকালে একটি দেশকে সহজেই জিম্মি করে ফেলতে পারে। উদাহরণস্বরূপ, ইউক্রেন আক্রমণের পর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণে স্পেয়ার পার্টস ও রক্ষণাবেক্ষণ সংকটে পড়ে রাশিয়ার প্রায় ৩০% বেসামরিক উড়োজাহাজ অকেজো হয়ে পড়ে রয়েছে (উৎস: দ্য মস্কো টাইমস, ২৯ জুন ২০২৬)। তাই উড়োজাহাজ ক্রয়কে কেবল একটি সাধারণ বাণিজ্যিক সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই; এটি মূলত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও কৌশলগত বিষয়, যার মাধ্যমে নব্য-উপনিবেশবাদী পরাশক্তিগুলো অন্যান্য দেশের ওপর নিজেদের ভূ-রাজনৈতিক আধিপত্য বিস্তার করে। 

মার্কিন ও ইইউ চাপের মুখে বাংলাদেশ: কৌশলগত বিকল্প কি?

বোয়িংয়ের সাথে বাংলাদেশের প্রস্তাবিত উড়োজাহাজ ক্রয় চুক্তিটি কোনো সাধারণ বাণিজ্যিক লেনদেন নয়; বরং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ও কূটনৈতিক চাপের একধরনের প্রতিফলন। একইভাবে, ইউরোপীয় ইউনিয়নও তাদের বিশাল তৈরি পোশাকের বাজার এবং এলডিসি-উত্তর ‘জিএসপি প্লাস’ (GSP+) সুবিধা প্রাপ্তির সমীকরণকে ঢাল হিসেবে ব্যবহার করে এয়ারবাস ক্রয়ের জন্য পাল্টা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে। এই বিপুল অর্থনৈতিক স্বার্থকে জিম্মি করে দুই পরাশক্তি যখন মুখোমুখি, তখন প্রশ্ন জাগে—বাংলাদেশ কি এই দ্বিমুখী ভূ-রাজনৈতিক ও বাণিজ্যিক চাপের কাছে নতি স্বীকার করবে, নাকি নিজের অর্থনৈতিক ও কৌশলগত স্বাধীনতা রক্ষায় বিকল্প পথ অনুসন্ধান করবে?

বোয়িং-এয়ারবাসের বিকল্প: স্বনির্ভর বিমান শিল্প 

বোয়িং কিংবা এয়ারবাস—কোনো একটিকে বেছে নেওয়া প্রকৃতপক্ষে সমস্যার সমাধান নয়; এটি কেবল একটি পরাশক্তির উপর নির্ভরতা বদলে অন্য পরাশক্তির বলয়ে প্রবেশের শামিল। বোয়িং এবং এয়ারবাস দুইটি ক্রয়ের মাধ্যমে বৈচিত্র্য আনা মানে একসাথে দুই নৌকায় পা দেয়া যা দুই পরাশক্তির বাণিজ্য যুদ্ধের শিকার হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। প্রযুক্তিগত পরাধীনতা থেকে চূড়ান্ত মুক্তি পেতে হলে এই নির্ভরতার চক্র ভেঙে নিজস্ব উড়োজাহাজ নির্মাণ শিল্প গড়ে তোলার কোনো বিকল্প নেই। নিঃসন্দেহে এটি একটি উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প, তবে মুসলিম ভূমিগুলোর বৈচিত্র্যময় অর্থনৈতিক ও প্রযুক্তিগত সক্ষমতাকে সুসংগঠিত করা গেলে একটি স্বাধীন ও সার্বভৌম অ্যারোস্পেস শিল্প কাঠামো গড়ে তোলা সম্পূর্ণ বাস্তবসম্মত।

মুসলিম ভূমির সম্ভাবনা: যৌথ অ্যারোস্পেস ইকোসিস্টেম

বিশ্বের বিভিন্ন মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশের প্রযুক্তিগত ও শিল্পভিত্তিক সক্ষমতার দিকে তাকালে এক দারুণ সমন্বিত সম্ভাবনার চিত্র ফুটে ওঠে:

তুরস্ক: উন্নত বিমান নকশা, ৫ম প্রজন্মের যুদ্ধবিমান (‘কান’) এবং বিশ্বমানের ড্রোন প্রযুক্তি।

ইন্দোনেশিয়া: আঞ্চলিক যাত্রীবাহী বিমান তৈরির দীর্ঘ প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা (যেমন: N-219)।

মালয়েশিয়া: বিমানের বডি ও ডানায় ব্যবহৃত আধুনিক লাইটওয়েট কম্পোজিট উপাদান তৈরিতে বিশেষ দক্ষতা।

পাকিস্তান: সামরিক বিমানের ভারী কাঠামো নির্মাণ ও অ্যাসেম্বলিং সক্ষমতা (যেমন: JF-17)।

বাংলাদেশ: বিমানের আসনের অগ্নিনিরোধক টেক্সটাইল ফেব্রিক, প্রিসিশন মেটাল পার্টস, ফ্লাইট কন্ট্রোল সফটওয়্যার উন্নয়ন, বিএসএমআরএএইউ (BSMRAAU)-এর দক্ষ অ্যারোনটিক্যাল প্রকৌশলী এবং কৌশলগত এমআরও (MRO) হাব গড়ার সুযোগ।

এই পৃথক সক্ষমতাগুলোকে স্বনির্ভরতার ভিসন নিয়ে সমন্বিতভাবে ব্যবহার করে মুসলিম ভূমিগুলোকে বৈশ্বিক এভিয়েশন শিল্পে এক নতুন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব।

মুসলিম ভূমির শাসকরা কি এই সিদ্ধান্ত নিতে সক্ষম?

পশ্চিমাদের চাপিয়ে দেওয়া বিদ্যমান জাতি-রাষ্ট্র কাঠামোর ভেতরে এই সম্ভাবনা বাস্তবায়ন সম্ভব নয়। জাতি রাষ্ট্রের কাঠামোতে শাসকগোষ্ঠী কোন না কোন বৈদেশিক বলয়ের যুক্ত থাকে। তাই শাসকেরা দেশের দীর্ঘমেয়াদী অবকাঠামোগত উন্নয়ন বা কারিগরি চাহিদার চেয়ে বৈশ্বিক পরাশক্তিকে তোষণ করাকেই বেশি অগ্রাধিকার দেয়। যেমনটি বিমান মন্ত্রীর প্রকাশ্য বক্তব্য থেকে স্পষ্ট হয়ে ওঠে; তিনি স্বীকার করেছেন যে, বাণিজ্যিক ও কৌশলগত প্রয়োজনের চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে সন্তুষ্ট করতেই বোয়িং ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ট্রাম্প একটা জিনিস চেয়েছে যে, ‘আমাদের বোয়িংগুলি ইউজ করেন’। আমরা করছি, আমরা কিনছি। ১৪টি বোয়িং কিনছি, আরও আমরা লিজ নিব।” এই ধরনের দৃষ্টিভঙ্গি প্রমাণ করে যে জাতিরাষ্ট্রের শাসকগোষ্ঠীর কাছে জাতীয় স্বার্থের চেয়ে বৈদেশিক রাজনৈতিক সন্তুষ্টিই মুখ্য।

পরনির্ভরশীলতা থেকে স্বনির্ভরতার রূপান্তর

জাতীয় সক্ষমতার পূর্ণাঙ্গ ব্যবহার এবং বহিরাগত চাপ উপেক্ষা করে স্বাধীন সিদ্ধান্ত নিতে প্রয়োজন নীতিগত সাহসিকতা। খিলাফতের ইতিহাসে এমন বৈরী পরিস্থিতির মুখে সাহসী ও কৌশলগত সিদ্ধান্তের মাধ্যমে অর্থনৈতিক স্বনির্ভরতার দৃষ্টান্ত রয়েছে। সপ্তম শতকে বাইজেন্টাইন সাম্রাজ্য তাদের সরকারি প্রশাসনিক নথিপত্র ও চুক্তির জন্য মিসরে উৎপাদিত প্যাপিরাসের উপর পুরোপুরি নির্ভরশীল ছিল। খলিফা আবদুল মালিক ইবনে মারওয়ান (৬৯১–৬৯২ খ্রি.) প্রশাসনিক সার্বভৌমত্ব নিশ্চিত করতে প্যাপিরাসের প্রোটোকল সিল থেকে খ্রিষ্টীয় প্রতীক মুছে সেখানে ইসলামি তাওহীদের বাণী যুক্ত করার নির্দেশ দেন। এতে ক্ষুব্ধ হয়ে বাইজেন্টাইন সম্রাট দ্বিতীয় জাস্টিনিয়ান হুমকি দেন যে, এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে তারা তাদের সোনার মুদ্রায় (সলিডাস) মহানবী (সা.)-কে নিয়ে অপমানজনক বাক্য খোদাই করে আন্তর্জাতিক বাণিজ্যে ছড়িয়ে দেবে।

এমন ভূ-রাজনৈতিক ও বাণিজ্যিক হুমকির মুখে খলিফা নতি স্বীকার না করে নিজস্ব মুদ্রাব্যবস্থা গড়ে তোলার এক সাহসী ও যুগান্তকারী সিদ্ধান্ত নেন। তিনি তাৎক্ষণিকভাবে খিলাফতে বাইজেন্টাইন মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করেন, বাইজেন্টাইন সাম্রাজ্যে প্যাপিরাস রপ্তানি স্থগিত করেন এবং সাম্রাজ্যের নিজস্ব অর্থব্যবস্থা চালু করেন। এই দূরদর্শী পদক্ষেপের মাধ্যমেই খিলাফত বৈদেশিক মুদ্রার পরাধীনতা ও রাজনৈতিক জিম্মিদশা থেকে চিরতরে মুক্ত হয়।

ভূ-রাজনৈতিক স্বায়ত্তশাসন ও ভবিষ্যতের রূপরেখা

ইতিহাসের এই পাঠ আমাদের দেখায় যে, কৌশলগতভাবে সংবেদনশীল ও প্রযুক্তি-নির্ভর পণ্যের জন্য কোনো অবস্থাতেই আধিপত্যবাদী পরাশক্তিগুলোর উপর নির্ভর করা নিরাপদ নয়। আসন্ন খিলাফত রাষ্ট্রের নেতৃত্ব উড়োজাহাজের মতো সংবেদনশীল ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ খাতের জন্য বিদেশি ঔপনিবেশিক রাষ্ট্রগুলোর ওপর নির্ভরশীল হবে না। বরং খিলাফতের স্বাধীন রাজনৈতিক কাঠামোর অধীনে মুসলিম বিশ্বের অর্থনৈতিক, ভৌগোলিক ও প্রযুক্তিগত দিকগুলোকে এক সুতোয় গেঁথে একটি বিশ্বমানের স্বনির্ভর উড়োজাহাজ শিল্প প্রতিষ্ঠা করা এবং প্রযুক্তিগত সার্বভৌমত্ব নিশ্চিত করাই হবে শারী‘আহ্‌ ও কৌশলগত দায়িত্ব। "...এবং আল্লাহ্‌ কখনোই কাফেরদের জন্য মুমিনদের উপর (আধিপত্য বিস্তারের) কোনো পথ রাখবেন না" [সূরা আন-নিসা : ১৪১]।

    -    মো: সিরাজুল ইসলাম, রাজনীতি ও অর্থনীতি বিশ্লেষক

Previous Post Next Post