গালিগালাজ বনাম অধিকার: মতপ্রকাশের স্বাধীনতার স্ববিরোধিতা



সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পর্যাপ্ত বিদ্যুৎ না পাওয়া এবং উল্টো অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়ের প্রতিবাদে এক যুবকের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশ্রাব্য  ও অশোভন গালিগালাজ দেয়ার ভিডিও ভাইরাল হয়। পরবর্তীতে সেই যুবককে পুলিশ গ্রেপ্তার করে ও সন্ত্রাসদমন আইনে মামলা দেয়, এতে বিভিন্ন আলোচনার সৃষ্টি হয়। একদল বলছে, এই ঘটনায় 'মত প্রকাশের স্বাধীনতা' লঙ্ঘিত হয়েছে। আরেকদল বলছে, 'মত প্রকাশের স্বাধীনতা ' মানে এই না যে, একজন আরেকজনকে মত প্রকাশের নামে এমন কিছু বলবে যা ব্যক্তিগত মর্যাদা ও সম্মানহানিকর। এছাড়াও এ আলোচনাও খুব প্রবল যে মামলা দেয়া হয়েছে তা কেন সন্ত্রাসদমন আইনে দেয়া হল! মত প্রকাশ যত নিকৃষ্টভাবেই করা হোক না কেন, সেটা তো আর সন্ত্রাস না।

এই দুই পক্ষের বিতর্ক থেকেই স্পষ্ট যে, মতপ্রকাশের স্বাধীনতার নামে ধর্মনিরপেক্ষতাবাদের গর্ভে জন্ম নেয়া চিন্তাটি একটি স্ববিরোধী ও ত্রুটিপূর্ণ চিন্তা। একদল যখন অতিরিক্ত বিদ্যুৎ বিলের ক্ষোভ থেকে করা নিকৃষ্ট গালিগালাজকেও 'মতপ্রকাশের স্বাধীনতা' বলে যুক্তিযুক্ত করতে চায়, তখন তারা ভুলে যায় যে এই ধারণাটি সমাজে কোনো নৈতিক বা বাস্তবসম্মত মানদণ্ড তৈরি করতে পারে না। ধর্মনিরপেক্ষতাবাদী পশ্চিমা দর্শনে একদিকে বলা হয় মানুষের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করা যাবে না, আবার অন্যদিকে 'হার্ম প্রিন্সিপল'-এর দোহাই দিয়ে অন্যের ক্ষতি না করার শর্ত জুড়ে দেয়া হয়। কিন্তু "ক্ষতি" বা "অপমান"-এর সংজ্ঞা একেক সমাজে একেক রকম হওয়ায় এই নীতিটি বাস্তবে প্রয়োগ করা সম্পূর্ণ ব্যর্থ হয়। ফলে, একপক্ষের কাছে যা যৌক্তিক প্রতিবাদ, অন্যপক্ষের কাছে তা ব্যক্তিগত মর্যাদা ও সামাজিক শালীনতার চরম লঙ্ঘন। এই তাত্ত্বিক বিভ্রান্তিই প্রমাণ করে, 'বাকস্বাধীনতা'র কোন নির্দিষ্ট মানদন্ড নাই, বরং এটি একটি ফাঁপা তত্ত্ব বা ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়, যা সমাজে শেষ পর্যন্ত চরম নৈরাজ্য ছাড়া আর কিছুই ডেকে আনে না।

অন্যদিকে, এই তত্ত্বটিকে খোদ শাসকগোষ্ঠীও একটি ভাওতাবাজি হিসেবেই ব্যবহার করে, যা 'সন্ত্রাসবিরোধী আইন'-এর মতো কঠোর আইন প্রয়োগের মাধ্যমে আরও নগ্নভাবে উন্মোচিত হয়েছে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মুখে মতপ্রকাশের স্বাধীনতার গালভরা বুলি আওড়ায়, অথচ কোনো নাগরিকের ক্ষোভকে দমন করতে 'সন্ত্রাসবাদ'-এর মতো গুরুতর তকমা সেঁটে দিতে পিছপা হয় না। আমরা দেখি, মতপ্রকাশের স্বাধীনতার নামে ইসলামকে আক্রমণ করা হয়, সমকামিতা কিংবা  সমাজ বিধ্বংসী বিভিন্ন বিকৃত চিন্তার প্রচারকে সহ্য করা হয়, কিন্তু সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে ইসলামের সমাধান ও তা বাস্তবায়নের পদ্ধতি খিলাফতের রাজনীতিকে দমন করা হয়। এটা যে শুধু বাংলাদেশের দুর্বল গণতন্ত্রের বহিঃপ্রকাশ, তা কিন্তু না। পুরো বিশ্বেই ধর্মনিরপেক্ষ-গণতান্ত্রিক ব্যবস্থা এরকম। খোদ পশ্চিমা দেশগুলোর দিকে দৃষ্টি দিলে দেখা যায়, তাদের নিজেদের তৈরি করা এই চিন্তা এখন তাদের সমাজেই আর কাজ করছে না। উদাহরণস্বরূপ, ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলবিরোধী মতপ্রকাশের কারণে ইউরোপ-আমেরিকার বহু নামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অ্যাক্টিভিস্ট এবং সাধারণ পেশাজীবীদের চাকরিচ্যুতি, প্রাতিষ্ঠানিক নিষেধাজ্ঞা কিংবা দেশত্যাগে বাধ্য করার মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে। 

ইসলামে মতপ্রকাশের স্বাধীনতার মত ত্রুটিপূর্ণ ও বিকৃত চিন্তার  কোন স্থান নেই। ইসলাম একদিকে যেমন মতপ্রকাশের নামে ব্যক্তিগত চরিত্রহনন ও অশালীনতাকে কঠোরভাবে নিষিদ্ধ করে, অন্যদিকে, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার অর্থাৎ, সৎকাজের আদেশ আর অসৎকাজের নিষেধকে প্রতিটি মুসলিমের জন্য ফরজ দায়িত্ব হিসেবে অর্পন করে। জাবের ইবনে আব্দুল্লাহ্‌ (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ (সাঃ) বলেছেন,"শহীদদের সর্দার হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আর সেই ব্যক্তি যে কোনো অত্যাচারী শাসকের সামনে দাঁড়িয়ে তাকে সৎকাজের আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে নিষেধ করে, অতঃপর শাসক তাকে হত্যা করে" (সহীহ্‌ আল-মুস্তাদরাক আল-হাকিম)। গঠনমূলক সমালোচনার অধিকার থাকলেও মতপ্রকাশের নামে শাসক কিংবা সাধারণ মানুষ যে কাউকে উদ্দেশ্য করে গালিগালাজ করা, নোংরা ভাষা ব্যবহার করা এবং বিকৃত ছবি বা তথ্য ছড়িয়ে দেওয়াকে সম্পূর্ণ হারাম। আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন, "মানুষ যে কথাই উচ্চারণ করে, তা সংরক্ষণের জন্য একজন সদাপ্রস্তুত প্রহরী (ফেরেশতা) তার পাশেই রয়েছে" (সূরা কাফ: ১৮)। রাসূলুল্লাহ্‌ (সাঃ) বলেছেন, "মুমিন কখনো খোঁটাদানকারী, অভিশাপকারী, অশ্লীল ও নোংরা ভাষার অধিকারী হয় না" (তিরমিজি)। অর্থাৎ, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিটি পোস্ট, কমেন্ট কিংবা মেসেজও কিয়ামতের দিন জবাবদিহিতার বাইরে নয়।

প্রকৃতপক্ষে আমরা যদি শাসককে জবাবদিহিতার উজ্জল দৃষ্টান্ত দেখতে চাই, তাহলে আমাদেরকে খিলাফতের শাসনামলের দিকে দৃষ্টি দিতে হবে। যেখানে নাগরিকরা খলিফাকে সর্বসমক্ষে জবাবদিহি করতেন। কারণ এখানে খলিফা এবং নাগরিক উভয়ই রাষ্ট্রের প্রচলিত আইন সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন। খিলাফত রাষ্ট্রের আইনকানুন কুরআন-সুন্নাহ্‌ হতে নির্দিষ্ট করা, এটা গণতান্ত্রিক ব্যবস্থার মত অনির্দিষ্ট নয়, ফলে নাগরিকরা আল্লাহ্‌ প্রদত্ত তার অধিকারগুলো সম্পর্কে জানত। যেমন, ওমর (রা.) যখন পূর্ণ জামা পড়ে খুৎবা দেয়ার জন্য মিম্বরে দাঁড়াতে যাবেন, একজন তার কাছে কৈফিয়ত চাইল - “হে ওমর! রাষ্ট্রীয়ভাবে পাওয়া কাপড়ের টুকরা দিয়ে আমাদের কারো তো কোন পূর্ণ কাপড় হল না, আপনার কিভাবে হল? উত্তরে তখনি ওমর (রা.)-এর পুত্র জবাব দিলেন, আমি আমার ভাগের টুকরোটুকু বাবাকে দিয়েছি”। 

এমনকি পলিসি তৈরির সময়েও যদি খলিফারা আল্লাহ্‌’র হুকুম থেকে সরে বা ভুলে যেতেন, তখন নাগরিকরা তাকে ঠিকপথে ফিরিয়ে আনতেন। এরকম ঘটনা আমরা দেখি যখন ওমর (রা.) যুবকদের বিয়ের জন্য মোহরানা নির্দিষ্ট করে দেন। এই ঘটনা তখন ঘটে যখন বিয়ের বয়সী যুবকেরা নারীদের অতিরিক্ত মোহরানা দাবির কারণে বিয়ে করতে পারছিল না। ওমর (রা.) বিয়েকে সহজ করার জন্য মোহরানা নির্দিষ্ট করার ঘোষণা দেন। সাথে সাথে জনৈক মহিলার আপত্তি আসে- “হে ওমর! যে অধিকার আল্লাহ্‌ আমাদের দিয়েছেন তা হরণ করার তুমি কে?” সাথে সাথে ওমর (রা.) সেই ঘোষণা বাতিল করে দেন।

    -    জাবির জোহান, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কলামিস্ট

Previous Post Next Post