হিউম্যান মাইন্ডের ব্যবহার: পশ্চিমা 'Trial & Error' বনাম ইসলামের Permanent গাইডলাইন

পশ্চিমারা হিউম্যান মাইন্ডকে ব্যবহার করে Trial & Error এর বেসিসে মানুষের কাজের ভালো-মন্দ নির্ধারণ করতে গিয়ে সমাজটাকে একটা ল্যাবরেটরি বানিয়ে ফেলেছে। ম্যাটেরিয়াল সায়েন্সের ক্ষেত্রে এটা ঠিক আছে। যেমন ধরেন আমরা প্রথমে ভাবতাম মলিকিউল বা অণুই সবচাইতে ছোট, এরপর আসলো এটম (পরমাণু), তারপর নিউক্লিয়াস ও ইলেকট্রন—এভাবে সাইন্স এগিয়েছে (Progression হয়েছে)। বস্তু বা ম্যাটারের বেলায় এটা পারফেক্ট। কিন্তু সমস্যা বাঁধলো যখন তারা এই সেম ফর্মুলা সমাজে মানুষ কিভাবে চলবে, ইকোনমি কিভাবে চলবে, নারী-পুরুষের সম্পর্ক কি হবে, সমাজের আইন-কানুন কি হবে, ইত্যাদি ক্ষেত্রে প্রয়োগ করা শুরু করল।

বস্তু বা ম্যাটার সবসময় একইরকম আচরণ করে, কিন্তু মানুষ তো আর কোডিং করা কোনো রোবট না(!), বরং মানুষের আবেগ-অনুভূতি চেঞ্জ হয়। মানুষের কাজের ভবিষ্যত প্রভাব বা পরিণতি কী হবে, তা মানুষ নিজে অনুধাবন করতে পারে না; কারণ আমাদের সেই সামগ্রিক জ্ঞান নাই। আমরা তো মানুষকে বা এই পৃথিবীকে সৃষ্টি করি নাই। কিন্তু পশ্চিমারা ১৬ শতক থেকে শুরু করে জেনারেশনের পর জেনারেশন ধরে এই সোশাল এক্সপেরিমেন্ট চালিয়েই যাচ্ছে।

পশ্চিমা কালচারাল এক্সপেরিমেন্টের দুইটা উদাহরণ  দিলে বিষয়টি বুঝতে সুবিধা হবে:

১। তাদের রিলেশনশিপ স্ট্যাটাস আজ একরকম তো কাল আরেকরকম। বিয়ে, ডেটিং থেকে শুরু করে ওপেন রিলেশনশিপ, আজীবন কমিটমেন্ট বাদ দিয়ে "Situationship" (সিচুয়েশনশিপ), সম্পর্কে থেকে হুট করে গায়েব হয়ে যাওয়া "Ghosting" (ঘোস্টিং), কিংবা চ্যাটবক্সে ইমোশন রেখে দিয়ে অপশন খোলা রাখার কালচার "Pocketing" (পকেটিং) পর্যন্ত পশ্চিমারা ট্রাই করে দেখতেছে কোনটা তাদের জন্য ভালো হয়।

২। জেন্ডার রাইটস নিয়ে শুরুতে তারা বলল নারী-পুরুষ সমান, পরে আসলো "Gender is just a social construct", এরপর বলল জেন্ডার রোলেরই কোন দরকার নাই, আর এখন ট্রান্সজেন্ডার ও সমকামিতার রাইটস রক্ষা করা তাদের কাছে আল্টিমেট মোরালিটি হয়ে দাঁড়িয়েছে।

Trial & Error নির্ভর সমাজব্যবস্থার কারণে পশ্চিমা সমাজে পারিবারিক কাঠামো ভেঙে পড়ার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) এবং পিউ রিসার্চ সেন্টারের (Pew Research Center) তথ্য অনুযায়ী, পশ্চিমা দেশগুলোতে গত কয়েক দশকে বিবাহবিচ্ছেদের হার (Divorce Rate) ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত পৌঁছেছে এবং সিঙ্গেল-প্যারেন্ট পরিবারের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ডাটা অনুযায়ী, অবাধ স্বাধীনতা ও নির্দিষ্ট কোনো বাউন্ডারি না থাকায় পশ্চিমা তরুণ প্রজন্মের মধ্যে ডিপ্রেশন, অ্যানজাইটি এবং একাকীত্বের (Loneliness epidemic) হার সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে। ২০১৯ সালের পর থেকে জেনারেশন জি (Gen Z)-এর মধ্যে মানসিক স্বাস্থ্য সংকটের গ্রাফ তীব্রভাবে ঊর্ধ্বমুখী।

অন্যদিকে, মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা‘আলা কোনো সময়ের সীমানায় বন্দি নন, উনার কোনো সাইকোলজিকাল উইকনেস বা বায়াসনেস নাই। আমাদের ডিএনএ, আরএনএ থেকে শুরু করে সাত আসমান আর গভীর সমুদ্রের কোণায় কী আছে, সব উনার নখদর্পণে। তাই, আল্লাহ্‌ সবকিছু জানেন, তাঁর প্রদত্ত সিস্টেমে চলা বাদ দিয়ে, অন্য কোন সিস্টেমে চলা যায় তা নিয়ে Trial & Error বা রিসার্চ করার কি কোন অবকাশ আছে? পশ্চিমারা নিজেরা তাদের অহংকার আর বোকামির কারণে সাপের গর্তে ঢুকলেও সেটাকে 'প্রগ্রেশন' বলে সেলিব্রেট করতে পারে, করুক! আমাদের তো ফিক্সড করা আছে নারী, পুরুষ, পরিবার ও সমাজের রাইটস কী হবে। শাসকের দায়িত্ব কি আর জনগণেরই বা দায়িত্ব কি, এসব তো ইসলাম ১৪০০ বছর আগেই বলে দিয়েছে।

তাহলে আমরা আমাদের হিউম্যান ইন্টেলেক্ট  কোথায় খাটাব?

আমাদের ব্রেন বা ক্রিটিক্যাল থিংকিং এপ্লাই করার জায়গা হলো মূলত দুইটা:

১. ম্যাটেরিয়াল সায়েন্স (Material Science): প্রযুক্তি, কোডিং, ফিজিক্স, এআই কিংবা মহাকাশ বিজ্ঞান, এগুলোতে আমাদের বুদ্ধি ও ক্রিয়েটিভিটি পুরোপুরি ইউজ করতে হবে।

২. আক্বীদা: ইসলাম সত্য নাকি মিথ্যা, কুর‘আন আল্লাহ্‌’র বাণী কি না, রাসূলুল্লাহ্‌ (সাঃ) আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা‘আলা’র প্রেরিত রাসূল কিনা? এই ফান্ডামেন্টাল জায়গায় আমাদের ইন্টেলেক্ট খাটিয়ে স্টাডি করতে হবে, চ্যালেঞ্জ নিতে হবে।

একবার যখন আপনি কনফার্ম হয়ে গেলেন যে, আল্লাহ্‌ সত্য, তাঁর রাসূল (সাঃ) সত্য এবং কুর‘আন আল্লাহ্‌’র পক্ষ থেকেই এসেছে, এরপর মানুষের কাজের ভালো-মন্দ হুকুম নিয়ে তর্ক করার আর কোনো সুযোগ থাকে না। আল্লাহ্‌ একটা হুকুম কেন দিলেন, সেটা যদি তিনি নিজে ব্যাখ্যা না করেন, তবে তা বুদ্ধি খাটিয়ে বের করার সাধ্য আমাদের নেই। এক্ষেত্রে "শোনা এবং মান্য করা"-ই হলো আল্টিমেট বুদ্ধিমান মানুষদের কাজ।

আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা‘আলা চমৎকার এই ব্যাপারটি নিয়ে বলেন: “যারা মনোযোগ সহকারে কথা শোনে এবং তার মধ্যে যা উত্তম তা গ্রহণ করে, আল্লাহ্‌ তাদেরকে সৎপথে পরিচালিত করেন এবং তারাই বোধশক্তিসম্পন্ন” (সুরা ঝুমার, আয়াত: ১৮)।

আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা‘আলা আমাদের সৎপথে পরিচালিত করুন, তাঁর দেয়া জীবন ব্যবস্থা নিয়ে চিন্তা ভাবনা করার এবং তা বাস্তবায়নের তৌফিক দান করুন, যেন এর মাধ্যমে আমরা আমাদের ও মানবজাতির ছোট, বড় ও শাখাপ্রশাখাসহ সকল রকম সমস্যার সমাধান করতে পারি। আমীন।

    -    তানজিল আহমেদ, ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক

Previous Post Next Post