‘থাপ্পরম্যান’ ঘটনা এবং এর নেপথ্য সমীকরণ:
ঘটনার সূত্রপাত টঙ্গীর একটি মাদ্রাসায়, যেখানে প্রথম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মোসলেম আহম্মদ নামের এক শিক্ষককে মারধর করেন শিশুটির স্বজন ও এলাকাবাসী। (সুত্র: https://www.prothomalo.com/bangladesh/district/aiwwwi9ikb) এই মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শাহজালাল রুমি নামের এক অভিভাবক ইন্টারনেটে ‘থাপ্পরম্যান’ হিসেবে পরিচিতি পান এবং সেক্যুলারপাড়া তাকে নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করে।
এই ধরনের ঘটনা ঘটলে যেকোন অভিভাবকই তার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু ঘটনাটি যেভাবে নিখুঁতভাবে ক্যামেরাবন্দী করা হয়েছে এবং মুহূর্তের মধ্যে ভাইরাল করা হয়েছে, তা স্বাভাবিক ছিল না। তাই, প্রশ্ন উঠেছে, ঘটনাটির বিচার আইনগত পথে বা প্রশাসনের মাধ্যমে হওয়ার সুযোগ থাকলেও কেন সেটাকে উসকানিমূলক ও বিচারবহির্ভূত মারধরের সংস্কৃতির রূপ দেয়া হলো এবং একই সাথে তা পরিকল্পিতভাবে ভাইরাল করে দেয়া হলো? এর পেছনে উদ্দেশ্য কি কেবল ওই শিক্ষকের বিচার নিশ্চিত করা, নাকি এর মাধ্যমে সুনির্দিষ্ট একটি শিক্ষাপ্রতিষ্ঠান বা মাদ্রাসাভিত্তিক ধর্মীয় সমাজকে কিংবা খোদ ইসলাম ধর্মকেই হেয় প্রতিপন্ন বা ‘ভিলিফাই’ (Vilify) করা? সন্দেহ আরো তীব্র হয় যখন দেখা যায় সেক্যুলারপাড়ার কয়েকজন অভিনয়শিল্পী ও নির্মাতা প্রকাশ্যে এই ‘থাপ্পরম্যান’ এর পক্ষে অবস্থান নেন।
ইসলামকে কাঠগড়ায় দাঁড় করানোর সুপরিকল্পিত প্রবণতা
আমাদের দেশে এটি নতুন কোনো ঘটনা নয়। প্রায় সময়ই দেখা যায়, মাদ্রাসার কোনো শিক্ষক বা ধর্মীয় লেবাসধারী ব্যক্তির ব্যক্তিগত অপরাধ বা বিচ্যুতির ঘটনা ঘটলে সেটিকে ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। মিডিয়া ও সেক্যুলার ঘরানার একটি অংশের প্রবণতা হলো—অপরাধী যখন সাধারণ স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা করপোরেট কর্মকর্তা হন, তখন অপরাধটিকে প্রচার করা হয় কেবল ‘ব্যক্তির অপরাধ’ হিসেবে। কিন্তু অপরাধী যদি মাদ্রাসার শিক্ষক বা মসজিদের ইমাম হন, তখন পুরো ঘটনাটিকে ধর্মের সাথে জুড়ে দেয়া হয়।
এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি অর্গানাইজড বা পরিকল্পিত এজেন্ডা। সেক্যুলার ও প্রগতিশীল নামধারীরা এই সুযোগটিকে কাজে লাগিয়ে ইসলাম ধর্ম ও মাদ্রাসাশিক্ষা ব্যবস্থাকে অবমূল্যায়ন বা ডিমিন করার মানসে ধারাবাহিক অপপ্রচারে লিপ্ত থাকে। অথচ ইসলাম কখনোই কোনো ধরনের নিপীড়ন, অনৈতিকতা বা অপরাধকে সমর্থন করে না; বরং এই সামাজিক অবক্ষয় পশ্চিমা সেক্যুলার ভোগবাদী জীবনাচরণের অবাধ অনুপ্রবেশের ফলাফল, যা হতে সমাজের কোন শ্রেণীই বাদ পড়ছে না।
দ্বিমুখী মানদণ্ড: গ্লোবাল সেক্যুলারিজম ও এপস্টিন ফাইলসের নীরবতা
এই সংকীর্ণ দ্বিমুখী নীতি বৈশ্বিক বা গ্লোবাল অঙ্গনেও দৃশ্যমান। চাঞ্চল্যকর ‘এপস্টিন ফাইলস’ (Epstein Files) বা বিশ্বখ্যাত ধনকুবের ও প্রভাবশালী ব্যক্তিদের শিশু যৌন কেলেঙ্কারি এবং ক্ষমতার অপব্যবহারের নথিপত্র প্রকাশের পর সেক্যুলার মিডিয়া ও বুদ্ধিজীবীরা যে ধরনের নির্লিপ্ততা দেখিয়েছে, তা তাদের ভণ্ডামিকে উন্মুক্ত করে দেয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন কিংবা পশ্চিমা বিশ্বের রথী-মহারথীদের ব্যাপক অপকর্ম ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য কি কেউ কখনো সেক্যুলার পুঁজিবাদী ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সেই ব্যবস্থা বর্জনের ডাক দিয়েছে? কিংবা পশ্চিমা সেক্যুলার রাষ্ট্রব্যবস্থাকে কি কোনো দিন বলা হয়েছে যে এই ব্যবস্থা নিজেই অপরাধের উসকানিদাতা? তারা নিজেদের বেলায় কাঠামোগত ত্রুটিকে এড়িয়ে যায়।
মূলত বাংলাদেশের সেক্যুলারদের এই দ্বিমুখী আচরণ বৈশ্বিক বিশেষ করে যুক্তরাষ্ট্রের ওয়ার অন টেররের নামে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে যে যুদ্ধ চলমান তারই একটি স্থানীয় রুপ। এই সেক্যুলার গোষ্ঠী এতটাই দেউলিয়া যে তারা পূজাতে গিয়ে উদ্দাম নাচতে পারে কিন্তু ইসলাম প্রসংগ আসতেই তারা চেতনাপ্রাপ্ত হয়ে পুরোদস্তুর বিশুদ্ধ সেক্যুলারে রুপান্তরিত হয় অর্থাৎ আমাদের জীবনে ইসলামকে আনা যাবে না, কারণ আমরা সেক্যুলার!
অপরাধের সূতিকাগার সেক্যুলার ব্যবস্থা বনাম ইসলামি সুরক্ষা বলয়
মূলত, সেক্যুলারিজম বা ধর্মনিরপেক্ষ মতাদর্শে পরিচালিত রাষ্ট্রব্যবস্থায় নৈতিকতার কোনো স্থায়ী মাপকাঠি থাকে না। এটি মানুষকে কেবল বস্তুগত স্বাধীনতা দেয়, কিন্তু আত্মিক বা নৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়। ফলস্বরূপ, এই ব্যবস্থায় পরিচালিত সমাজে আমরা দেখতে পাই—মসজিদের ইমাম থেকে শুরু করে সাধারণ স্কুল শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ইউএনও, করপোরেট বস, আমলা, মন্ত্রী, এমপি এমনকি সরকারপ্রধান পর্যন্ত নানা ধরনের দুর্নীতি ও অপরাধের সাথে জড়িয়ে পড়ছেন। যেহেতু রাষ্ট্র পরিচালনার মূল কাঠামোটিই সেক্যুলার এবং সেখানে পরকালের জবাবদিহিতা বা ঔশী বিধানের অনুপস্থিতি রয়েছে, তাই অপরাধ প্রবণতা এখানে একটি স্বাভাবিক পরিণতি এবং এই ব্যবস্থায় অপরাধ রোধ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। উপরন্তু, অপরাধ সংঘটিত হওয়ার পর যে শাস্তি বা আইনি প্রক্রিয়া দেখা যায়, তা এত দীর্ঘসূত্রিতাপূর্ণ ও দুর্বল যে তা অপরাধীদের মনে কোনো ভয় সৃষ্টি করে না, বরং অপরাধ করতে উৎসাহিত করে। সুতরাং টঙ্গির মাদ্রাসা শিক্ষক যদি কোন অপরাধ করেও থাকেন তবে তা এই সেক্যুলার কাঠামোর ব্যর্থতা; ইসলামী শিক্ষা কিংবা ইসলামী ব্যবস্থার ব্যর্থতা নয় কারণ বাস্তবায়িত শাসন ব্যবস্থাটি ‘ইসলামি ব্যবস্থা’ নয় বরং সেক্যুলার পুঁজিবাদী ব্যবস্থা। অতএব, মসজিদের ইমাম থেকে শুরু করে রাষ্ট্রপ্রধানের দুর্নীতি – এসকল অপরাধের জন্যে যদি কোন ব্যবস্থাকে দায়ী করতে হয় সেটি হল আমাদের উপর জোর করে চাপিয়ে দেয়া পশ্চিমা সেক্যুলার পুঁজিবাদি ব্যবস্থা।
সেক্যুলার ব্যবস্থার বিপরীতে, ইসলামি ব্যবস্থা হলো একটি পূর্ণাঙ্গ ও সুরক্ষিত জীবনব্যবস্থা, যেখানে অপরাধ প্রতিরোধের শক্তিশালী মেকানিজম বা প্রটেকশন সিস্টেম বিদ্যমান। ইসলামী সমাজব্যবস্থায় অপরাধ দমনের ক্ষেত্রে মূলত তিনটি শক্তিশালী স্তম্ভ কাজ করে:
(ক) তাকওয়া বা খোদাভীতি: একজন প্রকৃত মুসলিম সবসময় বিশ্বাস করেন যে তিনি প্রকাশ্যে বা গোপনে আল্লাহ্’র নজরদারির মধ্যে রয়েছেন। এই অভ্যন্তরীণ জবাবদিহিতা বা তাকওয়াই তাকে যেকোনো অন্যায় ও অপরাধ থেকে দূরে রাখে। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা বলেন, “নিশ্চয়ই যারা না দেখেই তাদের রবকে ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও বিরাট প্রতিদান।” (সূরা আল-মুলক : ১২)। রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন, “তুমি এমনভাবে আল্লাহ্’র ইবাদত করবে যেন তুমি তাঁকে দেখছ। আর যদি তুমি তাঁকে দেখতে না পাও, তবে (মনে রাখবে) তিনি তো তোমাকে দেখছেন” (সহিহ বুখারী, সহিহ মুসলিম)
(খ) কঠোর ও তাৎক্ষণিক শাস্তির বিধান: ইসলামী শারী‘আহ্’তে অপরাধের এমন কিছু সুনির্দিষ্ট শাস্তির (যেমন—হুদুদ ও কিসাস) বিধান রয়েছে, যা সমাজে অপরাধ করার দুঃসাহস গুঁড়িয়ে দেয় এবং দীর্ঘসূত্রিতা ছাড়াই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা বলেন, “চোর পুরুষ ও চোর নারীর হাত কেটে দাও। এটি তাদের কৃতকর্মের প্রতিফল এবং আল্লাহ্’র পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি।” (সূরা আল-মায়িদা : ৩৮)। মক্কা বিজয়ের সময় মাখযুম গোত্রের এক সম্ভ্রান্ত নারী চুরি করে। গোত্রের লোকেরা শাস্তি মওকুফের জন্য উসামা ইবনে যায়েদ (রা.)-কে সুপারিশকারী হিসেবে পাঠায়। রাসূলুল্লাহ (সা.) ক্ষুব্ধ হয়ে বলেন: “তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়েছে এজন্য যে, তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে তাকে ছেড়ে দিত, আর দুর্বল ব্যক্তি চুরি করলে তার ওপর শাস্তি কায়েম করত। আল্লাহর কসম, যদি মুহাম্মদের কন্যা ফাতিমাও চুরি করত, আমি অবশ্যই তার হাত কেটে দিতাম।” (সহিহ বুখারী, সহিহ মুসলিম)
(গ) প্রতিরোধমূলক সামাজিক ও নৈতিক পরিবেশ: ইসলাম অপরাধ সংঘটনের সুযোগগুলোকে গোড়া থেকেই বন্ধ করে দেয়। যেমন—নন-মাহরাম নারী-পুরুষের অবাধ মেলামেশা বা একান্ত একান্তে অবস্থানের ওপর নিষেধাজ্ঞা, পর্দার বিধান এবং নৈতিকতার কঠোর অনুশাসন সমাজে অপরাধের পথ রুদ্ধ করে। পক্ষান্তরে, সেক্যুলার ব্যবস্থা অবাধ স্বাধীনতার নামে এমন এক পরিবেশ তৈরি করে যা অপরাধ সংঘটনের উর্বর ক্ষেত্র বা আতুরঘর হিসেবে কাজ করে।
অর্থাৎ বাস্তবতা হচ্ছে সেক্যুলাররা যে ইসলামি ব্যবস্থাকে ভিলিফাই করতে চায় সেই ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমেই সেক্যুলারিজমের যে বিদ্যমান সংকট রয়েছে তা থেকে উত্তরণের সুযোগ রয়েছে। তাই সেক্যুলারদের উচিত নিজেদের তৈরি করা নরকে বসবাস করে ইসলাম ও মুসলিমদের নিয়ে ষড়যন্ত্র না করে ইসলাম নিয়ে পড়াশোনা করা ও এর চমৎকার জীবন ব্যবস্থা সম্পর্কে ধারনা নিয়ে নিজেদের অজ্ঞতাকে স্বীকার করে আলোর পথে ফিরে আসা। সেক্যুলার ব্যবস্থায় সৃষ্ট মানবীয় সংকট, নৈতিক অবক্ষয় ও অরাজকতা থেকে মুক্তির একমাত্র পথ হলো মানুষের মনগড়া মতবাদ পরিহার করে আল্লাহ্’র নির্দেশিত পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা তথা ইসলামে ফিরে আসা। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা বলেন, “আর যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো জীবনব্যবস্থা (বা দ্বীন) তালাশ করতে চায়, তবে তা কস্মিনকালেও গ্রহণ করা হবে না এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।” (সূরা আলি-ইমরান : ৮৫)
- মোঃ হাফিজুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী ও কলামিস্ট
