সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: শারী‘আহ্‌ আইন কি দুর্বল এবং সবলের জন্য আলাদা?

সৌদি আরবে বাংলাদেশি দুইজন তরুণ-তরুণী নজরুল ইসলাম ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় দেশব্যাপী ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রম কল্যাণ উইং থেকে ১৮ অক্টোবর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো একটি নথিতে বলা হয়, সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে দেশটির কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটকে আগে থেকে কিছু জানায়নি। এমনকি তাদের মৃত্যুদণ্ড কার্যকরের পরও আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়নি। ১৪ অক্টোবর সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে দেশটির কয়েকটি গণমাধ্যমের খবর থেকে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য জানা যায় বলে চিঠিতে উল্লেখ করা হয় (প্রথম আলো,  ২১ অক্টোবর ২০২৬)।   

সৌদি আরবের বিচারব্যবস্থা যা তারা ইসলামি বলে দাবি করে তা সম্পূর্ণই স্ববিরোধী এবং প্রতারণামূলক যা শুধুমাত্র ভিন্নমত দমনের ক্ষেত্রে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। দেশটিতে কার্যকর করা মৃত্যুদণ্ডের প্রায় অর্ধেকই দুর্বল অভিবাসীদের বিরুদ্ধে, যাদের আইনগত অধিকার অত্যন্ত সীমিত। যেমন, সৌদি আদালত অনৈতিক কর্মকান্ডের অভিযোগে বংলাদেশী তরুণ-তরুণীর মৃত্যুদন্ড কার্যকর করে; অথচ ইসলাম ও রাসূলুল্লাহ্‌ (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে শ্রীলঙ্কার এক অভিবাসী শ্রমিককে মৃত্যুদণ্ড দিয়ে পরবর্তীতে শ্রীলঙ্কার সরকারের অনুরোধে গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে সৌদি আরবের সুপ্রিম কোর্ট সেই মৃত্যুদণ্ডের রায় বাতিল করে (The Hindu, 17 October, 2026, “Saudi Supreme Court sets aside Sri Lankan migrant worker’s death penalty”)। ইসলামের বিচারব্যবস্থায় কোন ব্যক্তির অপরাধ প্রমাণিত হওয়ার পর সেই অপরাধের নির্ধারিত শাস্তির রায় বাতিল সম্পূর্ণই নজিরবিহীন ঘটনা। তাছাড়া, সৌদি আরবে কর্মরত বাংলাদেশী নারী শ্রমিকরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১লা জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১২৫ জন নারী শ্রমিদের মরদেহ দেশে আসে, যার একটি সিংহভাগই এসেছে সৌদি আরব থেকে এবং বেশিরভাগ মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে “শারীরিক নির্যাতনজনিত মৃত্যু” উল্লেখ করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রবাসীকল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতি বছর গড়ে শত শত নারী শ্রমিক সৌদি আরবে অতিরিক্ত শারীরিক, মানসিক নির্যাতন ও ধর্ষণের শিকার হয়ে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। কেবল ২০২৬ সালের প্রথম ৯ মাসেই নির্যাতন ও যৌন নিপীড়নের শিকার হয়ে ১,৬৮৭ জন নারী কর্মী আউটপাস নিয়ে দেশে ফিরেছেন, যার মধ্যে ৯৭৯ জনই এককভাবে সৌদি আরব থেকে ফিরেছেন। দেশে ফিরে আসা এসব নারী কর্মীদের অনেকেই নিয়োগকর্তা ও ঘরের পুরুষ সদস্যদের দ্বারা ভয়াবহ যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী অবস্থায় কিংবা মানসিক ভারসাম্য হারিয়ে দেশে ফেরেন (ঢাকা পোস্ট, ১৯ অক্টোবর ২০২৬, “সৌদিতে নির্যাতন সহ্য করতে না পেরে ফিরছেন নারী কর্মীরা”)। সৌদিতে এ ধরনের গুরুতর নিপীড়ন ও ধর্ষণের ঘটনায় স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে কোন আইনের প্রয়োগ হয় না, অথচ দুর্বল অভিবাসী শ্রমিকদের সামান্য অভিযোগে তড়িঘড়ি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

একই সাথে, সৌদি রাজপরিবার ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাদের তথাকথিত “ভিশন ২০৩০” (Vision 2030) প্রকল্পের মাধ্যমে অর্থনীতি আধুনিকীকরণ ও পর্যটন প্রসারের নামে পশ্চিমা বিকৃত বিনোদন সংস্কৃতির বিস্তার ঘটাচ্ছে। ২০১৮ সাল থেকে সৌদি আরবে সিনেমার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর দেশটিতে সিনেমা খাতের অবিশ্বাস্য দ্রুত সম্প্রসারণ ঘটেছে। বর্তমানে সৌদি আরবে শত শত আধুনিক প্রেক্ষাগৃহ চালু রয়েছে, যেখান থেকে গত কয়েক বছরে শত কোটি ডলারের বেশি টিকিট বিক্রি ও বক্স অফিস আয় হয়েছে। “রিয়াদ সিজন” (Riyadh Season) ও “জেদ্দা সিজন”-এর মতো রাষ্ট্রীয় আয়োজনে আন্তর্জাতিক পপ সংগীত তারকা ও ডিজেদের এনে উন্মুক্ত কনসার্ট, নাচ-গান এবং পশ্চিমা ফ্যাশন শোর আয়োজন করা হচ্ছে। বিশেষ করে, ফুটবল তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে সৌদি ক্লাবে চুক্তিবদ্ধ করার পর অবিবাহিত পুরুষ ও নারীর একসঙ্গে বসবাস (লিভ-ইন) সংক্রান্ত আইন নমনীয় ও শিথিল করা হয়েছে, যাতে রোনালদো বিয়ে না করেই তার গার্লফ্রেন্ডের সঙ্গে সেখানে একসঙ্গে বাস করতে পারে যা শরীয়াহ আইনের চরম অবমূল্যায়ন। এছাড়া, খেলাধুলার নামে ডব্লিউডব্লিউই (WWE) রেসলিংয়ের মতো আয়োজনে নারী রেসলারদের অশালীন পোশাক ও খোলামেলা উপস্থিতি এবং ফর্মুলা ওয়ান কার রেসিংকে কেন্দ্র করে আয়োজিত উন্মুক্ত পার্টিগুলোতে অবাধে মদ্যপান ও বেহায়াপনার পথ সুগম করা হচ্ছে। পবিত্র নগরী মক্কা ও মদিনার অঞ্চলের কাছাকাছি জেদ্দা ও আল-উলা (AlUla)-তে আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যাল এবং বিলাসবহুল পর্যটন রিসোর্ট গড়ে তুলে ইসলাম ও মুসলিম উম্মাহ্‌’র পবিত্র কেন্দ্রভূমির পবিত্রতাকে চরমভাবে লঙ্ঘন করা হচ্ছে, যা শরীয়াহ বাস্তবায়নের নামে তাদের দ্বিচারিতাকে পুরোপুরি উন্মোচিত করে দেয় (Source: https://vision2030.ai/vision/priority-culture-entertainment/)।

অন্যদিকে, সৌদি আরব নিজেদের “হারামাইন শারিফাইনের (মক্কা ও মদিনা) খাদেম” হিসেবে দাবি করলেও, মুসলিম উম্মাহ্‌’র প্রথম কিবলা ও পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ যখন অভিশপ্ত ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসনে নিয়মিত অবমাননার শিকার হয়, তখন সৌদি শাসকগোষ্ঠী কোনো বাস্তব পদক্ষেপ না নিয়ে নীরব ভূমিকা পালন করে । মুসলিমদের চরম শত্রু যুক্তরাষ্ট্রের সাথে শত শত বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি এবং প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে মার্কিন সেনা ঘাঁটি পরিচালনার সুযোগ দিয়ে ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী আমেরিকার যুদ্ধে সহযোগী ভূমিকা পালন করে আসছে। এমনকি আমেরিকান মধ্যস্থতায় “আব্রাহাম অ্যাকর্ডস” (Abraham Accords)-এর ধারাবাহিকতায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিজেই প্রকাশ্যে ঘোষণা করেছেন যে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ এখন সময়ের ব্যাপার এবং প্রতিদিন তারা এর আরও কাছাকাছি যাচ্ছেন (Al Jazeera, 20 Sep 2023 Saudi Crown Prince MBS says Israel normalisation getting ‘closer’)।

প্রকৃত সত্য হচ্ছে, সৌদি আরব দীর্ঘদিন ধরে নিজেকে শরীয়াহ বাস্তবায়নকারী ইসলামী রাষ্ট্র এবং তার দণ্ডবিধিকে (punishment system) ইসলামী বিচার ব্যবস্থার অংশ হিসেবে প্রচার করেলেও, বাস্তবে এটি একটি স্বৈরাচারী রাজতান্ত্রিক রাষ্ট্র যা বিশ্বাসঘাতক ইবনে সৌদ কর্তৃক ব্রিটিশদের সহযোগিতায় ইসলামের বিরুদ্ধে বিদ্রোহের মাধ্যমেই জন্মলাভ করে এবং ইবন সৌদ নিজের বংশের নামানুসারে রাষ্ট্রটির নামকরণ করে। সৌদ পরিবার ইসলামের আবরণকে তাদের রাজতন্ত্র টিকিয়ে রাখার স্বার্থে ব্যবহার করে আসছে। রাজতন্ত্র টিকিয়ে রাখাই এই শাসকগোষ্ঠীর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার; অন্য সবকিছুই এই লক্ষ্যকে কেন্দ্র করে সাজানো হয়েছে। এ কারণেই ভিন্নমত কোনোভাবেই সহ্য করা হয় না।  অষ্টাদশ শতাব্দীতে ওয়াহাবি মতাদর্শের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহহাবের বংশধরেরা সৌদ পরিবারকে সমর্থন করে এবং ইবন সৌদের রাজতন্ত্রকে বৈধতা  দেয়। গুরুত্বপূর্ণ ধর্মীয় পদগুলো দেয়া হয় ওয়াহাবি বংশের সাথে সৌদ বংশের  উচ্চমাত্রার পারিবারিক বৈবাহিক সম্পর্কের সাথে যুক্ত ব্যক্তিদের। এসব ধর্মীয় পণ্ডিতরা আন্তর্জাতিক পর্যায়ে বিনামূল্যে কুর‘আন বিতরণ, মসজিদ নির্মাণের মত কর্মকাণ্ডের মাধ্যমে  রাজপরিবারকে ইসলামের রক্ষক হিসেবে তুলে ধরে। রাজপরিবারের কোন নীতিকে জনসাধারণ যখন প্রশ্নবিদ্ধ বলে মনে করে, তখন ধর্মীয় পণ্ডিতেরা ভিন্নমত ও বিরোধিতাকে প্রতিহত করার জন্য ফতোয়া জারি করে। যেমন, আরব বসন্তের মধ্যবর্তী সময়ে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আবেদনপত্র দাখিল ও বিক্ষোভ প্রদর্শনের বিরোধিতা করে একটি ফতোয়া জারি করেন। তাঁর সেই ফতোয়ায় দেশের অভ্যন্তরীণ ভিন্নমতের বিরুদ্ধে “কঠোর শাস্তির হুমকি” ও অন্তর্ভুক্ত ছিল (Source: https://www.islamopediaonline.org/a-fatwa-from-the-council-of-senior-scholars-in-the-kingdom-of-saudi-arabia-warning-against-mass-demonstrations/)।   

প্রকৃতপক্ষে, সৌদি রাজতন্ত্রের সাথে ইসলামের প্রকৃত রাষ্ট্রব্যবস্থা তথা খিলাফত রাষ্ট্রের দূরবর্তী কোনো সাদৃশ্য নেই। খিলাফত কোনো রাজতান্ত্রিক ব্যবস্থা নয়, যেখানে উত্তরাধিকার সূত্রে ক্ষমতা দখল করা হয়; বরং এটি উম্মাহ্‌’র পূর্ণ “বাই'আত” এবং উম্মাহ্‌’র পূর্ণ প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা। রাজতান্ত্রিক ব্যবস্থায় রাজা বা বাদশাহরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে আইনের ঊর্ধ্বে অবস্থান করেন এবং স্বার্থান্বয়ী নীতি প্রয়োগ করেন। অথচ খিলাফত রাষ্ট্রব্যবস্থায় খলীফা বা বিচার বিভাগ কোনো শাসক, প্রভাবশালী বা বিশেষ ব্যক্তির জন্য বিন্দুমাত্র আইন শিথিল করতে পারেন না। আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা‘আলা পক্ষপাতহীন ন্যায়বিচার প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে বলেন, “হে মুমিনগণ! তোমরা ন্যায়বিচারের উপর প্রতিষ্ঠিত থাকো, আল্লাহ্’র ওয়াস্তে সত্যের সাক্ষ্য দাও, যদিও তা তোমাদের নিজেদের কিংবা পিতা-মাতা ও নিকটাত্মীয়দের বিরুদ্ধেও হয়...” (সূরা আন-নিসা : ১৩৫)। খিলাফত রাষ্ট্রের বিচারব্যবস্থা (Judiciary) পুরোপুরি কুর‘আন ও সুন্নাহ্‌’র ভিত্তিতে পরিচালিত হয়, যেখানে আইনের চোখে দুর্বল কিংবা সবল সবাই সম্পূর্ণ সমান। ইসলামী বিচারব্যবস্থায়, শাস্তি প্রয়োগে ধনী-দরিদ্র বা প্রভাবশালী ও সাধারণ মানুষের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ করার বিন্দুমাত্র সুযোগ নেই। বিচারিক সমতা ও আইনের কঠোর বাস্তবায়নের বিষয়ে বিশ্বনবী রাসূলুল্লাহ (সা.)-এর চিরকালীন ঘোষণাটি এর উজ্জ্বল দৃষ্টান্ত; একবার কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত নারী (মাখযুম গোত্রের ফাতিমা) চুরির অপরাধ করার পর তার শাস্তি মওকুফের জন্য উসামা ইবনে যায়েদ (রা.) সুপারিশ করলে রাসূল (সা.) অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন এবং বলেন, “পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়ে গেছে এই কারণে যে, তাদের মধ্যে কোনো প্রভাবশালী বা মর্যাদাবান ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিতো, আর কোনো দুর্বল বা সাধারণ মানুষ চুরি করলে তার উপর আইন প্রয়োগ করত। আল্লাহ্’র কসম! মোহাম্মদের মেয়ে ফাতিমাও যদি চুরি করে, তবে আমি তার হাত কেটে দেবো।” (সহীহ বুখারী, হাদিস নং- ৬৭৮৮; সহীহ মুসলিম, হাদিস নং- ১৬৮৮) । 

তবে, সৌদি সরকারের সমর্থকদের কেউ কেউ বলে থাকেন, এসব মৃত্যুদণ্ড হদ হিসেবে নয়, বরং “তাজির” (বিচারকের বিবেচনাভিত্তিক শাস্তি)-এর আওতায় কার্যকর করা হয়েছে; তাই এতে শারী‘আহ্‌’র কোনো লঙ্ঘন নেই এবং সৌদি বিচারব্যবস্থার ন্যায্যতাও প্রশ্নাতীত। কিন্তু এই যুক্তি তাজিরের প্রকৃত অবস্থানকেই উপেক্ষা করে। তাজির হলো এমন গুনাহের শাস্তি, যার জন্য শারী‘আহ্‌ কোনো নির্দিষ্ট হদ বা কাফফারা নির্ধারণ করেনি; এর পরিমাণ নির্ধারণ করতে পারেন একমাত্র উম্মাহ্‌’র বাই'আতের মাধ্যমে নির্বাচিত খলীফা এবং শাস্তির ধরণও শারী’আহ্‌ দলীল হতে গ্রহণ করতে হবে, এখানে মনগড়া শাস্তি নির্ধারণের কোন বৈধতা নাই। সুতরাং, তাজির যেকোনো শাসকের অবাধ ক্ষমতার উৎস নয়; বরং এটি শারী‘আহ্‌ দ্বারা পরিচালিত রাষ্ট্রের খলিফার ইজতেহাদি সিদ্ধান্তের বিষয়। তাছাড়া, দুনিয়ার শাস্তি কার্যকর করার দায়িত্ব ইমাম বা তার প্রতিনিধির, অর্থাৎ খিলাফত রাষ্ট্রের, এবং মানুষের উপর শাস্তি আরোপের অধিকার কেবল খলিফার, অন্য কারও নয়। সুতরাং যেখানে খিলাফত ব্যবস্থা অনুপস্থিত এবং শারী‘আহ্‌ রাষ্ট্র পরিচালনার ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত নয়, সেখানে তাজির প্রয়োগের কর্তৃত্বের উৎসই অনুপস্থিত। সৌদি আরব উম্মাহ্‌’র বাই'আতের ভিত্তিতে প্রতিষ্ঠিত খিলাফত রাষ্ট্র নয়, বরং বংশানুক্রমিক রাজতন্ত্র; ফলে এর শাসক বা তার নিযুক্ত বিচারক খলীফার প্রতিনিধি হিসেবে তাজির নির্ধারণ ও প্রয়োগের শারী‘আহ্‌ সম্মত কর্তৃত্ব দাবী করতে পারেন না। অর্থনীতি, পররাষ্ট্রনীতি থেকে শুরু করে সংস্কৃতি পর্যন্ত নানা ক্ষেত্রে যে রাষ্ট্র শাসনব্যবস্থা শারী‘আহ্‌‘কে ভিত্তি হিসেবে নেয়নি, সে যদি কেবল ইসলামের দণ্ডবিধির কিছু অংশ বেছে নিয়ে তাকে “তাজির” নাম দেয়, তাতে তাদের রাজতান্ত্রিক শাসনব্যবস্থা বৈধ হয়ে যায় না। এই ব্যাপারে আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন, “তবে কি তোমরা কিতাবের কিছু অংশে বিশ্বাস করো আর কিছু অংশকে প্রত্যাখ্যান করো? সুতরাং তোমাদের মধ্য থেকে যারা এরূপ করে, তাদের প্রতিফল পার্থিব জীবনে লাঞ্ছনা-গঞ্জনা ছাড়া আর কী হতে পারে? আর কিয়ামতের দিন তাদেরকে নিয়ে যাওয়া হবে কঠোরতম শাস্তির দিকে। আর তোমরা যা করছ, সে সম্পর্কে আল্লাহ্‌ অসচেতন নন” (সূরা আল-বাকারাহ : ৮৫)। 

    -    মোঃ জাফর আহমেদ, অর্থনীতি ও রাজনীতি বিশ্লেষক

Previous Post Next Post