জাতিসংঘের ১৮ বছরের কৃত্রিম দেওয়াল বনাম জীববিজ্ঞানের বাস্তবতা: গ্রুমিংয়ের উৎস কোথায়?

বর্তমান দুনিয়া আমাদেরকে এক অদ্ভুত গোলকধাঁধায় এনে দাঁড় করিয়েছে। একদিকে প্রযুক্তির চাকচিক্য, অন্যদিকে মানবিক মূল্যবোধের চরম দেউলিয়াত্ব। বিশ্বজুড়ে আজ শিশু যৌন নিপীড়ন, চাইল্ড সেক্সুয়াল গ্রুমিং এবং পেডোফিলিয়ার মতো ভয়াবহ অপরাধ মহামারি আকারে ছড়াচ্ছে। বিশেষ করে, ঠান্ডা মাথার অপরাধীরা যেভাবে অত্যন্ত চতুরতার সাথে শিশুদের মানসিক ও সামাজিকভাবে ফাঁদে ফেলছে, সেই গ্রুমিং প্রক্রিয়া আজ প্রতিটি মা-বাবার রাতের ঘুম কেড়ে নিয়েছে। অথচ প্রচলিত ধারার সেমিনার, টকশো বা সংবাদমাধ্যমে এই মরণব্যাধিকে কেবলই একটা 'মানসিক রোগ' বা বাহ্যিক সমস্যা হিসেবে দেখিয়ে মূল দায় এড়িয়ে যাওয়া হয়। স্রষ্টাবিবির্জিত ধর্মনিরপেক্ষ এই সমাজব্যবস্থার জন্ম দেওয়া অনিয়ন্ত্রিত ভোগবাদ কীভাবে মানুষকে পশুর স্তরে নামিয়ে দিচ্ছে, আর মানুষের তৈরি কৃত্রিম আইন কীভাবে তার নিজের স্বভাবজাত জীববিজ্ঞানের সাথে যুদ্ধ করছে—তা আজ গুরুত্বের সাথে খতিয়ে দেখা দরকার। 

বর্তমান ধর্মনিরপেক্ষ বা সেক্যুলার দর্শনের মূল খুঁটি দাঁড়িয়ে আছে চরম ব্যক্তিস্বাধীনতা আর ভোগবাদের উপর। এই দর্শনের একটি বড় অস্ত্র হলো ‘হ্যাডোনিজম’ বা সুখবাদ—যা মানুষকে শেখায় যে, নিজের আনন্দ ও শরীরের সুখ লাভই জীবনের প্রধান লক্ষ্য। কিন্তু যখন কোনো সমাজ থেকে সৃষ্টিকর্তার ভয় এবং পরকালের জবাবদিহিতার দেয়ালটি ভেঙে ফেলা হয়, তখন মানুষের লাগামহীন প্রবৃত্তি আর কোনো সীমানা মানতে চায় না। তখন বনের পশু যেমন তার কামনার তাড়নায় কোনো সম্পর্কের তোয়াক্কা করে না, ঠিক তেমনি চরম ভোগবাদী সমাজের একজন বিকৃত মানসিকতার মানুষ নিজের লালসা পূরণের জন্য সমাজের সবচেয়ে নিষ্পাপ অংশ—শিশুদের উপর চড়াও হতেও দ্বিধা করে না।

এখানেই বর্তমান সেক্যুলার বুদ্ধিজীবী ও রাজনীতিকদের সবচেয়ে বড় দ্বিচারিতা ধরা পড়ে। তারা একদিকে সংস্কৃতির নামে অবাধ স্বাধীনতার জয়গান গাইবে, পর্নোগ্রাফি ও অশ্লীলতার কোটি কোটি ডলারের বাজারকে আইনি সুরক্ষায় উন্মুক্ত রাখবে; কিন্তু যখন সেই উসকে দেওয়া পাশবিক প্রবৃত্তি কোনো অবুঝ শিশুর উপর কামড় বসাবে, তখন তারা ভদ্রতার মুখোশ পরে স্তম্ভিত হওয়ার ভান করবে! বিষবৃক্ষের গোড়ায় নিয়মিত পানি ঢেলে তার বিষাক্ত ফল দেখে আঁতকে উঠার এই অভিনয় একটি চরম বুদ্ধিবৃত্তিক ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়।

এক্ষেত্রে জেফরি এপস্টেইনের (Jeffrey Epstein) মতো কুখ্যাত অপরাধীদের ইতিহাস আমাদের সামনে এক নির্মম সত্য উন্মোচন করেছে। এপস্টেইন কোনো অবুঝ ব্যক্তি ছিল না, কিংবা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় সে কোনো 'মানসিক রোগী'ও ছিল না। সে ছিল অত্যন্ত চতুর, ক্ষমতাধর এবং ঠান্ডা মাথার একজন জঘন্য অপরাধী। নিজের অর্থ, সামাজিক প্রতিপত্তি আর রাজনৈতিক প্রভাবকে ঢাল বানিয়ে সে বছরের পর বছর ধরে একটি আন্তর্জাতিক শিশু পাচার ও যৌন নিপীড়নের নেটওয়ার্ক চালিয়েছিল।

বর্তমান মনস্তত্ত্ব ও আইনি পরিভাষায় এই ধরনের অপরাধীদের প্রায়শই 'পেডোফাইল' বা মানসিক রোগে আক্রান্ত ব্যক্তি হিসেবে দেখানোর একটা সূক্ষ্ম অপচেষ্টা করা হয়। এর আসল উদ্দেশ্য হলো—অপরাধের মূল দায়কে অপরাধীর কাঁধ থেকে নামিয়ে মানসিক অসুস্থতা কিংবা পরিবেশের উপর চাপিয়ে দেয়া। এটি এক ধরণের তাত্ত্বিক ফাঁদ, যা অপরাধীকে এক ধরণের সহানুভূতি বা আইনি ফাঁকফোকর গলে বেঁচে যাওয়ার পথ তৈরি করে দেয়।

বাস্তবতা হলো, চাইল্ড গ্রুমিং কোনো হঠাৎ ঘটে যাওয়া মানসিক বিভ্রম নয়। এটি একটি অত্যন্ত দীর্ঘ, নিয়মতান্ত্রিক এবং সুপরিকল্পিত শিকারের পদ্ধতি। অপরাধীরা অত্যন্ত সচেতনভাবে শিশুদের মানসিক দুর্বলতা, একাকীত্ব বা দারিদ্র্যের সুযোগ নেয়, উপহার দিয়ে বশ করে এবং মা-বাবার অন্ধ বিশ্বাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। একে কোনোভাবেই হঠকারী রোগ বলা যায় না; এটি সচেতনভাবে করা চরম সামাজিক একটি অপরাধ।

অন্যদিকে, বর্তমান আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের এজেন্ডা অনুযায়ী, ১৮ বছর বয়স পর্যন্ত প্রতিটি মানুষই ‘শিশু’ যদিও এই কৃত্রিম সংজ্ঞা মানুষের চিরন্তন জীববিজ্ঞান ও বাস্তব প্রকৃতির সাথে সাংঘর্ষিক। কারণ, মানব সন্তান বয়ঃসন্ধিতে (Puberty) পদার্পণ করার পরপরই—যা সাধারণত ১২ থেকে ১৫ বছরের মধ্যে ঘটে থাকে—শারীরিক ও জৈবিক দিক থেকে সম্পূর্ণ নতুন একটি জীবনের জন্ম দিতে সক্ষম হয়ে ওঠে। যে ব্যক্তি নিজে সন্তান জন্মদানের ক্ষমতা ধারণ করে, তাকে স্রেফ কাগজের আইনি ধারায় ‘শিশু’ বলে আটকে রাখা কতটা বাস্তবসম্মত? একটি শিশু কি কখনো অন্য শিশুকে গর্ভে ধারণ করতে পারে?

জাতিসংঘের এই তত্ত্বের মূল সংকট হলো, এটি মানুষের স্বাভাবিকভাবে প্রাপ্তবয়স্ক হওয়া এবং আইনিভাবে প্রাপ্তবয়স্ক হওয়ার মধ্যে একটি কৃত্রিম শূন্যতা তৈরি করে দিয়েছে। বর্তমান সমাজব্যবস্থায় ১৬-১৭ বছর বয়সে বিয়েকে অপরাধ মনে করা হলেও, অবাধ মেলামেশা কিংবা তথাকথিত ‘সম্মতিমূলক সম্পর্ক’কে বৈধতা দেয়া হয়। যুবসমাজকে একদিকে প্রাকৃতিকভাবে উদ্ভূত জৈবিক চাহিদা পূরণের বৈধ পথ (বিয়ে) থেকে দূরে রাখা হচ্ছে, অন্যদিকে সংস্কৃতির নামে তাদের প্রবৃত্তিকে অনবরত উত্তেজিত করা হচ্ছে। এই যে স্বাভাবিক সক্ষমতা এবং বর্তমান কৃত্রিম আইনের মধ্যকার স্থায়ী সংঘর্ষ, এটাই মূলত সমাজকে এক চরম অনৈতিকতার গোলকধাঁধায় ফেলে দিয়েছে।

সেক্যুলার আইনের এই কৃত্রিমতার বিপরীতে, ইসলামী শারী‘আহ্‌ মানুষের বয়সকে কোনো নির্দিষ্ট সংখ্যার ফ্রেমে বেঁধে দেয় না। ইসলামে প্রাপ্তবয়স্কতার মানদণ্ড নির্ধারিত হয় মানুষের শরীরের ভেতরের প্রাকৃতিক পরিবর্তনের মাধ্যমে। যখনই একজন ছেলে বা মেয়ে বয়ঃসন্ধির লক্ষণগুলো ছুঁয়ে ফেলে, তখনই সে ‘বালেগ’ বা ‘মুকাল্লাফ’ (দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি) হিসেবে মর্যাদা পায়। এই অনন্য মুহূর্তটি থেকেই সৃষ্টিকর্তার পক্ষ থেকে তার উপর নামাজ, রোজা থেকে শুরু করে প্রতিটি ফরজ বিধান বাধ্যতামূলক হয়ে যায়।

সৃষ্টিকর্তার এই প্রাকৃতিক ও আত্মিক আইনের সাথে খিলাফত রাষ্ট্রের সম্পর্কটি অত্যন্ত গভীর। খিলাফত রাষ্ট্র নিজে কোনো আইন তৈরি করে না, বরং সৃষ্টিকর্তার দেয়া বিধানগুলোকে সমাজে বাস্তবায়নের দায়িত্ব নেয়। ফলে, যার উপর আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা’আলা’র হুকুম ফরজ হচ্ছে, খিলাফত রাষ্ট্র তাকে সামাজিক ও আইনিভাবেও পূর্ণ প্রাপ্তবয়স্কের মর্যাদা দেয়। এই ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র এবং সৃষ্টিকর্তার বিধান এক সুতোয় গেঁথে যায়, যা মানুষের মনস্তত্ত্বে এক ধরণের দায়িত্বশীলতা ও পরিপক্বতা এনে দেয়। এই নীতিমালার ওপর ভিত্তি করেই খিলাফত রাষ্ট্র সমাজকে এমন একটি অভেদ্য দুর্গে পরিণত করে, যেখানে পেডোফিলিয়া বা চাইল্ড গ্রুমিংয়ের মতো পাশবিক অপরাধের চিন্তাও অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়।

খিলাফত রাষ্ট্র মানুষের মনে সবার আগে যে সুরক্ষাকবচটি বসিয়ে দেয়, তার নাম ‘তাকওয়া’ বা খোদাভীতি। প্রতিটি নাগরিক এই বিশ্বাস নিয়ে বড় হয় যে, দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিয়ে নির্জন অন্ধকার ঘরে লুকিয়ে থাকলেও, আরশের মালিকের চোখকে ফাঁকি দেওয়া অসম্ভব। তার উপর রাষ্ট্র যখন সমাজের নৈতিক পরিবেশের অভিভাবক হয়, তখন মানুষের অবচেতন মনেও পাপাচারের প্রতি এক ধরণের সহজাত দূরত্ব ও অস্বস্তি তৈরি হয়। খলিফা হযরত উমর (রা.)-এর যুগে মদিনায় নসর ইবনে হাজ্জাজ নামে এক অত্যন্ত সুদর্শন যুবক ছিল। এক রাতে খলিফা উমর যখন প্রজাদের অবস্থা তদারকি করতে বের হন, তখন এক ঘরের ভেতর থেকে এক নারীর আফসোসের কবিতা শুনতে পান। সেই নারী কবিতায় বলছিলেন যে, নসর ইবনে হাজ্জাজের মতো কোনো সুপুরুষের সাথে যদি তার দেখা হতো! খলিফা উমর (রা.) তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন যে, এই যুবকের অতিরিক্ত রূপ-সৌন্দর্য মদিনার তরুণী ও নারীদের মনে প্রবৃত্তিগত ফিতনা বা অনৈতিক চিন্তার উদ্রেক ঘটাতে পারে। তিনি পরের দিনই সেই যুবককে ডেকে পাঠান। খলিফা উমর কোনো অপরাধ ঘটার অপেক্ষা করেননি; বরং সমাজকে পাপাচার থেকে পবিত্র রাখতে তিনি প্রাজ্ঞ সিদ্ধান্ত নেন। তিনি যুবকটির চুল ছোট করার নির্দেশ দেন এবং পরবর্তীতে তাকে মদিনা থেকে বসরায় স্থানান্তরিত করেন, যাতে মদিনার সামাজিক পরিবেশ অনৈতিক উদ্দীপনা থেকে সম্পূর্ণ মুক্ত ও নিরাপদ থাকে। খিলাফতের এই ধরণের দূরদর্শী ও সুরক্ষামূলক পদক্ষেপ যুবসমাজকে পাপের পরিবেশ থেকে দূরে রাখত এবং তাদের চিন্তা ও প্রবৃত্তিকে কলুষিত হতে দিত না।

ইসলাম কেবল যেনাকে হারাম করেনি, বরং ‘যেনার নিকটবর্তী’ হওয়াকেও নিষিদ্ধ করেছে। মানুষের মনস্তত্ত্বকে এমনভাবে গড়ে তোলা হয় যেন সে ব্যভিচারের পরিবেশ বা কুচিন্তাকেই চরম অস্বস্তিকর ও ঘৃণ্য মনে করে। রাসূলুল্লাহ ﷺ-এর দরবারে যখন এক যুবক এসে ব্যভিচারের অনুমতি চেয়েছিল, তখন আল্লাহ্‌’র রাসূল ﷺ তার বুকের ভেতরে এক মনস্তাত্ত্বিক ধাক্কা দিয়েছিলেন। তিনি প্রশ্ন করেছিলেন—"তুমি কি তোমার মা, বোন কিংবা মেয়ের জন্য এটি পছন্দ করবে?" যুবকটি যখন প্রতিবারই তীব্র ঘৃণার সাথে বলল, "কখনোা না, ইয়া রাসূলাল্লাহ!" তখন রাসূলুল্লাহ্ ﷺ তাকে পরম মমতায় বুঝিয়ে দিলেন—"ঠিক তেমনি, অন্য মানুষও তাদের পরিবারের জন্য এটি কখনো পছন্দ করে না।" খিলাফত রাষ্ট্র সমাজ থেকে পর্নোগ্রাফি, অশ্লীল বিনোদন এবং অবাধ মেলামেশার পথ বন্ধ করে মানুষের রুচি ও চিন্তাকে পবিত্র রাখে, ফলে পশুর স্তরে নামার মতো মানসিক বিকৃতি তৈরিই হতে পারে না।

আব্বাসীয় ও উসমানী খিলাফতের যুগে প্রাকৃতিকভাবে বালেগ হওয়ার পর তরুণ-তরুণীদের বিয়েকে সামাজিকভাবে সবচেয়ে সহজ এবং রাষ্ট্রীয়ভাবে সমর্থিত কাজে পরিণত করা হয়েছিল।

⦁ ওসমানী খিলাফতের ‘বিবাহ ওয়াকফ’: ওসমানী আমলে বিশেষ ট্রাস্ট ছিল, যার কাজই ছিল দরিদ্র যুবকদের মোহরানা এবং তরুণীদের নতুন সংসার শুরুর সমস্ত আসবাবপত্র রাষ্ট্রীয় খরচে বিনামূল্যে নিশ্চিত করা।

⦁ আব্বাসীয় খিলাফতের রাষ্ট্রীয় তহবিল: আব্বাসীয় স্বর্ণযুগে খলিফাদের পক্ষ থেকে ঘোষণা থাকত—কোনো যুবক বিয়ে করতে চাইলে রাষ্ট্রীয় কোষাগার (বাইতুল মাল) থেকে তাকে অনুদান বা সহজ শর্তে ঋণ দেয়া হবে।

সেই সাথে, আইনি কঠোরতার ক্ষেত্রে ইসলামী খিলাফত এক চুলও ছাড় দেয় না। নিষ্পাপ শিশুদের ওপর যৌন নিপীড়নকে ইসলামে ‘ফাসাদ ফিল আরদ’ (পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি) হিসেবে গণ্য করা হয়। এখানে অপরাধীকে আদালতের মাধ্যমে প্রকাশ্যে কঠোরতম শাস্তি বা মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ক্ষমতার জোর বা টাকার গরম এখানে সম্পূর্ণ অচল। প্রকাশ্য স্থানে এই শাস্তি কার্যকর করার ফলে সমাজে অন্য যেকোনো অপরাধীদের মনে তীব্র ভয়ের সৃষ্টি হয়, যা অপরাধের হার শূন্যের কোঠায় নামিয়ে আনে।

তাই বলা যায়, বর্তমান সেক্যুলার সমাজ মানুষকে পশুর স্তরে নামিয়ে দেয়ার সমস্ত আয়োজন—যেমন অশ্লীল সংস্কৃতি ও লাগামহীন ভোগবাদ—উন্মুক্ত রেখে কেবল কিছু সচেতনতামূলক সেমিনার বা লিফলেট দিয়ে আমাদের শিশুদের রক্ষা করতে পারবে না। পেডোফিলিয়া ও গ্রুমিংয়ের মতো ভয়াবহ ব্যাধি থেকে মানবতাকে বাঁচাতে হলে আমাদের কৃত্রিম আইনি কাঠামো পরিহার করে মানুষের প্রাকৃতিক ও জৈবিক বাস্তবতাকে স্বীকার করতে হবে। মানুষের অন্তরে তাকওয়া ও পরকালীন জবাবদিহিতার চেতনা গেঁথে দেওয়া, সমাজ থেকে অশ্লীলতার উৎসগুলো বন্ধ করা এবং বিয়ের মতো পবিত্র বন্ধনকে সহজ ও সুলভ করার মাধ্যমেই কেবল একটি নিরাপদ ও নৈতিক সমাজ গঠন সম্ভব—যার সফল বাস্তব রূপ আমরা ইসলামী খিলাফতের ইতিহাসে দেখতে পাই।

    -    ইঞ্জিনিয়ার মো: জহিরুল ইসলাম

Previous Post Next Post