তের বছরের অপ্রতিমের হত্যাকাণ্ড আমাদের সামনে শুধু একটি ফৌজদারি অপরাধের প্রশ্ন দাঁড় করায়নি; এটি আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে, সেই অস্বস্তিকর প্রশ্নও সামনে এনেছে। একটি দামি আইফোন, কয়েক হাজার টাকা, TikTok ভিডিও, বয়সে বড়দের সঙ্গে বন্ধুত্ব এবং কিশোরদের একটি গোষ্ঠী- তদন্তে উঠে আসা এসব তথ্যকে আলাদা আলাদা ঘটনা হিসেবে দেখা যায়। কিন্তু এগুলোকে পাশাপাশি রাখলে আরও বড় একটি প্রশ্ন দেখা দেয়: আমাদের কিশোরদের কাছে আজ মূল্যবান কী?
অপ্রতিমের হত্যার সরাসরি দায় অবশ্যই হত্যাকারীদের। কিন্তু অপরাধী তৈরি হওয়ার সামাজিক পরিবেশও যদি আমরা বিশ্লেষণ না করি, তাহলে একজন অপরাধীকে শাস্তি দেয়া সম্ভব হলেও একই ধরনের অপরাধের সামাজিক উৎস মোকাবিলা করা কঠিন হবে।
ব্যক্তিস্বাধীনতা থেকে ব্যক্তিকেন্দ্রিকতা
আমাদের সমাজে অবাধে প্রবেশ করা পশ্চিমা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো individualism- ব্যক্তির স্বাধীনতা, অধিকার ও নিজস্ব পছন্দের গুরুত্ব। Individualism-ই একসময় পরিণত হয় radical individualism-এ- যেখানে “আমার ইচ্ছাই শেষ কথা”, “আমার আনন্দই প্রধান”, “আমার সাফল্যই আমার পরিচয়”- এই ধারণা সামাজিক দায়িত্ব, পারিবারিক কর্তব্য ও অন্যের কল্যাণকে ছাপিয়ে যায়।
বাংলাদেশের ঐতিহ্যগত পরিবারব্যবস্থা ছিল অনেক বেশি সম্পর্কনির্ভর। এখানে ব্যক্তি শুধু “আমি” নয়; সে একই সঙ্গে সন্তান, ভাই, বন্ধু, প্রতিবেশী এবং বৃহত্তর সমাজের সদস্য। এই সম্পর্কগুলোর প্রতিটির সঙ্গে দায়িত্ব যুক্ত ছিল। কিন্তু পশ্চিমা ভোগবাদী সংস্কৃতি ধীরে ধীরে প্রশ্ন তুলছে- “আমি কী পাব?”, “আমি কতটা উপভোগ করতে পারছি?”, “আমার কাছে কী আছে?”
যখন আনন্দই জীবনের সর্বোচ্চ লক্ষ্য
আরেকটি প্রবণতা হলো pleasure seeking- তাৎক্ষণিক আনন্দ ও gratification-এর অনুসন্ধান। সামাজিক যোগাযোগমাধ্যম এই প্রবণতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আগে একজন কিশোরের সামাজিক মর্যাদা নির্ধারিত হতো স্কুল, পরিবার, খেলাধুলা কিংবা স্থানীয় সামাজিক সম্পর্কের মাধ্যমে। এখন তার সঙ্গে যুক্ত হয়েছে follower, view, like, viral হওয়া এবং অনলাইন পরিচিতি। অপ্রতিমের মামলায় তদন্তকারীরা বলেছেন, তাকে TikTok ভিডিও তৈরির প্রলোভন দেখিয়ে বের করে আনার তথ্য পাওয়া গেছে। একই তদন্তে অভিযুক্তদের সঙ্গে TikTok ভিডিও এবং একসঙ্গে চলাফেরার তথ্যও এসেছে। যখন স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা জীবনের অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে যায়, তখন কিশোরের কাছে “আমি কে?” প্রশ্নটির উত্তর ক্রমেই বাস্তব জীবনের চরিত্রের বদলে অনলাইন পরিচয় নির্ভর করতে পারে।
আইফোন শুধু একটি ফোন নয়
অপ্রতিমের ঘটনায় আইফোনের প্রসঙ্গটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তদন্তের এক পর্যায়ে পুলিশ জানিয়েছিল, ফোনটি ছিনিয়ে নেওয়ার পরিকল্পনার বিষয় সামনে এসেছে। পরে তদন্তে অন্যান্য কারণও যুক্ত হয়েছে। এখানে প্রশ্নটি ফোনের নয়; ফোনটির সামাজিক অর্থের। একটি স্মার্টফোন যোগাযোগের যন্ত্র হতে পারে। কিন্তু consumer culture সেটিকে status symbol-এ পরিণত করেছে। দামি ফোন মানে আধুনিকতা। দামি পোশাক মানে সাফল্য। দামি গাড়ি মানে মর্যাদা। বিদেশভ্রমণ মানে জীবন উপভোগ। বড় বাড়ি মানে প্রতিষ্ঠা। ধীরে ধীরে আমরা এমন একটি সমাজ তৈরি করছি যেখানে মানুষকে প্রশ্ন করা হয়- “তোমার কী আছে?”। এর চেয়ে কম প্রশ্ন করা হয়- “তুমি কেমন মানুষ?”। এই পরিবর্তনটি বিপজ্জনক।
সফলতার সংজ্ঞা কি বদলে যাচ্ছে?
আমাদের সন্তানদের আমরা প্রায়ই বলি- “জীবনে সফল হও।” কিন্তু সফলতা বলতে কী বুঝাই? ভালো মানুষ হওয়া?, সৎ থাকা?, জ্ঞান অর্জন?, পরিবারের দায়িত্ব নেওয়া?, সমাজের উপকার করা? নাকি- ভালো চাকরি, বেশি টাকা, দামি গাড়ি, বড় বাড়ি, বিদেশযাত্রা এবং সামাজিক মর্যাদা? যদি দ্বিতীয় তালিকাটিই সফলতার প্রধান সংজ্ঞা হয়ে যায়, তাহলে একটি শিশু খুব অল্প বয়সেই শিখে যায়—মূল্যবোধ নয়, possession-ই status। তখন অর্থ কেবল প্রয়োজন মেটানোর মাধ্যম থাকে না; অর্থ হয়ে ওঠে পরিচয়। আর যেখানে বস্তু সামাজিক মর্যাদার প্রতীক, সেখানে সেই বস্তু অর্জনের আকাঙ্ক্ষাও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে।
পারিবারিক বন্ধন দুর্বল হলে কে সন্তানকে মূল্যবোধ শেখাবে?
পারিবারিক বন্ধন যদি দুর্বল হয়, সন্তান যদি দীর্ঘ সময় অনলাইনে কাটায়, তার বন্ধুত্ব ও অনলাইন কর্মকাণ্ড সম্পর্কে পরিবার যদি অন্ধকারে থাকে, তাহলে শিশুটির মূল্যবোধের শিক্ষক হয়ে ওঠে কে? YouTube?, TikTok?, Facebook?, Influencer?, বন্ধুদের group?। তখন পরিবার তার জায়গা হারালে algorithm জায়গাটি দখল করে নেয়। এটাই সম্ভবত ডিজিটাল যুগের সবচেয়ে বড় সামাজিক চ্যালেঞ্জগুলোর একটি।
কিশোর গ্যাং: শুধু অপরাধ নয়, belonging-এর সংকটও বটে
অপ্রতিমের হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত প্রতিবেদনে অভিযুক্তদের মধ্যে মোটরসাইকেল, TikTok ভিডিও এবং একসঙ্গে চলাফেরার সূত্রে সম্পর্ক গড়ে ওঠার কথা এসেছে। প্রধান অভিযুক্ত কিশোর গ্যাং তৈরির চেষ্টা করছিল বলেও প্রতিবেদন এসেছে। কিশোর গ্যাংকে শুধু “খারাপ ছেলেদের দল” হিসেবে দেখলে সমস্যার একটি অংশই দেখা হবে। কিশোরের একটি মৌলিক প্রয়োজন হলো belonging- কোথাও অন্তর্ভুক্ত হওয়ার অনুভূতি। পরিবারে যদি সে সেই belonging না পায়, স্কুলে যদি স্বীকৃতি না পায়, সমাজে যদি ইতিবাচক পরিচয়ের সুযোগ না পায়, তখন অন্য কোনো group তাকে সেই পরিচয় দিতে পারে। সেই group যদি TikTok, মোটরসাইকেল, অর্থ, ক্ষমতা বা ভয় প্রদর্শনের মাধ্যমে status তৈরি করে, কিশোর সেখানে আকৃষ্ট হতে পারে। অর্থাৎ আমাদের লড়াই শুধু কিশোর অপরাধের বিরুদ্ধে নয়; কিশোরদের জন্য ইতিবাচক belonging তৈরির জন্যও।
আমাদের ফিরে যেতে হবে কোথায়?
ফিরে যাওয়ার অর্থ প্রযুক্তি প্রত্যাখ্যান নয়। আইফোন নিষিদ্ধ করা নয়। TikTok বন্ধ করাই সমাধান নয়। সমাধান হলো মূল্যবোধের hierarchy পুনর্নির্মাণ। সন্তানকে বলতে হবে-তুমি কত টাকা উপার্জন করবে, তার চেয়ে গুরুত্বপূর্ণ তুমি কেমন মানুষ হবে। তাকে শেখাতে হবে- অধিকার আছে, কিন্তু দায়িত্বও আছে। সম্পদ প্রয়োজন, কিন্তু সম্পদই জীবনের উদ্দেশ্য নয়। আনন্দ প্রয়োজন, কিন্তু তাৎক্ষণিক আনন্দই জীবনের সর্বোচ্চ লক্ষ্য নয়। অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হতে হবে। অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। কিন্তু একই সঙ্গে আমাদের নিজেদেরও একটি প্রশ্ন করতে হবে: আমরা কি এমন একটি সমাজ তৈরি করছি, যেখানে একটি কিশোরের কাছে মানুষের জীবন থেকে একটি ফোন বেশি মূল্যবান হয়ে উঠতে পারে?
যদি উত্তর আমাদের অস্বস্তিতে ফেলে, তাহলে সেই অস্বস্তিই হয়তো প্রয়োজনীয়। কারণ অপ্রতিম শুধু একটি হত্যাকাণ্ডের শিকার নয়। তার মৃত্যু আমাদের সামনে একটি আয়না ধরেছে। সেই আয়নায় শুধু কয়েকজন অভিযুক্তকে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে আমাদের পরিবার, আমাদের শিক্ষা, আমাদের সামাজিক মূল্যবোধ, আমাদের ভোগের সংস্কৃতি এবং আমাদের সন্তানদের জন্য তৈরি করে দেয়া পৃথিবীটিকেও। এই জায়গাতেই ইসলামের মূল্যবোধের সঙ্গে আধুনিক ভোগবাদী সংস্কৃতির একটি মৌলিক পার্থক্য সামনে আসে। ইসলাম মানুষকে আনন্দ, সম্পদ, স্বাধীন ইচ্ছা বা দুনিয়াবি সাফল্য থেকে দূরে থাকতে বলে না। বরং ইসলাম এগুলোকে একটি বৃহত্তর আদর্শিক দায়িত্বের কাঠামোর মধ্যে রাখে। প্রশ্ন হলো-মানুষ কী অর্জন করছে তার পাশাপাশি, সে কীভাবে অর্জন করছে এবং অর্জিত সম্পদ দিয়ে কী করছে। ইসলামের দৃষ্টিতে মানুষের জীবনের কেন্দ্র শুধু “আমি” নয়; বরং আল্লাহ্, পরিবার, সমাজ এবং পরকালের জবাবদিহিতা। কুর‘আন মানুষকে স্মরণ করিয়ে দেয়, “প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং শেষ পর্যন্ত প্রত্যেক মানুষকে তার কর্মের হিসাব দিতে হবে” (সূরা আলি ইমরান : ১৮৫)।
- ড. এস এম আহমেদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক
