২০২৬-২৭ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়ের সীমা বৃদ্ধিকে স্বস্তি হিসেবে দেখেছিল সাধারণ মানুষ। দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীরাও এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। তাদের প্রত্যাশা ছিল, বাড়তি ছাড়ের ফলে জনগণের হাতে ব্যয়যোগ্য অর্থ বাড়বে, যা বাজারে পণ্যের চাহিদা তৈরি করে সামগ্রিক অর্থনীতিতে গতি ফেরাবে।
তবে বাস্তবতার চিত্র ভিন্ন। আয়কর রিটার্ন জমা দিতে গিয়ে অনেক করদাতাই পড়েছেন চরম বিপাকে। আয় ও বিনিয়োগের পরিমাণ গত বছরের মতো একই থাকলেও, আগের চেয়ে বেশি আয়কর হিসাব দিতে হচ্ছে (একই আয়, একই বিনিয়োগ, তবু এবার আপনার কর বাড়ল কেন, প্রথম আলো)। করমুক্ত সীমা বাড়ার পরও ঠিক কী কারণে করের বোঝা বাড়ল—তা নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া ও প্রশ্ন।
করমুক্ত সীমা বাড়লেও বাস্তবে কেন বাড়ল করের বোঝা?
সরকার চলতি বাজেটে সাধারণ করদাতার করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৫০ হাজার থেকে বাড়িয়ে ৪ লাখ টাকায় উন্নীত করেছে—অর্থাৎ মাসিক আয় ৩৩,৩৩৩ টাকার বেশি হলেই করের জালে পড়তে হচ্ছে। কাগজে-কলমে করসীমা বাড়লেও তীব্র মূল্যস্ফীতির বাস্তবতায় এটি মূলত একটি আইওয়াশ ছাড়া কিছু নয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত গত ১২ মাসের গড় মূল্যস্ফীতি ৮.৬৫% হলেও, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার যাচাই করলে সাধারণ মানুষ বুঝতে পারেন যে প্রকৃত মূল্যস্ফীতি এর চেয়ে কয়েক গুণ বেশি। এর পাশাপাশি, সরকার বিভিন্ন খাতে অগ্রিম আয়কর বা উৎস কর বাড়ানোর পাশাপাশি ধাপভিত্তিক করের সর্বনিম্ন ৫% হারটি বাতিল করে সরাসরি ১০% থেকে করের হার শুরু করেছে। ফলস্বরূপ, জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাওয়া সাধারণ মানুষ ও সীমিত আয়ের করদাতাদের উপর করের বোঝা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। উদাহরণস্বরূপ, ৮ লাখ টাকা করযোগ্য আয়ে পূর্বের নিয়মে ৪০,০০০ টাকা কর দিতে হলেও নতুন নিয়মে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৫,০০০ টাকায়। আয় ও জীবনযাত্রার মান একই বা নিম্নমুখী থাকা সত্ত্বেও এভাবে করের পরিমাণ বেড়ে যাওয়ায় করদাতাদের একটি বড় অংশ সরকারের এই নীতিতে চরম বিরক্ত ও হতাশ বোধ করছেন।
বাজেট ঘাটতি ও ঋণের সুদ: করের চাপে কেন বন্দি সাধারণ মানুষ?
প্রশ্ন উঠতে পারে, এমন গণবিরোধী পদক্ষেপে জনগণ যে ক্ষুব্ধ হবে, তা কি সরকার বোঝে না? আপাতদৃষ্টিতে করমুক্ত আয়ের সীমা বাড়ানো বা ফ্যামিলি কার্ডের মতো বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক কর্মসূচি দেখলে মনে হতে পারে সরকার জনকল্যাণে সচেষ্ট। কিন্তু, এই ধরনের পদক্ষেপের পেছনে লুকিয়ে রয়েছে সরকারের বিশাল ও ক্রমবর্ধমান পরিচালনা ব্যয়ের চাপ। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কেবল ঋণের সুদ পরিশোধের জন্যই ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে; যদিও অর্থ বিভাগের অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী এখাতে প্রকৃত ব্যয় দাঁড়াবে কমপক্ষে ১ লাখ ৫৮ হাজার কোটি টাকা। অর্থাৎ, বাজেটে প্রকৃত চাহিদার তুলনায় কম বরাদ্দ রেখে ঘাটতি ঢাকার চেষ্টা করা হচ্ছে। এর উপর যুক্ত হচ্ছে ফ্যামিলি কার্ডের মতো ব্যয়বহুল প্রকল্প এবং নবম পে-স্কেল বাস্তবায়নের চাপ, যা পুরোপুরি কার্যকর করলে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাবদ বার্ষিক অতিরিক্ত প্রায় ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয় বাড়বে। একদিকে বিশ্বব্যাংক ও আইএমএফের মতো আন্তর্জাতিক সংস্থার নির্দেশিত শর্ত ও সংস্কার বাস্তবায়নের ফলে সরকারের রাজস্ব উপার্জনের বিকল্প পথগুলো সংকুচিত হয়ে পড়েছে; অন্যদিকে, অব্যাহত পরিচালনা ব্যয় মেটাতে করের বোঝা চাপানো বা শর্তযুক্ত ঋণের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকছে না। প্রকারান্তরে, সরকার ও জনগণ আজ এক জটিল 'করের দুষ্টচক্রে' বন্দি—যেখান থেকে বের হতে সরকারকে শেষ পর্যন্ত সাধারণ মানুষের উপরই এই প্রচ্ছন্ন করের বোঝা চাপাতে হচ্ছে।
জনগণের উপর কর ও ঋণের বোঝা: একটি বৈশ্বিক সংকট
বিশ্বব্যাপী সাধারণ মানুষের উপর এই অন্যায্য করের বোঝার পেছনে মূল অনুঘটক হিসেবে কাজ করছে বৈশ্বিক পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা ও এর নীতি। যুক্তরাষ্ট্রের উদাহরণ লক্ষ্য করলে এই সংকটের ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে—সেখানে একটি মধ্যবিত্ত পরিবারের বার্ষিক মোট আয়ের প্রায় ৩৫ শতাংশই বিভিন্ন প্রকার ছদ্মবেশী কর (প্রত্যক্ষ এবং পরক্ষ) হিসেবে রাষ্ট্রের তহবিলে চলে যাচ্ছে। কিন্তু এত বিপুল পরিমাণ কর আদায়ের পরও দেশটির সরকারে পরিচালনা ব্যয় মেটাতে পারছে না; প্রতিনিয়ত তৈরি হচ্ছে পর্বতসম বাজেট ঘাটতি। এই ঘাটতি মেটাতে গিয়ে তাদের জাতীয় ঋণ আজ প্রায় ৪০ ট্রিলিয়ন ডলারে গিয়ে ঠেকেছে—যা চীন, জার্মানি, জাপান, যুক্তরাজ্য, ভারত ও ফ্রান্সের মতো বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলোর সম্মিলিত অর্থনীতির সমান।
পুঁজিবাদী অর্থনীতির মূলনীতি 'অবাধ ব্যক্তিমালিকানার স্বাধীনতা' দিতে গিয়ে রাষ্ট্র দেশের অধিকাংশ সম্পদকে স্বল্পসংখ্যক পুঁজিপতির হাতে কুক্ষিগত হওয়ার অবারিত সুযোগ করে দেয়, অথচ রাষ্ট্র পরিচালনা ও সুদের পাহাড়সম বোঝা চাপিয়ে দেওয়া হয় সাধারণ নাগরিকদের কাঁধে। মানুষের কল্যাণ বিমুখ এই অর্থব্যবস্থা যখন সাধারণ মানুষের আয় ও ব্যয়ের উপর নানামুখী প্রচ্ছন্ন ও নিপীড়নমূলক করের জাল বিস্তার করে জীবনযাত্রা দুর্বহ করে তোলে, তখন বিশ্বজুড়ে সৃষ্টি হয় এক সর্বগ্রাসী অর্থনৈতিক সংকট। আল্লাহ কর্তৃক প্রেরিত জীবন ব্যবস্থা অনুসরণ না করার করণেই বিশ্বব্যাপী সৃষ্টি হয়েছে এই সংকট। পবিত্র কুর‘আন-এ বলা হয়েছে, “যে আল্লাহ্’র স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবিকা অবশ্যই সংকুচিত ও সংকীর্ণ হয়ে পড়বে” (সূরা ত্ব-হা : ১২৪)। বস্তুত পুঁজিবাদী ব্যবস্থার এই অমানবিক করনীতিই আজ সাধারণ মানুষের জীবনযাত্রাকে সংকীর্ণতার চরম সীমায় পৌঁছে দিচ্ছে।
খিলাফতের ন্যায়ভিত্তিক কর ব্যবস্থার মডেল
পুঁজিবাদী ও জুলুমমূলক অর্থনৈতিক ব্যবস্থার একমাত্র বিকল্প হচ্ছে ইসলামী অর্থব্যবস্থার পরিপূর্ণ বাস্তবায়ন। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন, “আর আমি আপনার প্রতি এমন কিতাব নাযিল করেছি, যা প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা এবং তা মুসলিমদের জন্য হেদায়েত, রহমত ও সুসংবাদ” (সূরা আন-নাহল : ৮৯)
পুঁজিবাদী কর ব্যবস্থায় রাষ্ট্র জনগণের প্রকৃত আর্থিক সক্ষমতা বা জীবনযাত্রার ব্যয় বিবেচনা না করে আয় এবং ব্যয়ের উপর নির্বিচারে কর (যেমন: আয়কর ও ভ্যাট) আরোপ করে, যা সাধারণ মানুষের আয়-ব্যয়কে সংকুচিত করে ফেলে। পক্ষান্তরে, ইসলামের অর্থনৈতিক নীতিমালায় রাষ্ট্রের অব্যাহত রাজস্বের জন্য খারাজ, উশর, ফাই, গণমালিকানাধীন সম্পদ হতে রাজস্ব, ইত্যাদি বিভিন্ন খাত নির্ধারণ করে দেয়া আছে, এখানে গণহারে কর আরোপের কোন সুযোগ নাই। প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, ইত্যাদি বিশেষ কোন পরিস্থিতিতে শুধুমাত্র ধনীদের উদ্বৃত্ত সম্পদের উপর বিশেষ কর আরোপ করা যাবে। ফলে, ইসলামী রাজস্ব কাঠামোতে জনগণের প্রকৃত আয় বা জীবনযাত্রার গতিশীলতা কমায় না।
পাশাপাশি, পুঁজিবাদী ব্যবস্থায় শাসকগোষ্ঠী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সার্বভৌম ক্ষমতার নামে খেয়ালখুশিমতো কর আরোপ ও তার যথেচ্ছ ব্যবহার করতে পারে। কিন্তু ইসলামী রাষ্ট্রে অর্থের উৎস এবং তার ব্যয়ের খাত উভয়ই আল্লাহ্ কর্তৃক সুনির্দিষ্টভাবে নির্ধারিত। ইসলামী অর্থব্যবস্থায় আয়ের ধরণ ও এর সুনির্দিষ্ট ব্যবহার সংক্ষেপে নিম্নরূপ:
১. যাকাত: মৌলিক প্রয়োজন মেটানোর পর উদ্বৃত্ত সম্পদ নিসাব পরিমাণে পৌঁছালে শুধুমাত্র তখনই বার্ষিক ২.৫% হারে এটি আদায় করা হয়। যাকাতের অর্থ ব্যয়ের খাত শারী‘আহ্ কর্তৃক কঠোরভাবে নির্ধারিত। পবিত্র কুর‘আন-এ বলা হয়েছে, “নিশ্চয়ই সদকা (যাকাত) হলো ফকির, মিসকিন, এর সংগ্রহে নিয়োজিত কর্মী, যাদের চিত্তাকর্ষণ করতে হয়, দাসমুক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর পথ (জিহাদ ও দ্বীনি মেহনত) এবং মুসাফিরদের জন্য। এটি আল্লাহ্’র পক্ষ থেকে নির্ধারিত বিধান, আর আল্লাহ মহাজ্ঞানী ও প্রজ্ঞাময়।” (সূরা আত-তাওবাহ : ৬০) এর বাইরে অন্য কোনো খাতে এই অর্থ ব্যবহার করার সুযোগ নেই।
২. খারাজ ও জিজিয়া: কৃষিযোগ্য ভূমির প্রকৃত উৎপাদনশীলতার উপর ভিত্তি করে 'খারাজ' এবং সামর্থ্যবান অমুসলিম পুরুষ নাগরিকদের উপর 'জিজিয়া' ধার্য করা হয়। এই দুই খাতের অর্থ রাষ্ট্রের সাধারণ পরিচালনা ব্যয় ও জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়।
৩. বিশেষ কর (জরুরি প্রয়োজনের কর): জরুরি বা বিশেষ প্রয়োজনে রাষ্ট্রের তহবিল ঘাটতি দেখা দিলে, সামর্থ্যবান নাগরিকদের উদ্বৃত্ত সম্পদের উপর সাময়িকভাবে বিশেষ কর আরোপ করা যেতে পারে। তবে শর্ত হলো—এই ব্যায়গুলো রাষ্ট্রের সকল নাগরিকদের দায়বদ্ধতার অংশ হতে হবে (যেমন: প্রতিরক্ষা সামগ্রী সংগ্রহ) অথবা নাগরিকদের মৌলিক অধিকার (অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা) নিশ্চিত করার মতো অতি গুরুত্বপূর্ণ কাজেই ব্যয় করা যাবে। কোনো অবস্থাতেই একে স্থায়ী রূপ দেওয়া যাবে না এবং জরুরি প্রয়োজন ফুরিয়ে যাওয়ার সাথে সাথে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
ইতিহাসের সাক্ষ্য অনুযায়ী, খিলাফত ব্যবস্থার সুদীর্ঘ ১৪০০ বছরের ইতিহাসে ইসলামী অর্থনৈতিক মডেল জনগণের উপর কোনো ধরনের জুলুম ছাড়াই অভাবনীয় অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছিল। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, “আর যদি জনপদগুলোর অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে আমি অবশ্যই তাদের উপর আসমান ও জমিনের বরকতসমূহ উন্মুক্ত করে দিতাম (সূরা আল-আ‘রাফ, আয়াত: ৯৬)। আল্লাহ্’র ওয়াদা বাস্তবায়ন দেখার সাক্ষী হতে এবং মানবসৃষ্ট অর্থনৈতিক সংকটের জাল ছিন্ন করে, ইসলামের প্রকৃত অর্থনৈতিক মডেল বাস্তবায়নের লক্ষ্যে নবুয়তের আদলে খিলাফত প্রতিষ্ঠার কাজে নিয়োজিত হওয়ার এটাই কি উপযুক্ত সময় নয়?
- মোঃ সিরাজুল ইসলাম, রাজনীতি ও অর্থনীতি গবেষক
