যুবসমাজের ভবিষ্যতের উপর ট্রিকল-ডাউন অর্থনীতির বিরূপ প্রভাব এবং বিকল্প রূপরেখা

জাতীয় রাজস্ব বোর্ড (NBR) আয়কর ও ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে, আপাতদৃষ্টিতে তা সাধারণ একটি প্রশাসনিক নমনীয়তা মনে হতে পারে। তবে গভীর রাজনৈতিক-অর্থনৈতিক বিশ্লেষণে এটি সরকার ও বড় পুঁজিপতিদের পারস্পরিক সুবিধাজনক সম্পর্কেরই একটি স্বাভাবিক প্রতিফলন। পুঁজিবাদি ব্যবস্থা যখনই বড় ব্যবসা ও শিল্পগোষ্ঠীগুলোকে বিশেষ কর ছাড়, নমনীয় সময়সীমা বা চুক্তিগত সুবিধা দেয়, তখন তার পক্ষে মূল অর্থনৈতিক যুক্তি হিসেবে সামনে আনা হয় ‘ট্রিকল-ডাউন ইকোনমি’ (Trickle-Down Economics) বা উপর থেকে নিচে অর্থ চুইয়ে পড়ার নীতি, অর্থাৎ ধনীদের সুবিধা দিলে তা চূড়ান্তভাবে সাধারণ মানুষের কাছে কর্মসংস্থান ও সমৃদ্ধি হিসেবে পৌঁছাবে।

ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রিটিশ রাজ ভারতীয় উপমহাদেশে ঠিক এই নীতিই প্রয়োগ করেছিল; তারা স্থানীয় জমিদার ও আড়তদারদের (Comprador Class) হাতে বিশাল জমি, ট্যাক্স আদায়ের অনুমতি এবং একচেটিয়া বাণিজ্যিক সুবিধা তুলে দিয়েছিল এই ধারণার  উপর  ভিত্তি করে যে সেই সুবিধা ক্রমান্বয়ে সাধারণ কৃষক বা প্রজাদের জীবনযাত্রার মান উন্নয়ন করবে। কিন্তু বাস্তবে দেখা যায়, দেশীয় কৃষক ও মেহনতি মানুষের শ্রম থেকে অর্জিত উদ্বৃত্ত অর্থ (Surplus Wealth) নিচে চুইয়ে পড়ার বদলে জমিদারদের মাধ্যমে সংগৃহীত হয়ে সরাসরি ব্রিটিশ মেট্রোপলিটনে পাচার হতো।

বাংলাদেশে সামিট, ইউনাইটেড বা বসুন্ধরা গ্রুপের মতো মেগা-কনগ্লোমারেটগুলোর উত্থান ও সরকারি সুরক্ষা পর্যালোচনার মাধ্যমে আমরা দেখতে পাই, কীভাবে সেই ঔপনিবেশিক অর্থনৈতিক পরিকাঠামো রূপ বদলে কায়েম রয়েছে। সরকার যখন বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশেষ চুক্তি, ‘ক্যাপাসিটি চার্জ’ বা কর ছাড়ের মাধ্যমে এসব বৃহৎ শিল্পগোষ্ঠীকে বিশেষ সুবিধা দেয়, তখন তা মূলত ঔপনিবেশিক আমলের সেই পুরানো নীতিকেই পুনরুজ্জীবিত করে। কিন্তু পুঁজিবাদী কাঠামোর বাস্তবতায় অতি-ধনীরা রাষ্ট্রীয় সুবিধালব্ধ উদ্বৃত্ত অর্থ স্বয়ংক্রিয়ভাবে সাধারণ শ্রমিকের মজুরি বৃদ্ধিতে ব্যবহার করেন না; বরং তা শেয়ার বাইব্যাক, ডিভিডেন্ড বণ্টন, অফশোর বিনিয়োগ কিংবা স্থাবর সম্পদে রূপান্তরের মাধ্যমে কেবল শীর্ষ ধনীদের হাতেই পুঞ্জীভূত (Capital Accumulation) হয়।

এই কাঠামোগত শোষণের সবচেয়ে বড় ও প্রত্যক্ষ শিকার হয় দেশের তরুণ ও যুবসমাজ (Youth)। নীতি-নির্ধারকরা যুবসমাজকে প্রতিশ্রুতি দেন যে মেগা-কর্পোরেশনগুলোকে ছাড় দিলে দেশে 'ডিজিটাল' বা 'আধুনিক' কাজের সুযোগ তৈরি হবে, কিন্তু ট্রিকল-ডাউন অর্থনীতির মূলধারায় কর্মসংস্থান সৃষ্টির যে স্বপ্ন দেখানো হয় তা বাস্তবে এক চরম প্রবঞ্চনা। মেগা-পুঁজিপতিরা রাষ্ট্রীয় প্রণোদনা পাওয়ার পর তা ক্যাপিটাল-ইন্টেনসিভ (প্রযুক্তি ও মূলধননির্ভর) অটোমেশন বা ফাটকা বাজারে বিনিয়োগ করে, যার ফলে ডিগ্রিধারী শিক্ষিত তরুণদের জন্য মানসম্মত ও টেকসই কাজের সুযোগ তৈরি হয় না। পরিণতি হিসেবে যুবসমাজ মুখোমুখি হয় 'প্রিকারিয়েট' (Precariat) বাস্তবতার—যেখানে তাদের নামমাত্র বেতনে গিগ-ইকোনমি, চুক্তিভিত্তিক চাকরি বা নিরাপত্তাহীন ছদ্ম-কর্মসংস্থানে বাধ্য হতে হয়, যা তরুণদের জন্য উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে ব্যর্থ হয়।

উপরন্তু, মেগা-পুঁজির স্বার্থ রক্ষায় যখন রাষ্ট্রীয় কোষাগার থেকে ক্যাপাসিটি চার্জ বা কর্পোরেট কর ছাড় দেওয়া হয়, তখন রাষ্ট্র তার রাজস্ব ঘাটতি মেটাতে জনগণের  উপর  অপ্রত্যক্ষ করের (ভ্যাট) বোঝা বাড়ায় এবং সরকারি শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণা খাতের বাজেট সংকুচিত করে। ফলস্বরূপ, তরুণ সমাজ মানসম্পন্ন ও সুলভ উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয় এবং তাদের উদ্ভাবনী শক্তি ও উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বড় বড় অর্থনৈতিক সিন্ডিকেটের সামনে পিষে যায়। মেগা-পুঁজিপতিদের এই একচেটিয়া আধিপত্যের ফলে তরুণদের নতুন কোনো ব্যবসা শুরু করার সুযোগ রুদ্ধ হয়ে পড়ে, যা তাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয় এবং দেশত্যাগের বা মেধা পাচারের (Brain Drain) দিকে ঠেলে দেয়।

পুঁজিবাদী ব্যবস্থার এই প্রাতিষ্ঠানিক শোষণ, তরুণদের ভবিষ্যৎ অবমূল্যায়ন এবং ট্রিকল-ডাউন তত্ত্বের ব্যর্থতার বিপরীতে ইসলামের রয়েছে সুনির্দিষ্ট সমাধান। পুঁজিবাদ কেবল ‘উৎপাদন বৃদ্ধি’ (Production) এবং পুঁজিপতিদের সুবিধা দেয়াকে অর্থনীতির মূল লক্ষ্য মনে করে, অথচ ইসলাম জোর দেয় সম্পদের ‘ন্যায্য বণ্টন’ (Distribution of Wealth) এবং প্রতিটি ব্যক্তির মৌলিক চাহিদা নিশ্চিতকরণের  উপর। ট্রিকল-ডাউন নীতি ও মেগা-কর্পোরেটদের একচেটিয়া আধিপত্য ভাঙতে মূলত তিনটি নীতিগত ইসলামী দিকনির্দেশনা রয়েছে: 

১. মালিকানার সুস্পষ্ট তিন স্তরের বিন্যাস:

পুঁজিবাদ যেখানে সবকিছুতেই 'বেসরকারি মালিকানার স্বাধীনতা' দেয়, সেখানে ইসলামে মালিকানাকে তিন ভাগে ভাগ করা হয়েছে—ব্যক্তিগত মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা এবং জনসাধারণের মালিকানা (Public Property)। খনিজ সম্পদ, জ্বালানি (তেল, গ্যাস), বিদ্যুৎ ইত্যাদি 'জনসাধারণের মালিকানা'র অন্তর্ভুক্ত, যা কোনো বেসরকারি মেগা-কনগ্লোমারেটের (যেমন শেভরন, সামিট বা বসুন্ধরা) হাতে হস্তান্তর বা বেসরকারীকরণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই সম্পদগুলোর মুনাফা সরাসরি রাষ্ট্র পরিচালনা করবে এবং তার সুফল প্রতিটি নাগরিক ভোগ করবে, ফলে পুঁজিপতিদের জন্য 'ক্যাপাসিটি চার্জ' বা জ্বালানি খাত থেকে সম্পদ চোষার পথ বন্ধ হয়ে যায়।

২. সম্পদের সঞ্চয় ও একচেটিয়া পুঞ্জীভবন রোধ (Prohibition of Hoarding & Riba):

ইসলামে অলস অর্থ জমিয়ে রাখা (কানয/Kanz) এবং সুদি ব্যবস্থা সম্পূর্ণ হারাম। পুঁজি যদি এক জায়গায় স্থবির না থেকে সার্বক্ষণিক বাজারে ঘুরতে বাধ্য হয় (যাকাত ও উৎপাদনে ব্যবহারের মাধ্যমে), তবে তা স্বয়ংক্রিয়ভাবে সম্পদকে অতি-ধনীদের হাতে আটকে থাকতে দেয় না এবং তরুণদের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের অবারিত পথ খুলে দেয়।

৩. সর্বসাধারণের চাহিদা ও তরুণদের মৌলিক অধিকার নিশ্চিতকরণ: 

'উপরে সুবিধা দিলে নিচে চুইয়ে পড়বে' এই মিথ ভেঙে ইসলামী রাষ্ট্র সরাসরি প্রতিটি নাগরিকের, বিশেষ করে কর্মক্ষম যুবসমাজের, শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা বৃদ্ধি ও মৌলিক অধিকার নিশ্চিত করতে বাধ্য। এটি আমজনতা ও তরুণদের ক্রয়ক্ষমতা বজায় রাখে এবং নিচ থেকে অর্থনীতিকে টেকসই করে তোলে।

সর্বোপরি, অর্থনৈতিক প্রবৃদ্ধি কখনো উপর থেকে নিচে চুইয়ে পড়ে না, কারণ অর্থনীতি চলে জনগণের ‘চাহিদা’ (Demand) দ্বারা, যা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ক্রয়ক্ষমতার  উপর  নির্ভরশীল। ফলে ট্রিকল-ডাউন তত্ত্বকে প্রগতির হাতিয়ার হিসেবে দেখানো হলেও, বাস্তবে এটি ঔপনিবেশিক আমলের সেই পুরোনো সম্পদ নিষ্কাশন ব্যবস্থারই প্রাতিষ্ঠানিক রূপ যা সাধারণ জনগণের কষ্টার্জিত অর্থ ও তরুণদের মেধার সুফলকে উপর থেকে নিচে নামাতে দেয় না; যার বিপরীতে ইসলামি অর্থনৈতিক ব্যবস্থা, যা শুধুমাত্র খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে বাস্তবায়নযোগ্য, তা মেগা-পুঁজির একচেটিয়া অধিকার ভেঙে প্রতিটি নাগরিকের সরাসরি অধিকার, যুবসমাজের কার্যকর বিকাশ এবং সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার এক বাস্তবমুখী ফ্রেমওয়ার্ক প্রদান করে।

“যদি সে সকল জনপদবাসী ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের জন্য আকাশমণ্ডলী ও পৃথিবী থেকে কল্যাণধারা মুক্ত করে দিতাম। কিন্তু তারা (সত্য) প্রত্যাখ্যান করল। সুতরাং তারা ক্রমাগত যা করে যাচ্ছিল, তার পরিণামে আমি তাদেরকে পাকড়াও করি” (সুরা আরাফ : ৯৬)।

    -    তানজিল আহমেদ, শিক্ষক ও যুবসমাজ গবেষক

Previous Post Next Post