জুলাই সনদ: ক্ষমতার প্রশ্নে সংস্কার, আদর্শের প্রশ্নে নীরবতা

১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের ১ বছর পূর্ণ হলো। একই সাথে সেই পুরনো আলাপও ফিরে এলো—“জুলাই সনদের বাস্তবায়ন”। বিরোধী দলগুলোর পাশাপাশি অনেক বিশেষ ব্যক্তিবর্গও জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে আসছিলেন এবং এখনো বলছেন। তারা সকলে যা বলতে চাইছেন তা হলো- গণতন্ত্রকে যদি কার্যকর হতে হয়, তবে সেটাকে একটা সুনির্দিষ্ট কাঠামোতে আসতে হবে যা একনায়কতন্ত্রের বা একদলীয় শাসনের দিকে নিয়ে যাবে না। “জুলাই সনদ” সেই কার্যকর কাঠামোর দিকনির্দেশনা দিয়েছে। যেমন- প্রধানমন্ত্রীর ক্ষমতার প্রাবল্য, সংসদের উপর নির্বাহী বিভাগের প্রভাব, বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর রাজনৈতিক প্রভাব এবং ক্ষমতাসীন দলের সিদ্ধান্তের বিরুদ্ধে দুর্বল প্রাতিষ্ঠানিক প্রতিরোধ ইত্যাদি কিভাবে করে দূর করা যাবে তার দিকনির্দেশনা দেয়া আছে। 

আলোচনাগুলো যখন রাজনৈতিক আঙ্গিনায় এই ভঙ্গিতে আলোচিত হয়, তখন অনেকের মনে হতে পারে যে আমরা শুধু কয়েকটা পদক্ষেপ দূরে আছি একটা আদর্শিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে। আদর্শিক গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতাসীন ব্যক্তি এবং তার দলকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারলেই হয়তো জনমানুষের আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে। এই গণতন্ত্রের মাধ্যমেই রাষ্ট্র তার সার্বভৌমত্ব খুঁজে পাবে, শিল্পায়নের মাধ্যমে প্রচুর কর্মসংস্থান হবে, মানুষ তার খাওয়া পরার নিশ্চয়তা পাবে, দেশের সম্পদ দেশেই থাকবে যেন দেশের মানুষ মৌলিক চাহিদা পূরণের পরেও যেন সচ্ছল জীবলযাপন করতে পারে। আলী রিয়াজদের মত ব্যক্তিরা যখন জোর দিয়ে বলতে থাকেন যে “জুলাই সনদ ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব না”, তখন মনেই হতে পারে যে বিগত ৫৫ বছর ধরে বাংলাদেশ নামক রাষ্ট্রের জনমানুষ যেভাবে শোষিত, নির্যাতিত, নিপীড়িত এবং প্রতারিত হয়েছে তার রক্ষাকবচ হলো এই তথাকথিত ‘আদর্শিক’ গণতন্ত্র এবং তার পূর্বশর্ত হলো জুলাই সনদ। আসলেই কি তাই?

জুলাই সনদের কোনও অংশ কিংবা ধারায় কি জনমানুষের সমস্যা নিয়ে আলোচনা আছে? এমনকি যেই বেকারত্ব সমস্যাকে কেন্দ্র করে জুলাই আন্দোলন হলো সেই বেকারত্ব নিরসনে একটা লাইনও কি জুলাই সনদে ঠাই পেয়েছে? উত্তর হচ্ছে- না। 

তাহলে জুলাই সনদে আলোচনা কি নিয়ে???

জুলাই সনদের পুরো আলোচনাই হচ্ছে ক্ষমতার ভাগাভাগি নিয়ে। যেকোন চিন্তাশীল মানুষের মাথায় এই প্রশ্ন চলে আসার কথা যে কেন এখানে জনমানুষের সমস্যা সমাধানের দিকনির্দেশনা না দিয়ে ক্ষমতার বিলিবন্টন নিয়ে ব্যস্ত সংস্কারবাদীরা। এখানে আলী রিয়াজদের একটা তাত্ত্বিক ব্যাখ্যা আছে। পুরো জুলাই সনদের ভিত্তিপ্রস্তর হলো এই চিন্তা থেকে যে রাজনীতিবিদরা লোভী এবং স্বার্থপর। তাই তাদেরকে আদর্শিক গণতন্ত্র নামে প্রাতিষ্ঠানিক কাঠামো দিয়ে নিয়ন্ত্রণ করা লাগবে। মূলতঃ থমাস হবস ও নিকোলো ম্যাকিয়াভেলির রাজনৈতিক বাস্তববাদে (Political Realism) মানুষকে স্বার্থ, ক্ষমতা ও আত্মরক্ষার প্রবণতাসম্পন্ন সত্তা হিসেবে বিবেচনা করা হয়েছে। অর্থাৎ আলী রিয়াজদের তাত্ত্বিক ভিত্তি অনুযায়ী যারা জনমানুষের ভালো মন্দ দেখার দায়িত্ব পাবে তারা মূলতঃ লোভী এবং স্বার্থপর। একজন লোভী এবং স্বার্থপরের হাতে ক্ষমতা তুলে দেয়ার চেয়ে একদল লোভী এবং স্বার্থপরের মাঝে ক্ষমতা ভাগ বাটোয়ারা করে দিলে একনায়কতন্ত্রতা বা স্বৈরাচারিতা আসবে না। 

কিন্তু এতে কি জনগণের ভাগ্যের পরিবর্তনের কোন সম্পর্ক আছে? একজন লোভী এবং স্বার্থপর শাসক যদি নিজের ক্ষমতা ও সম্পদ কুক্ষিগত করাকেই মূল কাজ মনে করে তাহলে একদল লোভী এবং স্বার্থপর যে মিলমিশ করে জনগণের সম্পদ লুটেপুটে খাবে না তার নিশ্চয়তা কি?? আর এরকম একটা জনবিচ্ছিন্ন আর জনস্বার্থহীন বিষয় নিয়ে যে জুলাই সনদ তাতে জনগণ ‘হ্যাঁ’ বলল নাকি ‘না’ বলল-তাতে কি কিছু আসে যায়?? বিষয়টা কি অনেকটা এরকম হলো না যে জনগণের কাছে মূলতঃ জানতে চাওয়া হচ্ছে যে “আপনারা কি একজনের কাছে শোষিত হতে চান নাকি দুই তিন দল আর কিছু সুশীল সবাই মিলে আপনাদের ব্যাপারে উদাসীন থেকে নিজেদের স্বার্থ চরিতার্থ করবে তাদের কাছে শোষিত হতে চান??

আসলে আমেরিকান পাসপোর্টধারী আলী রিয়াজরা যে বিষয়টা আড়াল করতে চায় তা হল- পুঁজিবাদী আদর্শের কাঠামোতে এই রাজনীতিবদরা মূলতঃ কখনোই জনগণের প্রতিনিধিত্ব করে না। সাম্রাজ্যবাদি রাষ্ট্রের সরকার প্রতিনিধিত্ব করে ক্ষুদ্র পুঁজিপতিদের এবং বাংলাদেশের মত সাম্রাজ্যবাদিদের দ্বারা শোষিত রাষ্ট্রগুলোর সরকার প্রতিনিধিত্ব করে সাম্রাজ্যবাদিদের। এর সবচাইতে বড় প্রমাণ হল বাংলাদেশের নতুন সরকারের এই ৭ মাসের শাসন। যেখানে একের পর এক রাষ্ট্রবিরোধী চুক্তি হয়ে যাচ্ছে কিন্তু কোন বিরোধী দল কোন আপত্তি জানাচ্ছে না। 

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, সাম্রাজ্যবাদী শক্তি ও তাদের প্রেসক্রিপশননির্ভর দেশীয় প্রতিনিধিরা কোনো রাষ্ট্রে জনগণের তীব্র ক্ষোভ বা আন্দোলনের পর সবসময়ই কিছু তথাকথিত ‘প্রাতিষ্ঠানিক সংস্কার’ কিংবা ‘ক্ষমতার ভারসাম্যের’ মডেল সামনে নিয়ে আসে—যার মূল কাজই হলো জনগণের মূল গণদাবিকে আড়াল করা। ইরাক বা লেবাননের মতো দেশগুলোর দিকে তাকালেই তা পরিষ্কার বোঝা যায়। ২০০৩ সালের আগ্রাসনের পর ইরাকে কিংবা গৃহযুদ্ধ-পরবর্তী লেবাননে পশ্চিমা নিয়ন্ত্রকেরা যে তথাকথিত ‘পাওয়ার-শেয়ারিং’ বা ক্ষমতার ভাগাভাগির গণতান্ত্রিক কাঠামো চাপিয়ে দিয়েছিল, তা কিন্তু সে দেশের মানুষের দারিদ্রতা, বেকারত্ব বা মৌলিক চাহিদা মিটাতে পারেনি। উল্টো একঝাঁক দুর্নীতিবাজ এলিট ও রাজনৈতিক গোষ্ঠীকে ক্ষমতায় বসিয়ে সাম্রাজ্যবাদীরা খুব সহজেই সে দেশের তেল ও জাতীয় সম্পদ বহুজাতিক কর্পোরেশনগুলোর হাতে তুলে দিয়েছে। ঠিক একইভাবে, লাতিন আমেরিকার চিলি কিংবা আর্জেন্টিনাতেও রাজনৈতিক পরিবর্তনের নামে বিশ্বব্যাংক ও আইএমএফ-এর এজেন্ডা অনুযায়ী সংহত করা হয়েছিল এমন এক নব্য-উদারবাদী ব্যবস্থা, যা রাষ্ট্রীয় সম্পদকে পানির দরে সাম্রাজ্যবাদীদের কাছে বেচে দেওয়ার আইনি ভিত্তি তৈরি করে। অতএব, আলজিয়ার্স থেকে ঢাকা—সাম্রাজ্যবাদের এই পুরোনো কৌশল একই। 'জুলাই সনদ'-এর মতো তথাকথিত সুশীলিয় সংস্কার প্রস্তাব মূলত এই আন্তর্জাতিক লুটেরা ব্যবস্থারই বাংলাদেশি সংস্করণ, যা ক্ষমতার সুন্দর ভাগবাটোয়ারার আড়ালে জাতীয় সার্বভৌমত্ব, সম্পদ এবং জনমানুষের রুটি-রুজির অধিকারকে খুব সূক্ষ্মভাবে সাম্রাজ্যবাদী শক্তির চরণে বলি দেওয়ার এক আইনি প্রেসক্রিপশন মাত্র।

আলী রিয়াজদের মত আত্মা বিক্রি করা সংবিধান বিশেষজ্ঞরা কখনো এই নিয়ে গবেষণা করবে না যে মানুষ লোভী এবং স্বার্থপর কেন? কিন্তু আমাদের মধ্যে যারা নিষ্ঠাবান তাদের বোঝা উচিৎ, মানুষ লোভী এবং স্বার্থপর শুধুমাত্র ধর্মনিরপেক্ষতা পুঁজিবাদী আদর্শকে ধারণের কারণে। কারণ পুঁজিবাদ বলে সম্পদ সীমিত। এই চিন্তা মানুষকে নিরাপত্তাহীনতায় ভোগায়। ফলে সে হয় লোভী এবং স্বার্থপর। আর অন্যদিকে ধর্মনিরপেক্ষতা বলে এই সীমিত সম্পদের বণ্টন প্রক্রিয়ার নীতি প্রণয়ন এবং এর দায়িত্বও মানুষই নিবে। এতে করে তাই ঘটে যা পুরো পৃথিবীতে এখন ঘটছে। লোভী এবং স্বার্থপর এক দল ক্ষমতায় বসে আইন প্রণয়ন করে। সেই আইন দিয়ে নিজের জন্য এবং ক্ষমতায় থাকতে বহিঃশক্তিকে নজরানা দিয়ে সাধারণ মানুষের অধিকার ধ্বংস করে। পুঁজিবাদী ব্যবস্থার এই কাঠামোগত ব্যর্থতা যে কেবল বাংলাদেশ বা উন্নয়নশীল বিশ্বের সমস্যা নয়, তার নিখুঁত প্রমাণ মিলছে ইউরোপ জুড়ে ঘটে যাওয়া সাম্প্রতিক নজিরবিহীন গণঅসন্তোষের দিকে তাকালে। খোদ ফ্রান্সে ৬১ বিলিয়ন ইউরোর বাজেট ছাঁটাই, ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা আর জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধির (Cost of Living Crisis) প্রতিবাদে লাখ লাখ মানুষ রাজপথে নেমে এসেছে। ইতালির রোম ও মিলানে শ্রমিক ও সাধারণ মানুষ ন্যায্য মজুরি ও সাশ্রয়ী বাসস্থানের দাবিতে সরকার ও বড় কর্পোরেটগুলোর বিরুদ্ধে রক্তক্ষয়ী বিক্ষোভে শামিল হয়েছে; লিসবন থেকে মাদ্রিদেও একই চিত্র। পুঁজিবাদী ‘আদর্শিক গণতন্ত্রের’ তথাকথিত সেরা মডেলগুলো নিজেদের নাগরিকদেরও অন্ন, বস্ত্র ও আবাসনের মতো মৌলিক চাহিদার সুরক্ষা দিতে পারছে না। এটি স্পষ্ট করে যে, সম্পদ সীমিত বলে মানুষকে নিরাপত্তার কৃত্রিম সংকটে ফেলা এবং রাষ্ট্রীয় বাজেট কাটছাঁট করে পুঁজিপতিশ্রেণীর সেবা করাই এই ব্যবস্থার আসল স্বভাব—তা সে ইউরোপের প্যারিসেই হোক কিংবা ঢাকা-তে।

কিন্তু প্রশ্ন হলো, "সম্পদ সীমিত" কথাটা কি আদৌ নিরপেক্ষ তথ্য, নাকি একটি আদর্শিক অবস্থান? পুঁজিবাদী অর্থনীতির গোড়ার ধারণা হলো, মানুষের চাহিদা অসীম আর সম্পদ সীমিত। এই ধারণা একবার মেনে নিলে প্রতিযোগিতা, মজুত আর দখলদারিত্বই হয়ে ওঠে "যুক্তিসংগত" আচরণ। যে মানুষকে প্রতিনিয়ত শেখানো হয় যে সবার জন্য যথেষ্ট নেই, সে নিজের ভাগ নিশ্চিত করতেই ব্যস্ত হবে, আর সেটাই একসময় লোভ ও স্বার্থপরতায় রূপ নেয়। অর্থাৎ লোভ মানুষের অমোঘ প্রকৃতি নয়, বরং একটি বিশেষ বিশ্বদৃষ্টির ফলাফল। ইসলামের দৃষ্টিভঙ্গি এখানে মৌলিকভাবে ভিন্ন। কুর‘আন ঘোষণা করে, “জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিযিকের দায়িত্ব আল্লাহ্‌’র” (সূরা হুদ : ৬), “আর তোমাদের রিযিক আসমানেই রয়েছে” (সূরা যারিয়াত : ২২)। রিযিকের নিশ্চয়তা যে বিশ্বাসের অংশ, সেখানে নিরাপত্তাহীনতাজনিত লোভের ভিত্তিটাই দূর্বল হয়ে যায়।

এখানে একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠবে: রিযিক যদি আল্লাহ্‌’র দায়িত্ব হয়, তাহলে পৃথিবীতে এত মানুষ না খেয়ে থাকে কেন? এর উত্তর সম্পদের ঘাটতিতে নয়, বণ্টনের অন্যায়ে। কুর‘আন নিজেই এর কারণ চিহ্নিত করেছে: “সম্পদ যেন কেবল তোমাদের মধ্যকার বিত্তবানদের হাতেই আবর্তিত না হয়” (সূরা হাশর : ৭)। যাকাত, সুদের নিষিদ্ধতা, মজুতদারির নিন্দা, এসবই সেই বণ্টনব্যবস্থার কাঠামো, যা সম্পদের প্রবাহকে সবার দিকে ঘুরিয়ে দিতে চায়। অর্থাৎ সংকটটা খাদ্য বা সম্পদের নয়, তা কার হাতে গিয়ে জমা হচ্ছে এবং কোন নীতিতে বণ্টিত হচ্ছে, সেই প্রশ্নের।

আর ঠিক এখানেই আমরা আইন প্রণয়নের প্রশ্নে পৌঁছাই, যে প্রশ্নটি জুলাই সনদের আলোচনায় একেবারেই অনুপস্থিত। সম্পদ কীভাবে বণ্টিত হবে, কোন নীতিতে, তা নির্ধারণ করে আইন। ধর্মনিরপেক্ষ কাঠামোয় সেই আইন প্রণয়নের চূড়ান্ত কর্তৃত্ব মানুষের হাতে, সংখ্যাগরিষ্ঠ বা ক্ষমতাসীনদের হাতে। যে মানুষ নিজেই ওই বণ্টনের একটি পক্ষ, সে-ই যখন বণ্টনের নিয়ম লেখে, তখন নিয়মটি যে তার নিজের ও তার মিত্রদের পক্ষে ঝুঁকবে, তা অস্বাভাবিক নয়। সনদ এই ঝুঁকে পড়াকে ঠেকাতে চায় ক্ষমতাকে কয়েক হাতে ভাগ করে, কিন্তু যারা আইন লিখছে তারা যে নিজেরাই স্বার্থের পক্ষ, এই মৌলিক সমস্যাটি এতে অমীমাংসিতই থেকে যায়।

ইসলামি দৃষ্টিতে আইনের চূড়ান্ত উৎস আল্লাহ্‌’র বিধান, আর মানুষের ভূমিকা পরামর্শ (শূরা), ব্যাখ্যা (ইজতিহাদ) ও প্রয়োগের মধ্যে সীমিত। এর অর্থ এই নয় যে আইন-প্রণয়নে মানুষের কোনো অংশগ্রহণ নেই, বরং এর অর্থ হলো এমন একটি ঊর্ধ্বতন মানদণ্ড থাকবে যার সামনে শাসক ও শাসিত উভয়েই জবাবদিহি করবে। ব্যাখ্যার কর্তৃত্ব কার হাতে থাকবে, কীভাবে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে, সেগুলো বিস্তারিত আলোচনার বিষয়। কিন্তু মূল প্রশ্নটি অন্তত সৎভাবে তোলা দরকার: যে ব্যবস্থায় আইনের উৎস মানুষ নিজেই, সেখানে মানুষের লোভকে নিয়ন্ত্রণ করবে কোন মানদণ্ড?

তাই জুলাই সনদ নিয়ে আসল প্রশ্নটা "ক্ষমতা কয়জনে ভাগ হবে" নয়। প্রশ্ন হলো, কেন আমরা এখনো সেই কাঠামোর ভেতরেই আটকে আছি যেখানে লোভের উৎস ও আইনের উৎস দুটিই মানুষ? যে সনদ এই প্রশ্ন তোলে না, সে বেকারত্ব, সম্পদের মালিকানা বা রুটি-রুজির মতো জনমানুষের মৌলিক সমস্যার সমাধানের পথও দেখাতে পারে না। আর যে পরিবর্তন জনমানুষের সমস্যাকে স্পর্শ করে না, তার "বাস্তবায়ন" নিয়ে এত আলোচনা শেষ পর্যন্ত ক্ষমতার ভাগাভাগির আলোচনা হয়েই থেকে যায়।

    -    জাবির জোহান, বিশ্ববিদ্যালয় শিক্ষক

Previous Post Next Post