উন্নত জীবনের প্রতিশ্রুতি এবং ইউরোপের বর্তমান সংকট

উন্নত জীবনের প্রতিশ্রুতি দিয়ে গড়ে ওঠা পুঁজিবাদী ব্যবস্থা মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে যে পুরোপুরি ব্যর্থ হয়েছে, তার সবচেয়ে বড় প্রমাণ মিলছে ইউরোপের সাম্প্রতিক গণবিক্ষোভগুলোতে। ২০২৬ সালের ১৭ অক্টোবর ব্যয়বহুল জীবনযাত্রা, শিক্ষার নিম্নমান এবং সরকারি সেবার চরম অবনতির বিরুদ্ধে ফ্রান্সজুড়ে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ রাস্তায় নেমে আসে। বিভিন্ন তথ্য অনুযায়ী, আটক হওয়া ব্যক্তির সংখ্যা ৫,০০০ ছাড়িয়ে যায়, যার মধ্যে ৮৭ শতাংশই ছিল অপ্রাপ্তবয়স্ক। পুলিশের হস্তক্ষেপের সময় গ্রেনেড বিস্ফোরণে ১৫ বছর বয়সী এক শিক্ষার্থীর হাত উড়ে যাওয়ার মত মারাত্মক পরিস্থিতিও তৈরি হয়েছে। একই ধরনের ক্ষোভ ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে পর্তুগাল, ইতালি, বেলজিয়াম ও আলবেনিয়ায়। এই পরিস্থিতি বিশ্বজুড়ে একটি বড় প্রশ্ন তুলেছে: বিদ্যমান ধর্মনিরপেক্ষ-পুঁজিবাদী ব্যবস্থা কি আদতে সেই জীবন দিতে সক্ষম, যার প্রতিশ্রুতি একসময় দেয়া হয়েছিল?

ইউরোপের তরুণরা আসলে কী চায়?

ইউরোপের তরুণ প্রজন্মের চাওয়াগুলো অত্যন্ত সহজ ও মৌলিক। তারা চায়: একটি সাশ্রয়ী মূল্যে আবাসন, একটি স্থিতিশীল চাকরি, মানসম্মত শিক্ষা ও সুলভ স্বাস্থ্যসেবা এবং একটি নিরাপদ পরিবেশ ও অনিশ্চয়তাহীন ভবিষ্যৎ। এই তালিকাটি এতই সাধারণ যে একে কোনো "দাবি" বলা চলে না; বরং এগুলো বেঁচে থাকার ন্যূনতম শর্ত। অথচ, নিজেকে পৃথিবীর সবচেয়ে উন্নত, উদার ও "সভ্য" বলে দাবি করা পশ্চিমা পুঁজিবাদী বিশ্ব  ঠিক এই ন্যূনতম শর্তগুলো নিশ্চিত করতেই ব্যর্থ হয়েছে। 

যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল এবং জনগণকে যে চড়া মূল্য দিতে হয়েছে

পশ্চিমা পুঁজিবাদী ব্যবস্থা জনগণকে বিলাসিতা ও উন্নত জীবনের স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু তার জন্য চড়ামূল্য আদায় করেছে। এই প্রতিশ্রুতির বিনিময়ে পশ্চিমা সমাজের জনগণকে গ্রহণ করতে হয়েছে বুদ্ধিবৃত্তিকভাবে দেউলিয়া পুঁজিবাদী মতাদর্শ এবং তার পাশাপাশি মেনে নিতে হয়েছে বিশ্বব্যাপী ঔপনিবেশিক লুণ্ঠন যা মূলত পশ্চিমা ভোগবাদকে টিকিয়ে রেখেছিল। পশ্চিমা জনগণ আজ বুঝতে পারছে যে, শুধু তাদের সাথে বুদ্ধিবৃত্তিক প্রতারণাই করা হয়নি, বরং তাদের ভোগের জীবনটাও ছিল একটি প্রতারণা। আপাতদৃষ্টিতে ব্যাপক বস্তুগত উন্নয়ন দেখালেও সম্পদ গুটিকয়েক মানুষের হাতে কুক্ষিগত হয়ে চরম বৈষম্য ও ঋণ-সংকট তৈরি হয়েছে। ফ্রান্সে যেখানে শীর্ষ ১০% মানুষের হাতে রয়েছে প্রায় ৫৫% সম্পদ, সেখানে নিচের ৫০% মানুষের ভাগ্যে জুটেছে মাত্র ৬.৩%। অক্সফ্যামের তথ্য অনুযায়ী, পশ্চিমা বিশ্বে বিলিয়নিয়ারদের সম্পদ আকাশচুম্বী হলেও সাধারণ মানুষ মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। যে বিলাসী জীবন তাদের দেখানো হয়েছিল, তা কখনোই টেকসই ছিল না; বরং তা দাঁড়িয়ে ছিল ঋণের উপর। আর সেই মঞ্চ ভেঙে পড়ার পর প্রথম শিকার হয়েছে তরুণ প্রজন্ম, যারা উত্তরাধিকারে পেয়েছে কেবল ঋণ আর অনিশ্চয়তা। এই শতাব্দীর শুরুতে ফ্রান্সের সরকারি ঋণ জিডিপির প্রায় ৬০% থেকে বেড়ে ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে ১১৯%-এ পৌঁছেছে, যার পরিমাণ প্রায় ৩.৫৯৬ ট্রিলিয়ন ইউরো।

আজ ইউরোপের সাধারণ মানুষ আন্তর্জাতিক পুঁজিবাদী ব্যবস্থা, নব্য-ঔপনিবেশিক নীতি এবং করপোরেট স্বার্থের নির্মম বলির শিকার। যুক্তরাজ্যের ব্রেক্সিটোত্তর সংকটে জ্বালানির মূল্যবৃদ্ধি ও জনকল্যাণ খাতে বাজেট সংকোচনের ফলে স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থা যখন ধ্বংসের মুখে, তখন বৃহৎ ব্যাংক ও জ্বালানি কোম্পানিগুলো রেকর্ড মুনাফা করে চলেছে। অন্যদিকে, জার্মানির শিল্পখাতের মন্দা ও রুশ সস্তা জ্বালানির পথ বন্ধ হওয়ার চরম মূল্য দিতে হচ্ছে দেশের শ্রমিক ও মধ্যবিত্ত শ্রেণীকে। গ্রিস বা দক্ষিণ ইউরোপের দেশগুলোতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) কঠোর কৃচ্ছ্রসাধন নীতির যাঁতাকলে সাধারণ মানুষের নিরাপত্তা ও অধিকারগুলো ধুলোয় মিশে গেছে।

পুঁজিবাদ কি মানুষের মৌলিক চাহিদাকে চিনতে পেরেছে?

পুঁজিবাদী আদর্শ মানুষের চাহিদা ও আকাঙ্ক্ষাকে কখনো বুঝতে পারেনি, আর বোঝার চেষ্টাও করেনি। এই ব্যবস্থায় "উন্নয়ন"-এর একমাত্র মাপকাঠি হলো জিডিপি (GDP), জিএনপি (GNP) এবং মেগা প্রজেক্ট। পুঁজিবাদ হিসাব করে না যে একজন তরুণ রাতে খালি পেটে ঘুমাচ্ছে কি না, একজন মা তার সন্তানের হাসপাতালের বিল মেটাতে পারছেন কি না, কিংবা একটি পরিবার বাসা ভাড়া দিতে না পেরে শহরের প্রান্তে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে কি না। মানুষের মৌলিক চাহিদা যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা কখনো তার খাতায় ওঠে না। এই আদর্শে এগুলো কেবলই পণ্য। প্রত্যেক ব্যক্তির জন্য এগুলো নিশ্চিতকরণে রাষ্ট্র বাধ্য নয়। তাই মানুষ এই ব্যবস্থায় বেঁচে থাকার মৌলিক চাহিদাগুলো থেকেও বঞ্চিত হয়। মানুষের দুর্দশা প্রকাশ পায় যখন সংকট চরম আকার ধারণ করে, যেমনটি দেখা গিয়েছিল কোভিড মহামারীর সময়, কিংবা ইয়েলো ভেস্ট ও ২০২৬ সালের অক্টোবরের গণবিক্ষোভের মতো বিস্ফোরণে।

ট্রিকল-ডাউন (Trickle-down) অর্থনীতির ফাঁদ

১৯৭০-এর দশকের সংকটের পর থ্যাচার ও রেগানের নেতৃত্বে শুরু হওয়া নয়া-উদারবাদী বিপ্লবের মূল প্রতিশ্রুতি ছিল "ট্রিকল-ডাউন", অর্থাৎ ধনীদের কর কমালে তারা বিনিয়োগ করবে এবং তার সুফল শেষ পর্যন্ত সবার কাছে পৌঁছাবে। কিন্তু বাস্তবে সম্পদ নিচের দিকে গড়ায়নি, বরং উপরের দিকেই কুক্ষিগত হয়েছে। ফ্রান্সে ২০১৭ সালের পর কোম্পানির কর কমানো হয়, সরকারি ব্যয় হ্রাস করা হয় এবং ধনীদের সম্পদ কর বাতিল করা হয়। এর ফল দাঁড়ায় এমন যে, ফরাসি শীর্ষ ১০% পরিবার জাতীয় সম্পদের প্রায় ৫৪-৫৫% দখল করে আছে এবং শীর্ষ ১% মানুষের হাতেই রয়েছে ২৩% সম্পদ; অথচ দেশের অর্ধেক জনসংখ্যা ভোগ করে মাত্র ৬.৩% সম্পদ। মজার ব্যাপার হলো, পুঁজিবাদী উন্নয়নের হিসাবে এটি দারুণ সফল চিত্র, কারণ জিডিপি বাড়ছে এবং গুটিকয়েক কোম্পানির মুনাফা হচ্ছে। কিন্তু মানুষের বাস্তব জীবনে কী ঘটছে? ফ্রান্স নিয়মিতভাবে ইউরোপের ট্রাংকুইলাইজার ও অ্যালকোহল সেবন করা দেশগুলোর তালিকায় শীর্ষে থাকে এবং জরিপে দেখা গিয়েছে ফরাসিরা নিজেদেরকে বিশ্বের অন্যতম অসুখী মানুষ হিসেবে চিহ্নিত করে।

কেন এটি শুধু "খারাপ সরকার" নয়, বরং পুঁজিবাদের সহজাত ফল?

এই সংকটকে শুধু "দুর্বল শাসন" বা "ভুল নীতি" বলে এড়িয়ে যাওয়া যাবে না, কারণ এটি পুঁজিবাদী আদর্শকে অন্ধভাবে গ্রহণের স্বাভাবিক পরিণতি। এটি কখনোই প্রশ্ন করে না, সাধারণ মানুষের জীবন সহজ হলো কি না? এটি বস্তুগত উন্নয়ন, বিলাসী প্রকল্প, মেগা প্রজেক্ট, পুঁজিপতিদের বেইলআউট প্রদান, আধুনিক সমরাস্ত্রে অর্থায়ন করতে পারে, কিন্তু অন্ন-বস্ত্র-বাসস্থান-শিক্ষা-চিকিৎসার মত জনগণের মৌলিক চাহিদাতে বিনিয়োগকে লোকসানী প্রকল্প হিসেবে গণ্য করে। তাই, এই কাঠামোর ভেতর থেকে অসমতা, আবাসন সংকট, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তার সংকট এবং তরুণদের অনিশ্চিত ভবিষ্যৎ অনিবার্যভাবে জন্ম নেয়। গ্লোবাল সাউথ হোক কিংবা পশ্চিমা বিশ্ব, সব জায়গায় একই চিত্র দেখা যাওয়ার কারণ হলো এগুলো পুঁজিবাদের অন্তর্নিহিত ত্রুটি। সমস্যা যদি কেবল দুর্বল নেতৃত্ব হতো, তবে সরকার বদলেই সমাধান মিলত; কিন্তু যখন সমস্যা আদর্শের ভিতর, তখন কেবল সরকার পরিবর্তনে মানুষের অবস্থার পরিবর্তন হয় না। 

কাঠামোগত শোষণের সবচেয়ে বড় শিকার তরুণ সমাজ

নীতি-নির্ধারকরা তরুণদের স্বপ্ন দেখান যে মেগা-কর্পোরেশনগুলোকে ছাড় দিলে দেশে আধুনিক কাজের সুযোগ তৈরি হবে। কিন্তু বাস্তবে সেই প্রণোদনাগুলো ক্যাপিটাল-ইন্টেনসিভ অটোমেশন বা ফাটকা বাজারে বিনিয়োগ করা হয়, যার ফলে শিক্ষিত তরুণদের জন্য মানসম্মত ও টেকসই কর্মসংস্থান তৈরি হয় না। আজকের তরুণরা যে বাস্তবতার মুখোমুখি হচ্ছে তা হলো: নামমাত্র বেতনে গিগ-ইকোনমি বা চুক্তিভিত্তিক অনিরাপদ চাকরি, উচ্চ ডিগ্রি থাকার পরেও বাসস্থান কেনা বা আর্থিক নিরাপত্তা অর্জনে অন্তহীন সংগ্রাম, এবং রাষ্ট্রের রাজস্ব ঘাটতি মেটাতে সাধারণের উপর ভ্যাটের বোঝা চাপানো ও শিক্ষা-স্বাস্থ্য বাজেট সংকুচিত করা।

ফলস্বরূপ, আজ ইউরোপের তরুণরা এই ব্যর্থ ব্যবস্থার উত্তরাধিকার গ্রহণ করতে পরিষ্কার অস্বীকৃতি জানাচ্ছে এবং রাজপথে নেমে এসে পরিবর্তনের দাবি জানাচ্ছে।

এই পুঞ্জীভূত অন্ধকার ও জাহান্নাম হতে পশ্চিমা জনগণকে আসন্ন খিলাফত ছাড়া আর কেউ মুক্ত করতে পারবে না: 

পুঁজিবাদী ব্যবস্থায় যেখানে কেবল “GDP” এবং পুঁজিপতিদের স্বার্থরক্ষা করাই মূল লক্ষ্য, সেখানে ইসলাম জোর দেয় সম্পদের বণ্টন এবং প্রতিটি মানুষের মৌলিক চাহিদা পূরণের উপর। পুঁজিবাদ যেখানে মানুষের প্রয়োজনকে শুধুমাত্র বাজারের 'ডিমান্ড' বা ক্রেতা হিসেবে মূল্যায়ন করে অর্থাৎ যেখানে অর্থ থাকলেই কেবল চাহিদা গুরুত্ব পায়, নতুবা নয়, সেখানে ইসলামে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তাকে কোনো অনুগ্রহ বা সাধারণ কল্যাণমূলক কাজ হিসেবে দেখা হয় না; বরং এগুলোকে মানুষের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রত্যক্ষ দায়িত্ব। পুঁজিবাদী ব্যবস্থায় দরিদ্ররা উপেক্ষিত ও অদৃশ্য হলেও, ইসলামি কাঠামোতে তাদেরই রাখা হয়েছে সর্বাগ্রে।

প্রথমত (মালিকানার সুনির্দিষ্ট বিভাজন): ইসলামে মালিকানাকে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে—ব্যক্তিগত, রাষ্ট্রীয় এবং জনসাধারণের মালিকানা। খনিজ সম্পদ, জ্বালানি ও বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ খাতগুলো 'জনসাধারণের মালিকানা'র অন্তর্ভুক্ত, যা কোনো বেসরকারি মেগা-কনগ্লোমারেটের কাছে হস্তান্তর বা বেসরকারীকরণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই সম্পদগুলো সরাসরি রাষ্ট্রের মাধ্যমে পরিচালিত হয় এবং এর সুফল প্রতিটি নাগরিক সমানভাবে ভোগ করে।

দ্বিতীয়ত (সম্পদের পুঞ্জীভূতকরণ রোধ): ইসলামে অলস অর্থ জমিয়ে রাখা (কানয) এবং সুদি লেনদেন কঠোরভাবে নিষিদ্ধ। পুঁজি এক জায়গায় স্থবির না থেকে যখন সার্বক্ষণিক বাজার অর্থনীতিতে গতিশীল থাকে, তখন তা অতি-ধনীদের হাতে কুক্ষীগত হতে পারে না। ফলে তরুণ প্রজন্মের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রশস্ত পথ উন্মুক্ত হয়।

তৃতীয়ত (রাষ্ট্রীয় দায়িত্ব ও অধিকারের নিশ্চয়তা): সাধারণ মানুষের প্রয়োজন এবং যুবসমাজের মৌলিক অধিকার নিশ্চিত করা ইসলামি রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক বা ফরজ। 'উপরে সুবিধা দিলে নিচে চুইয়ে পড়বে' (Trickle-down economics)—এই ধারণার মূলে আঘাত করে ইসলামি রাষ্ট্র সরাসরি প্রতিটি নাগরিকের শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা বৃদ্ধি ও মৌলিক অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে। পুঁজিবাদ যেখানে এ বিষয়গুলোকে 'সাবসিডি' বা করুণা বলে মনে করে, ইসলাম সেগুলোকে নাগরিকের জন্মগত অধিকার হিসেবে দেখে। 

অর্থনৈতিক প্রবৃদ্ধি কখনোই উপর থেকে নিচে চুইয়ে পড়ে না; কারণ প্রকৃত অর্থনীতি পরিচালিত হয় জনগণের 'চাহিদা' দ্বারা, যা মূলত নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ক্রয়ক্ষমতার উপর নির্ভরশীল। ট্রিকল-ডাউন তত্ত্বকে প্রগতির বাহন হিসেবে প্রচার করা হলেও বাস্তবে এটি জনগণের সম্পদ লুণ্ঠন ব্যবস্থারই আধুনিক ও প্রাতিষ্ঠানিক রূপ। এর বিপরীতে, ইসলামি অর্থনৈতিক ব্যবস্থা যা শুধুমাত্র খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বাস্তবায়নযোগ্য, তা মেগা-পুঁজির একচেটিয়া সাম্রাজ্য ভেঙে প্রতিটি নাগরিকের সরাসরি অধিকার, যুবসমাজের কার্যকর বিকাশ এবং সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করবে।

খিলাফতের অধীনে ইসলামী সভ্যতার শত শত বছরের শাসন জুড়ে শান্তি ও ন্যায়বিচার প্রদানের একটি নথিভুক্ত রেকর্ড রয়েছে। এটি জীবনযাত্রার মান উন্নত করেছে, পরিবেশের যত্ন নিয়েছে, উন্নত বিজ্ঞান ও শিক্ষা দিয়েছে এবং নারীদের মর্যাদাকে সম্মান ও রক্ষা করেছে এবং তরুণদের জন্য উজ্জল ভবিষ্যত নিশ্চিত করেছে। এটি এমন একটি সমাজ তৈরি করেছিল যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী মহাদেশ জুড়ে সহাবস্থান করেছিল এবং বিকশিত হয়েছিল। এটা নস্টালজিয়া নয়। এটি একটি বিকল্প সভ্যতার শৃঙ্খলা যা মানবসৃষ্ট আইন এবং সাম্রাজ্যবাদী শক্তির পরিবর্তে ন্যায়বিচারের উপর নির্মিত ছিল।

আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন, “তুমি কি দেখনি তোমার প্রতিপালক আদ (জাতি)-এর প্রতি কী আচরণ করেছেন? ইরাম সম্প্রদায়ের প্রতি, যারা উঁচু উঁচু স্তম্ভের অধিকারী ছিল। যাদের সমান পৃথিবীতে আর কোন জাতিকে সৃষ্টি করা হয়নি? এবং (কী আচরণ করেছেন) ছামুদ (জাতি)-এর প্রতি, যারা উপত্যকায় বড়-বড় পাথর কেটে ফেলেছিল? এবং (কী আচরণ করেছেন) পেরেকওয়ালা ফিরাউনের প্রতি? যারা দেশে-দেশে অবাধ্যতা প্রদর্শন করেছিল। এবং তাতে ব্যাপক অশান্তি বিস্তার করেছিল। ফলে তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির কষাঘাত হানলেন। নিশ্চয়ই তোমার প্রতিপালক সকলের উপর সতর্ক দৃষ্টি রাখছেন” (সূরা আল-ফযর : ১৪)।

    -    তাকবীর হোসেন, শিক্ষক

Previous Post Next Post