বিশ্বব্যাপী তরুণ প্রজন্ম আজ এক নীরব মানসিক মহামারির মুখোমুখি। বাংলাদেশের ৩২% মেডিকেল শিক্ষার্থী (সরকারিতে ৩৬% ও বেসরকারিতে ২৯%) এবং ঢাকার ১,১৩৯ জন আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীর ৩৩%-ই ‘ইমপোস্টার সিনড্রোম’ বা নিজেকে ‘প্রতারক’ ভাবার মানসিক চাপে ভুগছেন। নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীদের মধ্যে এই হার আরও ভয়াবহ, যা ৪২.৯%। পশ্চিমা সমাজের চিত্রও করুণ। যুক্তরাষ্ট্রে ৭০% মানুষ জীবনে কোনো এক পর্যায়ে এই অনুভূতিতে ভোগেন, যুক্তরাজ্যে ৭৭% প্রাপ্তবয়স্ক এর শিকার এবং ১৮-২৪ বছর বয়সীদের ঝুঁকি ১৯% বেশি। ফ্রান্সে জেনারেশন জি-এর মধ্যে এই হার ৭১%, আর বৈশ্বিকভাবে মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে এই হার ৫৪.২%।
ইমপোস্টার সিনড্রোম (Impostor Syndrome) কি?
এটি হলো একটি মনস্তাত্ত্বিক অবস্থা বা মানসিক অনুভূতি, যেখানে একজন ব্যক্তি তার নিজের যোগ্যতা, সাফল্য বা অর্জনকে সন্দেহের চোখে দেখে এবং নিজেকে একজন প্রতারক বা ভণ্ড মনে করে। পর্যাপ্ত বাহ্যিক প্রমাণ এবং সাফল্য থাকা সত্ত্বেও এই সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিরা বিশ্বাস করতে পারেন না যে তারা তাদের অর্জনের যোগ্য। তারা মনে করেন যে তারা হয়তো কাউকে ধোঁকা দিয়ে এই অবস্থানে এসেছেন অথবা নিছকই ভাগ্যের জোরে সফল হয়েছেন।
নিখুঁতবাদিতা (Perfectionism) আসলে একটি মিথ
মানুষ জন্মগতভাবেই সীমিত ও ত্রুটিপূর্ণ। কিন্তু মানবরচিত পুঁজিবাদী মতবাদ মানুষের এই সীমাবদ্ধতাকে স্বাভাবিকভাবে মেনে না নিয়ে পারফেকশনিজমের একটি কৃত্রিম মিথ তৈরি করেছে। পুঁজিবাদের ভিত্তি হলো অনন্ত ভোগ ও অবিরাম প্রবৃদ্ধি, তাই এটি মতাদর্শ হিসেবে টিকে থাকার জন্যই ইমপোস্টার সিনড্রোমকে কৃত্রিমভাবে উস্কে দেয় ও গভীরতর করে। কারণ মানুষ যদি কখনো মনে করে সে ‘যথেষ্ট’ বা ‘পূর্ণ’, তবে সে আর নতুন পণ্য কিনবে না বা সিস্টেমের ইঁদুরদৌড়ে অংশ নেবে না। তাই, মানুষকে মানসিক শূন্যতায় বেঁধে রাখতে পুঁজিবাদী মিডিয়া, সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম এবং সারভেইল্যান্স ক্যাপিটালিজমের মাধ্যমে তরুণদের মনে এই বিশ্বাস বপন করা হয় যে, তাদের ত্বক, চুল, আত্মবিশ্বাস বা লাইফস্টাইল কখনোই নিখুঁত নয়। এই সিস্টেমিক চাপ পপ কালচার ও সেলিব্রিটি সংস্কৃতিতে সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়। হলিউড তারকা মার্গট রবি ‘বার্বি’ সিনেমার শুটিংয়ের আগে ভয়াবহ ইমপোস্টার সিনড্রোমে ভুগেছেন বলে স্বীকার করেছেন। জ্যাকব এলোর্ডিও বড় প্রোডাকশনে নিজেকে ‘প্রতারক’ মনে হওয়ার কথা বলেছেন। কোরিয়ান পপ কালচার (কে-পপ)-এর কৃত্রিম ‘পারফেক্ট’ দুনিয়া জেন-জি’র মধ্যে ডিজিটাল আসক্তি, বডি ডিসমরফিয়া ও ডিপ্রেশন বাড়াচ্ছে। ‘হাসল কালচার’-এর চাপে তরুণরা পুড়ছে, আর অনিরাপত্তা মোকাবিলায় ‘Anti-Girlboss Era’ বা ‘Quiet Ambition’-এর মতো ট্রেন্ড তৈরি হলেও পুঁজিবাদী ব্যবস্থায় বিকল্প না থাকায় তারা আবারও নতুন ধরনের ‘side hustle’-এর ফাঁদে পড়ছে। এছাড়া পুঁজিবাদি সোশ্যাল মিডিয়ার ‘Smart-shaming’ (মেধাবী মানুষকে হেয় করা) এবং ‘lied on my resume’ (সিভিতে মিথ্যা লেখা) মিমের মতো ট্রেন্ড এই সংকটকে আরও গভীর করছে।
আমরা কেন অন্যের অনুমোদন (Validation) খুঁজি?
কারণ আমরা কেউই Perfect না, বরং আমরা সীমিত এবং আমরা নিশ্চিত হতে চাই যে আমাদের অস্তিত্ব ও কাজের সত্যতা আছে। কিন্তু স্ববিরোধী (Contradictory) পশ্চিমা ধর্মনিরপেক্ষ ব্যবস্থা আমাদের দুই মুখো নীতিতে বেধে ফেলে। একদিকে তারা বলে “তোমার নিজের সত্যকে অনুসরণ করো”, অন্যদিকে হাইপার-ক্যাপিটালিজম শেখায় যে মানুষের মূল্য নির্ধারিত হয় তার লাইক, ফলোয়ার ও স্ট্যাটাস দিয়ে।
যখন ধর্মনিরপেক্ষ পুঁজিবাদি ব্যবস্থা সৃষ্টিকর্তাকে জীবনের মূলধারা থেকে সরিয়ে দেয়, তখন পরম সত্যের সেই শূন্যস্থান পূর্ণ করে পুঁজিবাদী সমাজের প্রচলিত বয়ানগুলো (narratives)। তার মানে এখানে মানুষ হয়ে মানুষের দাসত্ব মেনে নিতে হয়। পশ্চিমা যুক্তিবাদ ও বিজ্ঞান কেবল বস্তুজগতের “কীভাবে” (How) ব্যাখ্যা করতে পারে, কিন্তু জীবনের উদ্দেশ্য বা “কেন” (Why) ব্যাখ্যা করতে পারে না। এই অস্তিত্ববাদী শূন্যতা (Existential Void) থেকেই ইমপোস্টার সিনড্রোমের জন্ম।
এই সংকটের সমাধান ব্যক্তিগত থেরাপিতে নয়, বরং কাঠামোগত পরিবর্তনে নিহিত
সমাধান এমন এক সত্ত্বার কাছ থেকে আসতে হবে যিনি “আস-সামাদ” স্বয়ংসম্পূর্ণ, যিনি অমুখাপেক্ষী সত্তা, যার কোনো প্রয়োজন বা অসম্পূর্ণতা নেই, অথচ সমস্ত সীমিত সৃষ্টি তাঁর মুখাপেক্ষী। সৃষ্টির কেউই পূর্ণাঙ্গ ‘সামাদ’ হতে পারে না। তাই, ইমপোস্টার সিনড্রোমের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিষেধক হলো এই উপলব্ধি করা যে, আমাদের অসম্পূর্ণতা কোন দোষ নয় বরং এটি সৃষ্টির স্বভাব এবং পূর্ণতা কেবল একজনেরই যিনি হলেন আল্লাহ্ (ﷻ)। প্রকৃত প্রতারক সে নয় যে নিজের সীমাবদ্ধতা স্বীকার করে, বরং প্রকৃত প্রতারক সে যে নিজেকে সর্বজ্ঞ ও নিখুঁত দেখানোর ভান করে। বস্তুত এই মহাবিশ্বের সৃষ্টিতে নিদর্শন রয়েছে তাদের জন্য যারা গভীরভাবে চিন্তা করে অর্থাৎ যারা “উলুল আলবাব”। এই চিন্তার মধ্য দিয়ে মানুষ বুঝতে পারে, এই বিশাল সৃষ্টিজগতে সে তার নিজের অস্তিত্ব বা যোগ্যতার একক মালিক নয়। ‘Self-made’ বলে কিছু নেই; তাই প্রশ্ন হওয়া উচিত “আমার যোগ্যতা কোথা থেকে এসেছে?”
ইতিহাস সাক্ষ্য দেয়, ইসলামের আক্বীদার ভিত্তিতে যখন মানবসমাজ গড়ে উঠেছে, তখন মানবসভ্যতা জ্ঞান ও ন্যায়বিচারে অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছিল। পশ্চিমা ইতিহাসবিদ ও চিন্তাবিদরা এই সত্য স্বীকার করেছেন। প্রখ্যাত ইতিহাসবিদ রবার্ট ব্রিফল্ট বলেছেন, “আরবদের ছাড়া ইউরোপীয় সভ্যতা কখনোই সেই বৈশিষ্ট্য অর্জন করতে পারত না... প্রকৃত রেনেসাঁ ঘটেছিল আরব ও মুরিশ সংস্কৃতির পুনরুজ্জীবনের অধীনে।” ফিলিপ কে. হিত্তি স্বীকার করেছেন, “আরবভাষী জনগণ ছিল সমগ্র বিশ্বে সংস্কৃতি ও সভ্যতার মশালের প্রধান বাহক, যা পশ্চিম ইউরোপের রেনেসাঁকে সম্ভব করেছিল।” বার্ট্রান্ড রাসেল বলেছেন, “বিজ্ঞান, দর্শন, কবিতা ও শিল্প—সবই মুসলিম বিশ্বে বিকশিত হচ্ছিল এমন এক সময়ে যখন ইউরোপ অন্ধকারে নিমজ্জিত ছিল।” জর্জ সার্টন-এর ভাষায়, “মানব চিন্তার সবচেয়ে বড় কাজগুলো মুসলিমরা সম্পন্ন করেছেন।” গুস্তাভ ল্যুবন বলেছেন, “ইউরোপ তার সভ্যতার জন্য আরবদের কাছে ঋণী।” আর এইচ.জি. ওয়েলস বলেছেন, “ইসলামি শিক্ষা এমন এক সমাজ গড়েছে যেখানে নিপীড়ন ও অন্যায় পূর্ববর্তী সব সমাজের তুলনায় ন্যূনতম ছিল”।
তবে এই ইসলামের সভ্যতা কেবল স্মৃতিতে বেঁচে থাকার জন্য নয় তাকে পুনরুজ্জীবিত করতে হবে। ব্যক্তিগত ইখলাস ও আক্বীদার পাশাপাশি কাঠামোগত শোষণ থেকে মুক্তি পেতে প্রয়োজন ইসলামি ব্যবস্থার বাস্তবায়ন। ইসলামি অর্থনীতিতে সুদ নিষিদ্ধ, সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা হয়। ইসলামি অর্থনীতির মূল ভিত্তি জাতীয় আয় (জিডিপি) বৃদ্ধি নয়, বরং সম্পদের সুষম বণ্টন। খিলাফত রাষ্ট্রে স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হত এবং মানসিক স্বাস্থ্য চিকিৎসা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হত।
ইমপোস্টার সিনড্রোম বা পারফেকশনিজমের মানসিক চাপ কোনো ব্যক্তিগত রোগ নয়; এটি একটি অসুস্থ পুঁজিবাদী সিস্টেমের উপসর্গ। পুঁজিবাদ তার নিজের অস্তিত্ব রক্ষার জন্য মানুষের মনে এই “যথেষ্ট নই” বা “প্রতারক” ভাবকে কৃত্রিমভাবে উস্কে দেয়, যাতে মানুষ ভোক্তা ও শ্রমিক হিসেবে সচল থাকে। সোশ্যাল মিডিয়ার ভুয়া গ্ল্যামার, কে-পপ বা হলিউড তারকাদের কৃত্রিম নিখুঁততা এবং হাসল ‘কালচার’-এর চাপ আমাদের বিভ্রান্ত করে। ভ্যালিডেশন বা অনুমোদন খোঁজা আমাদের প্রয়োজন, কিন্তু যখন আমরা এই অনুমোদন একটি পরিবর্তনশীল সমাজ, পুঁজিবাদী মেট্রিক বা সোশ্যাল মিডিয়ার লাইকে খুঁজি, তখন তা আমাদের জন্য একটি খাঁচায় পরিণত হয়। আর যখন আমরা এই validation খুঁজি আল্লাহ্’র কাছে, তখন তা হয়ে ওঠে মুক্তি। তরুণ প্রজন্মকে বুঝতে হবে যে তারা কোনো নম্বর নয়, কোনো সিজিপিএ নয়, কোনো লাইক নয়; তারা আল্লাহ্’র সৃষ্টি। যে জানে তার অস্তিত্বের উৎস কোথায়, সে আর নিজেকে “প্রতারক” ভাবে না। তবে এই ব্যক্তিগত মুক্তির পূর্ণতা পায় তখনই, যখন তা আল্লাহ্ (ﷻ) কর্তৃক Validation পাওয়া জীবন ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়, যা নবুয়তের আদলে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে পুনরায় বাস্তবায়িত হবে।
- তাক্ববীর হোসেন, শিক্ষক
