কিন্তু প্রশ্ন হলো, কেন আজ এমন বিকৃত আচরণ আমরা প্রত্যক্ষ করছি? আজকের এই আলোচনায় আমরা খুব সহজ ভাষায়, একটু ভিন্ন আঙ্গিকে পুরো বিষয়টি খতিয়ে দেখব।
১. ঘটনার গভীরে: ব্যক্তি নাকি মূল কারণ অন্যকিছু?
যখনই এমন কোনো মর্মান্তিক ঘটনা ঘটে, তখন আমাদের প্রতিক্রিয়া সাধারণত হয়: আমরা অপরাধী ব্যক্তির বিরুদ্ধে সোচ্চার হই। তার শাস্তির দাবী জানাই। আমরা প্ল্যাকার্ড হাতে রাস্তায় দাঁড়াই, বিক্ষোভ করি, বিভিন্ন দফা-দাবি জানাই। কিন্তু, আমরা মূল কারণকে এড়িয়ে যাই। আসল জায়গায় আঘাত করতে আমরা প্রায়ই ভুলে যাই। রোগ হলে যেমন শুধু মলম লাগালে কাজ হয় না, ভেতরের ইনফেকশন বা জীবাণু দূর করতে হয়, তেমনি সমাজের ভেতরের এই ‘মূল কারণ’ বা Root Cause-কে যদি আমরা চিহ্নিত না করি, তবে আজ একজন শাস্তি পেল তো কাল আরেকজন ঠিকই জন্ম নেবে।
তাহলে এই অপরাধগুলোর মূল কারণ কী? যদিও বর্তমান কালের সমাজবিজ্ঞানী ও চিন্তাবিদদের মতে, এর পেছনে রয়েছে নৈতিক শিক্ষার অভাব, বিচারহীনতার সংস্কৃতি কিন্তু তারা যে মূল বিষয়টি ভুলে যায়, তা হলো—অবাধ তথ্যপ্রযুক্তির যুগে পর্নোগ্রাফি ও ভোগবাদী সংস্কৃতির আগ্রাসন।
২. সেক্যুলার ফ্রিডম বনাম নৈতিকতার সংকট: আসল গলদ কোথায়?
বর্তমান সেক্যুলার সমাজব্যবস্থায় “ব্যক্তিগত স্বাধীনতা” (Individual Freedom)-কে অন্যতম গুরুত্বপূর্ণ মূল্যবোধ হিসেবে গণ্য করা ও প্রচার করা হয়। এই দর্শনের মূল কথা হলো—প্রাপ্তবয়স্ক মানুষ নিজের পছন্দমতো যা খুশি করতে পারে, রাষ্ট্র বা সমাজ সেখানে নাক গলাবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে: যে স্বাধীনতা মানুষের ভেতরের পশুকে জাগিয়ে তোলে, যে স্বাধীনতা পর্নোগ্রাফির মতো ধ্বংসাত্মক বিষয়, জুয়া বা মাদককে বৈধতা দেয়, সেই স্বাধীনতা কি আদতে কোনো কল্যাণ বয়ে আনে? সেক্যুলার বুদ্ধিজীবীরা যখন অপরাধ ঘটার পর কেবল “আইনের শাসন” বা “প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা”র কথা বলেন, তখন তারা মূল সমস্যাটিকে এড়িয়ে যান। একদিকে পর্নোগ্রাফি বা অশ্লীলতাকে অবাধে ওপেন রেখে, অন্যদিকে সমাজে নারীদের নিরাপত্তা আশা করা অনেকটা প্রদীপের নিচে অন্ধকার রাখার মতোই। গোড়ায় গলদ রেখে শুধু ওপরের স্তরে আইনি প্রলেপ লাগিয়ে সমাজকে বাঁচানো সম্ভব নয়।
৩. পর্নোগ্রাফি ও পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন: তরুণদের মনে এর প্রভাব
আজকের তরুণরা জন্মগতভাবে ডিজিটাল নেটিভ। হাতের মুঠোয় থাকা স্মার্টফোন তাদের জন্য যেমন জ্ঞানের দরজা খুলে দিয়েছে, তেমনি পর্নোগ্রাফি সিন্ডিকেট ও পশ্চিমা ভোগবাদী সংস্কৃতির অবাধ প্রভাবে তাদের মনস্তত্ত্ব মারাত্মকভাবে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে।
পর্নোগ্রাফি মানুষকে শেখায় যে, নারী কোনো সম্মানীয় মানুষ নয়, বরং সে কেবল একটি “ভোগের বস্তু”। এই বিষাক্ত ধারণা যখন কোনো কিশোর বা তরুণের মাথায় গেঁথে যায়, তখন সে সহপাঠীকে বোনের দৃষ্টিতে দেখতে ভুলে যায়। সে ভুলে যায় পারস্পরিক শ্রদ্ধা ও শালীনতার কথা। এআই (AI) প্রযুক্তির অপব্যবহার করে ছবি বিকৃতি বা ব্ল্যাকমেইলিংয়ের মতো জঘন্য অপরাধগুলো মূলত এই বিকৃত মানসিকতারই ফল।
যেহেতু এই পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলো পশ্চিমা বিশ্বের বহুজাতিক টেক জায়ান্টদের নিয়ন্ত্রণে পরিচালিত হয়, তাই একক কোনো দেশের পক্ষে চাইলেই রাতারাতি এর গলা টিপে ধরা সহজ নয়। কিন্তু তাই বলে কি হাত গুটিয়ে বসে থাকতে হবে? অবশ্যই না!
৪. ইসলাম কী বলে এবং এর স্থায়ী সমাধান কী?
ইসলাম কেবল আইন দিয়ে অপরাধ দমনের ওপর নির্ভর করে না, বরং এটি মানুষের মনস্তত্ত্ব ও সমাজ কাঠামোকে এমনভাবে সাজায়, যেখানে অপরাধ করার সুযোগই থাকে না।
দৃষ্টির হেফাজত ও তাকওয়া (আল্লাহ্ভীতি): ইসলাম মানুষকে শেখায় যে, মানুষ একা থাকলেও, ঘরের দরজা বন্ধ করে স্ক্রিনের সামনে থাকলেও আল্লাহ্ (ﷻ) তাকে দেখছেন। অন্তরে এই খোদাভীতি বা তাকওয়া থাকলে কেউ আর গোপনেও এমন নোংরা কাজ করার সাহস পায় না। ইসলামে পর্নোগ্রাফি বা অশ্লীলতা তৈরি ও প্রচার করা সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়েছে।
নারীর প্রকৃত মর্যাদা: ইসলামে নারীকে বিজ্ঞাপনের পণ্য বা ভোগের বস্তু হিসেবে দেখার কোনো সুযোগ নেই। ইসলাম নারীকে মা, বোন, স্ত্রী ও কন্যার মর্যাদায় সর্বোচ্চ আসনে বসিয়েছে। মুহাম্মদ বিন কাসিম বা ইসলামের বীরেরা নারীদের ইজ্জত রক্ষায় জীবন বাজি রেখেছিলেন—এটাই হলো প্রকৃত মুসলিম যুবকের আদর্শ।
কঠোর বিচারব্যবস্থা: ইসলামে সাইবার বুলিং, সম্মানহানি বা ইভটিজিংয়ের মতো অপরাধের জন্য দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির (তাজির) বিধান রয়েছে, যা সমাজে অপরাধের মূল শেকড় কেটে দেয়।
৫. ইসলামী সমাধান বাস্তবায়নের একমাত্র পথ খিলাফত রাষ্ট্র, যা সমাজকে নিরাপদ করবে
যদি একটি পূর্ণাঙ্গ ইসলামী খিলাফত ব্যবস্থা থাকত, তবে তা এই ডিজিটাল আগ্রাসন ও নৈতিক অবক্ষয় কীভাবে রুখে দিত:
১. ডিজিটাল সার্বভৌমত্ব ও কঠোর ফায়ারওয়াল: রাষ্ট্র তখন বিদেশি টেক জায়ান্ট বা পর্ন সাইটগুলোর দাদাগিরি মানত না। শক্তিশালী রাষ্ট্রীয় গেটওয়ে ও এআই ফিল্টারিংয়ের মাধ্যমে সমস্ত অশ্লীল সাইট ও কনটেন্ট চিরতরে ব্লক করে দেয়া হতো। চীন বা অন্যান্য দেশ যেভাবে নিজেদের সাইবার স্পেস নিয়ন্ত্রণ করে, খিলাফত ব্যবস্থায় তার চেয়েও কঠোরভাবে নৈতিকতার পাহারাদার হিসেবে রাষ্ট্র কাজ করত।
২. অর্থনৈতিক ও বাণিজ্যিক চাপ: বহুজাতিক কোম্পানিগুলোকে স্পষ্ট বার্তা দেয়া হতো যে, এই দেশের মাটিতে তরুণদের নৈতিকতা ধ্বংস করার কোনো লাইসেন্স দেয়া হবে না। আইন অমান্য করলে কঠোর বাণিজ্যিক বয়কট ও নিষেধাজ্ঞা আরোপ করা হতো।
৩. হিসবা বা নৈতিকতা বিভাগ: সমাজে সদাচার বজায় রাখতে এবং অশ্লীলতার উৎসগুলো অঙ্কুরে বিনাশ করতে প্রাতিষ্ঠানিক মনিটরিং বা ‘হিসবা’ ব্যবস্থা সক্রিয় থাকত।
উপসংহার: আমাদের করণীয় কী?
আমাদের বুঝতে হবে, প্রযুক্তি আমাদের শক্তি, দুর্বলতা নয়। বরং “যা খুশি তাই করার স্বাধীনতা”র নামে যে ধ্বংসাত্মক পশ্চিমা চিন্তার প্রবেশ ঘটছে সেটাকে আমাদের বর্জন করতে হবে।
উদয়নের ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, আমাদের সমাজকে বাঁচাতে হলে শুধু আন্দোলন বা প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। আমাদের পর্নোগ্রাফি ও অশ্লীলতার বিরুদ্ধে সামাজিকভাবে সোচ্চার হতে হবে, নিজেদের নৈতিক চরিত্র গঠন করতে হবে এবং প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহার করার মানসিকতা তৈরি করতে হবে। সেই সাথে ইসলামকে পরিপূর্ণ জীবনব্যবস্থা হিসেবে রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে।
- ইঞ্জিনিয়ার মো: জহিরুল ইসলাম
