হ্যালোইন: নিছক উৎসবের আড়ালে মুসলিম উম্মাহ্‌’র বিরুদ্ধে চক্রান্ত

সম্প্রতি সৌদি আরব কিংবা ইরানের মত মুসলিমদের আবেগের স্থানে থাকা ভূখণ্ডে হ্যালোইন উৎসব উদ্‌যাপনের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে দেখা যায়। তাছাড়া, বাংলাদেশের কতিপয় রেস্তোরায় শয়তানের মুখোশ ও ভৌতিক সাজসজ্জায় এই উৎসব উদ্‌যাপনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। এসব দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে—হ্যালোইন আসলে কী? এটি কি নিছক একটি উৎসব, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো বিশ্বাস ও আদর্শিক প্রেক্ষাপট?

হ্যালোইন: শুধু একটি উৎসব নয়, এর পেছনে রয়েছে একটি বিশ্বাস:

হ্যালোইনের সূচনা প্রাচীন সেল্টিক পৌত্তলিক অনুষ্ঠান (সামহাইন) থেকে, আত্মা ও মৃতদের ঘিরে প্রচলিত কিছু লোকবিশ্বাস, যা পরবর্তীতে খ্রিস্টান রীতিনীতির সাথে যুক্ত হয়েছিল। বর্তমান সময়ে এটিকে নিছক আনন্দ-বিনোদনের উপলক্ষ হিসেবে উপস্থাপন করা হলেও, মুসলিম হিসেবে এর ঐতিহাসিক শিকড় ও সাংস্কৃতিক উৎসকে আমাদের উপেক্ষা করার কোনো সুযোগ নেই।

ইসলামি দৃষ্টিকোণ থেকে, যেকোনো বিশ্বাস যদি আল্লাহ্‌’র একত্ববাদ ও ইসলামের মৌলিক আকিদার পরিপন্থী হয়, তবে তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করতে হবে। শিরক কিংবা কুফরের সঙ্গে সম্পর্কিত কোনো বিশ্বাস গ্রহণ করা মুসলিমদের জন্য গ্রহণযোগ্য হতে পারে না। রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেছেন, “যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত” (সুনানে আবু দাউদ) 

তাই, স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে, যে উৎসবের পেছনে এমন কুফর বিশ্বাস ও সাংস্কৃতিক উপাদান রয়েছে, সেটিকে মুসলিম সমাজে কেন নিছক আনন্দ-উৎসব হিসেবে স্বাভাবিক ও গ্রহণযোগ্য করে তোলা হচ্ছে? মুলত: এর পেছনে দুটি উদ্দেশ্য দৃশ্যমান, প্রথমত: ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়গুলোর ব্যাপারে মুসলিমদের সংবেদনশীলতাকে নষ্ট (Desensitized) করা, দ্বিতীয়ত: বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ্‌’র মধ্যে যে পুনর্জাগরণ দৃশ্যমান, সেটাকে মিথ্যা প্রমাণ করতে সমাজের কোন এক অংশের চর্চিত এধরণের উৎসবকে ঢালাওকে প্রচার করা।

প্রথমত, মুসলিমদের সংবেদনশীলতাকে নষ্টের (Desensitized) চক্রান্ত:  

আজকের মুসলিম সমাজের তরুণ-তরুণীর কাছে হ্যালোইন উদ্‌যাপনকে নিছক ‘আননন্দদায়ক’ এবং ‘ক্ষতিকর নয়’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তাদেরকে যুক্তি দেয়া হচ্ছে, ‘উৎসব তো উৎসবই। আনন্দ করতে সমস্যা কোথায়?’ এই ধারণার ওপর ভিত্তি করেই দুর্গাপূজার সিঁদুর খেলা, বর্ষবরণ, হ্যালোইনসহ বিভিন্ন ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্য থেকে উদ্ভূত আয়োজনকে সর্বজনীন উৎসব হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।

পাঠ্যবই, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, নাটক, তারকাদের উদ্‌যাপনসহ বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক আয়োজনে যেন একটি নির্দিষ্ট বার্তা প্রতিষ্ঠার চেষ্টা চলছে—ধর্মীয় বিশ্বাস যা-ই হোক না কেন, উৎসব উদ্‌যাপনে কোনো বাধা থাকা উচিত নয়। এভাবে ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত আচার-অনুষ্ঠানকে ধীরে ধীরে ধর্মীয় পরিচয়ের গণ্ডি থেকে সরিয়ে নিছক সামাজিক ও সাংস্কৃতিক বিনোদনের উপলক্ষ হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যাতে সবাই অংশগ্রহণে উদ্বুদ্ধ হয়। মূলতঃ এর মাধ্যমে আমাদের মুসলিম সমাজকে বিশ্বাস বা ধর্মীয় স্বাধীনতার নামে পশ্চিমা উদারনৈতিক মূল্যবোধে আমাদেরকে অভ্যস্ত করা হচ্ছে।

কিন্তু প্রশ্ন হলো, কোনো উৎসবকে ‘সর্বজনীন’ আখ্যা দিলেই কি তার ধর্মীয় উৎস, বিশ্বাস ও তাৎপর্য পরিবর্তিত হয়ে যায়? অন্য কোনো ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য কিংবা আচার-অনুষ্ঠান থেকে উদ্ভূত উৎসবকে সামাজিক বা সাংস্কৃতিক উৎসব হিসেবে উপস্থাপন করলেই তা ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য হয়ে যায় না। একজন মুসলিমের কাছে কোনো উৎসব গ্রহণের মাপকাঠি সামাজিক জনপ্রিয়তা, প্রচলন কিংবা সর্বজনীনতার দাবি নয়; বরং ইসলামের আকিদা ও শারী’আহ্‌ নির্দেশনা।

ইসলামী দৃষ্টিকোন অনুযায়ী, কোন সভ্যতা (হাদারাহ্‌) হতে আগত জীবন সম্পর্কিত বিশ্বাসসমূহের সমষ্টি (ধর্ম, জীবনাদর্শ, মূল্যবোধ, উৎসব) এবং প্রযুক্তিগত উৎকর্ষ-মাদানিয়াহ্‌’র মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। জীবনযাপনের জন্য প্রয়োজনীয় বস্তুগত উৎকর্ষ তথা প্রযুক্তি, বিজ্ঞানের বিষয়গুলো মাদানিয়াহ্‌’র অংশ, যা সার্বজনীন। হ্যালোইন সম্পূর্ণভাবে পশ্চিমা ‘হাদারাহ’র অন্তর্ভুক্ত; ফলে এই উৎসব উদযাপন করা, কস্টিউম বা নির্দিষ্ট পোশাক পরা, কিংবা ট্রিক-অর-ট্রিটিং এ অংশগ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ।

দ্বিতীয়ত: মুসলিম উম্মাহ্‌’র মধ্যে পুনর্জাগরণের আকাঙ্ক্ষাকে মিথ্যা প্রমাণের অপচেষ্টা: 

এ ধরনের ছবি ও ভিডিও প্রচারের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, মুসলিমরা ইসলামি জীবনব্যবস্থা চায় না; বরং তারা সেক্যুলার ব্যবস্থা ও সংস্কৃতিকেই ধারণ করতে চায়। অথচ এ ধরনের ধারণা সম্পূর্ণভাবে বাস্তবতার পরিপন্থী। কিছু মুসলিমের বিচ্যুত আচরণ কিংবা সমাজের বিচ্ছিন্ন কোন অংশের চর্চাকে সমগ্র মুসলিম উম্মাহ্‌’র আকাঙ্ক্ষা, বিশ্বাস ও জীবনদর্শনের প্রতিচ্ছবি হিসেবে উপস্থাপন করা কোনোভাবেই যুক্তিযুুক্ত ও ন্যায়সংগত নয়।

মুসলিম উম্মাহ্‌’র গল্প শুধু অধঃপতনের নয়। মুসলিম সমাজে সাংস্কৃতিক অনুকরণ, ভোগবাদ এবং ধর্মীয় মূল্যবোধ থেকে বিচ্যুতির মতো সমস্যা থাকতে পারে। কিন্তু একই সঙ্গে বিশ্বজুড়ে অসংখ্য মুসলিম তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে ইসলামের নির্দেশনা অনুযায়ী গড়ে তুলতে চান। প্রথম আলো জনমত জরিপে উঠে এসেছে, প্রায় ৬৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, ইসলামি আইন প্রবর্তন করলে এর ফল ভালো হবে। ২০১৩ সালের আন্তর্জাতিক পিউ রিসার্চ সেন্টারের (Pew Research Center) একটি জরিপ অনুযায়ী বাংলাদেশে ৮৪% মুসলিম শারী’আহ্‌ আইনকে দেশের আইন হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে।

ফিলিস্তিনের মুসলিমদের ঈমান, আত্মমর্যাদা ও অধিকার রক্ষার সংগ্রাম এবং তাদের প্রতি বিশ্বব্যাপী মুসলিমদের তরুণদের অকুণ্ঠ সমর্থন, কাশ্মীরের মুসলিমদের বাস্তবতা, ভারতের মুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার প্রচেষ্টা এবং বাংলাদেশের স্বনামধন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্তৃক কালেমা পতাকা হাতে নিয়ে ইসলামের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ—এসব বাস্তবতাকে উপেক্ষা করার কোন সুযোগ নেই। উম্মাহ্‌’র মূল্যায়ন করতে হলে তার দুর্বলতা ও সংকটের পাশাপাশি তার ঈমানি জাগরণ, জুলুমের বিরুদ্ধে অবস্থান, অধিকার আদায়ের সংগ্রাম এবং ইসলামি মূল্যবোধের আলোকে জীবন গড়ে তোলার প্রচেষ্টাকেও বিবেচনা করতে হবে।

আমাদের দায়িত্ব কি?

মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে, সমাজকে ইসলামের অনুগামী করা, ইসলামকে সমাজের অনুগামী করা নয়। আমাদেরকে আধুনিকতা কিংবা অগ্রগতিকে পশ্চিমা মাপকাঠিতে না মেপে, অবশ্যই ইসলামের আলোকে মাপতে হবে, যেমনটি উমর ইবনুল খাত্তাব (রা.) বলেছিলেন: “আমরা তো এক লাঞ্ছিত জাতি ছিলাম, অতঃপর আল্লাহ্‌ আমাদের ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। তাই, আল্লাহ্‌ আমাদের যে বিষয় দিয়ে সম্মানিত করেছেন, তা ছাড়া অন্য কিছুর মধ্যে যদি আমরা সম্মান খুঁজি, তবে আল্লাহ্‌ আমাদের পুনরায় লাঞ্ছিত করবেন।” 

আমাদেরকে হ্যালোইনসহ সকল পশ্চিমা উৎসবের ইতিহাস, এর পেছনের বিশ্বাস এবং সাংস্কৃতিক তাৎপর্য সম্পর্কে সমাজকে সচেতন এবং এগুলোর কড়া সমালোচনা করতে হবে। মানুষের চিন্তা ও আচরণ শুধু ব্যক্তিগত বিশ্বাস দ্বারা গঠিত হয় না; রাষ্ট্রীয় নীতি, শিক্ষাব্যবস্থা এবং সাংস্কৃতিক পরিবেশ দ্বারা গঠিত। তাই, কেবল ব্যক্তিগত পর্যায়ে সংশোধনের আহ্বান জানিয়ে বৃহত্তর সংকটের সমাধান সম্ভব নয়। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে ইসলামি জীবনব্যবস্থার বাস্তব প্রতিফলন ঘটানোর প্রচেষ্টায় অংশগ্রহণ থাকতে হবে। আর সেই পূর্ণাঙ্গ ইসলামি জীবনব্যবস্থার বাস্তব প্রতিফলন ঘটানোর চূড়ান্ত ও একমাত্র পথ হচ্ছে, নবুয়তের আদলে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যা একমাত্র পারে আমাদেরকে পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসনের কবল হতে রক্ষা করতে। 

ষোড়শ শতাব্দীতে ফ্রান্সের রাজদরবারে এক প্রকার মিশ্র ও ঘনিষ্ঠ নাচের প্রচলন শুরু হয়। সুলতান সুলাইমান জানতে পারেন যে, এই নাচ নিকটবর্তী মুসলিম অঞ্চলের সংস্কৃতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তখন তিনি ফ্রান্সের তৎকালীন রাজা ১ম ফ্রান্সিসকে একটি কড়া হুঁশিয়ারি দিয়ে চিঠি পাঠান। চিঠিতে তিনি সতর্ক করেন যে, যদি এই নাচ বন্ধ না করা হয়, তবে তিনি উসমানী সেনাবাহিনী পাঠিয়ে তা দমন করবেন। ফলাফল হিসেবে, উসমানী খিলাফতের ভয়ে ফরাসি রাজা তখন সেই নাচ বন্ধ করতে বাধ্য হন। বলা হয়ে থাকে, এই চিঠির প্রভাবে ফ্রান্সে প্রায় ১০০ বছর ওই নাচের চর্চা বন্ধ ছিল।

    -    সালমা আক্তার

Previous Post Next Post