এআই, বেকারত্ব এবং প্রকৃত সমাধান

৫ নভেম্বর ২০২৬, কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যেন দেশে বেকারত্ব আরও বাড়িয়ে না তোলে, প্রযুক্তি মানুষের কল্যাণের জন্য, মানুষ প্রযুক্তির জন্য নয়”। একই সঙ্গে তিনি তরুণদের এআই-এ দক্ষ করে তোলা, মানবকেন্দ্রিক ‘জাতীয় এআই নীতিমালা’ প্রণয়ন এবং ২০৪১ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জনের আশাবাদ ব্যক্ত করেন। কথাগুলো শুনতে যুক্তিসঙ্গত মনে হলেও এগুলো মূল সংকটকে এড়িয়ে যায়। কারণ, এআই কোনো নিরপেক্ষ প্রযুক্তি নয়, বরং যে ব্যবস্থায় এটি ব্যবহার হবে, সেই ব্যবস্থার চালিকাশক্তিই ঠিক করে দেবে এটি মানুষের কল্যাণে কাজ করবে, না মুনাফা ও শ্রমিক ছাঁটাইয়ের হাতিয়ার হবে। 

বাংলাদেশের বাস্তবতাই এই আশঙ্কাকে প্রমাণ করে, আইএমএফ-এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দেশে উচ্চশিক্ষিত তরুণদের প্রায় ২৯% বেকার এবং প্রায় ৫০% উচ্চশিক্ষিত কর্মী তাদের যোগ্যতার চেয়ে নিচু মানের কাজ করছেন। সামগ্রিক যুব বেকারত্বের হার ১২–১৩% হলেও শিক্ষিত তরুণদের মধ্যে সংকট আরও তীব্র। অনানুষ্ঠানিক খাতের আধিপত্য শ্রমবাজারের প্রধান দুর্বলতা। আর এই সংকটই পরের প্রশ্নকে সামনে নিয়ে আসে যে বর্তমান পুঁজিবাদি ব্যবস্থায় “এআই বেকারত্ব বাড়াবে না” এই নিশ্চয়তা আসবে কোথা থেকে?

পুঁজিবাদে প্রযুক্তির প্রধান উদ্দেশ্য উৎপাদনশীলতা বাড়ানো এবং শ্রমব্যয় কমানো। অর্থাৎ কম শ্রমিক দিয়ে বেশি মুনাফা অর্জন। পুঁজিবাদি অর্থনীতির মূল ভিত্তি হলো ট্রিকল-ডাউন অর্থনীতি যা মনে করে যে ধনীদের কর ছাড় ও সুবিধা দিলে তা নিচে গড়াবে। বাস্তবে তা গড়ায় না, বরং ধনীদের সঞ্চয় ও সম্পদ বাড়ে, আর সাধারণ মানুষের চাকরি যায়। একই সঙ্গে মূল্য ব্যবস্থা ও সামর্থ্যই ঠিক করে দেয় কে প্রয়োজন ও প্রবৃত্তি মেটাতে পারবে। যার টাকা নেই, সে খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা বা নিরাপত্তা, কোনোটাই পায় না। বৈশ্বিক পরিসংখ্যানও এই প্রবণতাই দেখায়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফিউচার অফ জবস রিপোর্ট ২০২৫ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে এআই ও অটোমেশনের কারণে বিশ্বব্যাপী ৯.২ কোটি চাকরি বিলুপ্ত হবে, যদিও নতুন করে ১৭ কোটি চাকরি সৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু এই “নেট লাভ” সংখ্যাটি বিভ্রান্তিকর, কারণ এর আড়ালে রয়েছে ২২% কর্মশক্তির কাঠামোগত পরিবর্তন এবং বিশেষায়িত দক্ষতা ছাড়া নতুন কর্মসংস্থানে প্রবেশের পথ সংকুচিত হওয়া। বাংলাদেশের ক্ষেত্রেও ঝুঁকি স্পষ্ট। সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণায় দেখা গেছে, শুধু ২০২৪ সালেই দেশে প্রায় ১৩ লাখ চাকরি হারিয়ে গেছে। এবং ২০৪১ সালের মধ্যে তৈরি পোশাক খাতে আরও ১২.২ লাখ চাকরি অটোমেশনের ঝুঁকিতে পড়তে পারে। “মানবকল্যাণ” বা “নৈতিক নীতিমালা” দিয়ে এই মুনাফার চালিকাশক্তি বদলায় না। ফলে “এআই যেন বেকারত্ব না বাড়ায়” বলা সহজ, কিন্তু পুঁজিবাদি কাঠামোর ভেতরে তার কোনো বাস্তব নিশ্চয়তা নেই। আর এই নিশ্চয়তার অভাবই সরাসরি পরের দাবিটিকে প্রশ্নের মুখে ফেলে যে “তরুণদের দক্ষতা বৃদ্ধি কি আসলেই সমাধান?”

দক্ষতা বৃদ্ধি করা এবং চাকুরি সৃষ্টি হওয়া এক কথা নয়। দক্ষ জনশক্তি তৈরি করলেও যদি অর্থনীতির মালিকানা, বিনিয়োগের উদ্দেশ্য ও সম্পদ বণ্টনের কাঠামো একই থাকে, তাহলে দক্ষ তরুণরা দেশি-বিদেশি কোম্পানির সস্তা শ্রমে পরিণত হবে, নতুন কর্মসংস্থান সীমিত থাকবে এবং অনেককে বিদেশে শ্রম রপ্তানি করতে হবে। বাংলাদেশের শ্রম রপ্তানির তথ্যই এই নির্ভরশীলতার পরিচয় দেয়। দেশে দক্ষতা তৈরি করে তাদের বিদেশে পাঠানো হচ্ছে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, এই দক্ষতা ও প্রবৃদ্ধির লক্ষ্য কি মানুষের মর্যাদা রক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করা, নাকি শুধু জিডিপি ও বৈদেশিক মুদ্রা?

এই পুঁজিবাদি দৃষ্টিভঙ্গিই স্বৈরাচার তৈরি করে। তারা অলিগার্কদের সঙ্গে মিশে যায়, যারা তাদের ক্ষমতায় এনেছে এবং জিইয়ে রাখছে, কারণ এই ব্যবস্থা শীর্ষ ১%-এর স্বার্থ রক্ষা করে। অলিগার্কি মানে অল্প কিছু ধনকুবের শাসন যেখানে রাষ্ট্র, পুঁজি ও ক্ষমতা একই শরীরে মিলে যায় এবং শাসক ও অলিগার্ক একই সত্তা। কর ছাড়, ট্রিকল-ডাউন ও পুঁজিবাদি নীতিমালা এই একই গোষ্ঠীর স্বার্থে চলে। ফলে তরুণদের পোড়া খাওয়া অনিবার্য, আর সাধারণ মানুষও একই আগুনে পোড়ে। এই ব্যবস্থায় এআই, প্রশিক্ষণ ও নীতিমালা যতই থাকুক, মালিকানা ও মুনাফার পুঁজিবাদি কাঠামো না বদলালে মানুষই প্রযুক্তি ও মুনাফার জন্য ব্যবহৃত হবে।

এই চলমান সংকট থেকে মুক্তি পেতে হলে আমাদের বিকল্প সমাধান খুঁজতে হবে। প্রথমেই প্রশ্ন আসে যে শাসক পরিবর্তন (regime change) কি কোনো পরিবর্তন আনে? খেলোয়াড় বদলালে কি নিয়ম বদলায়? হাসিনার পলায়ন কি কোনো পরিবর্তন এনেছে? ইউরোপে তো শাসক পরিবর্তন হয়, কিন্তু কি মৌলিক কিছু বদলায়? উত্তর হলো, না। কারণ সমস্যাটা ব্যক্তিতে নয়, ব্যবস্থায়। পুঁজিবাদি ব্যবস্থায় কে ক্ষমতায় আসে, তাতে মৌলিক কিছু বদলায় না, কারণ সবাই একই ব্যবস্থার অধীন। হাসিনা গেলেন, কিন্তু তার চলে যাওয়ায় পুঁজিবাদি কাঠামো, বৈষম্য, রিবা, শ্রম শোষণ বা অলিগার্কের প্রভাব বদলায়নি। ইউরোপে ডান-বাম সরকার বদলায়, কিন্তু পুঁজিবাদি ব্যবস্থা অপরিবর্তিত থাকে। তাই শুধু শাসক বদলালে সমাধান হবে না।

দ্বিতীয় প্রশ্ন, রাষ্ট্র সংস্কার (state reform) কি কাজ করবে? অপারেটিং সিস্টেমে বাগ থাকলে রিসাইকেল বিন পরিষ্কার করলে কি বাগ দূর হয়? না নতুন সিস্টেম ইনস্টল করতে হয়? উত্তর হলো যে, রিসাইকেল বিন পরিষ্কার করলে বাগ দূর হয় না, বরং মূল সিস্টেমেই ত্রুটি থাকলে নতুন সিস্টেম ইনস্টল করতেই হবে। পুঁজিবাদি ব্যবস্থার ভেতরে সংস্কার, কর সংস্কার, নীতিমালা, ভর্তুকি এসবই সাময়িক। কারণ সমস্যাটা ব্যবস্থার ভিত্তিতে, তার আকিদায়, তার দর্শনে। তাই, রাষ্ট্র সংস্কার নয়, প্রয়োজন অপারেটিং সিস্টেম পরিবর্তন।

অপারেটিং সিস্টেম পরিবর্তনই কাজ করবে। ষোড়শ শতক থেকে ইউরোপ একটি সমাধান খুঁজছিল; কিন্তু তখন পৃথিবীর অন্য অংশে এশিয়া, আফ্রিকা, ইউরোপের কিছু অংশে ইসলাম বাস্তবায়িত ছিল, এবং তা সুপরিচিত ও লিপিবদ্ধ আছে ইতিহাসের গ্রন্থে। ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি পুঁজিবাদ থেকে সম্পূর্ণ আলাদা। পুঁজিবাদে মূল লক্ষ্য উৎপাদন ও মুনাফা, অন্যদিকে ইসলামে মূল লক্ষ্য সম্পদের বণ্টন, প্রত্যেক নাগরিকের মৌলিক প্রয়োজন নিশ্চিত করা  বর্ণ, ধর্ম, গোত্র নির্বিশেষে। ইসলাম সম্পদকে শুধু ধনীদের মধ্যে আবর্তিত হতে দেয় না, ইসলাম সম্পদকে তিন ভাগে ভাগ করে যেমন ব্যক্তিগত মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা ও জনসাধারণের মালিকানা (খনিজ, পানি, চারণভূমি ইত্যাদি), যাতে সম্পদ কিছু মানুষের মধ্যে পুঞ্জীভূত না হয়। ইসলামে আয়কর বা ভ্যাট নেই; বরং যাকাত, খারাজ, উশর, জিজিয়া প্রভৃতি নির্দিষ্ট উৎস থেকে রাষ্ট্রের আয় হয়, যা মানুষের মৌলিক প্রয়োজনে ব্যয় করা হয়। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি শতাব্দীর পর শতাব্দীর বাস্তবতা ছিল, যা সুপ্রমাণিত। কর্ডোবা, গ্রানাডা ও আন্দালুস ইসলামের অধীনে বিজ্ঞান, প্রযুক্তি ও জীবনের সঠিক ধারণায় সমৃদ্ধি অর্জন করেছিল। নেপোলিয়ন কনস্টান্টিনোপলের সমৃদ্ধি দেখেছিলেন। এই ঐতিহাসিক বাস্তবতা প্রমাণ করে যে ইসলামি ব্যবস্থা মানুষের সমস্যার প্রকৃত সমাধান দিতে পারে।

জেন-জি প্রজন্মের বুঝতে হবে, আমাদের সমস্যা পুঁজিবাদ, তাই তার সুপারম্যান বা ব্যাটম্যান দিয়ে সমাধান হবে না। পুঁজিবাদি ব্যবস্থায় সুপারহিরোর অপেক্ষা করে লাভ নেই, কারণ সমস্যাটা ব্যবস্থারই। এখন তাদের সামনে প্রশ্ন যে তারা কোন পথ বেছে নেবে? ভুল সিদ্ধান্তের পরিণতি হবে ভয়াবহ। সঠিক পথ হলো ইসলামি ব্যবস্থা, যা সম্পদ বণ্টন করে, মৌলিক প্রয়োজন নিশ্চিত করে, সুদ ও জুলুম নিষিদ্ধ করে, এবং মানুষকে আল্লাহ্‌’র বান্দা হিসেবে গড়ে তোলে। আমাদের আচরণ নির্ভর করে ধারণার উপর, ধারণা নির্ভর করে মৌলিক চিন্তার উপর। তাই এআই নিয়ে শুধু নীতিমালা, প্রশিক্ষণ ও বিজনেস সামিট করলে চলবে না বরং প্রয়োজন পুঁজিবাদি, ধর্মনিরপেক্ষ ও নির্ভরশীল অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তে ইসলামি রাষ্ট্রব্যবস্থা খিলাফত প্রতিষ্ঠা করা, যা প্রযুক্তি ও সম্পদের মালিকানা ও নিয়ন্ত্রণ শারী’আহ্‌’র অধীন করবে, সুদ, জুলুম ও সম্পদ পুঞ্জীভূতকরণ নিষিদ্ধ করবে, যাকাত, ন্যায়বিচার ও রাষ্ট্রীয় তত্ত্বাবধানে সম্পদ বণ্টন নিশ্চিত করবে এবং শিক্ষা ও প্রশিক্ষণ এমনভাবে সাজাবে যা তরুণদের আল্লাহ্‌’র বান্দা ও উম্মাহ্‌’র দায়িত্বশীল সদস্য হিসেবে গড়ে তোলে। তখনই “প্রযুক্তি মানুষের জন্য, মানুষ প্রযুক্তির জন্য নয়” স্লোগানটি অর্থবহ হবে। 

    -    তাক্ববীর হোসেন, শিক্ষক

Previous Post Next Post