যদিও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ২০১৪ সালের ফেব্রুয়ারিতে শুরু হয় রাশিয়ার ক্রিমিয়া উপদ্বীপ দখলের মাধ্যমে। পরবর্তীতে, দ্বিতীয় দফায় যুদ্ধ শুরু হয় ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। কয়েক বছরের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বাংলাদেশি কিছু তরুণদের ভিডিও বার্তা দেখতে পাই। চেহারায় আতংক ও দিশেহারা ভাব নিয়ে তারা জানাচ্ছে, কিভাবে তারা পাঁচ হাজার কিলোমিটার দূরের রাশিয়ার যুদ্ধের যোদ্ধা হয়ে গেছে। কিভাবে কেউ কেউ প্রতারণার স্বীকার, আবার কেউ কেউ অর্থের লোভ সামলাতে না পেরে অস্ত্র হাতে দাঁড়িয়ে আফসোস করছে। কিভাবে উড়ন্ত ড্রোনের বোমার আঘাত থেকে বেঁচে ফিরছে তার লাইভ অভিজ্ঞতা সবাইকে দেখাচ্ছে। কারো কারো ফেসবুক লাইভ আসা হঠাৎ বন্ধ। পরবর্তীতে হয়তো স্বজনরা খবর পায় বাড়ির ছেলের বিদেশ বিভূঁইয়ে অকাল মৃত্যুর কথা। ২০২৪-২৫ সালের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওগুলো আসা শুরু হলেও প্রথম আলো, ডেইলি স্টারের মত পত্রিকা বা গণমাধ্যমে আসা শুরু হয়নি। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি তরুণদের রাশিয়ার যুদ্ধে অংশগ্রহণে অবগত হলেও জানা যায় যে, ২০২৬ সালেও আরো অনেক তরুণ রাশিয়ার যুদ্ধে জড়িয়ে পড়েছে। প্রথম আলোর অনুসন্ধানে বলা হয়েছে, বিগত তিন বছরে রাশিয়ায় কাজের প্রলোভনে যাওয়া বাংলাদেশিদের মধ্যে অন্তত ৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় পুরো দায়টা কিছু রিক্রুটিং এজেন্সির ঘাড়ে চাপিয়ে দিয়ে তাদের লাইসেন্স বাতিল করে দায়মুক্তি নিয়ে নিচ্ছে।
প্রবাসীদের এই দুর্দশার গল্প কি শুধু রাশিয়াকেন্দ্রিক? না। এই গল্প মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমি থেকে ইউরোপের হিমশীতল সমুদ্র পর্যন্ত বিস্তৃত। এই গল্প লিবিয়ার বন্দিশিবিরে আটকে থাকা বাংলাদেশি তরুণের, ভূমধ্যসাগরের উত্তাল ঢেউয়ে ছোট্ট নৌকায় জীবন বাজি রাখা মানুষের, ইতালির উপকূলে পৌঁছানোর আগেই সাগরের অতল গহ্বরে হারিয়ে যাওয়া অসংখ্য স্বপ্নের। কেউ ভিটেমাটি বিক্রি করে, কেউ বাবার শেষ সম্বলটুকু বন্ধক রেখে, কেউবা চড়া সুদে ঋণ নিয়ে পাড়ি জমায় অজানা গন্তব্যে। অথচ সেই স্বপ্নের যাত্রায় কেউ পাচারকারীদের হাতে বন্দি হয়, কেউ মুক্তিপণের জন্য নির্যাতিত হয়, কেউ সমুদ্রের বুকে মৃত্যুর প্রহর গোনে। যারা কোনোভাবে ইউরোপের মাটিতে পৌঁছায়, তাদের সবার ভাগ্যও বদলায় না। কেউ অনিশ্চিত কর্মসংস্থানে, কেউ ন্যায্য মজুরি ও আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হয়ে দিন কাটায়। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বছরের পর বছর শ্রম দিয়েও কেউ বেতন পায় না, কেউ নিয়োগকর্তার নিয়ন্ত্রণে আটকে থাকে, কেউ কর্মক্ষেত্রে দুর্ঘটনায় প্রাণ হারায়। বিশেষ করে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গৃহকর্মী হিসেবে যাওয়া বাংলাদেশি নারীদের অনেকের অভিজ্ঞতা আরও নির্মম। শারীরিক ও যৌন নির্যাতন, খাবার না দেওয়া, বেতন আটকে রাখা কিংবা গৃহবন্দি করে রাখার অভিযোগ নিয়ে অসংখ্য নারী দেশে ফিরেছেন। ব্র্যাকের তথ্য উদ্ধৃত করে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সাল থেকে অন্তত ৬৯ হাজার নারী অভিবাসী দেশে ফিরেছেন, যাদের অনেকেই নির্যাতন ও মজুরি না পাওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন। কারও মরদেহ দেশে ফিরে আসে, কারও মৃত্যুর খবরটুকুও পৌঁছায় না। অথচ এই মানুষগুলোর পাঠানো রেমিট্যান্সের হিসাব রাষ্ট্রের অর্থনৈতিক সাফল্যের সংবাদ শিরোনাম হয়, তাদের বলা হয় ‘রেমিট্যান্স যোদ্ধা’।
জমিতে হালচাষ করা গরুর হাড়ভাঙা খাটুনির পর তার কৃষক মালিকও মায়ায় গরুর শরীরে হাত বুলিয়ে দেয়। আদর করে ভূষি-মাড় মিশিয়ে খাওয়ায়। কিন্তু আমাদের ‘রেমিট্যান্স যোদ্ধাদের’ জন্য সেই কৃষকসুলভ মায়া নিয়ে দেখভাল করারও যেন কেউ নেই। তারা অত্যাচারিত হন, তারা পানিতে ডুবে মরেন, তারা অপহৃত হন, প্রহৃত হন, কখনো বিদেশের মাটিতে নিঃশব্দে মৃত্যুবরণ করেন। এই দুর্দশা যে কতটা ভয়াবহ, তার সাক্ষ্য দিচ্ছে পরিসংখ্যানও। ২০২৫ সালে ২৪ হাজারের বেশি বাংলাদেশি সমুদ্র ও স্থলপথে ইউরোপে পৌঁছেছেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যে নারী শ্রমিকদের দুর্দশার চিত্র আরও নির্মম। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের হিসাবে, আট বছরে ৭৯৯ জন নারী অভিবাসীর মরদেহ দেশে ফিরেছে। অথচ এত মৃত্যু, এত নির্যাতন, এত আর্তনাদের পরও সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর কাছে কার্যকর জবাবদিহি ও ক্ষতিপূরণ আদায়ে আমাদের রাষ্ট্রের তৎপরতা কতটা দৃশ্যমান? বরং প্রায়ই আলোচনার কেন্দ্রে থাকে শ্রমবাজার যেন বন্ধ না হয়ে যায়, বিদেশিরা যেন আমাদের শ্রমিক নেয়া বন্ধ না করে দেয়। কিন্তু কেন আমাদের ছেলেমেয়েরা ভূমধ্যসাগরের হিমশীতল পানিতে ডুবে মরবে, কেন মধ্যপ্রাচ্যের কোনো বদ্ধ ঘরে আমাদের মেয়েরা নির্যাতিত হবে, কেন পাঁচ হাজার কিলোমিটার দূরের এক যুদ্ধক্ষেত্রে আমাদের তরুণদের লাশ পড়ে থাকবে—এসব প্রশ্নের উত্তর খোঁজার যেন কেউ নেই। কয়েকটা সংবাদ শিরোনাম, কিছু কলাম, কিছু হাহুতাশ, তারপর আবার সবকিছু স্বাভাবিক। মাস শেষে রেমিট্যান্সের নতুন হিসাব আসে, রাষ্ট্র উচ্ছ্বসিত হয়, কিন্তু সেই অর্থের পেছনে হারিয়ে যাওয়া মানুষগুলোর হিসাব আর কেউ রাখে না। ভবিষ্যতেও যেন আর একটা প্রাণও এভাবে অসম্মান আর অবমাননার মধ্য দিয়ে হারিয়ে না যায় সেই চিন্তাও আমরা করতে দেখি না কাউকে।
কেন?
এই কেন-এর উত্তরটা একটা দুষ্টচক্রের দিকে আমাদের নির্দেশনা দেয়। শিল্পায়নের সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশের মত রাষ্ট্রে গার্মেন্টস ছাড়া আশানুরূপ শিল্পায়ন না হওয়ার পিছনের অন্যতম কারণ আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংকের মত কাফির সাম্রাজ্যবাদীদের প্রতিষ্ঠানগুলোর ঋণের শর্ত, বাণিজ্য উদারীকরণ, রাষ্ট্রীয় শিল্পের বেসরকারীকরণ এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের নীতিগুলো। এতে করে সম্ভাবনাময় শিল্প তো গড়ে উঠেইনি, বরং আদমজি পাটকলের মত আত্মনির্ভরশীল যাও বা দুএকটা শিল্প ছিল তাও এদের তথাকথিত পরামর্শে বন্ধ করে দেয়া হয়েছে। এমনকি কৃষি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের জন্যও কৃত্রিমভাবে বিদেশি কোম্পানির ওপর নির্ভরশীল করে রাখা হয়েছে। এতে করে মাত্রাতিরিক্ত আমদানির জন্য বাংলাদেশের মত শিল্পায়নহীন রাষ্ট্র চালাতে মার্কিন ডলারের প্রয়োজন হবে। আর কর্মসংস্থানের অভাবে একদল কর্মক্ষম জনগোষ্ঠী আর একদল দুষ্ট মানবপাচার করা দালালের সিন্ডিকেট স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে। আমেরিকা আর তার তৈরি সংস্থাগুলোকে সন্তুষ্ট রাখতে বর্তমান সেক্যুলার-গণতান্ত্রিক রাষ্ট্র যেহেতু এই বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীর কর্মসংস্থানের দায়িত্ব নেয় না, বরং তাদেরকে অজানা গন্তব্যের দিকে ঠেলে দেয় , তাই এই ব্যাপারে শক্ত ও নৈতিক সিদ্ধান্ত নেয়ার সক্ষমতাও তার নেই। বরং প্রতি বছর ৩০-৩৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠানোর পরেও আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংকের কাছে কয়েক বিলিয়ন ডলারের জন্য ঘর বাড়ি, নদী সমুদ্র, বিদ্যুৎ গ্যাস সব বর্গা দিয়েও যেন শাসকদের মনের স্বাদ মেটে না।
তাই কিশোরগঞ্জের আবু হানিফ আর কুমিল্লার মোঃ সাগরের রাশিয়ায় যুদ্ধ করতে গিয়ে মৃত্যু কিংবা মধ্যপ্রাচ্যে সখিনা রহিমাদের সম্ভ্রমহানিতে রাষ্ট্রের কিছু আসে যায় না। সেকুলার-গণতান্ত্রিক রাষ্ট্র চিন্তিত তার প্রভু আমেরিকার এই মাস্তানিতে সে কতটুকু সাহায্য করতে পারছে এই নিয়ে।
বিদেশে কাজ করতে যাওয়া কোনো অন্যায় বা দুর্বলতার পরিচয় নয়। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে জীবিকা অর্জন করা মানুষের স্বাভাবিক অধিকার। অসম্মানের বিষয় তখনই, যখন নিজের দেশে জীবিকার পর্যাপ্ত সুযোগ না থাকায় একজন মানুষ বিদেশে যেতে বাধ্য হয়, আর সেখানে নির্যাতিত, প্রতারিত কিংবা অপমানিত হওয়ার পরও সেই অপমান মেনে নেওয়া ছাড়া তার সামনে কোনো কার্যকর বিকল্প থাকে না। আরও বড় অসম্মান হলো, যে রাষ্ট্রের নাগরিক সে, সেই রাষ্ট্রও তার পক্ষে শক্ত অবস্থান নিতে ব্যর্থ হয়। বিদেশি শ্রমবাজার হারানোর ভয়, বৈদেশিক মুদ্রার প্রয়োজন এবং আন্তর্জাতিক ক্ষমতাধর রাষ্ট্রগুলোর সঙ্গে অসম সম্পর্ক তখন নাগরিকের মর্যাদা রক্ষার প্রশ্নকে আড়াল করে দেয়।
নাগরিক এবং রাষ্ট্রের হারানো সম্মান পুনরুদ্ধারের জন্য প্রয়োজন সেই অতীতে ফিরে যাওয়া যখন মুসলিমদের রাষ্ট্র পরিচালিত হত আল্লাহ্’র দেয়া বিধানের ভিত্তিতে। যেই আমেরিকাকে আজকে সালাম দিয়ে চলতে হয়, সেই আমেরিকা একসময় মুসলিম উম্মাহ্’র খলিফার কাছে নতজানু হয়ে চলত। কিন্তু ইতিহাসের এই ক্ষমতার পার্থক্য শুধু সামরিক শক্তির প্রশ্ন নয়। আমাদের কাছে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সেই রাষ্ট্রব্যবস্থায় শাসক ও জনগণের সম্পর্ক কীসের ভিত্তিতে নির্ধারিত হতো। ইসলামে শাসক জনগণের মালিক নন, বরং তাদের দায়িত্বশীল অভিভাবক। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, “ইমাম একজন অভিভাবক এবং তিনি তার অধীনস্থদের ব্যাপারে দায়িত্বশীল।” (সহীহ্ বুখারী, ৮৯৩)। অর্থাৎ নাগরিকের জীবন, সম্পদ ও সম্মান রক্ষা করা শাসকের দয়া কিংবা অনুগ্রহের বিষয় নয়, বরং আল্লাহ্’র পক্ষ থেকে অর্পিত দায়িত্ব-যার জন্য তাকে রাষ্ট্রের বিচারের এবং পরকালে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।
ইসলামের ইতিহাসে রাষ্ট্রের এই দায়িত্ববোধ কেবল তাত্ত্বিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ ছিল না। ৬৩৯ খ্রিষ্টাব্দে আরবে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিলে খলিফা উমর (রা.) শুধু মানুষের দুর্দশায় দুঃখ প্রকাশ করে বসে থাকেননি। তিনি রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের প্রশাসকদের কাছে খাদ্য সহায়তা চেয়ে বার্তা পাঠান এবং সংগৃহীত খাদ্য ক্ষুধার্ত মানুষের মধ্যে বিতরণের ব্যবস্থা করেন। জনগণের দুর্দশার সময়ে নিজের জীবনযাপনেও সংযম অবলম্বন করেন। আবার খলিফা উমর ইবন আবদুল আজিজ (রহ.)-এর শাসনামলে প্রশাসকদের অন্যায়ভাবে দখল করা সম্পদ প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। অর্থাৎ জনগণের প্রয়োজন পূরণ এবং তাদের ওপর সংঘটিত অন্যায়ের প্রতিকার করা ছিল রাষ্ট্রীয় দায়িত্ব পালনের বাস্তব দৃষ্টান্ত। আজ এই নীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে দেশের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি, বিদেশে কর্মরত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ওপর সংঘটিত অন্যায়ের বিচার ও ক্ষতিপূরণ আদায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণই হতো রাষ্ট্রের দায়িত্ব। কোনো নাগরিক বিদেশের মাটিতে নির্যাতিত হলে কেবল শ্রমবাজার হারানোর আশঙ্কায় নীরব থাকা নয়, বরং তার অধিকার রক্ষায় রাষ্ট্রীয় সক্ষমতা কাজে লাগানোই হতো সেই অভিভাবকত্বের প্রকাশ।
- মো: জাবির জোবান, বিশ্ববিদ্যালয় শিক্ষক

