হরমুজ থেকে বাব আল-মান্দেব: একটি ঐক্যবদ্ধ মুসলিম বিশ্ব হলে কি হতে পারত?

 

আজকের পৃথিবীতে শক্তির সংজ্ঞা দ্রুত বদলে যাচ্ছে। একসময় মনে করা হতো, যেই রাষ্ট্রের সবচেয়ে বড় সেনাবাহিনী, সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান এবং সবচেয়ে শক্তিশালী নৌবহর রয়েছে, তার কথাই বিশ্ব রাজনীতিতে শেষ কথা। কিন্তু মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূরাজনৈতিক ঘটনাবলি সেই ধারণাকে প্রশ্নের মুখে ফেলেছে। হরমুজ প্রণালী, বাব আল-মান্দেব, লোহিত সাগর, পারস্য উপসাগর- এসব শুধু ভৌগোলিক নাম নয়, বরং এগুলো হলো বিশ্বের জ্বালানি ও বাণিজ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ ধমনী। এসব অঞ্চলে সামরিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হলে তার প্রভাব মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে ইউরোপ, এশিয়া এবং বৈশ্বিক অর্থনীতিতে পৌঁছে যায়।

এই বাস্তবতার সামনে একটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ:

যদি মুসলিম বিশ্বের রাজনৈতিক বিভক্তি না থাকত, এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভূখণ্ডগুলো একটি একক, শক্তিশালী, আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার অধীনে ঐক্যবদ্ধ থাকত- তাহলে হরমুজ, বাব আল-মান্দেব এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য কেমন হতো?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ভূরাজনীতি, অর্থনীতি, সামরিক শক্তি, জ্বালানি, বাণিজ্য এবং কূটনীতির বাস্তবতা দিয়ে বিষয়টি দেখতে হবে।

হরমুজ ও বাব আল-মান্দেব কেন এত গুরুত্বপূর্ণ?

হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন পথ এটি। উপসাগরীয় অঞ্চলের জ্বালানি রপ্তানির একটি বড় অংশ এই সরু জলপথের উপর নির্ভরশীল। অন্যদিকে, বাব আল-মান্দেব হলো লোহিত সাগরের দক্ষিণ প্রবেশদ্বার। ভারত মহাসাগর থেকে লোহিত সাগর এবং এরপর সুয়েজ খালের মাধ্যমে ইউরোপে যাওয়ার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ দুটি পথকে একসঙ্গে দেখলে একটি বিশাল ভূরাজনৈতিক করিডোর সামনে আসে: পারস্য উপসাগর → হরমুজ → আরব সাগর → বাব আল-মান্দেব → লোহিত সাগর → সুয়েজ → ইউরোপ।

এই করিডোর-এর আশপাশের অধিকাংশ ভূখণ্ড ঐতিহাসিকভাবে মুসলিম বিশ্বের অন্তর্ভুক্ত। কিন্তু, ১৯২৪ সালে উপনিবেশবাদী বৃটেনের ষড়যন্ত্রে খিলাফত রাষ্ট্র ধ্বংসের পর এই অঞ্চলসহ ঐক্যবদ্ধ মুসলিম বিশ্বকে অসংখ্য রাষ্ট্রে বিভক্ত করে ফেলা হয়। তারপর থেকে, প্রত্যেকের নিজস্ব পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা নীতি, অর্থনৈতিক স্বার্থ এবং আন্তর্জাতিক মিত্র রয়েছে। ফলে, উপনিবেশবাদী শক্তিগুলো আলাদা আলাদা ভাবে এই রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক গড়ে তুলে এদের উপর আধিপত্য বিস্তারের সুযোগ পাচ্ছে।

এবার যদি বিভক্তি না থাকত?

আজ যদি মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ ভূখণ্ডগুলো একটি একক রাজনৈতিক রাষ্ট্রের অধীনে ঐক্যবদ্ধ থাকতো, এবং সেই রাষ্ট্রের একটি কেন্দ্রীয় সরকার, একটি সমন্বিত পররাষ্ট্রনীতি, একটি সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি অভিন্ন অর্থনৈতিক নীতি থাকতো, তাহলে বিশ্বের মানচিত্রে আমাদের অবস্থান আজ কোথায় থাকতো তা অনুধাবন করা আমাদের জন্য জরুরী। তখন একটি মুসলিম ভূখণ্ডের উপর হুমকি, বাকি মুসলিম ভূখণ্ডগুলোর উপর হুমকি হিসেবে বিবেচিত হবে। একটি ভূখণ্ডের নিরাপত্তা সংকট তখন পুরো খিলাফত রাষ্ট্রের নিরাপত্তা সংকটে পরিণত হবে। একটি ভূখণ্ডের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ তখন পুরো সাম্রাজ্যের অর্থনৈতিক চাপ হিসেবে বিবেচিত হতো। 

১. হরমুজ তখন কৌশলগত সম্পদ

একটি ঐক্যবদ্ধ মুসলিম রাষ্ট্রের জন্য হরমুজ প্রণালী হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। এটি তখন শুধু সাধারণ কোনো সমুদ্রপথের মতো হবে না। এটি হবে সেই রাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তা, জ্বালানি নীতি, সামুদ্রিক শক্তি এবং বৈশ্বিক কূটনীতির অন্যতম কেন্দ্রবিন্দু। হরমুজের গুরুত্ব প্রথমত তার অবস্থানে। পারস্য উপসাগরের ভেতরের বিশাল জ্বালানি সম্পদ বিশ্ববাজারে পৌঁছানোর জন্য এই সরু সমুদ্রপথের ওপর নির্ভর করে। ফলে যে শক্তি হরমুজের আশপাশের ভূগোলকে নিরাপদ ও স্থিতিশীল রাখতে পারে, তার হাতে শুধু একটি জলপথের নিয়ন্ত্রণ থাকে না—তার হাতে থাকে বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারকে প্রভাবিত করার সক্ষমতা।

২. বাব আল-মান্দেবের ক্ষেত্রেও একই বাস্তবতা

বাব আল-মান্দেবের গুরুত্ব আরও বাড়ছে, কারণ ভারত মহাসাগর, আরব সাগর, লোহিত সাগর এবং সুয়েজ- এই পুরো বাণিজ্যিক ব্যবস্থার সঙ্গে এটি যুক্ত। একটি ঐক্যবদ্ধ মুসলিম রাষ্ট্রের অধীনে যদি ইয়েমেন, সৌদি আরব এবং আশপাশের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো একই রাষ্ট্রীয় কাঠামোর অংশ হতো, তাহলে বাব আল-মান্দেবকে কেন্দ্র করে বিদেশি সামরিক শক্তির উপস্থিতি নিষিদ্ধ করা হবে।

৩. মুসলিম বিশ্বের অন্যতম কৌশলগত হাতিয়ার—জ্বালানি

একটি ঐক্যবদ্ধ মুসলিম রাষ্ট্রের হাতে যদি মধ্যপ্রাচ্য ও অন্যান্য মুসলিম অঞ্চলের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস সম্পদের একটি বড় অংশ থাকে, তাহলে সেই রাষ্ট্রের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক ক্ষমতা নিঃসন্দেহে অসাধারণ হতে পারে। কিন্তু এই সম্পদকে শুধু তেল বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে সেই শক্তি দীর্ঘস্থায়ী হবে না। ইতিহাসের বড় শিক্ষা হলো—প্রাকৃতিক সম্পদ তখনই প্রকৃত জাতীয় শক্তিতে পরিণত হয়, যখন তার আয়কে মানবসম্পদ, জ্ঞান, প্রযুক্তি ও উৎপাদনশীল শিল্পে বিনিয়োগ করা হয়। তাই একটি ঐক্যবদ্ধ মুসলিম রাষ্ট্র তেল ও গ্যাসের আয়কে একটি দীর্ঘমেয়াদি industrial transformation fund হিসেবে ব্যবহার করবে। সেই অর্থ দিয়ে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান গড়ে তুলবে, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করবে, semiconductor ও microchip শিল্প প্রতিষ্ঠা করবে, artificial intelligence ও robotics-এ সক্ষমতা তৈরি করবে, aerospace ও satellite technology উন্নয়ন করবে, biotechnology ও pharmaceutical শিল্পকে শক্তিশালী করবে, renewable energy ও nuclear energy-তে গবেষণা ও উৎপাদন বাড়াবে এবং advanced manufacturing-এর নিজস্ব ভিত্তি তৈরি করবে। একই সঙ্গে তেল ও গ্যাসের কাঁচামাল রপ্তানি না করে petrochemical, fertilizer, plastics, advanced materials এবং অন্যান্য উচ্চমূল্যের শিল্পপণ্য উৎপাদনের মাধ্যমে সেই সম্পদের value addition করা সম্ভব। তখন তেল শুধু মাটির নিচ থেকে তুলে বিদেশে বিক্রি করা একটি পণ্য থাকবে না; বরং তেল ও গ্যাসের আয় পরিণত হবে বিশ্ববিদ্যালয়, গবেষণাগার, কারখানা, প্রযুক্তি কোম্পানি, দক্ষ মানবসম্পদ ও আধুনিক অবকাঠামো তৈরির মূলধনে। আজ যে সম্পদ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, সেটিই তখন একটি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির ভিত্তি তৈরি করবে। অর্থাৎ তেলের প্রকৃত মূল্য তার কত ব্যারেল বিক্রি করা হলো সেখানে নয়; বরং সেই তেল থেকে একটি রাষ্ট্র কতটা জ্ঞান, প্রযুক্তি, শিল্প ও মানবসম্পদ তৈরি করতে পারল—সেখানেই তার দীর্ঘমেয়াদি শক্তি নিহিত। এইভাবে তেল-গ্যাসনির্ভর অর্থনীতি ধীরে ধীরে একটি বহুমুখী, প্রযুক্তিনির্ভর ও আত্মনির্ভর অর্থনীতিতে রূপান্তরিত হলে ঐক্যবদ্ধ মুসলিম রাষ্ট্র শুধু জ্বালানি রপ্তানিকারক শক্তি থাকবে না; বরং বিশ্ব অর্থনীতি ও প্রযুক্তির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে আবির্ভূত হতে পারে।

৪. সামরিক শক্তির ক্ষেত্রেও বিপুল পরিবর্তন

একটি ঐক্যবদ্ধ মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সামরিক শক্তির ক্ষেত্রেও মৌলিক পরিবর্তন ঘটানো হবে। বর্তমানে মুসলিম বিশ্বের সামরিক সক্ষমতা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ছড়িয়ে আছে। কোনো দেশের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, কোনো দেশের কাছে রয়েছে উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, কোনো দেশের রয়েছে বিপুল অর্থনৈতিক সক্ষমতা, আবার কোনো দেশের রয়েছে বিশাল জনসংখ্যা ও বড় সামরিক বাহিনী। কিন্তু এসব সক্ষমতা পরস্পর সমন্বিত নয়; প্রতিটি রাষ্ট্র তার নিজস্ব জাতীয় স্বার্থ, নিরাপত্তা নীতি ও সামরিক কাঠামোর অধীনে পরিচালিত হয়। ফলে সম্মিলিতভাবে মুসলিম বিশ্বের যে সামরিক সক্ষমতা রয়েছে, তা একটি একক কৌশলগত শক্তিতে পরিণত হতে পারে না।

একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র হলে এই বিচ্ছিন্ন সক্ষমতাগুলো একটি সমন্বিত প্রতিরক্ষা কাঠামোর অধীনে আনা সম্ভব হবে। বিভিন্ন অঞ্চলের সামরিক প্রযুক্তি, জনবল, অর্থনৈতিক সম্পদ ও শিল্প সক্ষমতাকে একত্র করে একটি unified air-defence network গড়ে তোলা হবে, যার মাধ্যমে রাষ্ট্রটির আকাশসীমা একটি সমন্বিত ব্যবস্থার অধীনে সুরক্ষিত থাকবে। একইভাবে পারস্য উপসাগর, আরব সাগর, লোহিত সাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তার জন্য একটি integrated naval command গড়ে উঠবে।এতে বিভিন্ন দেশের বিচ্ছিন্ন নৌ সক্ষমতার পরিবর্তে একটি সমন্বিত maritime-security architecture তৈরি করা সম্ভব হবে।

এর পাশাপাশি একটি উন্নত satellite system গড়ে তোলা হলে যোগাযোগ, আবহাওয়া পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, নৌ-নিরাপত্তা এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সক্ষমতা অনেক উন্নত হবে। বিভিন্ন দেশের বিচ্ছিন্ন গোয়েন্দা সক্ষমতাকে সমন্বিত করে একটি নিজস্ব intelligence architecture তৈরি করা সম্ভব হবে, যার মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রটি নিজস্ব তথ্য ও বিশ্লেষণের উপর নির্ভর করতে পারবে। একই সঙ্গে মুসলিম বিশ্বের বিপুল মানবসম্পদ, মূলধন ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে একটি শক্তিশালী advanced drone industry এবং নিজস্ব প্রতিরক্ষা-উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। যুদ্ধবিমান, নৌযান, রাডার, যোগাযোগ ব্যবস্থা, প্রতিরক্ষা ইলেকট্রনিক্স ও অন্যান্য সামরিক প্রযুক্তির ক্ষেত্রে আমদানি-নির্ভরতা কমিয়ে নিজস্ব গবেষণা ও উৎপাদন সক্ষমতা তৈরি করা সম্ভব হবে।

৫. সবচেয়ে বড় পরিবর্তন হবে মানসিকতায়

কোনো রাষ্ট্রের প্রকৃত শক্তি শুধু GDP বা missile-এর সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। জাতীয় আত্মবিশ্বাসও শক্তির অংশ। দীর্ঘ রাজনৈতিক বিভক্তি, বিদেশি হস্তক্ষেপ, যুদ্ধ এবং অর্থনৈতিক নির্ভরতার কারণে মুসলিম বিশ্বের বহু সমাজে একটি ধারণা তৈরি হয়েছে যে তাদের নিরাপত্তা ও উন্নয়নের জন্য বাইরের শক্তির প্রয়োজন। একটি সফল ঐক্যবদ্ধ রাষ্ট্রের পক্ষে এই মানসিকতা সহজেই পরিবর্তন করা সম্ভব। এটি একটি শক্তিশালী রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি।

উপসংহার

হরমুজ প্রণালী থেকে বাব আল-মান্দেব, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূরাজনৈতিক বাস্তবতা আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরছে: মুসলিম বিশ্বের শক্তি কি সত্যিই তার সম্পদের অভাবে সীমাবদ্ধ, নাকি মূল সমস্যা হলো সেই বিপুল সম্পদ, জনশক্তি, ভূগোল ও সামরিক সক্ষমতা রাজনৈতিকভাবে বিভক্ত থাকার কারণে একটি সম্মিলিত শক্তিতে পরিণত হতে না পারা? মুসলিম বিশ্বের হাতে রয়েছে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ, গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ, বিশাল জনসংখ্যা, বিপুল মূলধন এবং গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান। কিন্তু রাষ্ট্রীয় বিভক্তি এসব শক্তিকে বিচ্ছিন্ন করে রেখেছে। ফলে যে শক্তি সম্মিলিতভাবে একটি বৈশ্বিক শক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার সক্ষমতা রাখে, দুঃখজনকভাবে তা আজ পৃথক পৃথক রাষ্ট্রের সীমিত সক্ষমতায় আবদ্ধ হয়ে আছে।

শেষ পর্যন্ত হরমুজ ও বাব আল-মান্দেবের গল্প তাই শুধু দুটি সমুদ্রপথের গল্প নয়; এটি শক্তির প্রকৃতি সম্পর্কে একটি বড় শিক্ষা। ভূগোল শক্তি দিতে পারে, সম্পদ শক্তি দিতে পারে, জনসংখ্যা শক্তি দিতে পারে, সামরিক ক্ষমতাও শক্তি দিতে পারে - কিন্তু এগুলোকে একটি কার্যকর শক্তিতে পরিণত করতে প্রয়োজন একটি ঐক্যবদ্ধ ও আদর্শিক রাষ্ট্রব্যবস্থা।

    -    ড. এস এম আহমেদ; বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক

Previous Post Next Post