প্রজন্মগত (জেনারেশনাল) পরিবর্তন-এর কারণ, প্রভাব, সংকট এবং সমাধান

 

“স্মরণ কর, যখন লুকমান তার ছেলেকে নসীহত করে বলেছিল- হে বৎস! আল্লাহ্‌’র সাথে কোন কিছুকে শিরক করো না, শিরক হচ্ছে অবশ্যই বিরাট যুলম” [সূরা  লুকমান : ১৩]। সূরা লুকমানের এই আয়াতে আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা’আলা মানবজাতির যে সুন্দর চিত্রটি তুলে ধরেছেন তা হচ্ছে একজন পিতা সন্তানের কাছে তাঁর লিগেসি রেখে যাচ্ছেন। যিনি তাঁর সন্তানকে হক সম্পর্কে শিক্ষা দিচ্ছেন। এমনিভাবে পৃথিবীর প্রতিটি প্রজন্ম তাদের লিগেসি/শিক্ষা পরবর্তী প্রজন্মের কাছে ট্রান্সফার করে যেতে চায়। যাতে আগত প্রজন্ম গত হওয়া প্রজন্মের শিক্ষা নিয়ে জীবনকে আরো উন্নত ও সুসংহত করতে পারে। যাকে আমরা বলি প্রজন্মগত পরিবর্তন। এটিই পৃথিবীর স্বাভাবিক ইকো-সিস্টেম। যেখানে, পুরনো প্রজন্মের সর্বোচ্চ প্রয়াস থাকে নতুন প্রজন্মের জন্য একটা সুন্দর, উন্নত এবং সুস্থ পরিবেশ রেখে যাওয়া, আর নতুন প্রজন্মের চেষ্টা থাকে আগের প্রজন্মের রেখে যাওয়া জ্ঞানকে ব্যবহার করে আরও ভালো কিছু অর্জন করা। কিন্তু, গত ১০০ বছরের বেশি সময় ধরে পৃথিবী তার এই স্বাভাবিক প্রজন্মগত পরিবর্তনের ইকো-সিস্টেমের মধ্যে একধরনের অস্থিরতা প্রত্যক্ষ করছে। বিশেষত মডার্ন, পোস্ট-মডার্ন এবং মেটা-মডার্ন সময়কালীন। যেখানে নতুন প্রজন্মের সাথে তার পূর্বের প্রজন্মের একধরনের সংঘাত পরিলক্ষিত হচ্ছে। দুই প্রজন্মের জীবন, বিশ্বাস, সভ্যতা, সংস্কৃতি এবং জীবনধারার (লাইফস্টাইলের) মধ্যে সবসময় কোন না কোন বৈপরীত্য পরিলক্ষিত হচ্ছে। যে বৈপরীত্যের ধরুন নতুন প্রজন্ম চায় তার পূর্বের প্রজন্মের জীবন সম্পর্কে চিন্তা, ধ্যান-ধারণাগুলোকে বাতিল করতে। নতুন করে মানুষ, জীবন এবং মহাবিশ্বের ধারণাকে সংজ্ঞায়িত করতে। আর, পুরোনো প্রজন্ম চায় নতুন প্রজন্মের কাছে নিজেদের অস্তিত্বের প্রাসঙ্গিকতা বজায় রাখতে ও নতুন প্রজন্মকে গোল্লায় যাওয়ার হাত থেকে রক্ষা করতে। এই বিপরীতমুখী অবস্থানের ধরুণ দুই প্রজন্মের মধ্যে একধরনের যোগাযোগ সংকট ও প্রজন্মগত প্রতিযোগিতা আমরা বর্তমানে প্রত্যক্ষ করছি। তাই, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে আমাদের প্রয়োজন এই সংকট সম্পর্কে গভীরভাবে চিন্তা করা এবং এই গ্যাপ বা পার্থক্যকে কিভাবে কমিয়ে আনা যায় তা নিয়ে চিন্তা করা।

বর্তমান জেনারেশন চেঞ্জ-এর সংকটটা কতটা গভীর?

ধরুন, একদিন সকালে ঘুম ভেঙ্গে দেখলেন আপনার টিন এজ মেয়ে মেহেরীন আহমেদ আপনার এবং আপনার স্ত্রীর নামে আদালতে মামলা করেছে। কারণ, আপনি তাকে তার ইচ্ছে মত সবকিছু করতে দিচ্ছেন না, তার স্বাধীনতায় সবসময় হস্তক্ষেপ করছেন। এবং পুরো দেশের মিডায়ার সামনে সে আপনাদেরকে উদ্দেশ্য করে বলছে, “Those stupid people are not my mom and dad, they are criminals! ..Child abuser…I want to be famous but they don’t..” এমন বাস্তবতা আপনি কিভাবে ফেস করবেন? এমনটাইতো হয়েছে কিছুদিন আগে। আবার দরুন আপনার মেয়ে লাইভে এসে আপনাকে খুন করে ধর্ষণকারী হিসেবে আপনার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করছে, কারণ আপনি তার নেশা এবং সমকামিতার মত বিক্রিত যৌনাচারে বাধা দিচ্ছিলেন। এমনটাইতো এখন আমাদের সমাজে আমরা প্রত্যক্ষ করছি। ২০১৯ সালে ভারতে রাফায়েল স্যামুয়েল নামে এক যুবক নিজের বাবা-মার বিরুদ্ধে মামলা করেছে, এই যুক্তিতে যে- তারা তার সম্মতি ছাড়াই তাকে জন্ম দিয়েছে। তার কথা ছিলো- “আমি জন্ম নিতে চাইনি, অথচ আমাকে সারাজীবন কষ্ট সহ্য করতে হচ্ছে” (বিবিসি, ২০১৯)। সন্তান এবং বাবা-মার মধ্যে এই যে এক দৃশ্যমান সংঘাত আমরা প্রত্যক্ষ করছি, কেন করছি? আমাদের পরিবারগুলোতে লক্ষ্য করলে দেখা যায় সন্তানরা সবসময় বাবা-মা’র লাইফ স্টাইল থেকে ভিন্ন লাইফ স্টাইল অ্যাডাপ্ট করছে। যেখানে, সন্তানরা নিজেদের আলাদা একটি জগত বজায় রাখছে। যে জগতে তারা চায় না বাবা-মা’রা হস্তক্ষেপ করুক। ব্যক্তিগত প্রাইভেসির নামে তারা রুমের দরজা বন্ধ রাখছে। সোশ্যাল মিডিয়ায় বাবা-মা’কে ব্লক রাখছে যাতে বাবা-মা জানতে না পারে তারা কি করছে, কি বলছে, কার সাথে কথা বলছে, কোন স্টোরি দিচ্ছে, বা কোন পেইজ ফলো করছে। এমনকি কেউ কেউ নিজের প্রকৃত নাম ভিন্ন অন্য নাম ব্যবহার করছে যেন বাবা-মা সোশ্যাল মিডিয়ায় সার্চ দিয়ে তাকে না পায়। সন্তানরা মনে-প্রাণে লালন করছে লিভারেল দৃষ্টিভঙ্গি আর বাব-মা’রা রক্ষণশীল। দুই প্রজন্মের এমন বিপরীতমুখী চাওয়া থেকে প্রায়শই তৈরি হচ্ছে দ্বন্ধ কিংবা সংঘাত।  

জেনারেশনাল চেঞ্জ কেন হয় ?

আমরা যদি প্রজন্ম পরিবর্তনের এই সংকট মোকাবেলা করতে চাই; তাহলে, সর্বপ্রথম আমাদের জানা প্রয়োজন কেন এই চেঞ্জ হয়? সবার আগে আমাদের এই গ্রামার অনুধাবন করা জরুরী। কোন মানুষ তার জীবনকে কিভাবে পরিচালিত করবে, জীবনকে কোন গন্তব্যে পৌঁছাবে, জীবন সম্পর্কিত সমস্যাগুলোর সমাধান কিভাবে করবে, সিদ্ধান্ত নেয়ার মাপকাঠি কিভাবে নির্ধারণ করবে—এই বিষয়গুলো নির্ধারণ করে জীবন সম্পর্কে সে যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে তার ভিত্তিতে। যেমন ধরুন, আপনার উঠতি বয়সের মেয়ে কিংবা ছেলেটা চাচ্ছে তার মত জীবনটা উপভোগ করতে। এখন আপনার জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি যদি হয় “Everyone has the right to be happy. Do whatever you wish, as long as it does not harm anyone.”  তাহলে আপনার সন্তানের প্রতি আপনার স্বাভাবিক নসিহা থাকবে – “Your happiness matters. Pursue it freely, but never at the cost of another’s pain.” কিন্তু, আপনার জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি যদি হয় “Life’s true purpose is found in seeking Allah’s pleasure in every moment, in every act, in every choice” তাহলে আপনার সন্তানের প্রতি আপনার নসিহা থাকবে – “The aim of life is singular: earn the pleasure of Allah in all that you do. Hence, let your every action, every thought, every pursuit be a means to delight the Creator — this is life’s true purpose” । দেখুন, শুধুমাত্র জীবনকে দুটি ভিন্ন অবস্থান থেকে দেখার কারণে আপনার সন্তানের প্রতি আপনার নাসিহা ভিন্ন হয়ে যাচ্ছে। সুতরাং, জীবন কিভাবে পরিচালিত হবে এবং জীবনের সিদ্ধান্ত মানুষ কিভাবে নিবে এই সমস্ত কিছু নির্ধারণ হয় মূলত জীবন সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গির ভিত্তিতে। আর এই দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনের ভিত্তিতেই আসলে জেনারেশনাল চেঞ্জগুলো হয়ে থাকে। এটিই জেনারেশন চেঞ্জের মৌলিক গ্রামার। তাই, আমাদেরকে যদি কোন জেনারেশনকে বুঝতে হয় তাহলে তারা জীবন সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি বহন করছে তা বুঝতে হবে। আবার আমরা যদি কোন জেনারেশনগুলোর মধ্যেকার সংকট সমাধান করতে চাই তাহলেও আমাদেরকে এই দৃষ্টিভঙ্গিগত সংকটকেই সমাধান করতে হবে। 

প্রি-মডার্ন, মডার্ন, পোস্ট- মডার্ন এবং তৎপরবর্তী কালের মধ্যে মানুষের জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনের ফলে যে জেনারেশনাল চেঞ্জ এসেছে তা বুঝতে আমরা এই টাইমলাইনগুলোতে ঘুরে আসি:

মূলত, মানুষের সহজাত প্রবৃত্তি Reverence Instinct থেকে উদ্ভুত প্রশ্নসমূহ অর্থ্যাৎ (ক) আমি কে? (খ) আমি কেন পৃথিবীতে এসেছি? এবং (গ) আমার শেষ পরিণতি কি হবে? এগুলোর ভিত্তিতে জীবনের প্রতি যে দৃষ্টিভঙ্গি নির্ধারিত হয় সেগুলোর ধারণা প্রি- মডার্ন, মডার্ন, পোস্ট- মডার্ন এবং তৎপরবর্তী কালগুলোতে ভিন্ন ভিন্ন হওয়ার কারণেই এই পরিবর্তন সংগঠিত হয়েছে। যেমন:

(১) প্রি- মডার্ন কাল: সাধারণত ১৭শ শতাব্দির আগের সময়কালকে প্রি- মডার্ন কাল বলা হয়। এ সময়কালের মধ্যে মানুষ সবসময় জীবনের দৃষ্টিভঙ্গি নির্ধারণের ক্ষেত্রে সৃষ্টিকর্তাকে রেফার করতো। সমাজ এবং মানুষের চিন্তাভাবনা সবসময় ধর্ম, ট্র্যাডিশন এবং মেটা-ফিজিক্স বা আধ্যাত্মিকতা ধারা প্রভাবিত ছিলো। সত্য সম্পর্কে তখন মানুষের ধারণা ছিলো সুনিশ্চিত (Absolute) যা ধর্ম, কিতাব, সৃষ্টিকর্তা বা মহাজাগতিক বিষয় দ্বারা নির্ধারিত। তাই তখনকার মানুষের জীবনের উদ্দেশ্য নির্ধারণের ক্ষেত্রে আমরা প্রি-মর্ডাণ কালের এই মৌলিক দিকগুলোর প্রতিফলনই দেখতে পাই। এ কালে মানুষের জীবন ছিল—ধর্মনির্ভর, প্রথা-নির্ভর, সমষ্টিকেন্দ্রিক, স্থিতিশীল ও শ্রেণিবদ্ধ, পরিবার-নির্ভর এবং দায়িত্ব ও কর্তব্যে পরিবেষ্টিত। ব্যক্তিগত স্বাধীনতার প্রাধান্য ছিলো কম আর সমষ্টির কল্যাণের ছিলো বেশি। যেমন: সম্পর্ক মানে ছিল তখন দায়িত্ব, কর্তব্য ও আনুগত্য। ব্যক্তিগত সুখ বা রোমান্টিক ভালোবাসার তুলনায় স্থিতিশীলতা ও পরিবারকে তখন অগ্রাধিকার দেয়া হত।  

(২) মডার্ন কাল: মূলত ১৭ শতাব্দি থেকে বিংশ শতাব্দির মধ্যভাগ পর্যন্ত সময়কালকে মডার্ন কাল ধরা হয়। এ কালে এসে মানুষ জীবন সম্পর্কে প্রি-মডার্ন কালের ধারণাকে ত্যাগ করে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। ধর্ম, সৃষ্টিকর্তা কিংবা আধ্যাত্মিকতার পরিবর্তে হিউম্যান রিজনিং এবং বিজ্ঞান হয়ে উঠে মূল ডমিন্যান্ট ফ্যাক্টর অথবা বলা যায় “The new god”। সত্য সম্পর্কে সুনিশ্চিত (Absolute) ধারণা পরিবর্তিত হয়ে – সত্য হয়ে উঠে যা হিউম্যান রিজনিং কিংবা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত করা যায়। “সৃষ্টিকর্তা বলেছে” এর বদলে “প্রমাণ কি বলে”—এই চিন্তা শক্তিশালী হয়। সামষ্টিক সমাজের তুলনায় ব্যক্তি মানুষের অধিকার, মর্যাদা, স্বাধীনতা নিশ্চিত করার বয়ান হয়ে উঠে গুরুত্বপূর্ণ ন্যারেটিভ।

ফলশ্রুতিতে মানব জীবনের উদ্দেশ্য সম্পর্কে নতুন ধারণা সমাজে ও রাষ্ট্রে সঞ্চারিত হওয়া শুরু হয়। পশ্চিমা দার্শনিক রেনে ডেসকার্টেস (১৫৯৬–১৬৫০) মতে জীবনের উদ্দেশ্য হচ্ছে "যুক্তির মাধ্যমে সত্যের অনুসন্ধান করা এবং সার্টেইনিটি (Certainty) নিশ্চিত করা"। জেরেমি বেন্থাম (১৭৪৮–১৮৩২ - উপযোগবাদীতার জনক) এর মতে উদ্দেশ্য হচ্ছে,  “Maximize pleasure, minimize pain” (greatest happiness principle of modern era)।  আর, জন স্টুয়ার্ট মিল (১৮০৬–১৮৭৩) এর মতে "জীবনে সর্বাধিক সুখ অর্জন করা (উপযোগবাদ) এবং ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করা”। এই ধরনের দৃষ্টিভঙ্গিরই প্রভাব আমরা মডার্ন কালের Compromise Generation থেকে শুরু করে Greatest Generation পর্যন্ত দেখতে পাই। এই জেনারেশনগুলোর পালাবদলের মাঝেই সমাজ ধীরে ধীরে সমষ্টিকেন্দ্রিক থেকে ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠে। সমাজে ব্যক্তি স্বাধীনতা কিংবা ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের চর্চা শুরু হয়। যৌথ পরিবার ভেঙ্গে নিউক্লিয়ার পরিবারের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। সমাজে নারী-পুরুষের সম্পর্ক ও ভূমিকার মাঝে ফেমিনিজম, জেন্ডারিজম এর ধাক্কা লাগা শুরু হয়। পাশাপাশি, রাষ্ট্রসমূহের মাঝে জাতীয়তাবাদী দ্বন্দ, আধিপত্য বিস্তারের মোহও গাঢ় হতে থাকে।  এভাবে, মডার্ন এরা জুড়ে সমাজ যেন ধীরে ধীরে কোন এক উন্মাদনার বিষ্ফোরণে বিষ্ফোরিত হওয়ার অপেক্ষায় পুঞ্জীভূত হতে থাকে। যার ফলশ্রুতিতে  অল্প সময়ের ব্যবধানে মর্ডানিজম বিশ্বকে পর পর দুটি বিশ্বযুদ্ধ উপহার দেয়। এবং, শেষাংশে এসে এটি ১৯৬০ সালে জন্মনিয়ন্ত্রক পিল আবিষ্কারের পর পরই পশ্চিমা সমাজে “সেক্সুয়াল রেভ্যুলেশন’ ঘটায় যা পুরো সামাজিক কাঠামোই উলোট-পালট করে দেয়। এতে, দ্রুততার সাথে বিবাহ-পূর্ব ও বিবাহ-বহির্ভূত সম্পর্কের বৃদ্ধি ও সামাজিক গ্রহণযোগ্যতা বাড়ে। ডিভোর্স রেট বৃদ্ধি পায়- কারণ মানুষ সম্পর্ককে “ব্যক্তিগত সুখ”-এর ধারণা থেকে দেখতে শুরু করে। নিউক্লিয়ার পরিবার আরও বেশি প্রতিষ্ঠিত হয়- “আমি কে, আমি কি চাই”—এই প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। LGBTQ+ আলোচনার সূচনা তথা হোমোসেক্সুয়ালিটি সম্পর্কে খোলামেলা বিতর্ক শুরু হয়। প‌র্ণোগ্রাফি, মিডিয়া, পপ কালচারের পরিবর্তন হয়ে যৌনতা মূলধারার বিষয় হয়ে উঠে। কনসেন্ট, যৌন শিক্ষা, যৌন স্বাস্থ্যবিধির প্রসার অর্থ্যাৎ, এগুলোকে সমাজে “ব্যবহারিক” হিসাবে দেখা শুরু করে। এই বিষয়গুলোরই প্রতিফলন আমরা মডার্ন  কালের  সমসাময়িক Bob Dylan (1964) এর “The Times They Are A-Changin’” John Lennon (1971) এর “Imagine” গানের লিরিক্স এ এবং বিখ্যাত সিনেমা Metropolis (1927), Modern Times (1936- Charlie Chaplin), The Great Dictator (1940), Bicycle Thieves (1948), The Fountainhead (1949), 12 Angry Men (1957), 2001: A Space Odyssey (1968) তে খুঁজে পাওয়া যায়।  

৩। পোস্ট-মডার্ন কাল: মডার্ন কাল পরবর্তী পর দুটি বিশ্বযুদ্ধের শক ওয়েভের প্রেক্ষাপটে মডার্নিজমের কাউন্টার হিসেবে পশ্চিমা সমাজ বিংশ শতাব্দীর মাঝামাঝি পোস্ট-মডার্ন কালে প্রবেশ করে। মডার্ন  কালের  সাইন্টেফিক বা হিউম্যান রিজনিং এর মেটা-ন্যারেটিভ কিংবা প্রি- মডার্ন কালের  সৃষ্টিকর্তার গ্র্যান্ড-ন্যারেটিভ এর বিপরীতে অবস্থান নিয়ে পোস্ট মডার্ন দার্শনিকরা মানুষ, জীবন, মহাবিশ্বের অস্বিত্ব এবং উদ্দেশ্যের ক্ষেত্রে নতুন ধরনের আইডিয়া “প্রাসপেক্টিভিসম” বা দৃষ্টিকোনবাদ নিয়ে আসে। যার মূল বক্তব্য হচ্ছে – কোন প্রকৃত সত্য বা Absolute Truth বলে কিছু নাই। যেহেতু, প্রকৃত সত্য বা Absolute Truth বলে কিছু নাই, সেহেতু মানুষ এবং মানুষের জীবনের দৃষ্টিভঙ্গি সম্পর্কে কোন নির্দিষ্ট বক্তব্য বা Absolute Narrative নাই, অর্থ্যাৎ এ কালে সত্য ও জীবনের উদ্দেশ্য Absolute থেকে Subjective হয়ে যায়। এ কালের জেনারেশনগুলো তথা Silent Generation থেকে শুরু করে Generation Y পর্যন্ত আমরা এই চিন্তা চেতনারই আধিপত্য দেখতে পাই। 

বিষয়টা এবার আমরা কিছু উদাহরণ দিয়ে বুঝি চলুন। যেমন ধরুন পোস্টমডার্নিজম আইডিয়া অনুযায়ী একজন মানুষের আইডেন্টিটি হবে fluid and performative 0r Constructive । এটি কোন ফিক্সড কিছুনা। ইন্সটাগ্রামে সে নিজেকে ট্রেন্ডি, এসথেটিকভাবে তুলে ধরবে। আর, টিকটকে ফানি ও আমোদপ্রমোদপ্রবণ (Playfull) ভাবে। অন্যদিকে, লিংকডইন এ প্রফেশনাল ও সিরিয়াস কিন্তু, রেডিটে সে anonymous থাকবে। অর্থ্যাৎ, বিভিন্ন প্রেক্ষাপটে তার আইডেন্টিটি কিংবা পারসোনালিটি ভিন্ন ভিন্ন হতে পারে। মূলত, সে যা পারফর্ম করছে তার ভিত্তিতে। একইভাবে একজন মানুষের জেন্ডার আইডেন্টিটিও ভিন্ন হতে পারে সে নিজেকে যা মনে করছে তার ভিত্তিতে। এটিও fluid and performative 0r Constructive। যেমন লেডি গাগা-এর “Born This Way”- গানের লিরিক্সে বলা হচ্ছে নিজের ফিলিংসই Ultimate Truth অর্থ্যাৎ, আমার ফিলিংসই আমার সত্য। যার ফলে, জেন্ডার আইডেন্টিটি সম্পর্কে পোস্টমডার্নিস্টদের মূলকথা হচ্ছে, “My gender identity is what I feel, not Biology”। এই বিষয়টি যেমন আমরা  The Danish Girl (2015) মুভিতে দেখেছি, Why should boys have all the fun? এই ন্যারেটিভেও পেয়েছি, আর এখন আমরা আমাদের চারপাশেও দেখতে পাচ্ছি। আবার, আপনি ব্যক্তিগতভাবে এই ধরণের ন্যারেটিভ বিশ্বাস কিংবা পছন্দ করেন না। পোস্টমর্ডানিজম অনুযায়ী আপনার জন্য তাই সত্য কিন্তু, আপনি বাকিদের মিথ্যে বা ভুল বলতে পারবেন না। এজন্যে এই সময়ের জেনারেশনের মধ্যে আমরা দেখতে পাই অনেকে হয়ত LGBTQ+ ইস্যুকে পছন্দ করেন না, কিংবা নিজে এর অংশ নন কিন্তু ধারণা রাখেন এইটা সমাজে থাকা সমস্যা না। এটি ব্যক্তিমানুষের ব্যক্তিগত বিষয়। অর্থ্যাৎ, সমাজ কোন একক ন্যারিটিভের (Grand Narrative) উপর ভিত্তি করে চলবেনা। এটি হবে অন্তর্বর্তীমূলক এবং বহুত্ববাদ নির্ভর। এটিই পোস্টমডার্নিস্ট Jean-Francois Lyotard (1979) বলে, “Postmodern Condition is the end of grand narrative”। একইভাবে, পোস্টমর্ডানিস্টরা বলে না “God doesn’t exist”, বরং তারা বলে, “We cannot claim a single, final truth about God”। ফলে, পোস্টমডার্নিস্ট সমাজে সংশয়বাদ, কিংবা সৃষ্টিকর্তা সম্পর্কে Ambiguous ধারণা বেশি। আইডিন্টিটির মত বিশ্বাস স্থাপনের বিষয়টাও এখানে ফ্লুইড, নির্দিষ্ট কিছুনা। সত্যকে এখানে ব্যঙ্গ করা হয়, সবকিছুকে প্রশ্ন করা হয়। অর্থ্যাৎ, Believing while also questioning পজিশনটাই এই জেনারেশনকে ট্র্যাপে ফেলে দিছে, কনফিউজড করে ফেলছে। আর, এই পরিচয় ও বিশ্বাসের অসারতার প্রতিফলনই আমেরিকান ব্যান্ড Talking Heads এর “Once in a Lifetime” গানের মাঝে অথবা Batman মুভির “Life is comedy, Why so serious?” বয়ানে ফুটে উঠেছে।

৪। মেটা-মডার্ন কাল: মূলত, জীবন এবং জীবনের দৃষ্টিভঙ্গির পোস্ট-মডার্নিস্ট বিশৃঙ্খলার (chaos) মাঝে সমাজ বর্তমানে ধীরে ধীরে মেটা-মর্ডানিজমের দিকে গিয়েছে। সাধারণত ২১ বিংশ শতাব্দীর শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত সময়কে মেটা-মর্ডান কাল বলা চলে। এটি আইডিয়াগতভাবে মর্ডানিস্ট হোপ এবং পোস্টমর্ডানিস্ট বিদ্রুপের মধ্যে দোদুল্যমান। এটি জীবনের দৃষ্টিভঙ্গি সম্পর্কে অনিশ্চয়তাকে গ্রহণ করলেও একটা সিরিয়াস ও অর্থবহ কিছু অনুসন্ধান করার প্রয়াস জাগাচ্ছে। অর্থ্যাৎ, মানুষ গভীরে সত্য চাইছে, কিন্তু আইরনির মাধ্যমে স্বীকার করছে যে সব কিছুই ১০০% নিখুঁত নয়। এই ধারণার ভিত্তিতে মেটা-মডার্নিজম - ট্র্যাডিশন, প্রগতিশীলতা, বহুত্ববাদ মিলিয়ে সমাজকে একদিকে নিতে চাচ্ছে। এক কথায় বলতে গেলে এর মূল থিম হচ্ছে – “বিশৃঙ্খলার মাঝে অর্থ খোঁজা”। এ জিনিসটিই আমরা মেটা-মর্ডান কন্সেপ্ট এর মুভি Everything Everywhere All At Once (2022) এ দেখি। আপনারা একটু খেয়াল করে দেখবেন, এখন কিন্তু ইয়ুথরা ফিকশন থেকে নন-ফিকশনাল সাহিত্য বেশি পড়ে। এর কারণ এটিই। যার কারণে এই কালের অন্যতম গুরুত্বপূর্ণ জেনারেশন জেন-জি এর মাঝে আমরা একটা কমন প্রবণতা দেখি “They are searching Authenticity and Meaning in everything”। কারণ, পূর্ববর্তী কালের জীবন সম্পর্কে গ্র্যান্ড ন্যারেটিভ অস্বীকার করার ফলে জীবনের দৃষ্টিভঙ্গি নিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এর মাঝে আসল কিছু খোঁজার তাগিদ মানুষ নিজের ভিতর থেকে অনুভব করছে। বাজারে যখন নকল পণ্যের পরিমাণ বেড়ে যায় তখন মানুষের মাঝে ন্যাচারালি অথেনটিক পণ্য খোঁজার প্রবণতা বাড়ে। এমনকিছুই হয়েছে এই কালে। এই কালের ফিলোসফারদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য শুনলে আমরা এরই প্রতিফলন দেখবো। যেমন টিমোথিউস ভার্মিউলেন এবং রবিন ভ্যান ডেন আকার (2000) বলেন, “Purpose is found in “oscillation” between modern hope and postmodern irony”। এক কথায় মেটা-মডার্ন ধারণানুযায়ী “The purpose of life is to engage sincerely in meaning-making, while accepting ambiguity and embracing both hope and doubt.” 

তাই, মেটা-মর্ডান কালের জেনারেশন জুমার্স (জেন জি) এবং জেনারেশন আলফার লাইফ স্টাইলের দিকে প্রত্যক্ষ করলে আমরা জীবন সম্পর্কে এমন দৃষ্টিভঙ্গিরই আধিপত্য দেখবো। ফলে, এই কালের মানুষজন অস্তিত্বের সংশয় মনে ধারণ করেন, আবার ন্যায়বিচার, স্থায়িত্ব এবং সংকট সমাধানের জন্য আন্তরিকভাবে কাজ করেন। যেমন- আমরা জানি পৃথিবী সংকটে আছে (পরিবেশ ধ্বংস, গ্লোবাল ওয়ার্মিং)—এটি পোস্টমর্ডান হতাশা। তবুও আমরা কাজ করছি নতুন সমাধান আনতে—সোলার এনার্জি, ইলেকট্রিক কার, AI-Climate models—এটি মর্ডান আশাবাদ। অর্থ্যাৎ, মেটা-মর্ডান মানসিকতা হচ্ছে “আমরা জানি সমস্যা অনেক, কিন্তু তারপরও আশা করি ও কাজ করি।” বা বলা যায় , “Life is falling apart, But I'm still trying, guys.” এ ধরনের আত্মউন্মোচন (authenticity) এবং ফান করা এটা Meta-modern vibe। এই কালে পোস্ট-মর্ডাণ কালের আইডেন্টিটি ফ্লুয়েডিটি’র পরিবর্তে এক ধরণের হাইব্রিড আইডেন্টিটি পরিলক্ষিত করা যায়, রিলিজিয়াস কিন্তু বিজ্ঞান সচেতন, আইরনিক কিন্তু আইকোনিক হতে চাওয়া। আপনারা, হলিউডের মুভি Stranger Things ( ৮০’র nostalgia ও আধুনিক অনুভব),  Euphoria – (বাস্তবতা , hypermedia এবং genuine emotion), Inside Out (2015) – (আবেগের ভেতর অর্থ খোঁজা), La La Land (2016) – (রোমান্টিকতা ও বাস্তবতার মিশেল) এবং Interstellar (2014) – (বিজ্ঞান এবং মানবিক অনুভূতি) এর থিমগুলোর মধ্যে এই মেটা-মর্ডানিজমের বিষয়গুলোই প্রত্যক্ষ করবেন।  

পরিশেষে, এটিই জেনারেশন চেঞ্জ এর মূল গ্রামার। বয়সের পার্থক্যের কারণের নয়, বরং মানুষ, জীবন ও মহাবিশ্ব সম্পর্কে সার্বিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলে জেনারেশন চেঞ্জ ঘটে। ১৯২৪ সালে মুসলিমদের সামরিক ও সাংস্কৃতিক আত্মরক্ষার ঢাল খিলাফত রাষ্ট্র ধ্বংস হওয়ার পর আমরা মুসলিমরা পশ্চিমাদের মডার্ন, পোস্ট-মডার্ন এবং মেটা-মডার্ন চিন্তাধারায় প্রভাবিত হয়ে পড়েছি। অন্যভাবে বললে, নিজেদের মুসলিম আত্মপরিচয় ভুলে অন্যের পরিচয়ে নিজেকে রাঙাচ্ছি কিংবা রাঙাতে গিয়ে পশ্চিমাদেরই রোগে আক্রান্ত হচ্ছি। তাই, পুরোবিশ্বের জেনারেশন চেঞ্জগুলোকে জীবন সম্পর্কে পশ্চিমাপ্রসূত চিন্তারই স্পষ্ট প্রতিফলন। এর থেকে মুক্তির উপায় কি? এই বিষয় নিয়ে প্রবন্ধটির দ্বিতীয় খণ্ডে আলোচনা করা হবে, ইনশা‘আল্লাহ্‌।

    -    ইঞ্জিনিয়ার আসাদুল্লাহ্‌ নাঈম

Previous Post Next Post