এস আলম গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে নতুন করে ঋণ-সুবিধা দেয়া প্রসঙ্গে জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোনো কোম্পানী বন্ধ করে দেয়ার আগে দেশের অর্থনীতিতে তার প্রভাব হিসাব করতে হয়, আর অর্থনীতি আবেগ নয় বরং আইন দিয়ে চলা উচিত। তার মূল যুক্তি ছিল—ব্যক্তি ও প্রতিষ্ঠানের পরিচয় আলাদা; কোম্পানী একটি ‘লিগ্যাল বডি’, তাই কোনো ব্যক্তির দুর্নীতির কারণে পুরো কোম্পানী বন্ধ করে দেওয়া যায় না। ব্যক্তির বিচার হবে, কিন্তু কোম্পানীর কার্যক্রম চলতে দিতে হবে, কারণ তার সঙ্গে জড়িয়ে আছে হাজারো মানুষের কর্মসংস্থান, ব্যাংকঋণ এবং জাতীয় অর্থনীতির অবদান (প্রথম আলো, ৬ সেপ্টেম্বর ২০২৬)।
শুনতে এই বক্তব্য যৌক্তিক মনে হয়। কিন্তু এই যুক্তির ভেতরেই লুকিয়ে আছে কোম্পানী-ব্যবস্থার পুরনো ও বিপজ্জনক কৌশল। কোম্পানীর সত্তার সাথে প্রকৃত মালিক-নিয়ন্ত্রকদের সত্তাকে আইনগতভাবে বিচ্ছিন্ন রাখা—যাতে মালিকপক্ষ একদিকে সম্পদ, ক্ষমতা ও মুনাফা ভোগ করে, এবং অন্যদিকে দায়, দেনা ও দায়িত্ব থেকে মুক্ত থাকে। এই ধারণাটি হঠাৎ তৈরি হয়নি; এর পেছনে আছে সাড়ে তিনশ বছরের একটি সুনির্দিষ্ট ঔপনিবেশিক ও পুঁজিবাদী ইতিহাস, যা বুঝলে আজকের এস আলম গ্রুপ থেকে শুরু করে গোটা বৈশ্বিক করপোরেট কাঠামো পর্যন্ত অনেক কিছু স্পষ্ট হয়ে ওঠে।
১. ইস্ট ইন্ডিয়া কোম্পানী: দায়মুক্তির প্রথম রাষ্ট্রীয় মডেল
১৬০০ সালের ৩১ ডিসেম্বর রানি প্রথম এলিজাবেথ একটি রাজকীয় সনদের মাধ্যমে গঠন করে “দ্য গভর্নর অ্যান্ড কোম্পানী অব মার্চেন্টস অব লন্ডন ট্রেডিং ইনটু দ্য ইস্ট ইন্ডিজ”—যা ইতিহাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানী নামে পরিচিত। এই কোম্পানী ভারতবর্ষ জুড়ে শতবছর ধরে কিভাবে লুটতরাজ, অন্যায়, যুলুম-নিপীড়ন চালিয়েছিলো তা সবার জানা। একের পর এক আইনি সনদের মাধ্যমে তারা এসব করেছে, যাতে কাউকে দায়ী না করা যায়। ইস্ট-ইন্ডিয়া কোম্পানীর কর্মকর্তা রবার্ট ক্লাইভ এরকমই একজন কুখ্যাত ব্যাক্তি যে ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধে কোম্পানী বাহিনীর নেতৃত্ব দেয়। অত:পর কোম্পানীকে ব্যবহার করে সে বিপুল ধন-সম্পদ ও ঘুষ নিয়ে ইংল্যান্ডে ফেরার পর তার বিরুদ্ধে অঢেল সম্পদ উপার্জন ও দুর্নীতির অভিযোগ ওঠে এবং তাকে সংসদীয় কমিটির তদন্তের মুখোমুখি হতে হয়। অথচ ১৭৭৩ সালে ব্রিটিশ পার্লামেন্ট তদন্ত শেষে তাকে সব অভিযোগ থেকে মুক্ত (Exonerated) ঘোষণা করে এবং ভারতের সেবায় তার অবদানকে স্বীকৃতি দেয়! পরবর্তীতে ইস্ট-ইন্ডিয়া কোম্পানী তাকে আবার বাংলায় গভর্নর হিসেবে পাঠায়। এভাবেই লুটেরা কোম্পানী ও এর আইনি ভীত ব্যবহার করে ব্রিটিশরা লুটতরাজকে আইনি মোড়কে মানুষকে ধোকা দেয়।
২. দায়মুক্তির ধারাবাহিক আইনি কাঠামো:
ঊনবিংশ শতাব্দীতে ব্রিটেন রাজকীয় সনদভিত্তিক কোম্পানী গঠনের বদলে সাধারণ নিবন্ধন-ব্যবস্থা চালু করে। জয়েন্ট স্টক কোম্পানীজ অ্যাক্ট ১৮৪৪ প্রথমবারের মতো নিবন্ধনের মাধ্যমে কোম্পানী গঠনের সাধারণ অধিকার তৈরি করে। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন—লিমিটেড লায়াবিলিটি অ্যাক্ট ১৮৫৫। এর ফলে বিনিয়োগকারী কেবল তার বিনিয়োগকৃত অর্থ পর্যন্ত ঝুঁকি নেবেন, বাকি ক্ষতির দায় কোম্পানী নামক সত্তার। ১৮৯৭ সালের বিখ্যাত সলোমন বনাম এ সলোমন অ্যান্ড কোং মামলায় ব্রিটিশ হাউস অব লর্ডস চূড়ান্তভাবে প্রতিষ্ঠা করে—একটি যথাযথভাবে নিবন্ধিত কোম্পানী তার মালিক-শেয়ারহোল্ডারদের থেকে সম্পূর্ণ পৃথক একটি আইনি ব্যক্তিসত্তা।
স্বাধীনতার পর বাংলাদেশ মূলত এই ঔপনিবেশিক কাঠামোকেই কোম্পানী আইন ১৯৯৪-এর মধ্য দিয়ে অব্যাহত রাখে, যেখানে কোম্পানীকে ‘স্বতন্ত্র আইনি সত্তা’ ঘোষণা করা এবং সীমিত দায়বদ্ধতার নীতি অপরিবর্তিত থেকে যায়। অর্থাৎ কোম্পানীর সম্পদ কোম্পানীর, কোম্পানীর ঋণ কোম্পানীর, কোম্পানীর দায়বদ্ধতা কোম্পানীর—ব্যক্তির নয়। যা একটি ক্ষুদ্র এলিট গোষ্ঠীকে কোম্পানী নামক মেশিন ব্যবহার করে লুট করার আইনি ভিত্তি দিয়ে দেয়। কারণ এই ব্রিটিশ ডিজাইন্ড কোম্পানীতে মালিকানা, নিয়ন্ত্রণ এবং দায়—এই তিনটিকে সম্পূর্ণ আলাদা করে ফেলা হয়েছে। হাজার শেয়ারহোল্ডার কাগজে-কলমে মালিক হলেও প্রকৃত নিয়ন্ত্রণ বা সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকে হাতেগোনা কয়েকজন পরিচালকের হাতে, আর আইনি দায় বর্তায় এমন একটি সত্তার উপর যার (কোম্পানী) নিজের কোনো শরীর, বিবেক বা কারাগারে যাওয়ার সামর্থ্য নেই। এই বিচ্ছিন্নতাই কোম্পানীকে দেয় যেকোন ধরনের অপরাধ করার সুযোগ।
দিনে দিনে জনগণের সম্পদ যেমন রেলপথ, খনি, ব্যাংক, তেল-গ্যাস ইত্যাদি বেসরকারিকরণের মাধ্যমে কোম্পানীর হাতে তুলে দেয়া হয়। অর্থাৎ জনগণের মৌলিক ও কৌশলগত সকল বিষয় ইস্ট-ইন্ডিয়া কোম্পানীর মত দায়মুক্ত জয়েন্ট-স্টক কোম্পানীর হাতে চলে যায়। এসব কোম্পানী পাবলিক বা প্রাইভেট লিমিটেড হতে পারে, এরা পুঁজিবাজার, ব্যাংক ও সরাসরি সরকারি সহায়তা থেকে বিপুল সম্পদ জড়ো করতে পারে। বিভিন্ন সময় বিভিন্ন পরিচালক গোষ্ঠী এই কোম্পানীকে ব্যবহার করে ব্যাপক সম্পদ লুট করতে পারে। যদি কখনও ঐসব দুর্নীতি ও লুটতরাজ সামনে আসে অথবা কোম্পানী লস করে বা দেউলিয়া হয়, তখন সাধারণ বিনিয়োগকারীরা, সাধারণ কর্মচারী কর্মকর্তারা এমনকি এসব কোম্পানীর সাথে ব্যবসা করা অনেক সাপ্লাইয়ার ও সেবা প্রদানকারীরা বঞ্চিত হয়। কিন্তু মূল অপরাধী এই সুবিধাভোগী ক্ষুদ্র এলিট গোষ্ঠী বেশিরভাগ সময় পার পেয়ে যায়। ইস্ট-ইন্ডিয়া কোম্পানী হতে শুরু করে এস আলম, বেক্সিমকো এরকমই উদাহরণ।
এস আলম, বেক্সিমকোর মত 'কোম্পানী বন্ধ করা যাবে না'—অর্থমন্ত্রী এই বক্তব্যের মাধ্যমে বুঝাচ্ছেন 'পুঁজিবাদী ব্যবস্থা বন্ধ করা যাবে না'। কারণ ব্রিটিশ কোম্পানী ব্যবস্থা টিকে থাকার অর্থই হলো এলিট গোষ্ঠীর লুটের নেক্সাস টিকে থাকা, আর এটিই পুঁজিবাদী ব্যবস্থা। কর্মসংস্থান ও অর্থনীতি রক্ষার কথা বলে এটাকে যুক্তিযুক্ত করার চেষ্টা হলেও এটা পরিস্কার যে, ইস্ট-ইন্ডিয়া হতে এস আলম এই কোম্পানীগুলো কিভাবে জনগণের সম্পদ লুট করেছে, অর্থনীতি ধ্বংস করেছে।
৩. বহুজাতিক করপোরেশন—উপনিবেশবাদের নয়া সংস্করণ
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর মডেল ছিল সরল—পুঁজি, কোম্পানী আইন, রাষ্ট্রীয় ক্ষমতা এবং সরাসরি ভূখণ্ড দখল। আধুনিক বহুজাতিক করপোরেশন—আমাজন, টেসলা, ব্ল্যাকরক, শেভরনের মতো প্রতিষ্ঠান—একই কাঠামোর অনেক বেশি পরিশীলিত সংস্করণ: পুঁজি, কোম্পানী আইন, বৈশ্বিক অর্থব্যবস্থা, সরবরাহ-শৃঙ্খল, মেধাসত্ত্ব ও রাজনৈতিক প্রভাব। পার্থক্য কেবল এইটুকু—আজকের করপোরেশনের সরাসরি সেনাবাহিনী বা উপনিবেশ দরকার হয় না; বরং সে পুঁজিবাদী বিশ্বব্যবস্থার আইনি কাঠামো ব্যবহার করে কতিপয় পুঁজিপতি ও ক্ষমতাধরকে সুবিধা দেয়ার মাধ্যমে সারাবিশ্বের সম্পদগুলো নিয়ন্ত্রণ ও সুবিধাভোগ করতে পারে। এই রূপান্তরকে আইনগতভাবে সম্ভব করে তুলেছে একগুচ্ছ আন্তর্জাতিক কনভেনশন—যেমন বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র (আইসিএসআইডি), বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা (মিগা), বিশ্ব মেধাসম্পদ সংস্থা (উইপো) এবং বিশ্ব বাণিজ্য সংস্থার আওতাধীন বাণিজ্য-সংশ্লিষ্ট বিনিয়োগ ব্যবস্থা (ট্রিমস)। যে যুক্তিতে ঔপনিবেশিক আমলে রাজকীয় সনদ কোম্পানীকে দায়মুক্তি দিত, আজ সেই একই কাজ জাতীয় কোম্পানী আইন ও আন্তর্জাতিক বিনিয়োগ-কনভেনশনগুলোর সমন্বিত কাঠামো করে।
৬. ইসলামি বিকল্প: মালিকানা, দায়, দায়িত্ব সবই ব্যক্তির সাথে যুক্ত
এই সংকটের একটি মৌলিক বিকল্প দেখায় ইসলামি অর্থনৈতিক কাঠামো। ইসলামে অংশীদারিত্ব বা শারিকাহ্’র ধারণা এমনভাবে গঠিত, যেখানে প্রতিটি ব্যবসার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট থাকেন সুনির্দিষ্ট, নাম-পরিচয়যুক্ত জীবিত মানুষ—মালিক বা অংশীদার। এখানে আধুনিক কোম্পানীর মতো মানুষবিহীন কোনো কাগুজে ‘আইনি সত্তা’ তৈরির সুযোগ নেই, যার নিজস্ব অস্তিত্ব তার মালিকদের থেকে সম্পূর্ণ পৃথক। এছাড়া ইসলামে পুঁজি এবং সিদ্ধান্ত এদুটোকেও পৃথক করা যায় না। পুঁজি বা শ্রম দিয়ে যেভাবেই মালিকানা আসুক না কেন, অংশিদারদের অবশ্যই জানতে হবে কি ব্যবসা করা হচ্ছে। পুঁজিবাজারের মত ব্যবস্থা যেখানে বিনিয়োগকারী ও ব্যবসার মৌলিক সিদ্ধান্ত বিচ্ছিন্ন, তা ইসলাম অনুমোদন করে না। এভাবে ইসলাম মালিকানা, নিয়ন্ত্রণ ও দায়—এই তিনটিকে একসূত্রে বেধে রাখে।
তাছাড়া, ইসলামি ব্যবস্থা প্রতিটি ব্যক্তিকে দায়িত্বশীল ও আইনগতভাবে বিশ্বাসযোগ্য সত্তা হিসেবে স্বীকৃতি দেয়, যতক্ষণ না আইনগতভাবে প্রমাণিত হয় সে ব্যক্তি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। একারণে এ ব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণ, বিরোধ নিম্পত্তি, বিচার-আচার অনেক সহজ হয়। তাছাড়া, অংশীদারী চুক্তি, ঋণ আদান প্রদান ইত্যাদিও অনেক সহজ হয়। এভাবে ইসলামি ব্যবস্থায় বড় বড় বিনিয়োগ ও ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হওয়া ও পরিচালনায় কোন সমস্যা তৈরি হয় না, বরং কোম্পানী পরিচালনা ব্যয় কমে, দক্ষতা বেশি হয়, চুরি দুর্নীতি, সিস্টেম লস ইত্যাদি দূর হয়।
আবদুল্লাহ্ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন, "সাবধান! তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল (রাখাল বা তত্ত্বাবধায়ক) এবং তোমাদের প্রত্যেককেই নিজ নিজ দায়িত্বাধীন বিষয় বা অধীনস্থদের সম্পর্কে জবাবদিহি করতে হবে"।
- মোহাম্মদ তালহা হোসেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও গবেষক
