বেসরকারীকরণ নয়, গণমালিকানাই টেকসই রেলওয়ে গড়ার কার্যকর বিকল্প

বিশ্বব্যাংক, আইএমএফ-সহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থা এবং পুজিঁবাদী অর্থনীতিবিদরা দীর্ঘদিন ধরে সরকারি খাতের প্রতিষ্ঠানসমূহের দক্ষতা বৃদ্ধি ও আর্থিক ভর্তুকি হ্রাসের একমাত্র সার্বজনিন প্রেসক্রিপশন হিসেবে ‘বেসরকারীকরণ’ (Privatization) ও আউটসোর্সিংকে উপস্থাপন করে আসছেন। বাংলাদেশ রেলওয়েও এই নীতিগত দর্শনের বাইরে থাকেনি। তবে তথ্য-উপাত্ত স্পষ্টভাবেই সাক্ষ্য দিচ্ছে যে, আশির দশক থেকে বাণিজ্যিক আউটসোর্সিং ও প্রাইভেট ট্রেন লিজ প্রক্রিয়া শুরু করার পরও বাংলাদেশ রেলওয়ের রাজস্ব লোকসান কমেনি, বরং ব্যবস্থার মৌলিক অদক্ষতা আরও গভীর হয়েছে। বিস্তারিত জানতে দেখুনঃ Privatisation fails to cut railway losses, improve services, 17 October, নিউএজ, 2026।

পরিসংখ্যান অনুযায়ী, লিজ নেয়া বেসরকারি প্রতিষ্ঠানগুলো রেলের সম্পদ ব্যবহার করে ব্যবসা বাড়ালেও, সরকারি সংস্থা হিসেবে রেলওয়ের পরিচালন ঘাটতি কমার বদলে তা আরও বৃদ্ধি পেয়ে সাম্প্রতিক অর্থবছরগুলোতে হাজার কোটি টাকায় পৌঁছেছে। সমস্যার মূল কারণ বা Root Cause সঠিকভাবে চিহ্নিত না করে এবং বাহ্যিক পর্যবেক্ষণের উপর ভিত্তি করে প্রণীত সমাধান সংকটকে নিরসনের বদলে তার গভীরতাকে বহুগুণ বাড়িয়ে দেয়। ফলাফল হিসেবে, প্রতিবছর রাষ্ট্রীয় কোষাগার থেকে ১,৫০০ কোটি টাকার উপর পরিচালন ভর্তুকি দেওয়া সত্ত্বেও দেশের সাধারণ জনগণ ন্যূনতম কাঙ্ক্ষিত রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছে। প্ল্যাটফর্মে কাঙ্ক্ষিত ট্রেনের অভাব, বৈষম্যমূলক টিকিটিং ব্যবস্থা এবং প্রচণ্ড ভিড়ের কারণে বৈধ টিকিট কেটেও যাত্রীরা ট্রেনে উঠতে পারছেন না, এমনকি বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণভাবে ছাদে চড়ে যাতায়াত করতে হচ্ছে। 

এই প্রবন্ধে বাংলাদেশ রেলওয়ের লোকসানের প্রকৃত কারণ অনুসন্ধান এবং রেলওয়ের টেকসই রূপান্তরের একটি রূপকল্প উপস্থাপন করা হয়েছে। 

লাভজনক রেল কীভাবে স্থায়ী লোকসানি প্রতিষ্ঠান হলো?

রেলওয়ের নিজস্ব তথ্য বুকলেট পর্যালোচনা করলে দেখা যায়, ১৯৬৯-৭০ অর্থবছরে বাংলাদেশ রেলওয়ে (তৎকালীন পূর্ব পাকিস্তান রেলওয়ে) একটি লাভজনক প্রতিষ্ঠান ছিল এবং সে বছর রেলওয়ের নিট মুনাফা ছিল ৫.০২ কোটি টাকা। তখন রেলের অপারেটিং রেশিও (Operating Ratio) ছিল ০.৮৪—অর্থাৎ প্রতি ১ টাকা আয়ের বিপরীতে রেলের খরচ হতো মাত্র ৮৪ পয়সা। তবে মুক্তিযুদ্ধ-পরবর্তী ক্ষতিগ্রস্ত রোলিং স্টক, ভেঙে পড়া অবকাঠামো এবং প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনার কারণে নব্বইয়ের দশকে এসে সংস্থাটি লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়; ১৯৮৯-৯০ অর্থবছরে রেলের নিট লোকসান দাঁড়ায় ২০৩.২০ কোটি টাকা।

এই লোকসানি সংস্থাকে পুনরুজ্জীবিত করার নামে এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) ১৯৯৪ এবং ২০০৬ সালে দুই দফায় ‘রেলওয়ে রিকভারি অ্যান্ড রিফর্ম প্রোগ্রাম’ (Railway Recovery and Reform Program) গ্রহণ করে। কিন্তু, বিদেশি ঋণনির্ভর এই সংস্কার কর্মসূচিগুলো রেলকে স্বাবলম্বী করার বদলে কাঠামোগত ও প্রাতিষ্ঠানিকভাবে একটি স্থায়ী লোকসানি প্রতিষ্ঠানে রূপান্তর করেছে। ২০১৭ সালে এডিবির সংস্কার কর্মসূচি শেষ হওয়ার পর দেখা যায়, রেলের অপারেটিং রেশিও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২.৮৪—অর্থাৎ ১ টাকা আয়ের জন্য রেলের পরিচালনা ব্যয় হচ্ছে ২ টাকা ৮৪ পয়সা। অর্থাৎ, এডিবির তথাকথিত সংস্কারের পরে রেল হয়ে উঠলো আরো বেশী লোকসানি প্রতিষ্ঠান। তাহলে কেন এই সংস্কার কার্যক্রম?! 

এডিবির কাঠামোগত ফাঁদ: রেলকে স্থায়ী লোকসানি বানানোর ব্লুপ্রিন্ট

এডিবির প্রথম সংস্কার কর্মসূচির (RRP) অন্যতম প্রধান শর্তই ছিল শ্রমশক্তি হ্রাসকরণ বা লেবার রেশনালাইজেশন। এই শর্ত পূরণ করতে সরকার ‘গোল্ডেন হ্যান্ডশেক’ বা স্বেচ্ছায় অবসর প্রকল্পের মাধ্যমে একযোগে প্রায় ২০,০০০ অভিজ্ঞ কর্মীকে আগাম অবসরে পাঠায়। দীর্ঘমেয়াদে এই সিদ্ধান্ত রেলওয়েতে দুটি মারাত্মক কাঠামোগত সংকট তৈরি করেছে:

বিশাল পেনশনের দায়: আগাম অবসরে পাঠানো হাজার হাজার কর্মীর সামাজিক নিরাপত্তা ও পেনশন সুবিধা সরাসরি রেলওয়ের সাধারণ অপারেটিং বাজেটের উপর এসে পড়ে। বর্তমানে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন মেটাতে প্রতি বছর রেলওয়েকে প্রায় ১,০০০ কোটি টাকা খরচ করতে হচ্ছে, যা সংস্থাটির মোট বার্ষিক ব্যয়ের প্রায় ২৫ শতাংশ (সূত্র: Bangladesh Railway: Costs exceed double the profit, ১৬ মে ২০২৫, প্রথম আলো)।

দক্ষ জনবলের তীব্র শূন্যতা ও অপারেশনাল সংকট: ছাঁটাই প্রক্রিয়ার ফলে নতুন কারিগরি কর্মী তৈরির প্রাতিষ্ঠানিক চেইন বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর খেসারত হিসেবে বর্তমানে রেলওয়েতে অর্ধেকেরও বেশি পদ ফাঁকা এবং তীব্র লোকোমোটিভ মাস্টার (ট্রেন চালক) সংকট বিরাজ করছে। (সূত্র: জনবল সংকটে বিপর্যস্ত পশ্চিমাঞ্চল রেলওয়ে, বন্ধ ৪৩ ট্রেন-৬৭ স্টেশন, ১৪ এপ্রিল ২০২৬, জাগো নিউজ)।

এছাড়াও, এডিবির সংস্কার কর্মসূচির মূল মনোযোগ কখনো সাধারণ জনগণের দৈনিক যাতায়াত সুগম করা ছিল না। বরং, তাদের মূল অগ্রাধিকার ছিল নব্য-উপনিবেশবাদী প্রতিষ্ঠান (UNESCAP)-এর নব্য-ঔপনিবেশিক এজেন্ডা ‘ট্রান্স-এশিয়া রেলওয়ে’ (Trans-Asian Railway Network) রূপরেখা বাস্তবায়নে বাংলাদেশকে ব্যবহার করা। এই কৌশলের অংশ হিসেবেই এডিবি ঋণের শর্তে ঢাকা-চট্টগ্রাম করিডোরের টঙ্গী-ভৈরব বাজার অংশে দ্বিমুখী লাইন নির্মাণ এবং দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটারের নতুন ডুয়াল-গেজ ট্র্যাক নির্মাণের মতো মেগা প্রজেক্টে অর্থায়ন করেছে। দেশীয় যাত্রী চাহিদা মেটাতে অতিজরুরি লোকোমোটিভ ও কোচ সংগ্রহ কিংবা সাধারণ লাইনের সক্ষমতা বৃদ্ধির মতো মৌলিক অগ্রাধিকারকে উপেক্ষা করে আন্তর্জাতিক রুট নেটওয়ার্কের মানদণ্ড মেটাতে গিয়ে রেলওয়ের ঘাড়ে হাজার হাজার কোটি টাকার বৈদেশিক ঋণের বোঝা চাপানো হয়েছে।

নব্য-উপনিবেশবাদী প্রতিষ্ঠান এডিবির সংস্কারের নামে ঢালাও জনবল ছাঁটাই ও আন্তর্জাতিক ট্রানজিট কেন্দ্রিক মেগা প্রকল্পের মডেল বাংলাদেশ রেলওয়েকে স্বাবলম্বী করার বদলে চরম প্রাতিষ্ঠানিক সংকটে নিপতিত করেছে। জনগণের প্রকৃত প্রয়োজনকে উপেক্ষা করে উপনিবেশবাদী এজেন্ডা চাপিয়ে দেওয়ার কারণেই আজ বিপুল বিনিয়োগের পরও রেলওয়ে একটি দেউলিয়া ও সেবা দিতে অক্ষম প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। 

এডিবি’র নব্য-উপনিবেশবাদী কৌশল: রাষ্ট্রীয় নীতিনির্ধারকরা কি কাঠামোগত প্রভাব অনুধাবনে ব্যর্থ ছিল?

এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) মতো বহুজাতিক দাতা সংস্থাগুলোর 'রেলওয়ে রিকভারি অ্যান্ড রিফর্ম প্রোগ্রাম' (RRP) কেবল কোনো বিচ্ছিন্ন পরামর্শ ছিল না; এটি ছিল কাঠামোগত সামঞ্জস্য কর্মসূচির (SAP) আওতায় চাপিয়ে দেওয়া নব্য-উপনিবেশবাদী ঋণের শর্ত। কিন্তু প্রশ্ন ওঠে—বাংলাদেশ সরকার, দায়িত্বশীল মন্ত্রীগণ এবং রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা কেন এই আত্মঘাতী সংস্কারের অংশীদার হলেন? ঐতিহাসিক ও প্রশাসনিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায়, এটি শুধু নীতিগত অদক্ষতা বা অন্ধত্ব ছিল না; বরং রাজনৈতিক লাভ, প্রকিউরমেন্ট কেন্দ্রিক ব্যক্তি-সুবিধা এবং দাতা সংস্থাগুলোর বহুমুখী চাপের এক প্রাতিষ্ঠানিক পরিণতি।

১. 'ক্রস-কন্ডিশনালিটি' ও ঋণের বাধ্যবাধকতা

নব্বইয়ের দশকে বাজেট ঘাটতি ও রিজার্ভ সংকটের সময় এডিবি ও বিশ্বব্যাংক 'ক্রস-কন্ডিশনালিটি' বা সমন্বিত শর্ত চাপিয়ে দেয়। রেলওয়ে সংস্কার প্রকল্পের সাথে অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক বাজেট সহায়তার ঋণ যুক্ত থাকায় তৎকালীন নীতিনির্ধারকরা নীতিগত বিশ্লেষণের গভীরতায় না গিয়ে ঢালাওভাবে লেবার রেশনালাইজেশন বা ছাঁটাই প্রক্রিয়ায় সায় দিতে বাধ্য হন।

২. রাজনৈতিক সুবিধা ও প্রকিউরমেন্ট কেন্দ্রিক অসাধু ব্যক্তিস্বার্থ

রেলওয়ের কাঠামোগত সংস্কারে নিয়মিত পরিচালন খাত (যেমন: চালক নিয়োগ, নিয়মিত স্পেয়ার পার্টস ক্রয় বা ইঞ্জিন মেরামত) গুরুত্ব পায়নি। বরং অগ্রাধিকার পেয়েছে হাজার কোটি টাকার বৈদেশিক ঋণনির্ভর মেগা অবকাঠামো প্রকল্প।

কমিশন ও রাজনৈতিক মেগা-প্রজেক্ট প্রীতি: হাজার হাজার কোটি টাকার কনসালটেন্সি ফি, আন্তর্জাতিক টেন্ডার প্রক্রিয়া এবং সিভিল ওয়ার্কস বা ট্র্যাক নির্মাণের চুক্তিগুলো থেকে আমলাতন্ত্র, ঠিকাদার এবং তৎকালীন সরকারের দায়িত্বশীল মন্ত্রীদের রাজনৈতিক প্রচার ও ব্যক্তিস্বার্থ অর্জনের সুযোগ তৈরি হয়।

জবাবদিহিতাহীন আমলাতন্ত্র ও রাজনৈতিক নেতৃত্ব: প্রশাসনিক আমলারা প্রতিনিয়ত বদলি হন এবং রাজনৈতিক ক্ষমতার রদবদল ঘটে। ফলে একটি ১০-১৫ বছর মেয়াদী ঋণের মেগা প্রজেক্ট পাস করার পর তার দীর্ঘমেয়াদী সুদের বোঝা বা ২০ বছর পর সৃষ্ট জনবল সংকটের দায় কোনো নির্দিষ্ট মন্ত্রী বা কর্মকর্তার উপর বর্তায়নি।

৩. দায়িত্বশীলদের দূরদর্শিতার অভাব

এডিবির বিদেশি কনসালট্যান্টদের তৈরি করা গাণিতিক মডেলের উপর অন্ধ নির্ভরতার কারণে নীতিনির্ধারকরা এটি অনুধাবন করতে ব্যর্থ হন যে, 'গোল্ডেন হ্যান্ডশেক'-এর মাধ্যমে ২০,০০০ কর্মীকে বিদায় দিলে সাময়িকভাবে বেতন বাজেট কমলেও, তা কয়েক বছর পর ১,০০০ কোটি টাকার স্থায়ী 'পেনশন ট্র্যাপ' তৈরি করবে এবং ট্রেন চালকের অভাবে স্টেশন ও সেবা বন্ধ হয়ে যাবে।

রেলওয়ে কি ব্যবসা নাকি গণমালিকানাধীন সম্পদ?

রেলওয়ে কি একটি বাণিজ্যিক সেবা নাকি জনগুরুত্বপূর্ণ সামাজিক পরিসেবা—এ নিয়ে দৃষ্টিভঙ্গিগত অস্পষ্টতার কারণে সরকার আজও এই খাতের মৌলিক চরিত্র নির্ধারণ করতে পারেনি। এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর মতো নব্য-উপনিবেশবাদী প্রতিষ্ঠানগুলো রেলকে কেবল আন্তর্জাতিক ট্রানজিট করিডোর (যেমন: ট্রান্স-এশিয়া রেলওয়ে) ও ঋণনির্ভর মেগা-প্রজেক্ট বাস্তবায়নের হাতিয়ার হিসেবে দেখে আসছে; অন্যদিকে, বাংলাদেশ সরকারের নীতিনির্ধারকরা এই বহিরাগত এজেন্ডাকে দীর্ঘমেয়াদী জনস্বার্থের আলোকে মূল্যায়ন না করে সাময়িক বাজেট স্বস্তি, জনবল ছাঁটাইয়ের মাধ্যমে ব্যয় কমানো এবং প্রকিউরমেন্টভিত্তিক রাজনৈতিক ও ব্যক্তিস্বার্থের তাগিদে অন্ধভাবে গ্রহণ করেছেন। অথচ ইসলামী শারী‘আহ্‌’র দৃষ্টিতেও রেলওয়ে কোনো মুনাফাকেন্দ্রীক রাষ্ট্রীয় পণ্য নয়, বরং এটি একটি গণমালিকানাধীন সম্পদ (Public Property)—যার প্রকৃত মালিক জনগণ। ইসলামী শারী‘আহ্‌’র মূলনীতির আলোকে হিযবুত তাহ্‌রীর-এর দ্বিতীয় আমির প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মরহুম আব্দুল কাদীম জাল্লুম (১৯৯৮) তাঁর 'ফান্ডস ইন দ্য খিলাফাহ স্টেট' গ্রন্থে স্পষ্টভাবে বলেছেন জনগণের প্রতিনিধি হিসেবে শাসক হচ্ছে এই সম্পদের তত্বাবধায়ক মাত্র, যার দায়িত্ব হচ্ছে জনগণের জন্য ন্যায্য মূল্যে উন্নত রেলসেবা প্রদান করা। ফলে এই খাতকে বেসরকারীকরণ করা কিংবা কোনো বিদেশি কোম্পানি বা নব্য-উপনিবেশবাদী প্রতিষ্ঠানের নিকট উন্মুক্ত করা নীতিগতভাবে অবৈধ। গণমালিকানাধীন সম্পদ ব্যবহারে ইসলামী নীতি উপেক্ষা করে পুঁজিবাদী কাঠামোর উপর ভিত্তি করে নীতি প্রণয়ন, তথাকথিত দাতা সংস্থার ভূ-রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন এবং সরকারের নীতিনির্ধারকদের স্বল্পমেয়াদী সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে বাংলাদেশ রেলওয়ে জনগণকে সেবা প্রদানের সক্ষমতা হারিয়ে আজ এক স্থায়ী লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। “আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবিকা হবে সংকীর্ণ…” (সূরা ত্ব-হা : ১২৪)। 

গণমালিকানাধীন সম্পদ হিসেবে টেকসই রেলওয়ে রূপান্তরে ইসলামী দৃষ্টিভঙ্গী 

বাংলাদেশ রেলওয়েকে নব্যউপনিবেশবাদী পুঁজিবাদী প্রতিষ্ঠানের ষড়যন্ত্র থেকে মুক্ত করে টেকসই প্রতিষ্ঠানে রূপান্তরে ইসলামের রয়েছে  সুনির্দিষ্ট নীতিমালা: 

১. বেসরকারি কোম্পানির কর্তৃত্ব উচ্ছেদ করে রাষ্ট্রের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা

গত তিন দশকে আউটসোর্সিং, প্রাইভেট ট্রেন লিজ এবং কমার্শিয়াল অপারেশন লিজের নামে রেলওয়ের লাভজনক ও সেবামূলক ক্ষেত্রগুলোকে বেসরকারি করপোরেট গোষ্ঠীর হাতে তুলে দেয়া হয়েছে। রেলওয়ের মূল অপারেশন (যেমন: ট্রেন পরিচালনা, সিগন্যালিং, টিকিট ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ) থেকে সকল ধরনের দেশি-বিদেশি বেসরকারি কোম্পানির বাণিজ্যিক কর্তৃত্ব ও লিজ চুক্তি বাতিল করতে হবে। 

২. রেলওয়েকে জনগণের ‘আমানত’ হিসেবে সংজ্ঞায়িত করা

ইসলামী শরীয়াহ অনুযায়ী রেলওয়ে হলো একটি গণমালিকানাধীন সম্পদ যা রাষ্ট্রের নিকট আমানত’। রেলের প্রতিটি নীতিমালায় মুনাফা অর্জনের চেয়ে নাগরিকদের নিরাপদ, সাশ্রয়ী ও স্বচ্ছন্দ যাতায়াতের অধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। লোকসানের অজুহাতে জনবহুল রুটে ট্রেন বন্ধ করা বা অতিরিক্ত ভাড়া আরোপের সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে।

৩. ‘ক্ষতিকারক প্রকল্প’ (Flawed Projects) চিহ্নিতকরণ ও বৈদেশিক ঋণের দায়মুক্তি দাবি

এডিবিসহ বিভিন্ন নব্য-উপনিবেশবাদী দাতা সংস্থার চাপে অতীতে যে সমস্ত ঋণনির্ভর মেগা-প্রজেক্ট বা শর্তযুক্ত সংস্কার কর্মসূচি চাপিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে ‘জাতীয় স্বার্থবিরোধী প্রকল্প’ হিসেবে চিহ্নিত করতে হবে। যেসব হঠকারী সংস্কার (যেমন: গোল্ডেন হ্যান্ডশেকে ২০,০০০ কর্মী ছাঁটাই এবং ১,০০০ কোটি টাকার বার্ষিক পেনশন ট্র্যাপ তৈরি) ও অপ্রয়োজনীয় বৈদেশিক মেগা-প্রজেক্টের কারণে রেল আজ সংকটাপন্ন, সেগুলোর সাথে জড়িত দেশি-বিদেশি পরামর্শক, অসাধু কর্মকর্তা ও রাজনৈতিক নীতিনির্ধারকদের চিহ্নিত করতে হবে এবং যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। এডিবিসহ অনান্য নব্য-উপনিবেশবাদী প্রতিষ্ঠানের কাছে তাদের ভুল নীতি থেকে উদ্ভুত লোকসানের ক্ষতিপূরণ দাবি করতে হবে। 

৪. বর্তমান সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার এবং রেলপথ ও স্টেশনের বহুমুখী ব্যবহারের মাধ্যমে আয় বৃদ্ধি করা

বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান অবকাঠামো ও মেধা-জনবলকে অবমূল্যায়ন করে প্রতিনিয়ত নতুন ঋণনির্ভর মেগা-প্রকল্পের বোঝা চাপানোর নীতি থেকে রাষ্ট্রকে বেরিয়ে আসতে হবে। নতুন অবকাঠামো নির্মাণের আগে বিদ্যমান সম্পদ ও ট্র্যাকে সুশাসন ও পূর্ণ দক্ষতার ব্যবহার নিশ্চিত করাই টেকসই রূপান্তরের প্রধান শর্ত।

লাইন সক্ষমতার পূর্ণ ব্যবহার ও লোকোমোটিভ সংকট নিরসন: বর্তমানে বাংলাদেশ রেলওয়ের মূল ট্র্যাকিং নেটওয়ার্ক ও রেললাইন তার প্রকৃত সক্ষমতার প্রায় ৫০% কম ব্যবহৃত হচ্ছে। পর্যাপ্ত রোলিং স্টক (ইঞ্জিন ও কোচ) এবং দক্ষ চালকের অভাবই এই ধারণক্ষমতার অপচয়ের প্রধান কারণ। শূন্যপদগুলোতে দ্রুত লোকোমোটিভ মাস্টার (ট্রেন চালক), কারিগরি প্রকৌশলী ও রক্ষণাবেক্ষণ কর্মী নিয়োগ দিয়ে পশ্চিমাঞ্চলসহ দেশজুড়ে বন্ধ হয়ে যাওয়া অর্ধশতাধিক স্টেশন ও ট্রেন পুনরায় সচল করতে হবে। যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি অতি-লাভজনক পণ্য পরিবহন ও কনটেইনার সার্ভিসকে অগ্রাধিকার দিতে হবে। মাত্র কয়েকটি অতিরিক্ত ফ্রেট ট্রেন চালুর মাধ্যমে রেলওয়ের আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ঘটানো সম্ভব, যা সার্বিক পরিচালনা ঘাটতি কমিয়ে আনবে।

অব্যবহৃত ভূ-সম্পত্তির বহুমুখী ব্যবহার: বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন হাজার হাজার একর জমি হয় অলস পরে আছে বা অবৈধ দখলে রয়েছে, না হয় নামকাওয়াস্তে ব্যবহৃত হচ্ছে। স্টেশন চত্বর ও সংলগ্ন জমিতে সমন্বিত ওয়্যারহাউস, শস্য সাইলো, লজিস্টিক পার্ক, বাণিজ্যিক ভবন ও শপিং মল গড়ে রেল ভাড়ার বর্হিভূত বিপুল পরিমাণ আয় করা সম্ভব। 

রেলের সক্ষমতার পূর্ণ ব্যবহার এবং অব্যবহৃত ভূ-সম্পত্তি সদ্ব্যবহার করা সম্ভব হলে রেলওয়ের বার্ষিক পরিচালন ব্যয়ের চেয়েও বেশি আয় অর্জন করা সম্ভব।

    -    মো: সিরাজুল ইসলাম, রাজনীতি ও অর্থনীতি বিশ্লেষক

Previous Post Next Post