ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ডিপি ওয়ার্ল্ড: বাণিজ্য ও সার্বভৌমত্বের পুরোনো প্রশ্ন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের হাতে দেয়ার চিন্তা নতুন নয়। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলেই আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিদেশি অপারেটর নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছিল, এবং বাছাই করা চার প্রতিষ্ঠানের একটি ছিল ডিপি ওয়ার্ল্ডের মালিকানাধীন পিঅ্যান্ডও। তবে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি পর্যায়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয় আওয়ামী লীগ সরকারের সময়ে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ পিপিপি কর্তৃপক্ষ ও দুবাই সরকারের মধ্যে সমঝোতা স্মারক সই হয়, এবং বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী সে বছরের যৌথ বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকেই এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেয়ার প্রস্তাব করা হয়েছিল। ২০২৩ সালের মার্চে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রকল্পটির নীতিগত অনুমোদন দেয়। অন্তর্বর্তী সরকারের সময়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে বিষয়টি জাতীয় বিতর্কের কেন্দ্রে চলে আসে। বন্দরের রাজস্ব, জাতীয় সক্ষমতা ও সার্বভৌমত্বের প্রশ্নে শ্রমিক আন্দোলন, ধর্মঘট ও মামলার মধ্য দিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে, এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে চুক্তি স্বাক্ষর স্থগিত হয়ে যায়। নির্বাচনের আগে বিএনপি সমালোচনা করলেও ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই বিএনপি সরকার আলোচনা পুনরুজ্জীবিত করে এবং ৮ অক্টোবর ২০২৬ তারিখে ১৫ বছরের কনসেশন চুক্তি সম্পাদন করে। 

ফলে আওয়ামী লীগ সরকারের সূচনা, অন্তর্বর্তী সরকারের অগ্রগতি এবং বিএনপি সরকারের চূড়ান্তকরণ, এই তিন সরকারের ধারাবাহিকতায় চুক্তিটি বাস্তব রূপ পেয়েছে। অর্থাৎ প্রায় ১৬ বছরের মধ্যে সকল রকমের সরকারেরই প্রবল ইচ্ছা ছিল ডিপি ওয়ার্ল্ড এর হাতে নিউমুরিং টার্মিনালকে তুলে দেয়া। তার ধারাবাহিকতায় আজকের সিদ্ধান্ত। আপনি যখন অনেক আগে থেকেই কোন সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তখন পরিসংখ্যান, তথ্য-উপাত্ত মূলতঃ আপনার পূর্বে নিয়ে নেয়া সিদ্ধান্তকে সমর্থন দেয়ার জন্যই ব্যবহৃত হয়, সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য নয়। 

বিশ্বব্যাংকের তথ্য উপাত্ত, ডিপি ওয়ার্ল্ডের প্রচন্ড সক্ষমতা ইত্যাদির কথা বলে এই চুক্তিকে একটা ‘গেম চেঞ্জার’ তারাই বলতে পারে যারা বাংলাদেশের মত রাষ্ট্রকে আসলে সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিবেচনা করে না, বরং তারা বাংলাদেশকে কাফির-উপনিবেশবাদী শক্তির অধীনে একটি নতজানু রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। এবং তারা দেশের অত্যন্ত লাভজনক টার্মিনালকে এমন একটি কোম্পানির হাতে তুলে দিয়েছে যাদের সাথে কুখ্যাত মার্কিন নৌবাহিনীর লজিস্টিক চুক্তি আছে। যেই চুক্তির বদৌলতে ডিপি ওয়ার্ল্ড মার্কিন নৌবাহিনীকে তাদের ব্যবস্থাপনায় থাকা যেকোন বন্দর ব্যবহার করতে দিবে। যেরকম তারা দিয়েছে দুবাইয়ের জেবেল আলি পোর্ট, জিবুতির সমুদ্র বন্দর এবং আমিরাতের ফুজাইরাহ বন্দর। পৃথিবীর যেকোন সার্বভৌম রাষ্ট্র নিজের প্রধান সমুদ্র বন্দর এমন কোন বহিঃরাষ্ট্রের অধীনে ছেড়ে দিবে না, যেমনটা ২০০৬ সালে যুক্তরাষ্ট্র নিজেই দেয়নি। সে বছর দুবাই সরকারের মালিকানাধীন ডিপি ওয়ার্ল্ড ব্রিটিশ প্রতিষ্ঠান পেনিনসুলার অ্যান্ড ওরিয়েন্টাল স্টিম নেভিগেশন কোম্পানি (P&O) অধিগ্রহণের উদ্যোগ নেয়। এর ফলে নিউইয়র্ক, নিউ জার্সি, বাল্টিমোর, ফিলাডেলফিয়া, মিয়ামি ও নিউ অরলিন্সের মতো ছয়টি গুরুত্বপূর্ণ মার্কিন বন্দরে বিদ্যমান টার্মিনাল পরিচালনার অধিকার ডিপি ওয়ার্ল্ডের হাতে চলে যাওয়ার কথা ছিল। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রশাসন নিরাপত্তা পর্যালোচনার পর এই অধিগ্রহণ অনুমোদন করলেও মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের নেতারা এর বিরুদ্ধে অবস্থান নেন। তাদের আপত্তির কেন্দ্রে ছিল জাতীয় নিরাপত্তা, কৌশলগত অবকাঠামোর ওপর বিদেশি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ এবং বন্দরের গুরুত্বপূর্ণ তথ্য ও কার্যক্রমে বিদেশি প্রতিষ্ঠানের প্রবেশাধিকার। বিরোধিতা এতটাই তীব্র হয়ে ওঠে যে, ২০০৬ সালের ৮ মার্চ মার্কিন প্রতিনিধি পরিষদের অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটি ৬২–২ ভোটে এই অধিগ্রহণের মার্কিন অংশ ঠেকানোর উদ্যোগ সমর্থন করে। পরদিনই ডিপি ওয়ার্ল্ড ঘোষণা দেয়, তারা মার্কিন বন্দর কার্যক্রম মার্কিন মালিকানার হাতে ছেড়ে দেবে। শেষ পর্যন্ত একই বছরের ডিসেম্বরে প্রতিষ্ঠানটি তার মার্কিন বন্দর কার্যক্রম আমেরিকান ইন্টারন্যাশনাল গ্রুপের (AIG) একটি বিনিয়োগ ইউনিটের কাছে বিক্রি করে দেয়।

জাতীয় নিরাপত্তা, কৌশলগত অবকাঠামোর ওপর বিদেশি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ এবং বন্দরের গুরুত্বপূর্ণ তথ্য ও কার্যক্রমে বিদেশি প্রতিষ্ঠানের প্রবেশাধিকার- এসব নিয়ে যদি আমেরিকা দুশ্চিন্তা করতে পারে- তাহলে সেই দুশ্চিন্তা বাংলাদেশের কেন হচ্ছে না? কেন বাংলাদেশের সরকার, বিরোধী দল, তথাকথিত বুদ্ধিজীবিরা সবাই মিলে নাওয়া খাওয়া ছেড়ে বিশ্বব্যাংকের তথ্যের উপর ভিত্তি করে এটাকে গেম চেঞ্জার বলে প্রমাণ করতে চাইছে?

১৬১৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নাম করে পরবর্তীতে মোগলদের কাছ থেকে পুরো ভারত উপমহাদেশই যেভাবে কেড়ে নেয়, সেখান থেকে বাংলাদেশের মত রাষ্ট্রগুলোর অবশ্যই শিক্ষা নেয়া উচিৎ ছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার মত পরাশক্তিরা উপনিবেশবাদি যুদ্ধের খরচ থেকে বাঁচার জন্য জাতিসংঘ, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক ইত্যাদি সংস্থার মাধ্যমে অন্যান্য রাষ্ট্রগুলোকে পলিসিগতভাবে শোষণ করে নব্য উপনিবেশবাদি যুগে প্রবেশ করায়। এতে করে তথাকথিত স্বাধীন জাতিরাষ্ট্রগুলো নব্য-উপনিবেশবাদি কাঠামোর মধ্যে প্রবেশ করে। নিজেদের সক্ষমতা থাকলেও কিংবা অর্জন করা সম্ভব হলেও শুধুমাত্র উপনিবেশবাদীদের নিকট জাতিকে নতজানু রাখার নির্দেশিত কাজ (Assignment) পালন করে। যেমন যেসব প্রযুক্তিগত উৎকর্ষতার কথা বলে ডিপি ওয়ার্ল্ড এর কাছে বন্দর মুচলেকা দেয়া হলো- তা হচ্ছে টার্মিনাল অপারেটিং সিস্টেম (TOS), ডিজিটাল গেট ও ট্রাক অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, CARGOES প্ল্যাটফর্ম, ডেটা ও পারফরম্যান্স মনিটরিং ইত্যাদি যা রাষ্ট্র চাইলে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীরাই তৈরি করতে পারবে। তাই, কিছু হলেই যে অব্যবস্থাপনা, অদক্ষতা আর দুর্নীতি ইত্যাদির কথা বলা হয়, তা মুলত পশ্চিমা নব্য-উপনিবেশবাদী প্রতিষ্ঠান আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংক এর প্রেসক্রিপশন বাস্তবায়নের হাতিয়ার। দেশেতো প্রচুর দুর্নীতি ও অব্যবস্থাপনা আছে, তাই বলে কি আমরা দেশকেও ইজারা দিয়ে দিব? দুর্নীতির সমাধান এটা নয় যে, বিদেশীদের কাছে ইজারা দিয়ে দিব, বরং এর মূল কারণ খুঁজে সেটা সমাধান করা।

আমাদের এটা ‍অনুধাবন করা জরুরী যে, নব্য-উপনিবেশিক কাঠামোতে জাতিরাষ্ট্রগুলো তথাকথিত স্বাধীনতা লাভ করলেও, প্রকৃতপক্ষে আমাদের শাসকগোষ্ঠী উপনিবেশিক শক্তি দ্বারা নিয়োজিত এবং পশ্চিমা শাসন ও নীতিসমূহ দ্বারা আমাদের রাজনীতি, অর্থনীতি সহ সকল ক্ষেত্র পরিচালিত হচ্ছে। তাই, এসব শাসকগোষ্ঠীর মধ্যে আদর্শিক দৈন্যতা ও রাজনৈতিক উচ্চাকাংখার অভাব থাকাই স্বাভাবিক। সকল ক্ষেত্রে, অব্যবস্থাপনা আর দুর্নীতি তার স্বাভাবিক পরিণতি হবে এটাই স্বাভাবিক। 

তাই, এই চক্র থেকে বের হতে হলে আমাদের এমন এক আদর্শের হাত ধরতে হবে যা আমাদেরকে এই  নতজানু চিন্তা থেকে মুক্তি দেবে। রাসূলুল্লাহ্‌ (সাঃ) যখন মদিনায় রাষ্ট্রক্ষমতা নিলেন তখন মদিনার আকার ছিল ঢাকা শহরের চেয়েও ছোট। সেখান থেকে মুসলিমরা রোম ও পারস্যের মত পরাশক্তিকে চ্যালেঞ্জ করে এবং পরাভূত করে। কারণ মুসলিমদের চিন্তা কোন পুঁজিবাদী বাক্সের মধ্যে আটকানো ছিল না। 

প্রশ্ন হলো, ইসলাম তাহলে চট্টগ্রাম বন্দরের সমস্যার সমাধান কীভাবে করবে? প্রথম কথা, ইসলামী অর্থনীতিতে বন্দর কোনো বিক্রয়যোগ্য বা ইজারাযোগ্য পণ্য নয়। রাসূলুল্লাহ্‌ (সাঃ) বলেছেন, "মুসলিমরা তিনটি জিনিসে অংশীদার: পানি, চারণভূমি ও আগুন।" এই হাদিসের ভিত্তিতে ফকিহ্‌রা "আল-মিলকিয়্যাতুল আম্মাহ্‌" বা গণমালিকানার ধারণা গড়ে তুলেছেন। যে সম্পদের উপর গোটা জনগোষ্ঠীর জীবিকা নির্ভরশীল, তা কোনো ব্যক্তি বা কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণে যেতে পারে না। দেশের প্রায় সব কন্টেইনার বাণিজ্য যে বন্দর দিয়ে হয়, সেটি আজকের যুগে সেই "পানি ও চারণভূমিরই” সমতুল্য। তাই ইসলামী রাষ্ট্রে বন্দরের মালিকানা থাকবে জনগণের, এবং তা জনগণের হয়ে পরিচালনা করবে রাষ্ট্র। 

তার মানে এই নয় যে, ইসলাম বিদেশি জ্ঞান ও দক্ষতা প্রত্যাখ্যান করে। বরং ইসলামী ইতিহাস দেখায় সার্বভৌমত্ব হাতছাড়া না করেও কীভাবে বিশ্বের সেরা দক্ষতা কাজে লাগানো যায়। উমর (রাঃ) পারস্যের প্রশাসনিক ব্যবস্থা থেকে দিওয়ান পদ্ধতি গ্রহণ করেছিলেন, কিন্তু পারস্যের হাতে খিলাফতের প্রশাসন তুলে দেননি। আমর ইবনুল আস (রাঃ)-এর মাধ্যমে তিনি নীল নদ থেকে লোহিত সাগর পর্যন্ত খাল পুনঃখনন করিয়ে মদীনায় খাদ্য পৌঁছানোর সমুদ্রপথ তৈরি করেছিলেন। উসমান (রাঃ) জেদ্দাকে মক্কার বন্দর হিসেবে প্রতিষ্ঠা করেন। মুয়াবিয়া (রাঃ) সিরিয়া ও মিশরের অভিজ্ঞ জাহাজ নির্মাতাদের কাজে লাগিয়ে মুসলিমদের প্রথম নৌবাহিনী গড়ে তোলেন, যে নৌবাহিনী কয়েক দশকের মধ্যে রোমের নৌশক্তিকে চ্যালেঞ্জ করেছিল। প্রতিটি ক্ষেত্রেই বিদেশি দক্ষতা এসেছে কর্মী ও পরামর্শক হিসেবে, নির্দিষ্ট পারিশ্রমিকে; মালিক বা নিয়ন্ত্রক হিসেবে নয়। এনসিটির ক্ষেত্রেও একই পথ খোলা: প্রয়োজনে বিশ্বের সেরা বন্দর বিশেষজ্ঞদের নির্দিষ্ট মেয়াদে পরামর্শক বা প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেয়া যায়। আর টার্মিনাল অপারেটিং সিস্টেম থেকে ডিজিটাল গেট পর্যন্ত প্রযুক্তি তৈরির দায়িত্ব দেয়া যায় দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি প্রতিষ্ঠানকে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। পাশাপাশি এনবিআরের স্ক্যানার না দেয়া, কাস্টমসের দীর্ঘসূত্রতা আর ইয়ার্ডের জট, যেসব সমস্যা কোনো বিদেশি অপারেটরও সমাধান করতে পারবে না, সেগুলোর দায় সরাসরি রাষ্ট্রের নিজের কাঁধে নিতে হবে।

দ্বিতীয়ত, অর্থায়ন; বন্দর আধুনিকায়নের জন্য আইএমএফ বা বিশ্বব্যাংকের সুদভিত্তিক ঋণ আর তার সাথে আসা নীতিগত শর্তের প্রয়োজন নেই। এনসিটি নিজেই লাভজনক টার্মিনাল। তার আয় বায়তুল মালে জমা হয়ে সেখান থেকেই যন্ত্রপাতি কেনা ও প্রযুক্তি উন্নয়ন সম্ভব। যে টার্মিনাল প্রতি কন্টেইনারে খরচের প্রায় তিনগুণ আয় করে, তার আধুনিকায়নের টাকা বিদেশি কোম্পানির কাছ থেকে "অগ্রিম" নেয়ার যুক্তি টেকে না।

তৃতীয়ত, দুর্নীতি ও অব্যবস্থাপনা। এর সমাধান বিদেশিদের হাতে দায়িত্ব দেয়া নয়, বরং জবাবদিহিতা প্রতিষ্ঠা। ইসলামের হিসবাহ প্রতিষ্ঠান ছিল বাজার ও জনসেবার উপর নিয়মিত তদারকির ব্যবস্থা। উমর (রাঃ) তার গভর্নরদের সম্পদের হিসাব নিতেন দায়িত্ব নেওয়ার আগে ও পরে। শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত হলে আর রাজনৈতিক দলের চাঁদাবাজি বন্ধ হলে "দুদিন পর পর শ্রমিক আন্দোলন" হওয়ার কারণ থাকে না। সমস্যা কখনো সক্ষমতার ছিল না, ছিল নেতৃত্ব ও আদর্শের।

সবশেষে, ইসলাম বন্দরকে কেবল আয়ের উৎস হিসেবে দেখে না, দেখে রাষ্ট্রের কৌশলগত শক্তির ভিত্তি হিসেবে। যে রাষ্ট্রের লক্ষ্য বিশ্বে নেতৃত্ব দেওয়া, সে তার প্রধান সমুদ্রবন্দর কারো হাতে তুলে দেয় না। বরং নিজের বন্দরকে এমনভাবে গড়ে তোলে যে অন্য রাষ্ট্র তার উপর নির্ভর করতে বাধ্য হয়। মদীনার মতো ছোট্ট একটি জনপদ থেকে যারা লোহিত সাগর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বাণিজ্যপথ নিয়ন্ত্রণ করতে পেরেছিল, তাদের উত্তরসূরিরা আজ নিজেদের একটি টার্মিনাল চালাতে পারবে না, এই হীনম্মন্যতাই আসলে নব্য উপনিবেশবাদের সবচেয়ে বড় সাফল্য। "তোমরা হীনবল হয়ো না, দুঃখিত হয়ো না; তোমরাই বিজয়ী হবে, যদি তোমরা মুমিন হও" (সূরা আলি ইমরান : ১৩৯)

    -    জাবির জোহান, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও কলামিস্ট

Previous Post Next Post