সফর আটকে আছে, কিন্তু বৃহত্তর প্রশ্নটি কোথায়?

বর্তমান সরকার বর্তমানে নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে চলছে। একদিকে তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি  জমি দখলের অসংখ্য অভিযোগ, অন্যদিকে আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শে জ্বালানি তেলে ভর্তুকি হ্রাস যার ফলে জ্বালানি তেলের সাথে সাথে প্রায় প্রত্যেকটা পণ্যের মূল্যবৃদ্ধি। হাম আর ডেঙ্গুতে শিশু থেকে বয়োজেষ্ঠ্য সকলেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। সদ্য নির্বাচিত প্রায় আট মাসের এই সময়ে এত এত অভিযোগ নিঃসন্দেহে সরকারের জন্য খুবই উদ্বেগজনক। এমতাবস্থায়, শক্ত পররাষ্ট্রনীতি বাংলাদেশের জন্য ইতিবাচক কিছু বয়ে আনতে পারত। কিন্তু হতাশার কথা এই যে এখানেও আমেরিকার কাছে সর্বস্ব উজাড় করে নিবেদিতপ্রাণ হয়ে যাওয়াটাও বর্তমান সরকারের জন্য কোন ইতিবাচক দৃষ্টিভঙ্গি বয়ে আনছে না। শুধুমাত্র ভারতের সাথে তার প্রকাশ্য পররাষ্ট্রনীতিতে কিছুটা টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। সম্ভবত বর্তমান সরকারের এখন পর্যন্ত এই একটা অবস্থানেই সাধারণ মানুষ অনেক হতাশার মধ্যেও একটা আশার আলো দেখতে পাচ্ছে। কারণ বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাথে ভারতের অন্যতম ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থকে বরাবরই ক্ষুন্ন করা হয়েছে।

উপরিল্লিখিত জায়গা থেকে সরকারের মনে হতে পারে, এই মুহূর্তে ভারতের সাথে একটা শীতল সম্পর্ক হয়তো তার প্রতি জনগণকে একটি ইতিবাচক তৈরি করবে। কিন্তু একটা দীর্ঘ সময় ধরে বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তিত্ব দ্বারা নানারকমভাবে প্রতারিত হওয়ার পরে সাধারণ মানুষ এখন শুধু কথায় বা সাময়িক সিদ্ধান্তে ভোলে না। যেমন মানুষ এখন জানে যে সফর প্রশ্নে ঢাকা যতটা অনমনীয়, চুক্তির প্রশ্নে ঠিক ততটাই নমনীয়। মোদির আমন্ত্রণ মাসের পর মাস ঝুলে থাকলেও হাসিনা আমলের বিতর্কিত চুক্তিগুলোর একটিও বাতিল হয়নি। আদানির চুক্তির কথাই ধরা যাক। অন্তর্বর্তী সরকারের পর্যালোচনা কমিটি একে বিদ্যুৎ খাতের দুর্নীতির সবচেয়ে বড় প্রতীক বলেছিল, হিসাব দিয়েছিল যে এতে বছরে প্রায় ৫ হাজার কোটি টাকা ক্ষতি হয় এবং ভারতের গ্রিডের বিদ্যুতের তুলনায় আদানির বিদ্যুতের দাম প্রায় দ্বিগুণ। অথচ ক্ষমতায় এসে নতুন সরকার সংসদে শুধু জানিয়েছে, আলোচনার মাধ্যমে চুক্তিটি সংশোধনের বিষয়টি "বিবেচনাধীন"। বাতিলের কোনো কথা নেই, এবং গোড্ডা থেকে ১,৪৯৬ মেগাওয়াট আমদানির চুক্তি বহাল আছে। বরং নতুন চুক্তির দিকেই এগোচ্ছে সরকার। ভারতের দাবি মেনে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ যুক্ত করতে এনটিপিসির প্রতিষ্ঠান এনভিভিএন ও পিডিবির মধ্যে নতুন চুক্তি সইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। খাদ্যেও একই ছবি: সরকার-টু-সরকার চুক্তিতে ভারত থেকে চাল আমদানি চলছে, এমনকি নিম্নমানের চাল ফেরত পাঠানোর মতো ঘটনাও ঘটেছে। হাসিনা আমলের ১০১টি চুক্তি ও সমঝোতা পর্যালোচনার ঘোষণা এসেছে ঠিকই, কিন্তু কোনটি বহাল থাকবে, কোনটি সংশোধন হবে আর কোনটি বাতিল হবে, তা এখনো জানানো হয়নি। ভারতীয় বিশ্লেষকরাও ধরে নিচ্ছেন, রাজস্বের কারণে চট্টগ্রাম-মোংলা বন্দর সুবিধা পুরোপুরি বাতিলের সম্ভাবনা কম, আর বাংলাদেশের তাৎক্ষণিক জ্বালানি চাহিদার কারণে বিদ্যুৎ ও ডিজেল পাইপলাইনের চুক্তি বাতিলও প্রায় অসম্ভব। অর্থাৎ ট্রানজিট, বন্দর, বিদ্যুৎ, খাদ্য, যেখানে ভারতের প্রকৃত স্বার্থ জড়িত, সেখানে সম্পর্ক অবিচ্ছিন্নভাবে চলছে। যা আটকে আছে তা কেবল একটি ছবি তোলার সফর। 

মজার ব্যাপার হলো, এই কৌশল নতুন কিছু নয়। হাসিনা নিজেও আমেরিকার সঙ্গে ঠিক এই খেলাটাই খেলেছিলেন, শুধু দেশটা ছিল ভিন্ন। ২০২১ সালের ডিসেম্বরে র‍্যাব ও এর শীর্ষ কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, তারপর ২০২৩ সালে নির্বাচন ঘিরে ভিসা নীতি, এসবের জবাবে হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আমেরিকা চাইলে যেকোনো দেশের সরকার উল্টে দিতে পারে, বলেছিলেন যারা নিষেধাজ্ঞা দেয় তাদের কাছ থেকে কিছু কেনা হবে না। নির্বাচনের পর তো সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি দেওয়ার প্রস্তাব নিয়ে "এক সাদা চামড়ার লোকের" গল্পও শোনালেন। মঞ্চে এমন একজন নেত্রী, যিনি সাম্রাজ্যবাদের সামনে মাথা নত করেন না।

কিন্তু চুক্তির টেবিলে ছবিটা ছিল একেবারে উল্টো। যে সময়ে সংসদে আমেরিকাবিরোধী বক্তৃতা চলছে, ঠিক সেই ২০২৩ সালেই পেট্রোবাংলা মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির সঙ্গে ১৫ বছর মেয়াদি এলএনজি সরবরাহ চুক্তি সই করে। দেশের গ্যাস উৎপাদনের বড় অংশ তখনো মার্কিন শেভরনের হাতে, আর বঙ্গোপসাগরের গভীর সমুদ্রের ব্লক নিয়ে এক্সনমোবিলের সঙ্গে আলোচনা এগোচ্ছিল। একই বছর ঢাকা নিজের "ইন্দো-প্যাসিফিক রূপরেখা" প্রকাশ করে, যা ওয়াশিংটনের কৌশলগত ভাষার সঙ্গে পুরোপুরি মিলে যায়। দুই দেশের অংশীদারত্ব সংলাপ, নিরাপত্তা সংলাপ, যৌথ সামরিক মহড়া কোনোটাই এক দিনের জন্য থামেনি। ২০১৩ সালে সই হওয়া টিকফা চুক্তিও বহাল থেকেছে। অর্থাৎ গালাগালিটা ছিল দেশের মানুষের জন্য, আর সখ্যতাটা ছিল আমেরিকার জন্য।

আজকের সরকার ভারতের প্রশ্নে যা করছে, তা হুবহু সেই একই ছক। শুধু চরিত্র বদলেছে, চিত্রনাট্য বদলায়নি।

আসলে সমস্যার মূল আরও গভীরে। বর্তমান সরকার কিংবা তার পূর্বসূরি, কেউই এ দেশের মানুষের মনের ভাষা পড়ার চেষ্টা করেনি। সাধারণ মানুষ ভারতকে কোন চোখে দেখে, সেই প্রশ্নটা কখনো তাদের বিবেচনায় আসেনি। ব্রিটিশদের টেনে দেওয়া জাতীয়তাবাদী সীমানার বাইরে ভাবার সামর্থ্য আমাদের শাসকদের গড়ে ওঠেনি। আর যদি কখনো গড়েও উঠে থাকে, ঔপনিবেশিক প্রভুদের চোখরাঙানি উপেক্ষা করে মানুষের বিশ্বাস ও আবেগকে মর্যাদা দেয়ার সাহস তারা দেখাতে পারেননি।

অথচ মানুষ চারপাশে কী দেখছে? পৃথিবীর আনাচে-কানাচে মুসলিমরা আজ ভয়াবহভাবে নিপীড়িত। ঠিক এই সময়েই মুসলিম বিশ্বে দেখা যাচ্ছে নেতৃত্বের এক অস্বাভাবিক শূন্যতা। বিপরীত দিকে হিন্দুত্ববাদীদের ভারত আর ইহুদিবাদী ইসরায়েল, দুটিই নিজ নিজ সম্প্রসারণবাদী প্রকল্প নিয়ে প্রকাশ্যে এগোচ্ছে। ইসরায়েল কেবল ফিলিস্তিনে থেমে থাকতে চায় না। লেবানন, সিরিয়া, ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চলে সে নিজের আধিপত্য বিস্তারে সক্রিয়। অন্যদিকে ভারত 'অখণ্ড ভারত'-এর স্বপ্নে বাংলাদেশ ও পাকিস্তানকে নিজের মানচিত্রে কল্পনা করে। সেই মানচিত্র ম্যুরাল আকারে তার নতুন সংসদ ভবনের দেয়ালেও জায়গা করে নিয়েছে। সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো, এই সম্প্রসারণবাদী স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তারা জাতিরাষ্ট্রের সীমানাকে তোয়াক্কা করছে না।

আর দেশের সাধারণ মুসলিমরা দেখছে, তাদের নেতারা মক্কা চুক্তি করে ব্রিটিশের আঁকা সীমানা আগলে রাখতেই ব্যস্ত। ওদিকে গাজায় ধ্বংসযজ্ঞ এখনো থামেনি, পশ্চিম তীরে একের পর এক বাড়ি দখল হচ্ছে। আর প্রতিবেশী ভারতে মুসলিমরা কাটাচ্ছে অপমান আর অনিরাপত্তার জীবন। গরুর মাংস রাখার সন্দেহে ২০১৫ সালে উত্তর প্রদেশের দাদরিতে মোহাম্মদ আখলাককে নিজের ঘর থেকে টেনে বের করে পিটিয়ে মারা হয়। এরপর একই ধাঁচের হত্যাকান্ড প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ২০১৯ সালে ঝাড়খণ্ডে তাবরেজ আনসারিকে খুঁটিতে বেঁধে "জয় শ্রীরাম" বলতে বাধ্য করে পেটানো হয়, কয়েক দিন পর তিনি মারা যান। একই বছর নাগরিকত্ব সংশোধনী আইন পাস হয়, যেখানে প্রতিবেশী দেশ থেকে আসা শরণার্থীদের মধ্যে কেবল মুসলিমদের বাদ রাখা হয়েছে। এর প্রতিবাদের রেশ ধরে ২০২০ সালে দিল্লির দাঙ্গায় নিহতদের বড় অংশই ছিলেন মুসলিম। পরের বছরগুলোতে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ ও দিল্লিতে দেখা গেছে "বুলডোজার ন্যায়বিচার"। কোনো বিচার ছাড়াই অভিযুক্ত মুসলিমদের বাড়িঘর ও দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কর্ণাটকে হিজাব পরা ছাত্রীদের শ্রেণিকক্ষের দরজা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। অনলাইনে "সুল্লি ডিলস" ও "বুল্লি বাই" নামের অ্যাপে মুসলিম নারীদের ছবি দিয়ে তাদের "নিলামে" তোলা হয়েছে। গুজরাট দাঙ্গায় বিলকিস বানোকে দলবদ্ধ ধর্ষণ ও তার পরিবারের সদস্যদের হত্যার দায়ে সাজাপ্রাপ্তরা ২০২২ সালে মুক্তি পেলে তাদের মালা পরিয়ে বরণ করা হয়। যে বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল, তার জায়গায় নির্মিত রাম মন্দির ২০২৪ সালে উদ্বোধন করেন খোদ প্রধানমন্ত্রী। আর ২০২৫ সালের ওয়াকফ সংশোধনী আইন মুসলিমদের ধর্মীয় সম্পত্তির ব্যবস্থাপনায় রাষ্ট্রের হস্তক্ষেপের পথ খুলে দিয়েছে। এই বৈপরীত্যই মানুষের ক্ষোভের আসল উৎস। তাই, কোনো সরকার একটি সফর ঝুলিয়ে রেখে কিংবা সংসদে দুটো কড়া কথা বলে এই ক্ষোভ প্রশমিত করতে পারবে না।

মুসলিমদের প্রয়োজন একজন নেতা, যিনি উম্মাহ্‌’র একজন সাধারণ মানুষের অপমানকেও নিজের অপমান বলে মনে করবেন। সেই সঙ্গে শক্তি হাতে থাকলেও তিনি ন্যায়ের সীমা অতিক্রম করবেন না। ইতিহাসে এমন নেতৃত্বের নজির কম নেই।

৮৩৭ সালে বাইজান্টাইন সম্রাট থিওফিলোস আব্বাসীয় সীমান্তের শহর যিবাত্রা আক্রমণ করেন। শহরটি পুড়িয়ে দেওয়া হয়, মুসলিমদের বন্দী করা হয় এবং নারীদের লাঞ্ছিত করা হয়। এক বন্দিনী নারী খলিফার নাম ধরে "ওয়া মু'তাসিমাহ্‌" বলে সাহায্যের জন্য চিৎকার করেছিলেন। অনতিবিলম্বে খলিফা আল-মু'তাসিম বিশাল বাহিনী নিয়ে অভিযানে বের হন। তিনি থিওফিলোসের পারিবারিক শহর আমুরিয়া জয় করেন, যাতে শত্রুপক্ষ বুঝতে পারে যে মুসলিমের সম্মানে হাত দিলে তার জবাব আসবে।

উপমহাদেশেও এর নজির আছে। ৭১০-১১ সালের দিকে সরন্দীপ (শ্রীলঙ্কা) থেকে আসা একটি জাহাজ দেবলের কাছে জলদস্যুদের কবলে পড়ে, আর তাতে থাকা মুসলিম নারী ও শিশুরা বন্দী হন। সিন্ধুর রাজা দাহির তাদের মুক্ত করতে অস্বীকৃতি জানান। তখন উমাইয়া শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ তরুণ সেনাপতি মুহাম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানে পাঠান।

তবে মুসলিম ইতিহাসে মর্যাদা রক্ষার সবচেয়ে উজ্জ্বল উদাহরণ সালাহউদ্দিন আইয়ুবি। ১০৯৯ সালে ক্রুসেডাররা জেরুজালেম দখল করে শহরের মুসলিম ও ইহুদি অধিবাসীদের নির্বিচারে হত্যা করেছিল। প্রায় নব্বই বছর পর, ১১৮৭ সালে হিত্তিনের যুদ্ধে জয়ের পর সালাহউদ্দিন জেরুজালেম পুনরুদ্ধার করেন। 

আধুনিক যুগের কাছাকাছি সময়েও এমন উদাহরণ পাওয়া যায়। ১৯০১ সালে জায়নবাদী নেতা থিওডর হার্জল উসমানীয় সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের কাছে প্রস্তাব দেন যে সাম্রাজ্যের বিপুল বিদেশি ঋণ শোধে সহায়তা করা হবে। বিনিময়ে ফিলিস্তিনে ইহুদি বসতি স্থাপনের সুযোগ দিতে হবে। সাম্রাজ্য তখন ঋণে জর্জরিত, তবু সুলতান প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। আলজেরিয়ায় ফরাসি দখলদারির বিরুদ্ধে দেড় দশক লড়াই করা আমির আব্দুল কাদির নির্বাসিত জীবনে দামেস্কে ছিলেন। ১৮৬০ সালে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলে তিনি হাজারো খ্রিস্টানকে নিজের আশ্রয়ে রেখে রক্ষা করেন। তার কাছে মুসলিমের মর্যাদা মানে ছিল দুর্বলের রক্ষাকর্তা হওয়া, সে যে ধর্মেরই হোক।

এই নেতাদের মধ্যে একটা মিল স্পষ্ট। একজন মুসলিম কোন সীমানার ভেতরে বাস করেন, সেটা তাদের কাছে বিবেচ্য ছিল না। তার অপমান মানে ছিল গোটা উম্মাহ্‌’র অপমান। তাই এই অপমান থেকে মুক্তির চিন্তা ও পদক্ষেপ কখনোই জাতীয়তাবাদী চেতনা থেকে জন্ম নিতে পারে না। যে চেতনা নিজেই ঔপনিবেশিক মানচিত্রের সন্তান, তা দিয়ে সেই মানচিত্রের শৃঙ্খল ভাঙা যায় না। শাসককে বরং ধারণ করতে হবে সেই মহান সত্তার দিকনির্দেশনা, যিনি ন্যায় ও অন্যায়কে কোনো সীমানার গণ্ডিতে আটকে রাখেননি। তিনি তা কেবল মুসলিমদের জন্যও সীমিত করেননি, বরং উন্মুক্ত করে দিয়েছেন সমগ্র মানবজাতির জন্য। আর এই উম্মাহ্‌‘কে তিনি দাঁড় করিয়েছেন সেই ন্যায়ের পতাকাবাহী হিসেবে:

"তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানবজাতির কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে। তোমরা সৎকাজের আদেশ দাও, অসৎকাজ থেকে নিষেধ করো এবং আল্লাহ্‌’র প্রতি ঈমান রাখো" (সূরা আলে ইমরান : ১১০।

    -    জাবির জোহান, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও কলামিস্ট

Previous Post Next Post