প্রজন্মগত পার্থক্যের (Generational Gap) সংকট স্পষ্টভাবে অনুধাবন করতে হলে আমাদের সর্বপ্রথম বুঝা জরুরী সংকটের মূল আসলে কোথায়? পূর্বে আমরা বলেছিলাম মানুষ, জীবন ও মহাবিশ্ব সম্পর্কে সার্বিক দৃষ্টিভঙ্গি তথা জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হলে সমাজে প্রজন্মগত পরিবর্তন হয়, তাই প্রজন্মগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে একটা দুরত্বের সৃষ্টি হয়। এই অংশে প্রজন্মগত পরিবর্তন এবং এর ফলে সৃষ্ট পার্থক্য (Gap) এর সংকট এবং সমাধান নিয়ে আমরা আলোচনা করবো, ইনশা-আল্লাহ্। শুরুতে, আমরা দুটো বিষয়ে আবার একটু স্মরণ করে আসি। (১) মানুষ এবং (২) মানুষের জীবনের সাথে জড়িত সভ্যতা, সংস্কৃতি ও প্রযুক্তিগত উৎকর্ষের প্রভাব।
মানুষ:
আমরা জানি, আল্লাহ্ সুবহানাহু ওয়া তাআ'লা মানুষকে (১) প্রবৃত্তিগত চাহিদা (Instinctual needs), (২) জৈবিক চাহিদা (Organic Needs) এবং (৩) চিন্তা করার সক্ষমতা (Intellectual Mind) দ্বারা সৃষ্টি করেছেন। মানুষের সমস্ত কর্মকাণ্ড মূলত তার এই প্রবৃত্তিগত ও জৈবিক চাহিদা পূরণে পরিচালিত হয়। আর এক্ষেত্রে Intellectual Mind এর ভূমিকা হলো—তার মধ্যে থাকা জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গির ভিত্তিতে এই কর্মকাণ্ডগুলোকে পরিচালনা ও দিকনির্দেশনা দেয়া। সৃষ্টির শুরু থেকে কেয়ামত পর্যন্ত দুনিয়াতে মানুষের এই বৈশিষ্ট্য অপরিবর্তনশীলই আছে। এখন, মানুষ যদি অপরিবর্তনীয় থাকে তাহলে আমরা এই যুগগুলোতে যে প্রজন্মগত পরিবর্তন প্রত্যক্ষ করছি তা প্রকৃতপক্ষে কি? এই প্রশ্নের উত্তর অনুসন্ধানেই আলোচনা আসে “মানুষের জীবনের সাথে জড়িত হাদারাহ্ তথা সভ্যতা, সংস্কৃতি এবং মাদানিয়াহ্ তথা প্রযুক্তিগত উৎকর্ষের ভূমিকা”। চলুন, আমরা বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি।
সভ্যতা ও সংস্কৃতি — হাদারাহ্ :
সভ্যতা (Civilisation) বলতে জীবন সম্পর্কিত চিন্তাভাবনার সমষ্টিকে (Collection of concepts about life) বুঝায়—যা নির্দিষ্ট আক্বীদা তথা মৌলিক বিশ্বাস থেকে উৎসারিত। আর সংস্কৃতি (Culture) হচ্ছে নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে উক্ত সভ্যতা থেকে উৎসারিত অভিন্ন বিশ্বাস, মূল্যবোধ, রীতিনীতি, আচরণ ও দৈনন্দিন জীবনযাপনের চর্চাকে বোঝায়—কেননা সংস্কৃতির পিছনে উক্ত সভ্যতা তথা জীবন সম্পর্কিত দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকে।
প্রযুক্তিগত উৎকর্ষ-মাদানিয়াহ্ :
জীবনযাপনের জন্য প্রয়োজনীয় বস্তুগত উৎকর্ষ তথা প্রযুক্তি, বিজ্ঞানের বিষয়গুলো মাদানিয়াহ্’র অংশ। এটি সার্বজনীন। এগুলো মূলত জীবনযাপনের প্রয়োজনীয় বিষয়গুলো পরিচালনা ও বজায় রাখার জন্য বস্তুগত উপকরণ। এগুলো সভ্যতার (civilisation) অংশ নয়, যদিও কখনো কখনো এগুলো সভ্যতার ফলাফল হিসেবে সৃষ্টি হতে পারে। সময়ের সাথে সাথে জীবন যাপনের প্রয়োজনে মাদানিয়াহ আমাদের জন্য নিত্যনতুন আবিষ্কার নিয়ে আসে। তাই, মডার্ন, পোস্ট-মডার্ন কিংবা মেটা-মডার্ন যুগের মাদানিয়া এক ছিল না অর্থ্যাৎ যুগের পরিবর্তনের সাথে মানুষের প্রয়োজনে নিত্য-নতুন প্রযুক্তিও এর সাথে সংযুক্ত হয়েছে।
সাধারণত, এই প্রযুক্তির উৎকর্ষগত পরিবর্তনকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের পরিবর্তনের মাপকাঠি হিসেবে দেখা হলেও আমাদের মূল আলোচনা এখানে কিভাবে হাদারাহ্গত তথা জীবন সম্পর্কিত দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ফলে বিভিন্ন প্রজন্মের মধ্যে চিন্তা, কাজ ও কর্মে পরিবর্তন ঘটে তা নিয়ে। এবং এর ফলে, পূর্বের প্রজন্মের সাথে বর্তমান প্রজন্মগুলোর মধ্যে চিন্তা, সিদ্ধান্ত, কাজ এবং পরস্পরকে বুঝার যে একটা দুরত্ব তৈরি হয় সে বিষয়ে। আমাদের মূল চ্যালেঞ্জ হচ্ছে এটিকে সমাধান করা।
এই প্রেক্ষাপটে আমাদের দুটো বিষয় বুঝা জরুরী,
(১) হাদারাহ্’র (সভ্যতা ও সংস্কৃতি) ব্যাখ্যা:
হাদারাহ্ সাধারণত দুই ধরণের। (ক) ডিভাইন বা সৃষ্টিকর্তা প্রদত্ত এবং (খ) মানুষ দ্বারা নির্ধারিত। সৃষ্টিকর্তা প্রদত্ত হাদারাহ্ সাধারণত সুনির্দিষ্ট। সময়ের সাথে সাথে এটি অপরিবর্তনশীল কেননা, এটি সৃষ্টিকর্তার সীমা দ্বারা সুরক্ষিত। কিন্তু, মানুষ দ্বারা নির্ধারিত হাদারাহ্ তথা জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তনশীল। কারণ, এটি মানুষের সীমাবদ্ধ চিন্তা দ্বারা অসম্পূর্ণ, দূর্বল ও অনিয়ন্ত্রিত। তাই, আমরা আগের আলোচনায় দেখেছি বিভিন্ন যুগে এটির মৌলিক পরিবর্তন কিংবা এর ব্যাখ্যাগত পরিবর্তন কিভাবে মানুষের আচার, ব্যবহার এবং সিদ্ধান্তের উপর প্রভাব ফেলেছে।
(২) হাদারাহ্’র ব্যাখ্যাগত পরিবর্তনে বর্তমানে মাদানিয়াহ্’র প্রভাব:
বর্তমানে আমাদের জীবন, কর্ম এবং সিদ্ধান্তকে প্রভাবিত করা প্রযুক্তিগুলোকে শুধু “গ্যাজেট” হিসেবে দেখলে বিষয়টি পুরো বোঝা যায় না। আসলে প্রযুক্তি এখন আমাদের কী দেখব, কীভাবে কাজ করব, কী কিনব, কার সঙ্গে যোগাযোগ করব, এমনকি কোন বিষয়কে সত্য বা গুরুত্বপূর্ণ মনে করব, জীবনের সিদ্ধান্তগুলো কিভাবে নিব—এসবের উপরও প্রভাব ফেলছে। আমাদের আলোচনা মুলতঃ এই পয়েন্টে। এখানে আমরা দেখাতে চেয়েছি হাদারাহ্ কিংবা হাদারাহ্’র ব্যাখ্যাগত পরিবর্তন কিভাবে প্রজন্মগত পরিবর্তনের উপর প্রভাব ফেলে। তাই, এই সংকট সমাধানে আমাদের সর্বপ্রথম যে বিষয়টি দরকার তা হচ্ছে, জীবনের দৃষ্টিভঙ্গি সম্পর্কে পশ্চিমা সভ্যতা যে chaos সৃষ্টি করে রেখেছে তার সমাধান করা।
জীবনের দৃষ্টিভঙ্গিগত পশ্চিমা ক্যাসেল অব প্যারাডক্স :
মানুষের উৎপত্তির প্রকৃত সত্যকে অস্বীকার করে সৃষ্টিকর্তার সাথে মানুষের সম্পর্কের নাড় কেটে পশ্চিমা জীবনাদর্শ মানুষকে স্বাধীন ঘোষণা করলতো ঠিকই কিন্তু ছিনিয়ে নিয়েছে মানুষের জীবনের উদ্দেশ্য, বেঁচে থাকার অর্থ আর মৃত্যুকে আলিঙ্গন করার সাহস। ফলে, Existentialism এর আলোচনা হয়ে উঠে পশ্চিমা সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনা। আমার অস্তিত্বের অর্থ কী? আমি কে? আমি কেন বেঁচে আছি? জীবনের অর্থ কী? আমার স্বাধীনতা কতটুকু? আমার সিদ্ধান্তের দায়িত্ব কি আমারই? মৃত্যু অনিবার্য হলে জীবনের মূল্য কোথায়? এই পৃথিবীতে আমার অস্তিত্বের কোনো পূর্বনির্ধারিত অর্থ আছে কি? এই বিতর্ক পশ্চিমা সমাজে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। কিন্তু, বহু আলোচনা তর্ক-বিতর্কের পরেও পশ্চিমা দার্শনিকরা কি জীবনের মানে খুঁজে পেয়েছে? সোজাসাপ্টা উত্তর হচ্ছে - না। এর কারণ হচ্ছে, If you Taste the spirit of Freedom by west, you will get an ambiguous prison in every step। এই ambiguous prison-ই তাদের কাছে জীবনকে Paradox করে তুলেছে যার সমাধানের চাবি তারা ইচ্ছাকৃতভাবে হারিয়েছে। এই বিভ্রান্তকর পরিস্থিতি কিভাবে গত কয়েক শতাব্দী ধরে পশ্চিমা সমাজে প্রজন্ম থেকে প্রজন্ম মানুষের জীবন ও কর্মের উপর প্রভাব ফেলেছে। জীবনের দৃষ্টিভঙ্গিগত পশ্চিমা ক্যাসেল অব প্যারাডক্স সংকটে শুধু পশ্চিমারা নিজেদেরকেই ফেলেনি, বরং তাদের সভ্যতা বা হাদারাহ্ যারা গ্রহণ করেছে তাদের সকলকেই ফেলেছে।
পশ্চিমা ক্যাসেল অব প্যারাডক্স থেকে মুক্তির পথ :
এই সংকট থেকে বের হতে হলে সর্বপ্রথম যে কাউকেই পশ্চিমা সভ্যতার সবচেয়ে বড় প্যারাডক্স ‘freedom’ এর ধারণাকে ছুড়ে ফেলতে হবে। কেউ যদি নিজেকে “স্বাধীন” দাবী করে তাহলে সর্বপ্রথম তাকে পরনির্ভরশীলতা থেকে বের হয়ে আসতে হবে। দ্বিতীয়ত, তার নিজেকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। তৃতীয়ত, তার হাতে তার জীবনের শুরু ও শেষের কন্ট্রোল থাকতে হবে। তা না হলে, তার স্বাধীনতা হচ্ছে রূপকথা। বাস্তব অর্থে পৃথিবীর কোন মানুষই স্বাধীন নয়। মানুষের মধ্যে তার জীবনের অর্থ নিজে নির্ধারণ করার সক্ষমতা কিংবা অথোরিটি কোনটাই নেই। এই বাস্তবতা যতক্ষণ পর্যন্ত না কেউ মেনে নিচ্ছে তার আগ পর্যন্ত সে জীবনের মানেই খুঁজে পাবে না।
দ্বিতীয়ত, অবশ্যই সবাইকে জীবনের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে পশ্চিমা চিন্তা- দৃষ্টিকোনবাদ (perspectivism) কে প্রত্যাখ্যান করতে হবে। স্বাধীনতা নামক চিন্তা থেকেই দৃষ্টিকোনবাদ (perspectivism) এর উৎপত্তি। কেননা, মানুষ যদি প্রকৃতঅর্থে স্বাধীন হয় তাহলে অবশ্যই তার জীবন সম্পর্কিত চিন্তাধারাও স্বকীয় হবে, কিন্তু আমরা দেখি সে অন্যের চিন্তা দ্বারা প্রভাবিত।
Perspectivism প্রকৃত অর্থে মানুষের জীবনের উদ্দেশ্যকে objective reality হতে subjective reality তে রূপান্তর করেছে। কিন্তু, জীবনের উদ্দেশ্যকে subjective reality হতে হলে জীবনের উদ্দেশ্যের সিদ্ধান্ত নেয়ার সাথে জড়িত সকল বিষয়কেও প্রকৃত অর্থে subjective reality এর অন্তর্ভূক্ত হতে হবে, যেমন: জন্ম, জীবন এবং মৃত্যু। আমরা জানি, জন্ম এবং মৃত্যু subjective বিষয় নয়, বরং Objective Reality অর্থাৎ অবশ্যম্ভাবী বাস্তবতা। তাহলে, এই দুইয়ের মাঝখানের এই দুনিয়ার জীবন কেন subjective হবে? উদাহরণ হিসেবে, কেউ যদি বলে, একটি সলিড বস্তুর আগা-গোড়া দুটোই সলিড কিন্তু মাঝের অংশ লিকুউড; তাহলে আমরা বলবো, এটি তার অবাস্তবিক বা মনগড়া চিন্তা।
সর্বোপরী, সমস্যার শুরু যেখান থেকে শুরু হয়েছে সেটিকে পুনরায় ঠিক করতে হবে। আর তা হচ্ছে, পশ্চিমা সৃষ্টিকর্তাবিবর্জিত দৃষ্টিভঙ্গী প্রত্যাখ্যান করে, সৃষ্টিকর্তার সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করতে হবে। এবং এই সম্পর্কের পথ ধরে জীবন সম্পর্কে প্রকৃত দৃষ্টিভঙ্গী নির্ধারণ করা সম্ভব হবে। তখনই শুধুমাত্র জীবনের দৃষ্টিভঙ্গীগত পশ্চিমা ক্যাসেল অব প্যারাডক্স থেকে পরিত্রাণ খুঁজে পাওয়া সম্ভব। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা মানুষকে উদ্দেশ্য করে বলেন- “তোমরা কি ধারণা কর যে, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না?” (সূরা মু‘মিন : ১১৫) এবং “আমি জ্বিন ও মানুষকে সৃষ্টি করেছি এজন্য যে, তারা একমাত্র আমারই ইবাদত করবে” (সূরা আয-যারিয়াত : ৫৬)।
প্রজন্মগত পরিবর্তন (প্রজন্মগত গ্যাপ)-এর সংকট সমাধানে কার্যকরণ নির্ধারণ:
বর্তমানে, আমরা একটা সংকট প্রত্যক্ষ করছি। সেটি হচ্ছে- প্রজন্মগত পরিবর্তনের ফলে পূর্বের প্রজন্মের সাথে বর্তমানের প্রজন্মগুলোর মধ্যে চিন্তা, সিদ্ধান্ত, কাজ এবং বোঝাপড়ার দুরত্ব বা পার্থক্য তৈরি হয়েছে। বিশেষ করে আমাদের সাথে আমাদের সন্তানদের কিংবা পোস্ট মর্ডাণ এবং মেটা-মর্ডাণ যুগের প্রজন্মগুলোর মধ্যে। এই সংকট মোকাবেলায় আমরা কিছু কার্যকরণ পদ্ধতি এখানে উপস্থাপন করছি :
(১) আমাদেরকে আমাদের সন্তান কিংবা ভবিষ্যৎ প্রজন্মের প্রতি মনযোগী ও সহমর্মী হতে হবে: আমরা হচ্ছি আমাদের সন্তান এবং ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষক, পথপ্রদর্শক ও শৃঙ্খলা-প্রতিষ্ঠাকারী। তাই আমাদের অবশ্যই তাদের প্রতি কোমল, মনোযোগী ও আন্তরিক হতে হবে, যাতে তারা আমাদের সঙ্গ কিংবা উপস্থিতি উপভোগ করে। আল্লাহ্’র রাসূল (সা.) ইসলামের আদর্শে তৎকালীন সময়ে এভাবে এমন নতুন প্রজন্মকে গড়ে তুলেছিলেন।
(২) আমাদের হতে হবে ধৈর্যশীল এবং আত্মবিশ্বাস জাগিয়ে তোলা শিক্ষক: নতুন প্রজন্মকে শিক্ষা দেওয়ার সময় একজন মুসলিম হিসেবে তাদের ভুল বা দুর্বলতার জন্য বিদ্রূপ, অভিশাপ, গালিগালাজ, অপমান কিংবা আত্মমর্যাদাকে ক্ষুণ্ন করা যাবে না। বরং, তাদেরকে গাইড করার পুরো সময়টিতে ধৈর্যের সঙ্গে তাদের সম্মান অক্ষুণ্ণ রাখতে হবে। এভাবে আমরা তাদেরকে আত্মবিশ্বাসী, আত্মমর্যাদাসম্পন্ন করে গড়ে তুলতে পারবো এবং নিজের সম্মান রক্ষার ব্যাপারেও তাদের সচেতন করে তুলতে পারবো। আল্লাহ্’র রাসূল (সাঃ) বলেছেন: “মুমিন ব্যক্তি অন্যকে দোষারোপকারী, অভিশাপদাতা, অশ্লীলভাষী কিংবা কটুভাষী নয়।” — জামে আত-তিরমিজি।
(৩) বুদ্ধিবৃত্তিকভাবে পশ্চিমা সভ্যতার অসাড়তা তাদের সামনে তুলে ধরা: আমরা জানি, মানুষের যেকোন কাজ করার পিছনে কোন না কোন চিন্তার উপস্থিতি রয়েছে। সুতরাং, আমরা যদি নতুন প্রজন্মকে পশ্চিমা সভ্যতার Harm principle, Perspectivism, Freedom, Existentialism, nihilism, - এর মত এমন অসংখ্য দূষিত চিন্তা থেকে সুরক্ষিত রাখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে তাদের সামনে এর বুদ্ধিবৃত্তিক অসাড়তা, দৈন্যতা প্রমাণ তথা সঠিক যুক্তি এবং তথ্য-উপাত্তের ভিত্তিতে এটিকে তুলে ধরতে হবে। এর জন্য, আমরা বিভিন্ন ধরণের পদক্ষেপ নিতে পারি।
ক. ধর্মনিরপেক্ষ চিন্তাধারার স্ববিরোধিতা উন্মোচন (Deconstructing Secular Paradoxes)
খ. যৌক্তিক ভিত্তির সুদৃঢ়তা প্রদর্শন (Demonstrating Rational Soundness)
গ. শিক্ষামূলক কাঠামো গড়ে তোলা (Building Educational Frameworks)
ঘ. নতুন প্রজন্মের কমিউনিকেশন স্টাইল সম্পর্কে সচেতন থাকা (Understanding the communication style of latest Generation)
(৪) জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গিকে নতুনভাবে উপস্থাপন করা: পশ্চিমা হেডোনিস্ট লাইফ স্টাইল (Maximise Pleasure, Minimize Pain) কিংবা জীবন সম্পর্কে Subjective ধারণাগুলোকে খণ্ডন করে আমাদের অবশ্যই নতুন প্রজন্মের কাছে জীবন সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে যেতে হবে। এর জন্য, প্রয়োজনে সৃষ্টিকর্তার সাথে পুনঃরায় রিকানেক্ট করা, তাঁর অস্তিত্বের বাস্তবতা তুলে ধরা, এবং সৃষ্টিকর্তা সম্পর্কে কাস্টমাইজ চিন্তার অবাস্তবতাকে বুদ্ধিদীপ্তভাবে খণ্ডন করে পুনরায় সঠিক দৃষ্টিভঙ্গির উপস্থাপন জরুরী। যেমনঃ
ক. ব্যক্তিনির্ভর বাস্তবতার ধারণা প্রত্যাখ্যান (Rejecting Subjective Reality)
খ. স্রষ্টার সঙ্গে পুনঃসংযোগ স্থাপন (Reconnecting with the Creator)
(৫) ইসলাম দ্বারা কালচার করা: আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা বলেছেন, “আর ইব্রাহীম ও ইয়াকুব এই সম্বন্ধে তাদের পুত্রগণকে নির্দেশ দিয়ে বলেছিল, ‘হে পুত্রগণ ! আল্লাহ্ই তোমাদের জন্য এ দ্বীনকে মনোনীত করেছেন। সুতরাং, আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনও মৃত্যুবরণ করো না’” (সূরা-বাকারা : ১৩২)। একইভাবে, আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইসলামি চিন্তা দ্বারা প্রতিনিয়ত কালচার করতে হবে। এর জন্য, আমাদের অবশ্যই শক্তিশালী মেকানিজম ডিজাইন করা জরুরী যার মাধ্যমে আমরা আমাদের সন্তানদের রেগুলার কালচার করতে পারি। যেমন,
ক. পরিবার ও পারিবারিক পরিমণ্ডলকে সুরক্ষিত রাখা (Family & Household Shielding)
খ. সক্রিয় দিকনির্দেশনা প্রদান (Proactive Guidance)
গ. আত্মসংশোধনের মানসিকতা গড়ে তোলা (Fostering Self-Correction
(৬) মাদানিয়্যাহ্ ও অ্যালগরিদমিক প্রভাবের বিষয়ে সমালোচনামূলক সচেতনতা (Critical Awareness of “Madaniyah” & Algorithmic Manipulation) :
ক. ফিল্টার বাবল সম্পর্কে সচেতনতা (Recognizing Filter Bubbles): আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), অ্যালগরিদম এবং সুপারিশব্যবস্থা (Recommendation Systems) কীভাবে মানুষের তথ্য গ্রহণ ও ব্যবহারের ধরনকে প্রভাবিত করে, তা সম্পর্কে সচেতনতা গড়ে তোলা। তাদেরকে অনুধাবন করানো যে, এসব প্রযুক্তি কীভাবে ব্যবহারকারীর পছন্দ ও পূর্ববর্তী আচরণের ভিত্তিতে ব্যক্তিকেন্দ্রিক ‘ডিজিটাল বাস্তবতা’ তৈরি করে, তাকে ভিন্নমত ও বিকল্প দৃষ্টিভঙ্গি থেকে বিচ্ছিন্ন করতে পারে এবং নিজের বিদ্যমান বিশ্বাসের পক্ষেই প্রমাণ খোঁজার প্রবণতা—অর্থাৎ কনফার্মেশন বায়াস (Confirmation Bias)—বাড়িয়ে দিতে পারে।
খ. মনোযোগ-বিক্ষেপের চক্র ভাঙা (Breaking the Distraction Cycle): অন্তহীন স্ক্রলিং, গেমিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো ডিজিটাল বিনোদনকে মানসিক অস্বস্তি থেকে পালানোর মাধ্যম হিসেবে ব্যবহার করার প্রবণতা পরিহার করা। এর পরিবর্তে প্রযুক্তি ব্যবহারে সচেতন, উদ্দেশ্যনির্ভর ও নিয়ন্ত্রিত অভ্যাস গড়ে তোলা, যাতে মানুষের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং বাস্তব জীবনের সম্পর্কগুলো অক্ষুণ্ণ থাকে।
পরিশেষে, আমরা যখন সংকটের কারণ এবং এর সমাধান পেয়েছি তখন অবশ্যই আমাদেরকে বুঝা জরুরী এই সমাধান কিভাবে কার্যত বাস্তবায়িত হবে। আমাদের সমাজ বর্তমানে পশ্চিমা বিভ্রান্তীকর চিন্তা দ্বারা আক্রান্ত, কারণ আমাদের রাষ্ট্রের অথোরিটি এটিকে রাষ্ট্র পরিচালনায় গ্রহণ করেছে এবং এর পৃষ্ঠপোষকতা করছে। এর বিপরীতে সঠিক চিন্তা দ্বারা বর্তমান প্রজন্মগুলো প্রভাবিত হচ্ছে না কারণ এটি রাষ্ট্রীয়ভাবে গৃহীত হয়নি এবং এর কোন পৃষ্ঠপোষকতাও নেই। মূলত, রাষ্ট্র যা গ্রহণ করে জনগণ তার উপর আস্থা রাখে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যগত কারণে। এক্ষেত্রে, রাষ্ট্রের সক্ষমতাও থাকে চিন্তা ভুল হোক কিংবা সঠিক হোক এটিকে যুক্তিযুক্তভাবে জনগণের সামনে উপস্থাপন করার। সুতরাং, আমরা যদি প্রজন্মগত চেঞ্জের এই সংকট প্রকৃত অর্থে সমাধান করতে চাই তাহলে অবশ্যই আমাদের এটিকে রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করতে হবে। কিংবা, এমন রাষ্ট্রীয় অথোরিটি আনতে হবে যা এটিকে গ্রহণ করবে। আর, যা সম্ভব হবে একমাত্র নবুয়তের আদলে দ্বিতীয় খিলাফতে রাশিদাহ্ প্রতিষ্ঠার মাধ্যমে । “নিশ্চয়ই আল্লাহ্ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে” (সূরা রা’দ : ১১)।
- ইঞ্জিনিয়ার আসাদুল্লাহ্ নাঈম
১ম অংশের লিংক: প্রজন্মগত (প্রজন্মগত) পরিবর্তন - এর কারণ, প্রভাব, সংকট এবং সমাধান (১ম অংশ)
