পার্বত্য অঞ্চলে অবরোধ-গোলাগুলি: মামুলি ঘটনার আড়ালে ভূরাজনৈতিক সংঘাত ঘনীভূত হওয়ার লক্ষণ (প্রথম পর্ব)

ভারতের স্বার্থ ও সংশ্লিষ্টতা:

দেশের পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ধরে চলমান সংঘাত ও অস্থিরতাকে শুধুমাত্র ইউপিডিএফ ও জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে বিদ্যমান বিরোধ হিসেবে দেখলে ভুল হবে। জনসংহতি সমিতির সশস্ত্র শাখা শান্তি বাহিনীর সদস্যদেরকে সাজেক এলাকা থেকে অপসারণ করার দাবিতে ইউপিডিএফ সমর্থিত দুটি সংগঠনের ডাকা সাম্প্রতিক অবরোধে বাংলাদেশ আর্মি ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সাথে পার্বত্য অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ঘটনা ঘটেছে, (সুত্র: https://www.jugantor.com/country-news/1173162)। উল্লেখ্য যে, ইউপিডিএফ ও জনসংহতি সমিতি (জেএসএস) উভয়েই একে অপরকে ভারতের মদদপুষ্ট ও “র” (RAW) এর সাথে সংশ্লিষ্ট বলে পাল্টাপাল্টি অভিযোগ করে থাকে এবং বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরাও একই দাবি করে থাকেন। পার্বত্য নিউজের প্রকাশিত একটি প্রতিবেদন বলছে, জেএসএস (সন্তু) ও ইউপিডিএফ (প্রসিত) এর শীর্ষ নেতারা ২০২১ সালে ভারতের ত্রিপুরা গিয়ে “র” (RAW) ও ত্রিপুরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একাধিক গোপন বৈঠক করেছে। অর্থাৎ, পার্বত্য অঞ্চলের যেকোন অস্থিরতা ও সংঘাতকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট গুরুতর বিষয় হিসেবে গণ্য করতে হবে। 

কিন্তু বাংলাদেশের জাতীয় নিরাপত্তার হুমকিকে পুরোপুরি অনুধাবন করতে হলে শুধুমাত্র ভারতের দিকে দৃষ্টিপাত করলে সম্পূর্ণ চিত্র পাওয়া যাবে না। এটা ঠিক যে, পার্বত্য অঞ্চলে ভারতের প্রভাব রয়েছে। বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে ভারত তার জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় অখন্ডতার জন্য একটি কৌশলগত “বাফারজোন” হিসেবে বিবেচনা করে এবং বাংলাদেশের উপর রাজনৈতিক চাপ প্রয়োগের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তবে, পার্বত্য অঞ্চলের নিরাপত্তা সংকট এর চেয়ে অনেক গভীর। 

ভূ-রাজনৈতিক সংঘাতের বিশ্বমঞ্চ:

দক্ষিন চীন সাগর হল বর্তমান সময়ের অন্যতম তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ ভূরাজনৈতিক মঞ্চ যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন দীর্ঘদিন ধরে মুখোমুখ অবস্থানে রয়েছে। চীনের আমদানি করা অপরিশোধিত তেলের প্রায় ৮০%, মোট তেল সরবরাহের প্রায় ৬০% এবং মোট এলএনজি আমদানির ২৫% দক্ষিন চীন সাগর হয়ে চীনে প্রবেশ করে। যেকোন স্বল্প কিংবা মধ্য মেয়াদি যুদ্ধে মার্কিন নৌবাহিনী সহজেই মালাক্কা প্রনালী অবরোধ করে চীনের জ্বালানী সরবরাহ রুট বন্ধ করে দিতে পারে, যা চীনের অর্থনীতিকে কার্যত স্থবির করে দিতে পারে। এই ঝুঁকি এড়াতে চীন মিয়ানমার ও বাংলাদেশের উপর দিয়ে একটি স্থলপথ (Overland Corridor) তৈরির পরিকল্পনা বাস্তবায়ন করছে, যার মূল কেন্দ্রবিন্দু হলো মিয়ানমারের রাখাইন রাজ্য এবং বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চল। ফলে, মার্কিন যুক্তরাষ্ট্র চীনের এই স্থলপথকে তার নিজের সামরিক উপস্থিতির আওতায় আনতে চায়, যাতে চীনের কৌশলগত বিকল্পপথেও মার্কিন হস্তক্ষেপের সুযোগ তৈরী হয়। এক্ষেত্রে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র একটি “Western Flank” হিসেবে দেখছে যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের Overland Corridor-কে অস্থিতিশীল ও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।

এতদিন মার্কিন যু্ক্তরাষ্ট্রের “চীন” নীতির দুটি উপাদান ছিল চীনের পূর্বদিকে সামুদ্রিক পথে মার্কিন সামরিক উপস্থিতি এবং পশ্চিমদিকে ভারতের উপর নির্ভর করার নীতি। কিন্তু চীনের সাথে ভারতের সম্পর্কের জটিল সমীকরণ ও মার্কিন স্বার্থে চীনের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে ভারতের অনিহা এবং বাংলাদেশে হাসিনা সরকারের পতন পরবর্তী ‍ভূরাজনৈতিক সমীকরণে মার্কিন কৌশলবিদরা মনে করছে, তাদের ইন্দো-প্যাসিফিক কাঠামোতে বঙ্গোপসাগরের উত্তর তীরে অবস্থিত বাংলাদেশ হচ্ছে তাদের Western Flank-এর সেই “প্রাকৃতিক সূচনাবিন্দু”, যেখান থেকে ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের দক্ষিণ-পশ্চিমমুখী প্রসারকে চ্যালেঞ্জ করা সম্ভব। তথাকথিত রাখাইন মানবিক করিডোর নিয়ে মার্কিন প্রচেষ্টা, চট্টগ্রাম বন্দরে ডিপি ওয়ার্ল্ড এর আগমন, ২০২২ সালের মার্কিন সিনেটের “বার্মা অ্যাক্ট” এর আওতায় আরাকান আর্মির মত সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে খ্রিস্টান মিশনারি ও বিভিন্ন দাতা সংস্থার প্রকল্পের আড়ালে সবরকমের সহযোগিতা প্রদানের অভিযোগ প্রমাণ করে ইন্দো-প্যাসিফিক কৌশলের চীন বিরোধী Western Flank তথা “বাংলাদেশ” দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কতটা মরিয়া। 

মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত উভয় রাষ্ট্রই চীনকে নিয়ন্ত্রন করার ব্যাপারে একমত; তবে তাদের মধ্যে পদ্ধতিগত পার্থক্য আছে। ভারত চায় অস্থিরতা থাকুক কিন্তু তা তার নিয়ন্ত্রণে থাকুক, কারণ অতিরিক্ত অস্থিরতা তার নিজের উত্তর-পূর্বাঞ্চলকেও অস্থিতিশীল ও বিচ্ছিন্ন করতে পারে। অন্যদিকে, আমেরিকা চায় এই অঞ্চলকে চীনের বিরুদ্ধে একটি কৌশলগত চাপ সৃষ্টির জায়গা হিসেবে ব্যবহার করতে, এমনকি প্রয়োজনে সরাসরি সামরিক উপস্থিতি ও সামরিক সংঘাত বা যুদ্ধের মাধ্যমে হলেও। 

মার্কিন কৌশলগত পরিবর্তনের আভাস

ফলে, আমেরিকা এখন আর ভারতের মাধ্যমে পরোক্ষভাবে নয়, বরং সরাসরি বাংলাদেশের সাথে সামরিক ও কৌশলগত সম্পর্ক বাড়াচ্ছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামে মার্কিন সেনা ও বিমানবাহিনীর প্রায় ১২০ জন সদস্য “প্যাসিফিক অ্যাঞ্জেল” নামক যৌথ মহড়ায় অংশ নেয়। এই মহড়ার অবস্থান ছিল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ—কক্সবাজার-চট্টগ্রাম, যা বঙ্গোপসাগরের সামুদ্রিক পথ, ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্ত ঘেঁষে অবস্থিত। এর বাইরে, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে দুটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি— GSOMIA (সামরিক তথ্য বিনিময়) এবং ACSA (বন্দর ও বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি) চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে। এই চুক্তিগুলোর মাধ্যমে মার্কিন যুদ্ধজাহাজ ও জঙ্গী বিমান বাংলাদেশের সমুদ্রবন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে পারবে, যা এই অঞ্চলে একটি স্থায়ী মার্কিন নজরদারি পরিবেশ তৈরি করবে এবং চীনের বিকল্প জ্বালানী ও অর্থনৈতিক রুটের উপর নিশ্বাস ফেলা সহজ হবে। এই বাস্তবতায়, পার্বত্য চট্টগ্রামে যেকোন অস্থিরতা আমেরিকাকে এই অঞ্চলে সরাসরি হস্তক্ষেপ বা সামরিক উপস্থিতি বাড়ানোর একটি অজুহাত দিতে পারে, যেমনটি সাম্প্রতিক বেশ কয়েকটি যৌথ সামরিক মহড়ায় দেখা গিয়েছে।

জাতীয় নিরাপত্তার সন্ধিক্ষণে বাংলাদেশ

অপরদিকে চীনের কাছে বাংলাদেশ হলো মলাক্কা প্রনালীর বিকল্প রুট হিসেবে চীন-বাংলাদেশ-মিয়ানমার অর্থনৈতিক করিডোর (CBMEC) এর একটি নার্ভপয়েন্ট ও অবিচ্ছেদ্দ অংশ। বাংলাদেশের অংশগ্রহণ ও সহযোগিতা ছাড়া চীনের বিকল্প অর্থনৈতিক ও জ্বালানী রুটের সফলতার সম্ভবনা ক্ষীণ। ফলে, নিজের অজান্তেই বাংলাদেশ এখন একটি ভূরাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সংবাদপত্রের শিরোনামে, সম্পাদকীয় পাতায়, ভিডিওর থাম্বনেইল ও হ্যাশট্যাগে কিংবা টেলিভশনের স্ক্রলে মার্কিন অপতৎপরতার কোন উল্লেখ না থাকলেও দেশের ভবিষ্যৎ ও নিরাপত্তার স্বার্থে মার্কিন ষড়যন্ত্র ও অশুভ উপস্থিতিকে আমাদেরকে অত্যন্ত স্পষ্টভাবে অনুধাবন করতে হবে। এর প্রেক্ষিতে পার্বত্য চট্রগ্রাম ও পার্শ্ববর্তী অঞ্চলের যেকোন ঘটনাকে অবশ্যই মার্কিন-চীন সংঘাতের দৃষ্টিকোন থেকে বিশ্লেষণ করতে হবে এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিয়ে সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্ত এখন সময়ের দাবী। 

(পরবর্তী পর্বে: চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যালেন্সিং নীতির বিশ্লেষণ এবং বাংলাদেশের জন্য বাস্তবসম্মত ও কার্যকর করণীয় অনুসন্ধান।)

    -    রিসাত আহমেদ, রাজনীতি বিশ্লেষক ও কলামিস্ট

Previous Post Next Post