পপ-কালচারের হুজুগ: The Golden Cage

আমাদের এই জীবনের চূড়ান্ত লক্ষ্যটা আসলে কী? আমাদের মনের গভীরে একটু চোখ বুলিয়ে দেখি। আমরা যাকে আমাদের শখ, বিনোদন বা প্যাশন বলে আগলে রাখি, সেগুলোর পেছনে আসলে কি আছে? ঘণ্টার পর ঘণ্টা টিভি সিরিজ দেখা, স্পোর্টস গেমসে হাজার টাকা খরচ করে ডিজিটাল কার্ড প্যাক ওপেন করা, কিংবা দামি মাঙ্গা কালেকশন বা ভাইরাল মার্চেন্ডাইজ শেলফে সাজিয়ে রেখে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস ফ্লেক্স করা, এগুলো কি আমাদের ক্লান্তি দূর করে? একদম না। এগুলো হলো আমাদের অবচেতন মনকে দখল করার নিখুঁত স্নাইপার স্কোপ। এই বিনোদন মাধ্যমগুলো অত্যন্ত সুকৌশলে আমাদের মগজ ধোলাই করে আমাদের মাথার ভেতর ঢুকিয়ে দিচ্ছে এক বস্তুগত মূল্যবোধের মন্ত্র। আর সেটা হলো "যার নেট ভ্যালু (Net Worth) যত বেশি, সমাজে তার সম্মান তত বেশি।"

বস্তুগত মূল্যবোধ (material value) ছাড়া অন্যান্য মূল্যবোধ যেমন আধ্যাত্মিক, মানবিক ও নৈতিক মূল্যবোধ পুঁজিবাদি সমাজে জাদুঘরে নিক্ষিপ্ত। তাই এই পুঁজিবাদি সমাজে আমাদের আত্মমর্যাদার একমাত্র মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে লাক্সারি ব্র্যান্ড, আইফোনের লেটেস্ট মডেল, গ্যাজেট ফ্লেক্স আর কাঁচা টাকার পাহাড়! পুঁজিবাদি গণমাধ্যম আর পপ-কালচার কখনোই মানুষকে মুক্ত করতে আসে নাই। এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি এক বিশাল কসাইখানা, যেখানে মানুষের চিন্তাভাবনা, আবেগকে জ্যান্ত জবাই করে বাজারে তুলে দেওয়া হয়। এখানে মানুষের অস্তিত্বের একমাত্র দাম নির্ধারিত হয় তার ব্যাংক ব্যালেন্স এবং ব্র্যান্ড ভ্যালুর উপর।

একটা উদাহরণ দিলে ব্যাপারটা ভালো করে বোঝা যাবে। দ্য নিউ ইয়র্ক টাইমস (The New York Times)-এর পরিচালিত জরিপে একবিংশ শতাব্দীর সেরা টিভি সিরিজ হিসেবে শীর্ষস্থান অর্জন করেছে ব্রেকিং ব্যাড। এটি কেবল কোনো ক্রাইম থ্রিলার নয়, এটি পুঁজিবাদি ব্যবস্থার এক নির্মম রূপক। আমরা যদি এই সিরিজের চরিত্রগুলোর দিকে তাকাই তাহলে দেখবো যে প্রত্যেকেই কোনো না কোনোভাবে বস্তুগত মোহের এমন এক গোলকধাঁধায় বন্দি, যেখানে অন্যান্য মূল্যবোধ চিরতরে হারিয়ে গেছে। মেইন ক্যারেক্টার ওয়াল্টার হোয়াইট (Walter White), শিক্ষক মানুষ, যখন মাদক বানানোর দুনিয়ায় পা রাখল, তখন তার সাফাই ছিল "পরিবারের ভবিষ্যৎ রক্ষা করা"। কিন্তু তথাকথিত সেই "মহৎ" ঢাকঢোলের আড়ালে খুব দ্রুতই জেগে উঠল এক দানবীয় ইগো আর টাকার নেশা। মরুভূমির মধ্যে লুকিয়ে রাখা ক্যাশের ব্যারেলগুলো কেবল টাকার বস্তা ছিল না; ওগুলো ছিল তার অহংকার আর বস্তুগত ক্ষমতার পিশাচ মূর্তি। নিজের স্বার্থে মানুষ খুন করা বা পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েও তার চরম তৃপ্তি প্রমাণ করে যে ব্যক্তিগত মূল্য যখন নিট মূল্যের সমার্থক হয়, তখন অন্যান্য সমস্ত মূল্যবোধ ময়লার স্তূপে পরিণত হয়। এই সিরিজের আরেক চরিত্র গুস্তাভো ফ্রিং (Gustavo Fring): ঠান্ডা মাথার নিখুঁত কর্পোরেট ঘাতক। তার কাছে মানুষের রক্ত, ঘাম বা জীবনের কান্নার কোনো দাম নেই। সবকিছুই হলো প্রফিট মার্জিন, সাপ্লাই চেইন আর লজিস্টিকসের ঠান্ডা হিসাব। বাহ্যিক ভদ্রতা আর ডিসিপ্লিনের মুখোশ পরে তিনি প্রমাণ করেছেন যে পুঁজিবাদি অপরাধের জগৎ আর কর্পোরেট লাক্সারি আসলে মুদ্রার এপিঠ-ওপিঠ। আরেক চরিত্র হল স্কাইলার হোয়াইট (Skyler White)। এই "নীতিবান" নারী যখন দেখলেন অপরাধের টাকায় কেনা হচ্ছে কার ওয়াশ, তখন প্রাথমিক ধাক্কা সামলে তিনিও মানিয়ে নিলেন। আরেক চরিত্র হল সল গুডম্যান (Saul Goodman)। তার একমাত্র "ঈশ্বর" হলো ক্যাশ। জীবনের প্রতিটি সম্পর্ককে তিনি একটা কমার্শিয়াল ট্রানজাকশন বানিয়ে ফেলেছেন। আরেক চরিত্র হল টড অ্যালকুইস্ট (Todd Alquist), তার মনে কোনো অনুশোচনা নেই। সে কোনো ভাবাবেগ ছাড়াই ঠান্ডা মাথায় খুন করতে পারে, আর সেই রক্তমাখা টাকা দিয়ে নিজের ছোটখাটো প্লাস্টিক শখ মেটায়। সে অর্থ ছাড়া আর কিছু বোঝে না।

পশ্চিমা পুঁজিবাদি মিডিয়া যখন Award দিয়ে এই রকম একটা সিরিজকে আলোচনায় জিইয়ে রাখতে চাচ্ছে তখন তারা আমাদের আসলে কোন মূল্যবোধ শেখাতে চাচ্ছে? 

অন্যদিকে পুজিবাদি ব্যাবস্থায় তরুনদের অন্যান্য যেসব বিষয়ে ব্যস্ত রাখা হচ্ছে তার মধ্যে একটা হল স্পোর্টস গেমসের জমজমাট ফাঁদ। ফিফা বা ই-ফুটবলের মতো ভিডিও গেমগুলোকে কি আমরা শুধুই খেলা মনে করি? ভুল করছি। এগুলো হলো ভার্চুয়াল সম্পদের এক লোভী স্টক এক্সচেঞ্জ। আল্টিমেট টিম মোডে জয়ের জন্য সেখানে দরকার হয় রিয়াল ক্যাশ দিয়ে কেনা দুর্লভ প্লেয়ার কার্ড, এক্সক্লুসিভ প্যাক আর প্রিমিয়াম ইন-গেম কারেন্সি। এই গেমগুলো আমাদের মস্তিষ্কে খুব সুকৌশলে গেঁথে দেয় যে, আমাদের সম্মান বা স্ট্যাটাস মানেই হলো টাকা দিয়ে কিনে নেয়া কিছু ডিজিটাল পিক্সেল আর কালেক্টিবলসের পাহাড়। ভার্চুয়াল বাজারের এই নেশা আমাদের বানিয়ে তুলছে পরাধীন ক্রীতদাস।

শর্টকাট আবেগ আর ডোপামিন লুপ—অনুভূতির অপমৃত্যু

অনলাইন দুনিয়ার বিভিন্ন সাবকালচার, ভাইরাল ট্রেন্ড ও কনটেন্ট লুপ মানুষের গভীর চিন্তা, সবর এবং ভালোবাসার মতো পবিত্র অনুভূতিগুলোকে চিরতরে মাটিচাপা দিয়েছে। আমরা এখন আর দীর্ঘমেয়াদী সম্পর্কের মায়ায় জড়াতে চাই না; আমাদের চাই ইনস্ট্যান্ট ফিডব্যাক, ফাস্ট ডোপামিন আর সস্তা শারীরিক তৃপ্তি। সাময়িক উত্তেজনা আর চোখের পলকে পাওয়া ফিজিক্যাল ফিডব্যাকই আজ সবকিছু। ইনস্ট্যান্ট রিওয়ার্ডের এই ইঁদুর দৌড় আমাদের স্নায়ুতন্ত্রকে এমনভাবে ধ্বংস করছে যে, আমরা আর স্থির হয়ে জীবনের আসল সৌন্দর্য উপভোগ করতেই পারছি না। অ্যানিমে কালচার থেকে শুরু করে আজকের রিল-সর্বস্ব ইন্টারনেট ট্রেন্ডগুলোতে পাওয়ার স্কেলিং, শক্তির লড়াই, কিংবা স্ট্যাটাস দেখানোর হুজুগ যুবসমাজকে গ্রাস করেছে। এই ফ্যান্টাসির নেশা থেকে জন্ম নিচ্ছে লিমিটেড এডিশন প্লাস্টিক ফিগার, এক্সক্লুসিভ প্রপস, ইনফ্লুয়েন্সার মার্কা ব্র্যান্ড এবং দামি মার্চেন্ডাইজের বিশাল বাজার।

স্ক্রিনের হিরোদের মতো স্ট্যাটাস দেখানোর এই অসুস্থ প্রতিযোগিতা আমাদের ঠেলে দিচ্ছে বাস্তব জীবনের অন্ধ শপিং এবং শো-অফের নেশায়। কার ঘরে কয়টা দামি ফিগার বা ব্র্যান্ডেড গ্যাজেট সাজানো আছে সেটাই আজ মানুষের ভ্যালু ঠিক করে দিচ্ছে।

বস্তুগত মূল্যবোধকে অন্যান্য সকল মূল্যবোধের উপরে প্রাধান্য দেয়ার কারনে মানুষের মনের সব সুখ চিরতরে পুড়িয়ে ছাই হয়ে যাচ্ছে। ভোগবাদ যেখানে যত বেশি প্রবল, সেখানে ডিপ্রেশন আর উদ্বেগ তত দ্রুত মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)-এর মতে, আজকের দিনে বিশ্বজুড়ে শত শত কোটি মানুষ এই প্রতিযোগিতামূলক চাপের কারণে পঙ্গুপ্রায় মানসিক সংকটে ভুগছে। বাংলাদেশের প্রায় ১৬.৮% প্রাপ্তবয়স্ক মানুষ তীব্র মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের প্রায় ২৮.৭% মাঝারি থেকে তীব্র হতাশায় (Depression) এবং ২৫.৪% শিক্ষার্থী মারাত্মক উদ্বেগে (Anxiety) ধুঁকছেন।

পুঁজিবাদি সমাজের ভোগবাদ ও পপ-কালচারের চোরাবালিতে আমাদের চিন্তা শক্তির এই যে শোচনীয় পতন, এর মূল শেকড় লুকিয়ে রয়েছে মানুষের জন্মগত ও জৈবিক সীমাবদ্ধতার (Human Limitations) মধ্যে। পুঁজিবাদ মানুষের সক্ষমতাকে যথেষ্ট মনে করলেও মানুষ মাত্রই জ্ঞান, দূরদর্শিতা ও প্রজ্ঞার দিক থেকে সীমাবদ্ধ। আমাদের বুদ্ধি ক্ষণস্থায়ী, আমাদের আবেগ পরিবর্তনশীল এবং আমাদের লোভ ও প্রবৃত্তি এতটাই প্রবল যে আমরা প্রায় সময়ই তাৎক্ষণিক লাভের মোহে দীর্ঘমেয়াদি ধ্বংসকে ডেকে আনি। মানুষ নিজে নিজে তার জীবন ও সমাজের নিখুঁত মানদণ্ড বা স্কেল তৈরি করতে সম্পূর্ণ অক্ষম, কারণ মানুষের তৈরি আইন ও দর্শন সবসময়ই স্বার্থপরতা, পক্ষপাতিত্ব এবং ক্ষমতার মোহে কলুষিত হয়ে যায়।

আর ঠিক এখানেই প্রয়োজন হয়ে পড়ে এক অসীম ও সর্বজ্ঞ স্রষ্টার পথনির্দেশনার (Unlimited Creator's Guidance)। একমাত্র সর্বশক্তিমান স্রষ্টাই জানেন মানুষের মনস্তত্ত্বের প্রতিটি বাঁক, তার দুর্বলতা এবং তার মুক্তির সঠিক পথ। আমাদের বিচারবুদ্ধি যখন লোভের কারণে অন্ধ হয়ে যায়, তখন স্রষ্টার বিধান আমাদের সামনে আলোর মশাল জ্বেলে দেয়। কর্পোরেট এবং ভোগবাদী বাজার যখন মানুষকে কেবল একটি পণ্য বা কনজিউমার হিসেবে দেখে, তখন স্রষ্টার নির্দেশিত মূল্যবোধের গাইডলাইন মানুষকে তার প্রকৃত মানবিক মর্যাদা ও আত্মিক উচ্চতা ফিরিয়ে দেয়। ধর্মনিরপেক্ষ পুজিবাদি ব্যাবস্থার সীমিত জ্ঞান দিয়ে তৈরি করা গোলকধাঁধা থেকে বাঁচতে হলে আমাদের প্রয়োজন এমন এক অসীম স্রষ্টার গাইডেন্স, যা আমাদের লোভের খাঁচা ভেঙে চিরশান্তি এবং মুক্তির সুনির্দিষ্ট দিশা দেখাতে পারে।

নিছক অন্ধ ভোক্তা থেকে বেরিয়ে এসে আমাদের ভেতরের চিন্তাশক্তিকে জাগিয়ে তোলার সময় এখনই। বাহ্যিক ফ্লেক্স, ব্র্যান্ডের লোগো আর দামি কালেকশনের জৌলুস দিয়ে মানুষের আসল ওজন মাপা যায় না; মানুষের আসল শক্তি লুকিয়ে থাকে তার অসীম স্রষ্টার প্রদর্শিত পথে চলার দৃঢ়তায়। এখন আমাদের বুকের গভীরে হাত দিয়ে নিজেদের প্রশ্ন করি যে আমাদের জীবনের রিমোট কন্ট্রোলটা কি আমাদের নিজেদের হাতে আর স্রষ্টার নির্দেশিত পথে আছে, নাকি তা চিরতরে বিক্রি হয়ে গেছে এই ভোগবাদী বিনোদনের অন্ধ বাজারে?

        -    তানজিল আহ্‌মেদ

Previous Post Next Post